কবিগুরুর কবিতার দুটি পংক্তি দিয়ে শুরু করা যাক ‘নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনেগো তোরা যাসনে ঘরের বাহিরে।’ ১৪৩২ বঙ্গাব্দের আষাঢ় মাস শুরু হয়েছে জুন মাসের ১৬ তারিখ। বলতেগেলে সেদিন থেকেই আকাশে মেঘ জমেছে এবং বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ বঙ্গে। তাই বলা যায় কবিগুরুর কবিতার এই দুটি পংক্তির সাথে সমতা বজায় রেখে আষাঢ়মাস শুরু হয়েছে। জুন মাসের ১৭ তারিখ আবহাওয়া দপ্তর সরকারি ভাবে ঘোষনা করে গোটা পশ্চিবঙ্গে বর্ষা পৌঁছে গেছে। ২০২৫ সালে মে মাসের ২৯ তারিখেই উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই বর্ষা শুরু যায় সময়ের দিন পাঁচ ছয় আগে । আমাদের আশা ছিল জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হয়ে যাবে । কিন্তু বিভিন্ন কারণে বর্ষা ১৭ দিন ধরে একই জায়গাতেই থমকেছিল।

বর্ষার দুটি ভাগ আছে। মৌসুমী বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত। মৌসুমী বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত দুয়ের ভৌত প্রক্রিয়া বা ফিজিকেল প্রসেস আলাদা। কিন্তু আমাদের কাছে দুটিই অঙ্গাঙ্গিভাবে ভাবে জড়িত এক ও অভিন্ন । দুটোকে একসাথে মিলিয়ে দেখা হয়। ভারতে বর্ষা বা মনসুরের যে সংজ্ঞা আছে তাতে বলা হয় ঋতু অনুসারে বায়ু প্রবাহের বিপরীতমুখিনতা এবং তার পরিপ্রেক্ষিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি। ভরত মৌসম বিজ্ঞান বিভাগের মতে ১লা জুন থেকে ৩০শে সেপ্টেম্বর এই চারমাস হলো বর্ষাকাল । এই সময়ের মধ্যেই ভারতের মোট বৃষ্টিপাতের ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টিপাত হয়। কিন্তু এখন একটু অন্যভাবে হলা হয় । ঋতু অনুসারে বা সূর্যের মকরক্রান্তি রেখা থেক কর্কটক্রান্তি রেখা পর্যন্ত পরিভ্রমনের জন্য আবহাওয়া মন্ডলে নিয়ত বায়ু প্রবাহের যে পরিবর্তন ঘটে যার ফলে আয়নবায়ু প্রত্যায়নবায়ুর মিলনরেখা বা ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোনের (I T C Z) উত্তর দক্ষিণের দোলনকেই বলা হয় মৌসুমী বায়ু প্রবাহ বা মনসুন। এর ফলে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে I T C Z ভারতীয় অংশে সবচেয়ে বেশি উত্তরে সরে থাকে । জুলাই ও অগাস্ট মাসে এর অবস্থান থাকে উত্তর ভারতের উপর। জুলাই অগাস্ট মাসে ভূপৃষ্ঠের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করে । একে বলা হয় মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা যার গড় অবস্থান হলো পশ্চিমের রাজস্থান থেকে পূর্বের দক্ষিণ বঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। অনেক সময় I T C Z এবং মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এক হয়ে যায় এবং ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয় এবং দক্ষিণে হেলে থাকে । মৌসুমী নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই উত্তর ভারতে বর্ষার সময় অনেক বেশি বৃষ্টিপাত হয় । মৌসুমী নিম্নচাপ অক্ষরেখার উচ্চতা যত বেশি হয় বর্ষা তত বেশি সক্রিয় থাকে l। উচ্চতা কমলে বর্ষা দুর্বল হয়। বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়।

