দু হাজার সাত সাল থেকে সাপের কামড় নিয়ে কাজ করছি। সম্ভবত দু’হাজার নয় কি দশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপের কামড় বিশেষজ্ঞ, অক্সফোর্ড এর অধ্যাপক, ডেভিড ওয়ারেল সাহেবের সাথে ই -মেলে যোগাযোগ শুরু। তারপর থেকেই আমাদের এই সাপের কামড় নিয়ে কাজের সূত্রে যোগাযোগটা থেকেই গেছে। ঐ রকম বিশাল পন্ডিত, ঐ রকম ব্যস্ত মানুষ যে আমার মত সামান্য একজন মানুষের সাথে যোগাযোগ রাখছেন, এটাই আশ্চর্য হাওয়ার মত ব্যাপার। আগে একটা নিবন্ধে লিখেছিলাম, প্রায় পঞ্চাশ বছর আগে, আমাদের মেদিনীপুরের গ্রামের বাড়িতে দু’জন আমেরিকান সাহেব এসেছিলেন। তখন একটা কথা খুব চালু ছিল, “সি আই এর চর”! আমরা অবশ্য সেই প্রাইমারী স্কুলে পড়ার বয়সে, ঐ চর জিনিসটা ঠিক খায় না মাথায় দেয় , কিছুই জানতাম না। আবার এটাও ঠিক যে, ঐ দুই সাহেব কি জন্য এদেশে এসেছিল, বা কি জন্য মেদিনীপুরের ঐ প্রত্যন্ত গ্রামে গিয়েছিল, আমরা আজও কিছুই জানতে পারিনি। পঞ্চাশ বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবী এক নয়।
এখন একজন বিদেশী যে কোন দেশে ঢুকলেই তার কোষ্ঠী ঠিকুজি নতুন দেশের প্রশাসনের কাছে চলে আসে। আর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কোন বিশেষজ্ঞের কোষ্ঠী ঠিকুজি ইন্টারনেট থেকে বের করতে মিনিট তিনেক বা তারও কম সময় লাগে। অবশ্যই জানার সদিচ্ছাটা থাকে যদি। আর যদি এঁড়ে তর্ক করার জন্য নিজের গোঁ ধরে রাখতে চাই, তাহলে বলতে পারি, নিজের বাবা -দাদাকে কি আমরা ভালো করে চিনি সবাই?
আমার এক বিশ্ব বিখ্যাত পন্ডিত শুভানুধ্যায়ী আমাকে একটু কটু ভাবেই বলেছিলেন, ” এসব সাদা চামড়ার লোকেদের সাথে মুখ শোকাশুকি ভালো নয়!” সেই শুভানুধ্যায়ী দাদা নিজে অবশ্য সাদা চামড়ার দেশেই পড়ে আছেন, অন্তত বছর তিরিশ। হতে পারে, উনি আমার থেকে হাজার গুণ বেশী সাদা চামড়ার লোকেদের দেখেছেন, তাদের কাছে ঠকেছেন, তাই আজ এসব কথা বলতে পারছেন। কিন্তু ওনার সাথে সাহেবদের সম্পর্ক আর আমার সাথে ওয়ারেল সাহেবের সম্পর্ক একেবারেই আলাদা। আমার সেই শুভানুধ্যায়ী দাদা, সাহেবদের দেশে গিয়ে, তাদের সাথে পেশাগত প্রতিযোগিতায় নেমেছেন। আর আমার সাথে এই সাহেবের সম্পর্ক ছাত্র শিক্ষকের সম্পর্ক।

এই প্রোফেসর ওয়ারেল সাহেবের কাজটা কি একটু জানা দরকার। উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক। ট্রপিক্যাল মেডিসিন বিভাগ যে সকল রোগ নিয়ে কাজ করে, সেগুলি মূলত আমাদের দেশের মত গ্রীষ্ম প্রধান দেশের অসুখ। ইংল্যান্ড আমেরিকার মত শীতের দেশে সে সকল রোগ হয়না বললেই চলে। তবুও ঐ শীতের দেশের একটা পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এখনও এসব অসুখ নিয়ে ব্যাপক গবেষণা আর চর্চা কেন হয়? এর অনেকগুলি কারণ আছে বা থাকতে পারে। নিন্দুকেরা বলবেন, এক সময় আমাদের দেশের মত বহু গরমের দেশ, ঐ বৃটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, তাই তারা এসব রোগ নিয়ে চর্চা করতেন। আর আজকের পৃথিবী শাসন করে অর্থনীতি’ এটা বোধহয় যে কোন মাধ্যমিক পাশ ছাত্রও জানে। ওষুধ ব্যবসা এই অর্থনৈতিক সাম্রাজ্যবাদের একটা বড় অস্ত্র, এটাও আজ আর গোপন রাখার মত ব্যাপার নয়। হতে পারে, আমাদের পুরনো প্রভুরা সুক্ষ কৌশলে, এখনও