Posted on: September 5, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

ভারতবর্ষে ৫ই সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস। এই দিনটি মূলত প্রাক্তন রাষ্ট্রপতি ও দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। ১৯৬২ সালে রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছাত্ররা তাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালনের প্রস্তাব দিলে রাধাকৃষ্ণান নিজেই বলেন—
“Instead of celebrating my birthday, it would be my proud privilege if September 5th is observed as Teachers’ Day.”

এইভাবে তাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে চিহ্নিত করা হয়। অথচ আজও খুব কম মানুষ জানেন, রাধাকৃষ্ণানের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গুরুতর বিতর্ক—প্লেজিয়ারিজম বা চৌর্যবৃত্তির অভিযোগ। এই অভিযোগ করেছিলেন তাঁরই এক ছাত্র, মিরাট কলেজের তরুণ অধ্যাপক যদুনাথ সিংহ।

অভিযোগের সূত্রপাত……
যদুনাথ সিংহ ১৯২২ ও ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য তাঁর গবেষণা Indian Psychology of Perception–এর প্রথম দুটি খণ্ড জমা দেন। পরে ১৯২৫ সালের মধ্যে পুরো গবেষণা শেষ করেন। এর পরীক্ষক ছিলেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এবং সর্বপল্লী রাধাকৃষ্ণান। কিন্তু ১৯২৭ সালে রাধাকৃষ্ণান প্রকাশ করেন তাঁর বিখ্যাত গ্রন্থ Indian Philosophy–র দ্বিতীয় খণ্ড, যেখানে যদুনাথ সিংহের গবেষণার বহু অংশ প্রায় হুবহু টুকে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

যদুনাথের প্রতিবাদ……..
১৯২৮ সালে রাধাকৃষ্ণানের আরেকটি বই (The Vedanta according to Shankara and Ramanuja) প্রকাশিত হলে যদুনাথ বিস্মিত হয়ে আবিষ্কার করেন যে তাঁর গবেষণার প্রথম দুটি অধ্যায় থেকে দীর্ঘ অনুচ্ছেদ সরাসরি ব্যবহার করা হয়েছে।
এরপর তিনি আধুনিক ইংরেজি সাময়িকী Modern Review–তে ধারাবাহিকভাবে চিঠি লিখে বিষয়টি প্রকাশ্যে আনেন (ডিসেম্বর ১৯২৮ থেকে এপ্রিল ১৯২৯ পর্যন্ত)। চিঠিগুলিতে তিনি উদ্ধৃতি দিয়ে দেখান কীভাবে তাঁর গবেষণাকর্ম ব্যবহার করেছেন রাধাকৃষ্ণান।

আদালতে মামলা…….
যদুনাথ ১৯২৯ সালে কলকাতা হাইকোর্টে স্বত্বলঙ্ঘনের মামলা দায়ের করেন এবং ২০ হাজার টাকা ক্ষতিপূরণ চান। পাল্টা রাধাকৃষ্ণানও মানহানির অভিযোগে যদুনাথ ও Modern Review–এর সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেন, দাবি করেন ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ।
এই মামলা দীর্ঘ চার বছর চলে (১৯২৯–১৯৩৩)। কিন্তু শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যস্থতায় আদালতের বাইরে আপোষে বিষয়টি মিটে যায়। মামলার শর্তগুলি প্রকাশ্যে আর জানা যায়নি।

যদুনাথ সিংহ : ভোলা নায়ক

যদুনাথ সিংহ (১৮৯২–১৯৭৮) ছিলেন বিশিষ্ট দার্শনিক, ধর্মতাত্ত্বিক ও লেখক। বেদান্ত, যোগ, বৈষ্ণব দর্শন, শক্তিসাধনা প্রভৃতি বিষয়ে তিনি ৪০টিরও বেশি গ্রন্থ ও অসংখ্য প্রবন্ধ লিখেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পুরস্কার অর্জন করেছিলেন এবং পরবর্তী জীবনে মিরাট কলেজে দর্শনের বিভাগীয় প্রধান ছিলেন।
অসাধারণ কৃতিত্বসত্ত্বেও তাঁর নাম আজ অজানার আড়ালে। অথচ তিনিই ছিলেন সেই মানুষ, যিনি সাহস করে এক বিশ্বখ্যাত অধ্যাপকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।

বারুদ গুপ্তের লেখা,
আজ শিক্ষক দিবস,
সকল শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি….. বিজ্ঞান দরবার

প্রশ্ন ও বিতর্ক…….
রাধাকৃষ্ণানের খ্যাতি ও রাজনৈতিক প্রভাব এতটাই প্রবল ছিল যে, অনেক পণ্ডিতই যদুনাথের অভিযোগ সত্য বলে মনে করলেও আদালতে সাক্ষ্য দিতে সাহস করেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নীরব থাকে।
অবশেষে যদুনাথকে চাপের মুখে আপোষে মামলা তুলতে হয়।

এখানে একটি প্রশ্ন থেকে যায়—
যদি সত্যিই রাধাকৃষ্ণান নির্দোষ হতেন, তবে তিনি আদালতে যদুনাথের অভিযোগকে ভুয়ো প্রমাণ করে নিজের সম্মান রক্ষা করতেন। বরং তিনি মামলা টেনে না নিয়ে গিয়ে আপোষের মাধ্যমে সমাধান করেন, যা বিতর্ককে আরও গভীর করে তোলে।

শিক্ষক দিবসের আইরনি……
ভারতবর্ষ গৌতম বুদ্ধ, অতীশ দীপঙ্কর কিংবা রবীন্দ্রনাথের মতো শিক্ষক ও শিক্ষাচিন্তকের দেশ। অথচ আমাদের শিক্ষক দিবস পালিত হয় এমন একজন ব্যক্তির জন্মদিনে, যার উপর চৌর্যবৃত্তির গুরুতর অভিযোগ আছে।
এ প্রশ্ন তাই অনিবার্য—
“আমাদের দেশে কি সত্যিই শিক্ষক দিবস পালনের মতো আর কোনো তারিখ ছিল না?”

সর্বপল্লী রাধাকৃষ্ণান নিঃসন্দেহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক, রাষ্ট্রপতি ও কূটনীতিক। কিন্তু তাঁর জীবনে থাকা এই বিতর্ক অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে যদুনাথ সিংহের মতো একজন প্রকৃত গবেষক ও শিক্ষক আজ প্রাপ্য সম্মান পাননি।
শিক্ষক দিবস পালনের এই ইতিহাস তাই এক অস্বস্তিকর স্মৃতি বহন করে—যেখানে সত্যিকারের বিদ্বানকে আড়ালে ঠেলে দেওয়া হয়েছে, আর বিতর্কিত ইতিহাসের মালিককে জাতির শিক্ষক রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে।
……………………….
লেখক : অঞ্জন প্রামাণিক, বিশিষ্ট বিজ্ঞান লেখক। 


Spread the love

Leave a Comment