মার্চ মাসের শেষ থেকে সূর্য নিরক্ষরেখা অতিক্রম করে কর্কটক্রান্তি রেখার দিকে সরতে থাকে। মে মাসের শুরুতে I T C Z নিরক্ষরেখা অতিক্রম করে আরব এবং বঙ্গোপসাগরের উপর সরে আসে। দক্ষিণ গোলার্ধে নিরকক্ষরেখার দক্ষিণে ভারত মহাসাগরের উপর তৈরি হয় উচ্চচাপ অঞ্চল। সেখান থেকে দক্ষিনপূর্ব বানিজ্য বায়ু বইতে শুরু করে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর। নিরকক্ষরেখা অতিক্রম করে বাতাস পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে বইতে থাকে যাকে বলা হয় মৌসুমী বায়ু প্রবাহ। ভারত মহাসাগরের উচ্চচাপ অঞ্চল যত জোরালো হয় আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর মৌসুমী বায়ু প্রবাহ তত জোরাল হয় এবং চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। I T C Z নিরকক্ষরেখার উত্তরে সরে আসার ফলে দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর জলদ মেঘের সঞ্চার হয়। মে মাসের তৃতীয় সপ্তাহের শেষে আন্দামানে বর্ষার বৃষ্টিপাত শুরু হয়। ২০২৫ সালে মে মাসের ১৩ তারিখ আন্দামানে বর্ষা শুরু হয়েছে। তারপর মৌসুমী বায়ু প্রবাহ বঙ্গোপসাগর ও আরব সাগর এই দুটি শাখায় উত্তরের দিকে সরতে থাকে এবং জুন মাসের এক তারিখ কেরলে বর্ষা শুরু হয়। ২০২৫ সালে কেরলে বর্ষা শুরু হয়েছে মে মাসের ২৪ তারিখ। নির্দিষ্ট দিনের এক সপ্তাহ আগে। মৌসুমী বায়ু প্রবাহ এবাং বৃষ্টিপাতের উত্তর দিকে সরতে থাকাই হলো বর্ষার অগ্রগতি।

বর্ষার অগ্রগতি দুটি ভাগে বিভক্ত। একটি শাখা আরব সাগর এবং অন্যটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে সরতে থাকে। আরব সাগরের শাখাটি তুলনায় খানিকটা দ্রুত গতিতে অগ্রসর হয়। তার কারণ আরব সাগরের উপর মৌসুমী বায়ু প্রবাহের জোর দ্রুত বৃদ্ধিপায়। পশ্চিঘাট পর্বতমালার জন্য কেরল থেকে মহারাষ্ট্র পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। সেই সঙ্গে বর্ষার অগ্রগতি ত্বারান্বিত হয়।বঙ্গোপসাগরের শাখা উত্তরপূর্বের পাহাড়ি রাজ্যগুলিতে তাড়াতাড়ি পৌঁছে গেলেও মধ্য, পূর্ব এবং উত্তর ভারতের রাজ্যগুলিতে বর্ষা পৌঁছাতে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি ঘুর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রয়োজন হয়। ঘুর্নাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে দেরি হলে দক্ষিণ বঙ্গে বর্ষা পৌঁছাতে দেরি হয়। এই বিলম্বের অন্যতম কারণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর তৈরি হওয়া ঘুর্ণিঝড় যার ফলে মৌসুমী বায়ুপ্রবাহ সেদিকেই ছুটে যায় । প্রায় প্রতিবছর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ২০২৫ সালেও তাই হয়েছে। শেষ পর্যন্ত দেরিতে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই দক্ষিণ বঙ্গে বর্ষা পৌঁছেছে। নিম্নচাপ দেরিতে তৈরি হওয়ার জন্য দক্ষিণ বঙ্গে নির্দিষ্ট সময়ের পর মৌসুমী বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত শুরু হয়েছে। বর্ষা সবার পরে পৌঁছায় পশ্চিম রাজস্থানের মরু অঞ্চলে। আবহাওয়া দপ্তরের হিসেব অনুসারে কেরলে শুরু হয়ে পশ্চিম রাজস্থানে বর্ষা পৌঁছাতে সময় লাগে এক মাস সাতদিন। গত এক দশক ধরে দেখা যাচ্ছে বর্ষার চলন এবং ছন্দে পরিবর্তন এসেছে। প্রতি বছরই নানা ব্যবহারিক পরিবর্তন দেখা যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন যে এর প্রধান কারণ তা বলার অপেক্ষা রাখেনা।
