Posted on: September 5, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

যে সব দিনে সকাল থেকে বৃষ্টি শুরু হয় সেই দিনগুলোতে দেরিতে বিছানা ছাড়ি। হাঁটতে যাওয়া, ব‍্যায়াম, প্রাণায়াম সব বাদ দিতে হয়। সারাদিন বৃষ্টি হতে থাকলে তো কথাই নেই। দিনভর বৃষ্টি হলে বুঝতে হবে নিম্নচাপের প্রভাব রয়েছে। ধারাবাহিক বৃষ্টি হলে গরম কমে। রাতে ঘুমটাও ভালো হয়। মাঝরাতে উঠতে হয়না। হাবিজাবি স্বপ্নের রেশ কাটিয়ে সকালে তাড়াতাড়ি উঠে পড়া যয়। আমাকে মঙ্গল, বৃহস্পতি আর শনি এই তিন দিন সকাল সকাল ওঠে পড়তে হয়। পচনশীল আর শুকনো আলাদা করা কুড়ার বাকেট দুটি বাইরে গেটের কাছে রাখর জন‍্য। আমাদের পৌরসভার সাফাই কর্মী, সকাল সাড়ে ছ’টা নাগাদ আসে কুড়া নিয়ে যাবার জন‍্য। 

কিছুদিন আগের কথা। সকালে বাইরে বেরিয়ে দেখলাম আকাশ মেঘে ঢাকা। বৃষ্টি শুরু হবে। তখন বর্ষার সোমত্ত যৌবন। মেঘেরা জোরালো বাতাসে ভর দিয়ে দূরন্ত গতিতে ছুটে আসছে দক্ষিণ পশ্চিম দিক থেকে। অর্থাৎ একটি গভীর নিম্নচাপ রয়েছে আমাদের উত্তরপশ্চিম দিকে। তাই ছাতা হাতে করেই হাঁটতে বের বের হতে হলো। গ্রামের দিকে খানিকটা যেতেই হাল্কা বৃষ্টি শুরু হলো। আমার বাড়ির কাছের ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে মেয়েরা স্কুটি, সাইকেলে চেপে আসছে বাবা মায়ের সাথে। বেশিরভাগই আসে পুল কারে গাদাগাদি করে। কিছু চলেছে পায়ে হেঁটে। কারো গায়ে প্লাস্টিকের বর্ষাতি কেউবা ছাতার তলায়। দু এক জন বৃষ্টি গায়ে মেখেই। হাল্কা বৃষ্টি যার আরেক নাম টাপুর টুপুর বৃষ্টি । বাদলা দিন। ছেলেবেলার ছড়া মনে পড়ে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান। শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন‍্যে দান ………….। এই ছড়া কি বর্তমান সময়ের ছেলে মেয়েরা পড়ে বা জানে ? এখনো কি তারা আকাশে মেঘ দেখলে বলে আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে যা আমাদের এক সময়ের কৃষি ভিত্তিক সমাজ এবং অর্থনৈতিক ব‍্যবস্থার কথা মনে করিয়ে দেয় ।

এখন প্রশ্ন হলো বৃষ্টি কাকে বলে ? ইংরেজিতে বললে Rain is a form of precipitation where water droplets that have condensed from atmospheric water vapor fall under gravity. ইংরেজি প্রেসিপিটেশনের বাংলা পতিশব্দ হলো থিতানো বা নীচে জমা হওয়া । কিন্তু বৃষ্টি বা ইরেজি রেইন ঠিক তা নয় । বায়ুমন্ডলের জলীয়বাষ্প জমে তরল জলের ফোঁটা হয়ে পৃথিবীতে নেমে আসা হলো বৃষ্টি । জলীয়বাষ্প বরফ কনায় পরিনত হয়েও পৃথিবীতে নেমে আসতে পারে । ইরেজিতে দুটোই Precipitation। বাংলায় একটি বৃষ্টি অন‍্যটি তুষার পাত। সাধারণত ঠান্ডা পাহাড়ি অঞ্চল বা শীত প্রধান সমভূমিতে তুষারপাত হয়ে থাকে। উষ্ণ ক্রন্তীয় অঞ্চলে বরফকনা জমে ছোট বড় পাথরের আকার নিয়ে পৃথিবীতে নেমে আসে। আমরা বলি শিলাবৃষ্টি । শিলাবৃষ্টি তরল বৃষ্টিপাতের সাথে অথবা শুধুই শিলার আকারে নেমে আসতে পারে ।

