Posted on: March 15, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

একটি মুহূর্তে : সংকটের ছায়ায় উত্তরবঙ্গের অরণ্য ও আদিবাসী জীবন : আমাদের দায় দায়িত্ব…. এই ছিল সুকান্ত ভট্টাচার্য শতবর্ষ স্মরণে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম আয়োজিত জলপাইগুড়ি বইমেলা ও স্বাস্থ্য মেলা -২০২৬… গতকাল দ্বিতীয় পর্বের আলোচনার আলোচ্য বিষয়। 

ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পুরো বইমেলা কমিটিকে, সেমিনার কমিটির আহয়কদের যাঁরা আমাদের আলোচনা করার সুযোগ করে দিয়েছেন… যেখানে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনার পরিসরে রেখেছেন।

সহ বক্তা ছিলেন বর্ষিয়ান সহযোগী অধ্যাপক ডঃ দিগন্ত চক্রবর্তী, ইতিহাস বিভাগ, আনন্দ চন্দ্র মহাবিদ্যালয় এবং সহযোগী অধ্যাপক ডঃ বিপুল চন্দ্র সরকার, বিভাগীয় প্রধান, ভূগোল বিভাগ, আনন্দ চন্দ্র মহাবিদ্যালয়…. সঞ্চালনায় ছিলেন ডঃ এরশাদ আলী, সহ অধ্যাপক, ভূগোল বিভাগ, আনন্দ চন্দ্র মহাবিদ্যালয়।

উত্তরবঙ্গের অরণ্যভূমি প্রকৃতির এক অমূল্য সম্পদ। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিস্তৃত এই অরণ্য অঞ্চল বহু জীববৈচিত্র্য, নদী-নালা এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বিশেষত পাহাড়,ডুয়ার্স ও তরাই অঞ্চলের বন যেমন সিঙ্গালীলা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা বাঘ বন কেবল দুর্লভ বন্যপ্রাণীর আবাসস্থলই নয়, বরং স্থানীয় মানুষের জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্তমানে এই অরণ্য ও অরণ্যনির্ভর আদিবাসী জীবন নানা সংকটের মুখোমুখি।উত্তর বঙ্গের ঐতিহ্য, আভিজাত্য, নিজস্ব ঘরানা বা শিক্ষা, সাহিত্য চৰ্চা ও সংস্কৃতি যাই বলিনা কেন সবটাই আবর্তিত হয় এখানকার প্রাকৃতিক সম্পদ ও সহজ সরল প্রকৃতি নির্ভর জীবন জীবিকাকে কেন্দ্র করে।

অথচ, বন ধ্বংস ও অবৈধ দখল উত্তরবঙ্গের অরণ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে এই মুহূর্তে । জনসংখ্যা বৃদ্ধি, কৃষি সম্প্রসারণ, অবৈজ্ঞানিক ভাবে রেল ও সড়ক পথ সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে অনেক বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। এর ফলে বনভূমির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং বন্যপ্রাণীর বাসস্থান সংকুচিত হয়ে পড়ছে। এতে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতও বাড়ছে, যা স্থানীয় মানুষের জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আজকাল প্রায় সারা ভারতেই বাস্তু তান্ত্রিক পরিবেশ বান্ধব পর্যটন যার পোষাকি নাম ইকো ফ্রেন্ডলি টুরিজম এর নামে যেভাবে বণ্য দের চলাচলের পথ অবরোধ করে পরিকাঠামো উন্নয়ন, টুরিস্ট লজ, রেস্ট হাউস, হোম স্টে, পানশালা, রেঁস্তোরা, খনিজ খনন কেন্দ্র প্রভৃতি গড়ে উঠছে তাঁতে অদূর ভবিষ্যত এ বন ও বনাঞ্চল বাঁচানো যাবে কি না প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। একই চিত্র উত্তরবঙ্গেও।

অপরদিকে আমাদের কৃৎকর্মের প্রভাব ও সঙ্গে প্রাকৃতিক কারণেও আবহাওয়া ও জলবায়ু ধীরে ধীরে পরিবর্তনের ফলে উত্তরবঙ্গের অরণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে বনভূমির স্বাভাবিক পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে।

এই অরণ্য অঞ্চলগুলির সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জীবন। সাঁওতাল, ওঁরাও, মুণ্ডা, টোটো প্রভৃতি সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে এই অরণ্যের উপর নির্ভর করে জীবনযাপন করে আসছেন। তাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, চিকিৎসা পদ্ধতি এবং সামাজিক জীবন অরণ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। কিন্তু অর্থনৈতিক চাপ, জনসংখ্যা বৃদ্ধি এবং আধুনিকতার ছোঁয়ায় অনেক সময় তাদের ঐতিহ্যবাহী জীবনধারা বিপন্ন হয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে আমাদের দায় দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, বন সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বন উজাড় রোধ, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দ্বিতীয়ত, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবনযাত্রার প্রতি সম্মান দেখাতে হবে। তাদের ঐতিহ্যগত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন সংরক্ষণের পরিকল্পনা করা উচিত।

এছাড়া শিক্ষা ও সচেতনতার মাধ্যমে নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে হবে। বিভিন্ন প্রকৃতি শিক্ষা শিবির, বনভ্রমণ এবং পরিবেশ বিষয়ক কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা যেতে পারে।

সর্বোপরি বলা যায়, উত্তরবঙ্গের অরণ্য কেবল প্রকৃতির সম্পদ নয়, এটি মানুষের জীবন ও সংস্কৃতিরও ধারক। এই অরণ্য রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা করা। তাই সরকার, সমাজ ও সাধারণ মানুষ—সকলের সম্মিলিত উদ্যোগেই এই অমূল্য সম্পদ ও আদিবাসী জীবনকে সংকটের হাত থেকে রক্ষা করা সম্ভব।

============================

লেখক:

 ড. রাজা রাউত, 

অধ্যাপক ও পরিবেশকর্মী, জলপাইগুড়ি সাইন্স এন্ড নেচার ক্লাব ।


Spread the love

Leave a Comment