অনুকূল মৌসুমী বায়ু প্রবাহে আরব বনিকেরা পালতোলা জাহাজে বানিজ্য করতে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে আসতেন। এই সময়টাই ছিল তাদের বানিজ্যের মৌসিম। এই মৌসিম শব্দ থেকেই ইংরেজি Monsoon কথাটি এসেছে। অনেকের মতে Dnutch দের monson থেকে Monsoon শব্দটি নেওয়া হয়েছে ।

ভারতে কবে থেকে মৌসুমী বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত বা বর্ষা শুরু হয়েছে ? ভূতাত্ত্বিক দের মতে ৫কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ এবং এশিয়া ভূখণ্ডের সংঘর্ষে তিব্বত মালভূমির উচ্চতা বৃদ্ধির সময় থেকে মৌসুমী বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। অনেকের মতে ৮০লক্ষ বছর আগে থেকে বর্ষা জোরাল হয়েছে। তবে হালফিল সময়ের গবেষণা লব্ধ তথ্য বলছে মৌসুমী বায়ুপ্রবাহ শুরু হয়েছে দেড় থেকে দু’কোটি বছর আগে যা তিব্বত মালভূমির উচ্চতা বৃদ্ধির সাথে যুক্ত। বর্ষার গতি প্রকৃতি যে লক্ষ লক্ষ বছর ধরে একই আছে তা নয়। কখনও সক্রিয় কখনও নিষ্ক্রিয় থেকেছে মৌসুমী বায়ু প্রবাহ বিশেষ করে বিভিন্ন হিমযুগের অন্তরবর্তি সময়ে যা প্রতি ১২৩২০০ থেকে ১২১২১০ বছর সময়ের মধ্যে আসে। অতি সক্রিয় ও কম সক্রিয় মৌসুমী বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাতের ৮০ থেকে ৫০ বছরের একটি চক্র আছে যার গড় ৬৪ বছর । ২০১৫ সালের পর থেকে ভারতে মৌসুমী বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত যথেষ্ঠ সক্রিয় রয়েছে ।
সামুদ্রিক উদ্ভিদ বা প্ল্যাংটোন গবেষণা থেকে জানাগেছে যে দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ুপ্রবাহ জোরালো হয়েছে পঞ্চাশ লক্ষ বছর আগে। সেই সময়ের তুষারযুগে সমুদ্রের জলতল অনেক নীচে নেমে যায় । ইন্দোনেশিয়ার সমুদ্রপথ বন্ধ হয়ে যায় । তাই প্রশান্ত মহাসাগরের শীতল জলের ভারত মহাসাগরে আসা বন্ধ হয়েযায়। ভারত মহাসাগরের জলের উষ্ণতা বেড়ে যায় যা মৌসুমী বায়ুপ্রবাহের তীব্রতা বাড়িয়ে দেয়। ২০১৮ সালের দক্ষিণ এসিয়ার মৌসুমী বায়ুপ্রবাহ নিয়ে গবেষণায় জানা গেছে গত দশ লক্ষ বছরের হিমযুগ গুলিতে বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণ হিমযুগ মধ্যবর্তী সময়ের তুলনায় অনেকটাই কম ছিল ।
আবহাওয়া দপ্তরের হিসেবে ঋতু চারটে হলেও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরায় ঋতু ছয়টি । ছয় ঋতুর মধ্যে আষাঢ় এবং শ্রাবন মাস বা জুনের মাঝামাঝি থেকে অগাস্ট মাসের মাঝামাঝি হলো বর্ষাকাল। মৌসুমী বায়ুপ্রবাহের গতি প্রকৃতি যাই হোক। বর্ষা দেরীতে আসুক বা সময়ের আগে আমরা বসে থাকি বর্ষার পথ চয়ে। কবে আকাশে ঘন কালো বর্ষার মেঘ জমবে। কবে বড় বড় ফোঁটায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার জলে গাছপালা, পশুপাখি, সজীব নির্জীব প্রকৃতি এবং আমরা স্নাত হই, সঞ্জীবিত হই। তাই বর্ষা আমাদের বহু আকাংখার এবং প্রত্যাশার ঋতু।
লেখক : অজয় নাথ, বিশিষ্ট বিজ্ঞান লেখক ও আবহাওয়াবিদ ।