বৃষ্টিপাতের জন‍্য সবার আগে প্রয়োজন জলের বাষ্পীভবন। জলের উৎস মূলত সমুদ্র, হ্রদ, নদী, নালা খালবিল যা পৃথিবীর দুই তৃতীয়াংশ জুড়ে রয়েছে। সূর্যের তাপে সেই জলের উপরিভাগ থেকে জল বাষ্পীভূত হয় এবং বাতাসে মিশে থাকে। খানিকটা উপরে উঠলে জলীয়বাষ্পের তাপ কমে এবং উপযুক্ত আধার যাকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় বলা হয় cloud condensation nuclius (C C N) পেলে জলীয়বাষ্প জমে মেঘ কনায় পরিনত হয়। মেঘকনারা একত্রিত হলে তৈরি হয় মেঘ। cloud condensation nuclius (C C N) অনেক কিছুই হতেপারে তবে জলীয়বাষ্পের প্রতি তার আকর্ষণ থাকতে হবে। 

জল থেকে জলীয়বাষ্প তা থে মেঘ হল কিন্তু সেটাই সব নয়। এবার প্রয়োজন জলীয়বাষ্প এবং তাপমাত্রার ত্রিমাত্রিক গতি যা বিভিন্ন আবহাওয়া ব‍্যবস্থার যেমন নিম্নচাপ, ঘুর্ণিঝড়, পশ্চিমীঝঞ্ঝা ইত‍্যাদির সঞ্চারণের সাথে হয়ে থাকে। আমরা ভূতল থেকে যতই উপরের দিকে উঠি বাতাসের তাপমাত্রা ততই কমতে থাকে। আবহাওয়া মন্ডলের অস্থিরতার জন‍্য বাতাসের উর্দ্ধমুখি গতি বৃদ্ধি পায়। আবহাওয়া মন্ডলের নীচু স্তরের তাপ উপরে উঠে যায় এবং চারপাশের আবহাওয়ার সাথে সমতা তৈরি করতে ঠান্ডা হয়। এই আবহে তাপমাত্রা কমে শিশিরবিন্দু তাপমাত্রায় নেমে আসে এবং মেঘকনা জলকনায় পরিনত হয়। এই ভাবে মেঘ এবং জলকনা এক সাথে অবস্থান করে। শীতলতা বৃদ্ধির সাথে জল কনার আকার বাড়তে থাকে। একটা সময় আসে যখন মেঘের নীচে যে বায়ুমণ্ডল থাকে তার উর্দ্ধমুখি চাপ মেঘের মধ‍্যে জমেথাকা জলকনার চাপের ভারসাম্য বজায় রাখতে পারেনা। বিষয়টি অত‍্যন্ত জটিল। সহজ ভাবে বললে ভারসাম্য নষ্ট হয়েগেলে মেঘের মধ‍্যে থাকা জলকনারা পৃথিবীর মাধ‍্যাকর্ষণের প্রভাবে মাটিতে নেমে আসে। আমরা বলি বৃষ্টি পড়ছে। 

