Posted on: July 27, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

আজ Arnold H Frances এর জন্মদিন। তাকে ঘিরেই কিছু কথা । 

হার না মানার গল্প 

“Look at the biological world. Here is the most beautiful, intricate, functional, capable set of engineering things that have ever been devised. And it was all devised by the biological world, by evolution — not by human in na beings, not by human engineers. And I said, ‘I want to engineer that.” By Arnold H Frances.

মানুষের চাহিদার যেন অন্ত নেই। কখনো ভোগবিলাস জীবন যাপনের লক্ষ্যে, কখনো পৃথিবীকে সবুজে মুড়ে দিতে, কখনো দ্রুত গতিতে কোথাও পৌঁছাতে বা দ্রুত আরোগ্য লাভের তাগিদে মানুষের চাওয়া পাওয়ার মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। আর এসবের সঙ্গে রয়েছে শিল্প কারখানার এক নিবিড় যোগ। চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প কারখানার মালিকেরা ছুটে এসেছে বিজ্ঞানের দরবারে। কড়া নাড়ছে রসায়নের পরীক্ষাগারে। সবদিক ভেবে রসায়নের দিকপাল ব্যাক্তিবর্গ লেগে পড়েন অণুগুলোকে আরও নতুন ভাবে সাজাতে। বিজ্ঞানীরা খুঁজতে থাকেন আরও উন্নততর রসায়ন।

 

ডারউইনের তত্ত্বে আমরা পড়েছি যোগ্যতমের উদবর্তনের কথা আবার কখনো পড়েছি পরিবেশে টিকে থাকার সংগ্রামের কথা। যেমন করে ২৭ লক্ষ কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব পাওয়া গেলেও পৃথিবীর কানায় কানায় পরিপূর্ণ প্রতিটি জীব অনবরত লড়াই করে চলেছে নিজেদেরকে পরিবেশের সাথে অভিযোজিত করতে। যেমন করে লাইকেন পার্বত্য হিমালয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে অথবা জেলিফিশ জ্বলে ওঠে গভীর সমুদ্রের তলদেশে। আর কথা গুলোকে মাথায় রেখেই ২০১৮ সালের রসায়নের তিন নোবেল জয়ী ফ্রান্সিস এইচ আরনোল্ড, জর্জ পি স্মিথ এবং গ্রেগরী পি উইন্টার এমন কতগুলো ক্ষেত্রে কাজ করেছেন যা সমগ্র মানব জাতিকে তাদের পরিবেশে অভিযোজিত করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে । 

