গতকাল গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলে হয়ে গেল একটি দারুণ আন্তর্জাতিক অনুষ্ঠান। তাইওয়ান থেকে আসা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ১০ জনের একটি বিশেষ দল এই স্কুল পরিদর্শন করলেন। International Society for Waste Management Air and Water (ISWMAW) এর প্রতিষ্ঠাতা ডঃ সাধন কুমার ঘোষ এর দূরদর্শী নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত :
মাইক্রো কম্পোস্টিং ইউনিটের (Micro Composting Unit) উদ্বোধন : এখন থেকে স্কুলের সমস্ত জৈব আবর্জনা আর ল্যান্ডফিলে (Landfill) যাবে না, বরং তা রূপান্তরিত হবে মূল্যবান জৈবসারে।

বর্জ্য থেকে সম্পদ (Waste to Wealth) : গত কয়েক বছর ধরে এই স্কুলের পড়ুয়ারা বর্জ্য পৃথকীকরণ (Waste Segregation) এবং তা পুনর্ব্যবহার করে ঘর সাজানোর জিনিস, মেয়েদের গয়না, কানের দুল ইত্যাদি তৈরি করছে এবং তা বিক্রি করে স্বনির্ভর হচ্ছে। তাইওয়ানের শিক্ষার্থীরা এই কর্মকাণ্ড দেখে অভিভূত হয়ে বেশ কিছু শিল্পকর্ম ভালোবেসে কিনেও নেন।
সাংস্কৃতিক আদান-প্রদান : ভারত ও তাইওয়ানের জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি সুস্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক দারুণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপহার বিনিময় : তাইওয়ানের শিক্ষার্থীরা পুরনো জামা-কাপড় দিয়ে বানানো সুন্দর ‘Crochet’ এর তৈরি একটি করে মাছ সবাইকে উপহার হিসেবে দেয়। অন্যদিকে রত্নেশ্বর হাই স্কুলে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি নানান রকমের রকমারি জিনিসপত্রও তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এই চমৎকার ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্কুলের মাননীয় প্রধান শিক্ষক তাপস ভট্টাচার্য মহাশয় এবং আসমা আঢ ম্যাডামকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। রত্নেশ্বর হাই স্কুলের এই পরিবেশবান্ধব উদ্যোগ আগামী দিনে আরও অনেককে পথ দেখাক।
==========================
লেখিকা : শ্রীমতি রিংকু দাস, পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা, প্রাবন্ধিক ও বিজ্ঞান প্রচারক।