মেঘের মধ‍্যে জলকনা তৈরির জন‍্য বাতাসকে ঠান্ডা হয়ে শিশিরবিন্দু তাপমাত্রায় পৌঁছাতে হয়। সেটা চারভাবে হতে পারে। এডাইবেটিক প্রক্রিয়া, পরিবহন প্রক্রিয়া, বাষ্পীভবন প্রক্রিয়া এবং বিকিরণ প্রক্রিয়ার মাধ‍্যমে। এডাইবেটিক প্রক্রিয়াতে বাতাস উপরে উঠে এবং আয়তনে বাড়তে থাকে ফলে ঠান্ডা হতে থাকে। বাতাসের উপরে ওঠা দুভাবে হতে পারে যেমন পরিচলনের জন‍্য অথবা সামনে কোনও বাধা থাকলে বিশেষ করে পর্বতমালা যেমন পশ্চিঘাট, হিমালয় ইত‍্যাদি ( orographic lift) সেটা হয় ঘুর্ণিঝড়, ঘুর্ণাবর্ত, পশ্চিমীঝঞ্ঝা জাতীয় বড় আকারের আবহাওয়া ব‍্যবস্থার স্থানান্তরনের (movement) জন‍্য। পরিবহনের জন‍্য বাতাস ঠান্ডা হয় উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে সরে আসার জন‍্য। জলের বাষ্পীভবন হলে বাতাস ঠান্ডা হতে থাকে। অবলোহিত (infrared) বিকিরণের জন‍্যও বাতাস ঠান্ডা হয়ে শিশিরবিন্দু তাপমাত্রায় পৌঁছে যেতে পারে। সেটা ভূপৃষ্ঠ বা বাতাসের জলীয়বাষ্প থেকেও হতে পারে ।

বৃষ্টির অনেক ভাগ আছে। আছে নানা রকমফের। যেমন পুনে শহরের বৃষ্টি সম্পর্কে একটা কথা চালু ছিল ‘পুনে কা বারিষ ভিগতা ভি নেহি শুকতা ভি নেহি’। আগে পুনের বৃষ্টি এমনই ছিল যে তাতে বাইরে বেরোলে মানুষ ভিজতনা আবার আবহাওয়া এত সেৎসেঁতে থাকত যে ভেজা জামাকাপড় শুকাতে চাইতো না। এখন অবশ‍্য জলবায়ু পরিবর্তনের জন‍্য বৃষ্টির চরিত্র পাল্টেছে। অতিভারী বৃষ্টিতে প্রায়ই জনজীবন ব‍্যহত হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় বৃষ্টির ধরণ গুলো হলো Deizzle, Light rain, Modarate rain, Heavy rain, Shower, Cloudburst ইত‍্যাদি ।

বষ্টিপাতের একটা মজার ব‍্যাপার আছে। তার আগে একটা কথা বলা প্রয়োজন মেঘের মধ‍্যে যে বৃষ্টির কনা বা ফোঁটা তৈরি হয় তার ব‍্যাস ০.০১ মিলিমিটার থেকে ৯ মিলিমিটার পর্যন্ত হতে পারে। তারচেয়ে বড় বৃষ্টির ফোঁটা একবারই দেখা গেছে ব্রাজিলে ২০০৪ সালে। মেঘের মধ‍্যে যে জলকনা বা মেঘকনা থাকে তার আকৃতি গোল। সেই জলকনা বৃষ্টির ফোঁটায় পরিনত হয়ে নীচে নামলে তার নীচের দিক খানিকটা চ‍্যাপ্টা আকার নেয় বাতাসের উর্দ্ধমুখি চাপের জন‍্য। মজার ব‍্যাপার হলো বৃষ্টিপাতের তীব্রতা এবং বৃষ্টিপাতের সময়ের অনুপাত একে অন‍্যের বিপরীত। তীব্রতা বেশি হলে বৃষ্টিপাত হবে কম সময় ধরে। ইংরেজিতে যাকে ড্রিজেল বলে তাকে আমরা বলি ইলশেগুঁড়ি। এতে বৃষ্টির ফোঁটা হয় সবচেয়ে ছোট। ইলশেগুঁড়ি বৃষ্টিতে বেশ কিছু সময় হেঁটে গেলেও শরীর তেমন ভেজেনা। ইলশেগুঁড়ি বৃষ্টি দীর্ঘ সময় ধরে চলতে পারে। ইলশেগুঁড়ির চেয়ে সামান্য বড় ফোঁটায় পড়তে থাকা বৃষ্টিপাত হাল্কা বৃষ্টি নামে পরিচিত। মনসুন ডিপ্রেশন বা মনসুরের আগে পরে তৈরি হওয়া ঘুর্ণিঝড়ের বাইরের অংশ অর্থাৎ অগ্রবর্তী মেঘ থেকে দীর্ঘ সময় ধরে হাল্কা বৃষ্টিপাত হতেপারে। ২০০৯ সালের মে মাসের আয়লা এবং ২০১৩ সালের অক্টোবর মাসের ফাইলিন ঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে এমন হাল্কা বৃষ্টিপাতের কথা এখনও বহু মানুষের স্মৃতিতে বিরাজমান। তীব্র বৃষ্টিপাত যা বড়বড় ফোঁটায় পড়তে থাকে সেই বৃষ্টি দক্ষিণবঙ্গের মানুষ পেয়েছেন আমফান ঝড়ের সময়। ইলশেগুঁড়ি এবং হাল্কা বৃষ্টিপাত হতেপারে পশ্চিমীঝঞ্ঝা থেকেও। ইলশেগুঁড়ি বা হাল্কা বৃষ্টির সাথে সাধারণত বজ্র বিদ‍্যুৎ থাকেনা। পশ্চিমীঝঞ্ঝার অঙ্গ কালবৈশাখীর ঝড়বৃষ্টি হয় বজ্রমেঘ থেকে। সেই বৃষ্টির তীব্রতা বেশি কিন্তু দীর্ঘস্থায়ী নয়। দীর্ঘ সময় ধরে তীব্র বৃষ্টিপাত হয় নিম্বস্ট্রেটাস মেঘ থেকে যা সাধারণত মিড ট্রপোস্ফেরিক সাইক্লোন থেকে হয়ে থাকে ভারতের পশ্চিম উপকূলে। ২০০৭ সালে বিপর্যয় সৃষ্টিকারী মুম্বাইয়ের অতিভারী বৃষ্টিপাত এর উদাহরণ।