জটিল থেকে জটিলতর হয়ে ওঠা জীবনের রসায়নে অন্যতম ভূমিকা গ্রহন করে থাকে জিন । যার ক্রমাগত স্বল্প পরিবর্তনও জীবনের রসায়নকে যে অনেকটা পরিবর্তন করতে পারে সেটা খুব ভালো বুঝেছিলেন ফ্রান্সিস এইচ আরনোল্ড, যিনি সুইডিশ একাডেমির ঘোষণা অনুযায়ী ২০১৮–র নোবেল পুরস্কারের অর্ধাংশের দাবিদার। আরনোল্ড তার পড়াশুনার পট পরিবর্তন করেছেন বেশ কয়েকবার। ফ্রান্সিস আরনোল্ড ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউটের লাইনাস পাউলিং অধ্যাপিকা যিনি মেকানিক্যাল বিভাগে স্নাতক হয়েও তিনি পরবর্তী পড়াশুনা এবং অধ্যাপনা করেন রসায়ন ও জৈব রসায়নে। প্রথম জীবনে সৌরশক্তি নিয়ে বিশেষ আগ্রহ থাকলেও তার যুগান্তকারী উৎসেচকের আবিস্কার পরিবেশ বান্ধব রাসায়নিক উৎপাদনে, উন্নত ঔষধ উৎপাদনে এমনকি পুনঃনবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনে সহায়তা করবে। আরনোল্ড তার দূরদর্শিতার পরিচয় দিয়েছেন কাজের প্রতিটি ধাপেই । যে কাজের জন্য নোবেল শিরপা তার মাথায় উঠেছে সেটি হল নতুন উৎসেচক সাবটিলিসিনের (subtilisin) আবিস্কার। সাবটিলিসিন কোন একক উৎসেচক নয়। সেরিন প্রোটিয়েজের একত্রিত রূপকেই বলে সাবটিলিসিন। প্রোটিনের বিপাক ক্রিয়ায় সহায়ক উৎসেচক। Bacillus amyloliquefaciens এর মতো মাটি থেকে প্রাপ্ত ব্যাকটেরিয়া সাবটিলিসিনের গুরুত্বপূর্ণ উৎস । প্রোটিন প্রকৌশলীরা কমার্শিয়াল বিভিন্ন পদার্থ উৎপাদনে সাবটিলিসিন ব্যবহার করেন। লোন্ড্রিতে প্রোটিন যুক্ত নোংরা দূর করতে ডিটারজেন্টে, প্রশাধনি সামগ্রী উৎপাদনে, খাদ্যবস্তু প্রস্তুতিতে, কন্টাক্ট লেন্স পরিষ্কার করতেও সাবটিলিসিনের প্রয়োগ আছে। 

১৯৫৬ সালের ২৫শে জুলাই জন্মগ্রহন করেন ফ্রান্সিস এইচ আরনোল্ড। বিজ্ঞান বিষয়ে আগ্রহটা তার জন্মেছিল বাবার কাছ থেকেই। বাবা একজন পদার্থবিদ, নিউক্লিয়ার রিয়েক্টর প্ল্যান্টে কর্মরত এবং মা ছিলেন একজন গৃহবধূ। পিটসবার্গের এমনি একটি পরিবারের পাঁচ সন্তানের তৃতীয়জন হলেন ফ্রান্সিস এইচ আরনোল্ড। ছোটবেলা থেকেই তিনি ছিলেন পড়াশুনাই অমনোযোগী। ক্লাস বাদ দেওয়া এবং বাড়ির কাজ না করা তার কাছে ছিল সাধারণ বিষয়। এই নিয়ে মা বাবার চিন্তারও অন্ত ছিলনা। অল্প বয়সেই বাইক চালিয়ে মিলান থেকে ইস্তানবুলে গিয়ে আবার ফিরে আসার অভিজ্ঞতাও ছিল তার। আর এসবের মধ্যেও খুঁজে নিয়েছেন এক জীবন দর্শন। ভেবেছেন মানুষের কথা। প্রতিবাদী হিসেবেও ভূমিকা নিয়েছেন অনেক সময়। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি মাত্র ১৭ বছর বয়সী, মুখ বুজে সব মানিয়ে নিতে পারেন নি। তাই যুদ্ধের প্রতিবাদে পথে নেমেছিলেন। ১৯৭৯ প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল এবং এরোস্পেস এ ইঞ্জিনিয়ারিংএ স্নাতক স্তরে তার সুদৃষ্টি ছিল সৌর শক্তির উপর গবেষণায়। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিবিদ হওয়ার জন্য অ্যাডভান্সড ডিগ্রি অর্জন করেন তিনি। কিছুটা সময় কাটালেন ইতালিতে। যোগ দিলে একটি নিউক্লিয়ার রিয়েক্টরের পার্টস তৈরির কারখানায়। আবার ফিরে এলেন প্রিন্সটনে। শক্তি উৎসের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে যোগ দিলেন একদল বিজ্ঞানী এবং প্রকৌশলীদের সঙ্গে। সৌর শক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে ঘুরে বেড়িয়েছেন দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং কলোরাডোর সোলার এনার্জি রিসার্চ ইন্সটিটিউটে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তিক জায়গা ঘুরে দেখলেন মানুষের অন্ধকারের জীবন যাপন। তাই স্বপ্ন দেখতেন প্রান্তিক গ্রামও যেন আলোকিত হতে পারে সৌর বিদ্যুতের আলোয়। সেইকারনেই ছিল তার সৌরশক্তি নিয়ে বিশেষ আগ্রহ। এসবের মাঝেই আবার তার আগ্রহ বাড়ে বায়োকেমিস্ট্রির উপর। ১৯৮৫ সালে বার্ক্লে থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। এর আগে তার সেই অর্থে রসায়নের জ্ঞান ছিলনা। তাই প্রথমবর্ষে তিনি কেমিস্ট্রি নিয়ে একবছরের কোর্সওয়ার্ক করেন ।  

