১৯-শে জুলাই, ২০২৫, কলকাতা, বই প্রকাশ ও স্মারক বক্তৃতা ।
বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাকক্ষে গোবরডাঙা গবেষণা পরিষদ আয়োজিত গ্রন্থ প্রকাশ ও স্মারক বক্তৃতা অনুষ্ঠান ।
প্রাণীবিদ্যার অধ্যাপক ড. শতাব্দী দাশ এবং গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কান্ডারী শিক্ষক দীপককুমার দাঁ (Dipak Kumar Dan) সম্পাদিত “বিশ্রুত জ্ঞানতপস্বী বহু-বিদ্যাসাধক জীববিজ্ঞানী ডা. একেন্দ্রনাথ ঘোষ নির্বাচিত রচনা সংগ্রহ” শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়। বইপ্রকাশের পাশাপাশি এদিন প্রাণীবিজ্ঞানী অধ্যাপক নরেশচন্দ্র দত্ত স্মারক বক্তৃতা প্রদান করেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন সদস্য ও পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান অশোককান্তি সান্যাল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎসবিজ্ঞান গবেষক ও বিজ্ঞানলেখক ড. বিজয়কালী মহাপাত্র। স্মারক বক্তৃতার বিষয় ছিল “বাংলা ভাষায় প্রাণীবিদ্যা চর্চা“।
এনসাইক্লোপিডিক জ্ঞানের অধিকারী ডা. একেন্দ্রনাথ ঘোষ উনিশ শতকের বাংলার নবজাগরণ পর্বের এক বিশিষ্ট বিজ্ঞানী। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে তুলনামূলক শবব্যবচ্ছেদে স্বর্ণপদক সহ এম. বি (১৯০৬) ও এম. ডি (১৯১৬) ডিগ্রি লাভ করেন। এরই সাথে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় এম.এসসি ডিগ্রি অর্জন করেন। ১৯২৩ সালে তিনি আমেরিকার ওরিয়েন্টাল বিশ্ববিদ্যালয় থেকে ডি.এসসি উপাধিতে ভূষিত হন। ১৯২৬ সাল থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন। তিনি লন্ডন জুলজিক্যাল সোসাইটির সভ্য ও কলকাতা জুলজিক্যাল গার্ডেনের কার্যকরী সমিতির সভ্য ছিলেন। মাত্র ৫৪ বছরের স্বল্পায়ু জীবনে তার পড়াশোনার পরিসর মুগ্ধ করার মতো। উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, জ্যোতির্বিদ্যা, প্রাচীন ভারতীয় সাহিত্যে বিজ্ঞানের উপস্থিতি, চিকিৎসাবিদ্যা, চরক ও সুশ্রুত সংহিতায় বিজ্ঞানের প্রয়োগ — এমন বহু বিষয়ে তিনি অনর্গল লিখেছেন। কিন্তু তাঁর অধিকাংশ লেখাই গ্রন্থায়িত হয়নি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র দুটি – বৈদিক সাহিত্যে প্রাণীর কথা এবং “Studies on Rigvedic Dicties (Astrological and Meteorological)। অধ্যাপিকা শতাব্দী দাশের ঐকান্তিক পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের গ্রন্থাগারে রক্ষিত বহু পুরোনো প্রকৃতি নামক একটি পত্রিকা থেকে একেন্দ্রনাথ ঘোষের ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু লেখা সংকলিত করা গেছে। প্রাচীন লেখা, তাই সেখানে ভাষা ও পরিভাষার জটিলতা থাকলেও, গভীরে প্রবেশ করলে স্বাদ পাওয়া যাবে জ্ঞান সমুদ্রের। এই গ্রন্থ নিঃসন্দেহে প্রাণীবিদ্যা চর্চা ও গবেষণার কাজে আকর হয়ে থাকবে।