আমাদের উপর অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার জন্যই আমাদের দেশের রোগ জ্বালা নিয়ে এখনও চর্চা করে যাচ্ছেন। আমরা যারা এখনও,”সব থেকে অবহেলিত গ্রীষ্মের দেশের অসুখ”, সাপের কামড় নিয়ে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছি, তারা জানি, এই ট্রপিক্যাল ডিজিজের মধ্যে,” মোষ্ট নেগলেক্ট “ অসুখ নিয়ে কাজ করা, গবেষণা করা তো দূরের কথা; সভা সমিতিতে এ নিয়ে একটু আলোচনা করাও কতো কঠিন।
এই দেশে সরকারী হিসেবেই বছরে আটান্ন হাজার মানুষ সাপের কামড়ে মারা যান, গত প্রায় কুড়ি বছর ধরেই এটা চলছে। আর, আমরা যারা এই নিয়ে কিছু খবর রাখি, আমরা জানি, এই মৃত্যুর সংখ্যাটা দু- তিন লাখ হলেও অবাক হওয়ার কিছু নেই। আমরা এ নিয়ে কথা বলতে গিয়ে দেখেছি, আমাদের দেশের বাদামী সাহেবদেরই ভীষন উন্নাসিক ভাব। বাদামী সাহেব বলতে কাদের কথা বলতে চাইছি, নিশ্চয়ই বিশদে বলার দরকার নেই। আমাদের দেশের নীতিনির্ধারকদের হাজারে একজনও এই সাপের কামড় নিয়ে ভেবে “বাজে সময় নষ্ট” করতে চাননা। তারা গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে পাঁচ হাজার টাকা দামের সাপে কাটার অ্যান্টি ভেনম দেওয়ার থেকেও বেশী জরুরী মনে করেন, সব হাসপাতালে কোটি টাকার এম আর আই মেশিন থাকা।
এই বাদামী সাহেবরাই আজ দেশ চালাচ্ছে। আমি যেহেতু জন্মেছি, সাদা চামড়ার সাহেবরা এ দেশ ছেড়ে চলে যাওয়ায় বেশ কয়েক বছর পরে, তাই তারা কেমন ছিল, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। কিন্তু বই পত্র পড়ে যা বুঝেছি, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বহু বহু উদাহরণ আছে। আমি শুধু আমার চেনা এই অধ্যাপক সাহেবের কথাই বলছি। একটা কনফারেন্স -এ এই সাহেবকে আনতে হলে, বছর দেড়েক আগে থেকে দিন ক্ষণ ঠিক করে জানাতে হয়, এতোই ব্যস্ত মানুষ। সারা বছরই গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। বছর পাঁচেক আগে , এ দেশে গোটা তিনেক জায়গায় বক্তৃতা দেওয়ার আমন্ত্রন নিয়ে এসেছিলেন।

কলকাতায় আসার আগে দিল্লিতে গেছিলেন। ওখানে আমাদের দেশের এক বাদামী সাহেবের সঙ্গে দেখা করে, ‘সাপের কামড়’ -এর সমস্যা নিয়ে কিছু বলতে গিয়েছিলেন। বেশ কটু কথা শুনে এসেছেন। গোটা পৃথিবীর কাছে মান সম্মান পাওয়া একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, তার ছেলের বয়সী আমার কাছে যেটুকু বলা সম্ভব, সেটুকুই বলেছেন। আমি যা বুঝেছি সেটা হল, আমাদের দিল্লির বাদামী সাহেব ওনাকে বলেছেন, ” সাপের কামড় আমাদের দেশে কোন সমস্যাই নয়, আপনারা বিদেশী লোকের এটা নিয়ে বেশী মাতামাতি করছেন!” ঐ বিশাল পন্ডিত মানুষটির কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আর আমাদের বাদামী সাহেবরা যে এভাবেই কথা বলতে অভ্যস্ত সেটা আমাদের জানা আছে। সেই ঘটনার বছর দুই- আড়াই পরে, আমাদের মুম্বই- এর এক সহযোদ্ধা মহিলা, দিল্লির ঐ রকম এক বাদামী সাহেবের সাথে দেখা করার দুর্লভ সুযোগ পেয়েছিলেন। একেও প্রায় একই রকম কড়া কথা শুনে আসতে হয়েছে। সচিব স্তরের সেই মহিলা বলেছিলেন, “দেশের সব জেলা হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসা হয়, আপনারা আর কি চান?” আমাদের পশ্চিম বাংলার সবকটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই সাপের কামড়ের চিকিৎসা হয়, এখানকার মানুষ ভাবতেই পারবে না যে, বিহার, উত্তর প্রদেশে, মধ্য প্রদেশে এক একটা জেলা হাসপাতাল থেকে দুশো আড়াইশ কিমি দূরের গ্রামের মানুষকে সাপে কামড়ালে তাদের কি দুর্দশা হয়। শুনতে হতাশাজনক লাগলেও এটাই গ্রামীণ ভারতের বাস্তব চিত্র। আমার কেরালার বন্ধু ডা জীবন কুরুভিল্লা ছত্রিশগড়ের এক প্রত্যন্ত গ্রামে, একটি মিশনারী হাসপাতালে কাজ করছেন। ওদের হাসপতালের দু’শো কিলোমিটারের মধ্যে কোন শহর নেই। এই মিশনারী হাসপতালের কথা বলতে গিয়েই মনে এল এক খৃষ্টান মিশনারী সাহেবের কথা।
বাঁকুড়া খৃষ্টান কলেজের দ্বিতীয় প্রিন্সিপ্যাল ছিলেন, রেভারেন্ড এ, ই, ব্রাউন সাহেব। এদের আমরা এখনও খৃষ্টান পাদ্রী বললেই ভালো চিনি। এই পাদ্রীদের ইতিহাস যেটুকু জানি, তাতে মনে হয়, এনাদের এদেশে আসার উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার। ধর্ম প্রচার যে কোন শাসকই করতে পারেন; বা বলা ভাল করেছেন। আমাদের দেশের মহান সম্রাট অশোকও বৌদ্ধ ধর্ম প্রচার করেছে্ন। তারপর মুঘল সম্রাটরাও ধর্ম প্রচার করেছেন। এক এক জন শাসকের কাজের ধারা এক এক রকম। আজ কয়েকশ বছর পর, নিরাপদ দূরত্বে বসে তাদের কাজ কর্মের সমালোচনা, পর্যালোচনা খুব সহজ। আমি ঐ ব্যাপক তর্ক বিতর্ক যোগ্য ব্যাপারের মধ্যে আর যেতে চাই না। ইংরেজ সরকার কি উদ্দেশ্যে বাঁকুড়ার মত প্রত্যন্ত জেলায় ওরকম বড় একটি কলেজ প্রতিষ্ঠা করে তার খবরে আজ আর আমাদের কিছুই আসে যায় না।
কিন্তু এই কলেজটি যে বাঁকুড়া সহ আশপাশের কয়েকটি জেলার মানুষের মধ্যে শিক্ষার প্রসারে বিশাল ভূমিকা পালন করে সে কথা বলার অপেক্ষা রাখে না। আমার নিজের গ্রাম মেদিনীপুর জেলার (সংযুক্ত) এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বাজে ছিল, উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত। আমার বাবা আঠারো কিলো মিটার রাস্তা হেঁটে পাঁশকুড়া স্টেশনে এসে রেল গাড়িতে উঠতেন। আমি নিজেই ঐ পঁচাত্তর সাল পর্যন্ত, পাঁচ মাইল রাস্তা হেঁটে এসে, লোয়াদা বাজার থেকে বাস ধরে শহরের দিকে গিয়েছি।সেই প্রত্যন্ত গ্রামের থেকে, অধুনা প্রয়াত শ্রদ্ধেয় কিশোরী মোহন মন্ডল মশাই বাঁকুড়া খৃষ্টান কলেজে পড়তে গিয়েছিলেন। সে আজ থেকে একশ বছর আগে । আমি শুনেছি, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা কিশোরী বাবু, আমাদের ডেবরা থানার প্রথম স্নাতক ছিলেন। আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, পোষ্ট আপিস সবই ঐ কিশোরীবাবুর উদ্দোগে তৈরী। আমার গ্রামে শিক্ষার প্রসারের উৎস যে বাঁকুড়া খ্রীষ্টান কলেজ, এটা আমার গ্রামের নিরানব্বই শতাংশ মানুষই জানেন না।
একই ভাবে, আমার কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পিছনেও যে ঐ রেভারেন্ড ব্রাউন সাহেবের বেশ কিছু অবদান আছে, সেকথা আমি জানলাম, কলেজ থেকে পাশ করে আসার আটত্রিশ বছর পর। আমি বাঁকুড়ায় থাকার সময় ঐ বাঁকুড়া খ্রীষ্টান কলেজ বাইরে থেকে দেখেছি। আমরা ওখানে যাওয়ার আগে , ঐ খ্রীষ্টান কলেজ –এ প্রিমেডিক্যাল এক বছর পড়ানো হত। ঐ কলেজের একটি ছাত্রাবাসের নাম “ ব্রাউন হোষ্টেল” , এটুকুই জানতাম তখন । কে ব্রাউন সাহেব, বা কোনটা তাঁর নামাঙ্কিত ছাত্রাবাস কিছুই জানা ছিল না। মাত্রই বছর দুই আগে (২০১৯ সালে) একবার বাঁকুড়ায় গিয়ে, বাইরে থেকে ঐ ছাত্রাবাসটি দেখে এসেছি।