২০১৮ সালের রসায়নে নোবেল জয়ী এই বিজ্ঞানীর নোবেল বিজয়ী হওয়ার ভিত্তি স্থাপন হয়তো তিনি করেছিলেন সেই সময়টাতেই। সৌর শক্তির আকর্ষণ ছেড়ে দিয়ে হয়ে উঠলেন একজন জৈব রসায়নবিদ এবং এবং জৈব প্রকৌশলী ষ। একজন জৈব প্রকৌশলী হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদান একটি এনজাইমের আবিস্কার। প্রকৃতির কতো ঘটনাই তো ঘটে চলেছে সাধারণ নিয়মে। ঘটে চলেছে কতই না জৈবিক ক্রিয়া । সেই সমস্ত জৈবিক ক্রিয়া সংঘটনে সহায়ক হয়ে থাকে কোন কোন এনজাইম। তাসত্বেও কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক ক্রিয়া সম্পাদনের জন্য অধিক সময় প্রয়োজন হয়। বাস্তবক্ষেত্রে সেই ক্রিয়া গুলিকে দ্রুত সম্পাদনের এর তাগিদ অনুভব করে মিউটেসানের দ্রুত পরিবর্তনের লক্ষ্যে নতুন এনজাইম আবিস্কারের পথে নামলেন। তার আবিস্কৃত এনজাইম পুনঃনবীকরণ যোগ্য জ্বালানী উৎপাদনে যেমন সহায়ক হয়েছে ঠিক তেমনি আবিস্কার করা সম্ভব হয়েছে বেশ কিছু ঔষধ সামগ্রী। পরিবেশের দূষণ কমাতেও এই পদ্ধতিগুলোও অনেকটাই সহায়ক। তাছাড়াও অনবরত ঘটতে থাকা বিক্রিয়া গুলোকে নিয়ন্ত্রণের কৌশল বাতলে দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে তার প্রকাশিত গবেষণা পেপারে উল্লেখ করেছেন সাবটিলিসিনকে ঘিরে নানান তথ্য। সাবটিলিসিন ডাইমিথাইল ফর্মামাইডের মতো অজলীয় দ্রাবকে সক্রিয় থাকতে পারে। তিনি তার কার্যক্রম পর্যায়ক্রমে চারটি ধাপে সম্পন্ন করেছিলেন। যেখানে এনজাইম গুলোকে ব্যাকটেরিয়া হিসেবে ব্যাক্ত করা হয়েছে। মিউটাজেনেসিসের চার ধাপ সম্পন্ন হয়ে যাওয়ার পর দুধ থেকে প্রাপ্ত ক্যাসিন নামক প্রোটিনকে আদ্রবিশ্লেষিত করা হয়েছে ডাইমিথাইল ফর্মামাইডের উপস্থিতিতে। ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাতে আগরের প্লেটে দুগ্ধজাত প্রোটিন এবং ডাইমিথাইল ফর্মামাইডের মিশিয়ে শুরু করেছিলেন তার পরীক্ষা নিরীক্ষা। তার এই পদ্ধতিতে আবিস্কৃত এনজাইমের সক্রিয়তা আসল এনজাইমের থেকে ২৫৬ গুন বেশী। এখানেই তিনি থেমে যাননি। তার পদ্ধতিকে আরও কয়েক ধাপ উন্নত করার চেষ্টা করলেন তিনি। প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত এই এনজাইম অল্প বিস্তর তাপমাত্রাতেই তার কার্যক্ষমতা ধরে রাখতে পারে। কিন্তু খুব কম তাপমাত্রা অথবা অনেক বেশী তাপমাত্রায় তার সক্রিয়তা কীভাবে ঠিক রাখা যায় সেই পথও খুঁজে বের করলেন তিনি। সাইক্লোপ্রোপানেশান বিক্রিয়ায় cytochrome P450 এর ভূমিকা কি খুঁজে বের করলেন তিনি। সরাসরি বায়োসংশ্লেষের মাধ্যমে Escherichia coli এর মধ্যে carotenoids এবং L-methionine অস্তিত্বের সন্ধ্যান দিয়েছেন তিনি । তিনি তো একসময় বিকল্প শক্তির সন্ধ্যানে নিজেকে নিমজ্জিত করেছিলেন। তাই পরবর্তীতে জৈব জ্বালানী উৎপাদনেও এই পদ্ধতি অনেকাংশেই প্রয়োগ করা সম্ভব হয়েছে। ইতি মধ্যে রসায়নে আসতে শুরু করেছে সবুজ রসায়ন । অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদানকে দূষণ মুক্ত রাখতেই মূলত এই রসায়নের জন্ম। শিল্প কারখানায় কীভাবে দুষনের পরিমাণ কমানো যায় চলছে তার প্রচেস্টা। আরনোল্ডের দেখান পথ সেখানেও সফলতা লাভ করেছে একথা বলাই বাহুল্য। একটা সময় ক্যালটেক (Caltech) এ স্থাপন করলেন একটি পরীক্ষাগার। এই পরীক্ষাগারে মূলত পরিবেশ বান্ধব রাসায়নিক উৎপাদন এবং গ্রীন এবং বিকল্প শক্তির সন্ধানে গবেষণা চলে । 