এই গ্রন্থ প্রকাশের গবেষণায় ড. শতাব্দী দাশ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তাঁর শিক্ষক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নরেশ চন্দ্র দত্তর কথা। ফিশারি স্পেশাল পেপারে এই বিশিষ্ট অধ্যাপকের ক্লাসগুলিই অধ্যাপক দাশকে প্রাণীবিদ্যা চর্চার ইতিহাস ঘাটতে প্রেরণা জুগিয়েছে। তাই বই প্রকাশের দিনেই নরেশ চন্দ্র দত্ত স্মারক বক্তৃতা আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্মারক বক্তৃতার বক্তা দুজনেই নরেশ চন্দ্র দত্তর ছাত্র ছিলেন, তারা এই ছাত্রদরদী বিশিষ্ট বিজ্ঞানীর সাথে কাটানো নানান ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। সবশেষে অশোক কান্তি সান্যাল বাংলা ভাষায় প্রাণী বিদ্যা চর্চার বিষয়ে একটি মনোজ্ঞ বক্তৃতা প্রদান করেন।

বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠিত (১৯৪৮) বঙ্গীয় বিজ্ঞান পরিষদের মূল উদ্দেশ্যই ছিল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করা। সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন “বাংলাভাষার মাধ্যমে বিজ্ঞানের অনুশীলন করিয়া বিজ্ঞান জনপ্রিয়করণ ও সমাজকে বিজ্ঞান সচেতন করা এবং সমাজের কল্যাণকল্পে বিজ্ঞানের প্রয়োগ করা বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উদ্দেশ্য“। বর্তমান সময়ে তাকালে মনে হয় এতগুলো দিনেও কি বিজ্ঞান সচেতনতার প্রসার ঘটেছে? বিজ্ঞান পড়ুয়ার সংখ্যা বাড়ছে বটে, কিন্তু যৌক্তিক বিজ্ঞান মনষ্ক যুক্তিবাদী মননের প্রসার ঘটেছে কি? চারপাশে উত্তরোত্তর অন্ধ বিশ্বাসের প্রতি অগাধ মোহ বৃদ্ধির ঘটনা সত্যেন্দ্রনাথের স্বপ্নের পথে আজও বিরাট প্রশ্নচিহ্ন।
গোবরডাঙ্গা গবেষণা পরিষদ জ্ঞান চর্চার এক সমৃদ্ধ পীঠস্থান। সংস্থা থেকে বেরোনো মুক্তমন মুক্তচিন্তা, জীববৈচিত্র বর্তা, গণিত ভাবনার মতো পত্রিকা গুলো অসাধারন সমৃদ্ধ। শ্রদ্ধেয় দীপক স্যার নিজের বাড়ির এক অংশে গড়ে তুলেছেন এই পরিষদ। গড়ে উঠেছে এক অনন্য গ্রন্থাগার যা বিজ্ঞান ও ইতিহাস চর্চার এক সমৃদ্ধ আকরিক। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান মনষ্কতা প্রসারে গোবরডাঙ্গা গবেষণা পরিষদের নিরলস প্রয়াসের ধারাবাহিকতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের হলে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠান সত্যেন বোসের স্বপ্ন পূরণের সোপানে এক সমাপতন সৃষ্টি করলো।

ফেরার পথে সংগ্রহ করলাম এদিনের অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থটি। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কার্যালয় থেকে সংগ্রহ করলাম ঐতিহ্যশালী জ্ঞান বিজ্ঞান পত্রিকার রিসেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সংখ্যাটি। ইচ্ছে ছিল পরিষদের আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি সংগ্রহশালাটি ঘুরে দেখার, কিন্তু সেদিন সেটি বন্ধ হয়ে গিয়েছিল। বুধ ও রবিবার বাদে যেকোনোদিন সন্ধ্যা 6 টা টার আগে পৌঁছলেই দেখা যাবে সংগ্রহশালাটি।
লেখিকা : অপর্ণা চক্রবর্তী, বিশিষ্ট বিজ্ঞান প্রাবন্ধিক