ডিপ্রেশন বা ঘুর্ণিঝড়ের একটানা বৃষ্টিতে বন‍্যা হতেপারে এবং হয়েও থাকে। এখন তার পূর্বাভাস থাকে। সময়মত ব‍্যবস্থা নিয়ে প্রাণহানি রোধ করা যায়। তবে মেঘভাঙ্গা বৃষ্টি এবং হড়পাবানে যে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় তার পূর্বাভাস যেমন হয়না তেনি আগেথেকে কোন ব‍্যবস্থা নেওয়াও যায়না। সাধারণত পার্বত্য অঞ্চলেই মেঘভাঙ্গা বৃষ্টি হয়ে থাকে। ২০২৫ সালের বর্ষায় পশ্চিম হিমালয়ের জম্মুকাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখেছি। আবহাওয়া বিজ্ঞানের সংজ্ঞা অনুসারে একটি ছোট এলাকায় ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত অর্থাৎ মিনিটে ১.৬৬ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতকে মেঘভাঙ্গা বৃষ্টি বলা যাবে। শুধু পাহাড় নয় সমতলেও মেঘভাঙ্গা বৃষ্টি হতে পারে। এখন সংবাদ পত্র এবং সামাজিক গনমাধ‍্যমে অঝোর বা তীব্র এবং অতিভারী বৃষ্টিপাত হলেই বলা হচ্ছ মেঘভাঙ্গা বৃষ্টি। মেঘভাঙ্গা বৃষ্টি হয় আপাত দৃষ্টিতে যে বৃহৎ আকারের বজ্রমেঘকে পেছনদিকে সরে যাচ্ছে বলে মনেয় সেই বজ্রমেঘ থেকে। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় বলা হয় Back building thunder cloud। আকারে বৃহৎ হওয়ার জন‍্য বজ্রমেঘের মধ‍্যে তীব্র পরিচলন চলতে থাকে। মেঘের সবচেয়ে নীচের স্তরে বড় আকারের বৃষ্টিকনা জমতে থাকে। মেঘের নীচের ভূমি তুলনায় বেশি উত্তপ্ত থাকে। ভূতল নির্গত ইনফ্রারেড রেডিয়েশন এবং বাতাসের উর্দ্ধমুখি চাপের জন মেঘের নীচুস্তরের বৃষ্টির ফোঁটা মেঘের মধ‍্যেই জমতে থাকে‌। যখন বাতাসের উর্দ্ধমুখি চাপ এবং জমেথাকা জলকনার ভরের ভারসাম্য নষ্ঠ হয়ে যায় তখন পৃথিবীর মাধ‍্যাকর্ষণ বলের জন‍্য জমেথাকা বিপুল পরিমানের জলকনা প্রবল বেগে নীচে নেমে আসে। মনেহয় যেন মেঘটা ফেটেগিয়ে একটি জলের ধারা নেমে আসছে জলপ্রপাতের মত। এমন প্রবল জলের ধারা আত্মসাৎ করার ক্ষমতা হিমালয়ের মত নবিন এবং ভঙ্গুর পর্বতমালার নেই।