ব্যাক্তিগত জীবনেও ছিল তার অনেক ঘাত প্রতিঘাত। প্রথমে বিয়ে করেছিলেন জ্যামস ই বেইলি কে। কিন্তু সেই সম্পর্ক খুব বেশী দিন স্থায়ী না হলেও পেয়েছিলেন এক পুত্র সন্তান। পরবর্তীতে বিয়ে করেছেন অ্যানড্রিও ই ল্যাঙ কে। তাদের দুই সন্তান। প্রথম স্বামীর মৃত্যু হয় ক্যানসারে। দ্বিতীয় স্বামী আত্মহত্মা করেছিলেন। আবার ছোট ছেলে পথ দুর্ঘটনায় মৃত্যু বরন করেন । শোক কাটিয়ে উঠতে না উঠতেই হারিয়েছেন নিজের পিতাকে। একটা সময় নিজেই আক্রান্ত হয়েছে স্তন ক্যান্সারে। আঠারো মাসের লড়াইয়ে ফিরে পেয়েছেন সুস্থ জীবন। প্রথম জীবনের অগোছালো যাপন, মাঝে চরাই উতরাই, শেষে বেশ কিছু সম্মান জনক পুরস্কার। এখনও চালিয়ে যাচ্ছেন রসায়নের রাসায়নিক ক্রিয়া। সখের স্কুবা ডাইভার থেকে হলেন নোবেলজয়ী বিজ্ঞানী। হার মানেননি কোথাও তাই সামলাচ্ছেন বেশকিছু গুরুত্বপূর্ণপদ ।

লেখক  : ডঃ তপন দাস, শিক্ষক ও বিশিষ্ট বিজ্ঞান লেখক


Spread the love

Leave a Comment