Posted on: July 2, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

লরা ফের্মি (১৯০৭-১৯৭৭) ছিলেন একজন বিশিষ্ট ইতালীয়-আমেরিকান লেখিকা, ইতিহাসবিদ এবং সমাজকর্মী। তিনি নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী এনরিকো ফের্মির স্ত্রী। ইতালিতে জন্ম নেওয়া লরা ছিলেন ইহুদি। ফ্যাসিবাদের উত্থানের সময় ইতালীয় সরকারের ক্রমবর্ধমান ইহুদি-বিরোধী নীতির কারণে ১৯৩৮ সালে স্বামী সন্তানদের নিয়ে তিনি চলে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

এদিকে সেই বছর পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পাচ্ছেন এনরিকো। দুটো সুটকেসে প্রয়োজনীয় কাগজপত্র ও জামাকাপড় নিয়ে ওরা ট্রেনে চেপে বসলেন। জার্মানি পেরিয়ে যেতে হবে সুইডেন। তাই স্ত্রীর নামে জাল সার্টিফিকেট বানিয়েছেন যাতে তাঁকে খ্রীষ্টান প্রতিপন্ন করা যায়। গোষ্টাপো বাহিনীর হাতে ধরা পড়লে আর উপায় নেই ! সে এক রুদ্ধশ্বাস যাত্রা ! 

তারপর আমেরিকায় জীবনযাপন। কিন্তু দুর্দশা তখনো তাঁর পিছু ছাড়ে নি। মাত্র ৫৩ বছর বয়সে ক্যান্সারে মারা গেলেন এনরিকো। লরা কিন্ত হারিয়ে গেলেন না। ১৯৫৪ সালে স্বামীর মৃত্যুর পর, তিনি পুরোমাত্রায় লেখালেখি শুরু করেন। তাঁর লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে “অ্যাটমস ইন দ্য ফ্যামিলি : মাই লাইফ উইথ এনরিকো ফের্মি” (Atoms in the Family) এবং “ইলাস্ট্রিয়াস ইমিগ্র্যান্টস” (Illustrious Immigrants)।

সমসাময়িক বিজ্ঞান ও আবিষ্কার নিয়েও লিখেছেন Atoms for the world এবং The Story of Atomic এনার্জি-র মতো গুরুত্বপূর্ণ বই। তিনিই আবার ইতালিয় ডিকটের মুসোলিনিকে নিয়েও লিখে ফেলেছিলেন আস্ত একখানা বই। আমাদের জানা ইতিহাসের বাইরে এক অন্যরকম মুসোলিনিকে এখানে খুঁজে পাওয়া যায়। বইয়ের শুরুতেই তিনি বলেছেন – “কয়েক বছর পূর্বে অনুভূত বিভ্রান্তি থেকে এই বইটি লেখার তাগিদ আমার মধ্যে জেগেছিল— যখন অন্য একটি বইয়ের জন্য বিভিন্ন তারিখ ও ঘটনা যাচাই করতে গিয়ে আমি মুসোলিনির ‘আসল’ রূপটি আবিষ্কার করতে শুরু করি। আমি ভেবেছিলাম মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন তা আমার জানা আছে; কারণ ১৯৩৮ সালে সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসার আগে পর্যন্ত আমি রোমেই বসবাস করেছি, আর ততদিনে মুসোলিনির টানা ষোলো বছর ক্ষমতায় থাকা হয়ে গিয়েছে। যদিও সশরীরে তাঁকে খুব কমই দেখেছি, তবুও তাঁর শারীরিক গড়ন, চালচলন ও কণ্ঠস্বর এবং তাঁর কাজকম্মো ও কীর্তিকলাপ—সবই ছিল আমার পরিচিত। তাঁর সম্পর্কে আমার মনে একটি সুনির্দিষ্ট ধারণা গড়ে উঠেছিল; আর আমার বিশ্বাস, ইতালি ও বিদেশের বহু মানুষই সেই একই ধারণা পোষণ করতেন।”

মুসোলিনির মৃত্যুর পর প্রকাশিত কিছু জীবনীমূলক তথ্যের মুখোমুখি হয়ে আমি তীব্র এক ধাক্কা খেলাম; তখনই বুঝতে পারলাম, তাঁর সম্পর্কে আমার মানসিক ধারণাটি কী অবিশ্বাস্য রকম বিভ্রান্তিকর। আর তা কেবল বিকৃতই ছিল না, ছিল অসম্পূর্ণও; কারণ সে-সময় ইতালির মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশের মধ্যে যে মৃদু রাজনৈতিক উদাসীনতা কাজ করত, তার প্রভাবেই আমি কখনও নিজেকে প্রশ্ন করিনি—বাস্তবিকপক্ষে, খোঁজখবর নেওয়ার কোনো চেষ্টাও করিনি যে, প্রচারের আলোয় আসার আগে মুসোলিনি আসলে কে ছিলেন বা কীসের প্রতিনিধিত্ব করতেন। কিন্তু এখন, সেই পঞ্চাশের দশকে, তাঁর জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্যায় সম্পর্কে আমি সহজেই ধারণা করতে পারি; কারণ জীবনীমূলক তথ্যের পাশাপাশি আমার হাতের নাগালে ছিল প্রচুর নথিপত্র এবং ফ্যাসিবাদ বিষয়ক এক ​​বিশাল সাহিত্য-ভাণ্ডার।”

=============================

লেখক :ড. অমিতাভ চক্রবর্তী, 

 বিজ্ঞানের শিক্ষক ও বিজ্ঞান লেখক।


Spread the love

Leave a Comment