এই ছাত্রাবাসটি দেখতে যাওয়ার পিছনেও একটি সুন্দর ইতিহাস আছে। আমি জানিনা, আজও বাঁকুড়া জেলার কজন জানেন, ওখানকার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পিছনেও যে ঐ রেভারেন্ড ব্রাউন সাহেবের বেশ কিছু অবদান আছে। তার থেকেও চিত্তাকর্শক একটি ইতিহাস আছে, ঐ সাহেব আর তাঁর সন্তানদের নিয়ে। রেভারেন্ড ব্রাউন সাহেবের কন্যা এবং পুত্র বাঁকুড়াতেই জন্মেছিলেন। সে আজ থেকে একশ পাঁচ বছর কি তারও বেশী পুরনো খবর।এখন নেটে খুঁজলেই দেখা যায়, ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে সোনার পদক জয়ী গডফ্রে ব্রাউন আর রূপোর পদক জয়ী অড্রে ব্রাউনের জন্মস্থান লেখা আছে, ভারতের বাঁকুড়া। সেই ১৯১১ সাল, যে বছর দেশীয় দল মোহনবাগান, সাহেবদের দলকে ফুটবল খেলায় হারিয়ে দিয়ে ইতিহাস গড়েছিল, সে বছরই রেভারেন্ড ব্রাউন সাহেবের বাঁকুড়া খৃষ্টান কলেজে প্রিন্সিপ্যাল হয়ে আসা। উনি বাঁকুড়ায় ছিলেন ১৯২৭ সাল পর্যন্ত।
বাঁকুড়ায় সম্মিলনী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রায় চল্লিশ বছর আগে ১৯১২-১৩ সালে বাঁকুড়ায় সম্মিলনী নামে একটি সংস্থা তৈরী হয়। বাঁকুড়ার বেশ কিছু মহান ব্যক্তির সাথে এই ব্রাউন সাহেবও ছিলেন ঐ সংস্থার সাথে। প্রবাসী সম্পাদক ও বিশ্বখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের নামও দেখছি প্রতিষ্ঠাতাদের মধ্যে। ১৯২২ সালে তৈরী হল বাঁকুড়ায় সম্মিলনী মেডিক্যাল স্কুল। অর্থাৎ ,সামনের বছর তার শতবার্ষিকী। এখনকার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছের মালিয়াড়া গ্রাম তখন ছিল বেশ বর্ধিষ্ণু গ্রাম। ঐ গ্রামের মানুষ, দিগম্বর চট্টোপাধ্যায় তখন কোলকাতা হাইকোর্টের বিচারক হয়েছেন। উনিও সম্মিলনী সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম। মালিয়াড়ার স্বাধীনতা সংগ্রামী ভবতোষ বটব্যাল মহাশয়ের সুযোগ্য পুত্র ডা উত্তম কুমার বটব্যাল আমার কলেজের দাদা। বাড়ীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মূল্যবান ঐতিহ্যকে, উত্তমদা নিজের বলিষ্ঠ লেখনিতে ধরে রাখছেন। ওনার লেখা থেকেই জানতে পারি, বাঁকুড়ায় সম্মিলনী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পিছনে ব্রাউন সাহেবও ছিলেন অত্যন্ত সক্রিয়। এমন কি মেডিক্যাল স্কুলের প্রথম শব ব্যবচ্ছেদের সাথেও ব্রাউন সাহেবের নাম জড়িয়ে আছে।
এই সাদা চামড়ার ব্রাউন সাহেবের অবদানের সাথে মহাত্মা ডেভিড হেয়ার সাহেব, ভগিনী নিবেদিতার অবদানের তুলনা করেছেন, স্বাধীনতা সংগ্রামী প্রনম্য ভবতোষ বটব্যাল মহাশয়ের সুযোগ্য পুত্র। হেয়ার-নিবেদিতা-ব্রাউন সাহেবরা ইতিহাসে চলে গেছেন। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় ওয়ারেল সাহেবকে দেখছি। এনার অবদান আজ আমার দুর্ভাগা দেশ বুঝতে পারছে না। আগামী প্রজন্ম এনাদের কথা মনে করবে, এইটুকুই আশা করতে পারি। অবশ্যই সে ইতিহাস পড়ার জন্য এই অধমও তখন এ জগতে থাকবে না।( ৫.৬.২০২১)
================
লেখক : ডা. দয়াল বন্ধু মজুমদার, চিকিৎসক, ও সর্প বিশেষজ্ঞ ।