 

গত এক দশকের বেশি সময় ধরে বর্ষার মৌসুমে বৃষ্টিপাতের ছন্দ পরিবর্তন ঘটে চলেছে। পূবের তুলনায় পশ্চিমে বৃষ্টিপাত বেশি হচ্ছে। হালে মেঘালয়ের চেরাপুঞ্জি তথা মৌসিনরাম বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থানের তকমা হরিয়েছে। ভারত মৌসম বিজ্ঞান বিভাগের তথ‍্য অনুসারে গত এক দশক ধরে ভারতের পূর্ব এবং উত্তরপূর্ব অঞ্চলে বর্ষার সময় (জুন থেকে সেপ্টেম্বর) বৃষ্টিপাতের ঘাটতি চলছে। সম্ভবত ২০০২সালের সেপ্টেম্বর মাসে উদয়পুরের ঝিল উপচে জল বেরিয়ে যাচ্ছিল যা দেখতে রোজ কাতারে কাতারে মানুষ জমাহত দিনেরবেলা। সেবার ১২ বছরের খরা কাটিয়ে রাজস্থানে এত বেশিপরিমানে বৃষ্টিপাত হয়েছিল। রাজস্থানের অধিক বৃষ্টিপাত এবং বন‍্যা হচ্ছে সবুজ বিপ্লবের সময় থেকেই। আবহাওয়া বিজ্ঞানীরা বলেন shifting in rainfall patarn from east to west during monsoon। ২০২৫ সালে বৃষ্টির পশ্চিমমুখি পরিবর্তন আফ্রিকার সুদান পর্যন্ত পৌঁছে গেছে। বৃষ্টিতে ভূস্খলন এবং হড়পাবানে ১০০০এর বেশি মানুষের মৃত‍্যু হয়েছে। লাদাখ এবং জম্মু কশ্মীরের মত শুখা অঞ্চলেও অত‍্যধিক বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। পাঞ্জাবের বিস্তির্ণ অঞ্চলে বন‍্যা হয়েছে। এর জন্য পরিবেশবিদরা ভারত সরকারের উন্নয়ন প্রকল্পকে দায়ী করছেন। কিন্তু এই উন্নয়ন প্রকল্পের কাজ না হলেও অধিক বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হত। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলের উষ্ণতা বেড়েছে। স্বাভাবিক ভাবেই আরব এবং বঙ্গোপসাগরের জলের উষ্ণতাও বেড়েছে। ফল বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি এবং একস্ট্রিম রেইনফল (২৪ ঘন্টায় ২১০মিমি বা তার বেশি বৃষ্টিপাত) ইভেন্টের সংখ‍্যা বৃদ্ধি। উন্নয়নের কাজ বেশি করে হচ্ছে পর্যটন শিল্পে বৃদ্ধি ঘটানোর জন‍্য। হিমালয় জুড়ে পর্যটন বেড়েছে। বাড়াতে হয়েছে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে রয়েছে সীমান্ত সুরক্ষা এবং লজিস্টিক সাপ্লাই চেইনের বিষয়টিও। ফল ভুগছেন হিমলয় অঞ্চলের সাধারণ মানুষ। তারা বলছেন আমরা উন্নয়ন চাইনা বাঁচতে চাই।

 

—————————-‐———————–

লেখক  : অজয় নাথ,  বিশিষ্ট বিজ্ঞান লেখক। 


Spread the love

Leave a Comment