প্রফুল্ল চন্দ্র রায়—একটি নাম, যাকে শুধু রসায়নের পাঠ্যপুস্তকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় জাতীয়তাবাদের রসায়নে, মানবিকতার সূত্রে, এবং এক নিবেদিত প্রজ্ঞার দীপ্ত অধ্যায়ে। তিনি ছিলেন সেই ক্ষণজন্মা পুরুষ, যাঁর হাতে ধরা ছিল রাসায়নিক পরীক্ষার নল, অথচ চোখে ছিল দেশের মুক্তির স্বপ্ন।
১৮৬১ সালের ২ আগস্ট খুলনার রুইসায় জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন কৌতূহলী, বইয়ের পোকা। ইংরেজি ভাষা, সংস্কৃত সাহিত্য, গণিত ও দর্শন—সবকিছুর প্রতিই তাঁর ছিল অনুরাগ। কিন্তু অবশেষে তিনি নিজেকে সমর্পণ করলেন বিজ্ঞানের এক নিরলস সাধনায়। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষে তিনি পাড়ি দেন এডিনবরায়। ওখান থেকেই পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন, এবং ফিরে এসে রসায়নের শিক্ষক হিসেবে যোগ দেন প্রেসিডেন্সি কলেজে।
তাঁর বৈজ্ঞানিক গবেষণার মূল ক্ষেত্র ছিল নাইট্রাইট ও হাইপোনাইট্রাইট যৌগ নিয়ে। তাঁর সেই গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞানমঞ্চে আলোড়ন তোলে। কিন্তু তিনি শুধুই গবেষক নন—তিনি ছিলেন নির্মাতা, দেশপ্রেমিক ও এক অর্থে সমাজদ্রষ্টা।
বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, যা ভারতের প্রথম বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আজকের ‘মেক ইন ইন্ডিয়া’ ধারণার বীজ অনেক আগেই তিনি বপন করেছিলেন। এই প্রতিষ্ঠান ছিল কেবল এক শিল্পপ্রতিষ্ঠান নয়, ছিল এক জাতীয়তাবাদী আন্দোলনের রসায়নশালা।
আচার্য রায় ছিলেন স্বদেশি আন্দোলনের এক নিঃশব্দ কর্মী। গান্ধীজি যখন চরকা ঘুরিয়ে আত্মনির্ভরতার মন্ত্র দিচ্ছেন, তখন প্রফুল্ল চন্দ্র শিল্প ও বিজ্ঞানের মাধ্যেমে দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে চাইছেন। তাঁর মতে, “বিজ্ঞানের চর্চা একমাত্র তখনই সার্থক, যখন তা মানবকল্যাণে নিয়োজিত হয়।”
তাঁর ছাত্রদের তালিকায় ছিলেন মেঘনাদ সাহা, শচীন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসুর মতো বিজ্ঞানী।

প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একাধিক ভাষায় সুপণ্ডিত। বাংলা ভাষায় তিনি লিখেছেন ‘রসায়নশাস্ত্রের ইতিহাস’—এক কালজয়ী গ্রন্থ। আর ইংরেজিতে লিখেছেন “A History of Hindu Chemistry”, যা শুধু বিজ্ঞানের ইতিহাস নয়, ভারতীয় সভ্যতার গৌরবময় সাক্ষ্যপত্র।
১৯৪৪ সালে, ৮৩ বছর বয়সে তিনি প্রয়াণ করেন। কিন্তু তাঁর রেখে যাওয়া চেতনাধারা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। যখনই কোনও যুবক বিজ্ঞানী গবেষণাগারে ঘণ্টার পর ঘণ্টা কাটায়, যখনই কোনও উদ্যোগপতি নিজের দেশীয় শিল্পকে জাগিয়ে তুলতে চায়, তখনই ছায়ার মতো পাশে থাকেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়—এক নিবেদিত বিজ্ঞানীর প্রতিচ্ছবি হয়ে।
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়—একজন রসায়নবিদ, সমাজসংস্কারক ও প্রকৃত স্বদেশপ্রেমিক। তবে শুধু ল্যাবরেটরির মধ্যে তাঁর জীবন আবদ্ধ ছিল না। তিনি জানতেন, একটি জাতিকে সত্যিকার অর্থে শক্তিশালী করতে হলে চাই অর্থনৈতিক স্বাধীনতা, চাই আত্মনির্ভরতা। তাঁর জীবন ছিল এক বৃহৎ বিজ্ঞাপন—নিজের হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান, নিজের জীবনচর্যার মধ্যে মিশে থাকা দেশপ্রেম, এবং সবচেয়ে বড় কথা, তাঁর সেই অমোঘ আহ্বান—“চাকরি ছাড়িয়া ব্যবসায় দাও মন”।
ব্রিটিশ ভারতের শিক্ষিত তরুণদের স্বপ্ন ছিল সরকারি চাকরি। নিরাপদ, সম্মানজনক আর সাহেবের দয়ায় স্থায়ী। কিন্তু আচার্য রায় এই প্রবণতার বিরুদ্ধে ছিলেন। তিনি বলতেন, চাকরি মানুষকে পরনির্ভরশীল করে তোলে, সাহস ও উদ্যমকে খর্ব করে। তাঁর চোখে আদর্শ যুবক সেই, যে নিজে উদ্যোগ নেয়, শিল্প গড়ে তোলে, দেশের সম্পদে পরিণত হয়। বিজ্ঞানচর্চা তাই তাঁর কাছে কেবল গবেষণার বস্তু ছিল না, ছিল জাতি গঠনের হাতিয়ার।
এই দর্শন থেকেই ১৯০১ সালে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস—ভারতের প্রথম দেশীয় ওষুধ ও রাসায়নিক নির্মাণ প্রতিষ্ঠান। সে এক নিঃসঙ্গ লড়াই, যেখানে প্রতিপক্ষ ছিল ব্রিটিশ কোম্পানির মুনাফালোভী চক্র, আর নিজের সহায় ছিল কেবল অধ্যবসায় ও দেশপ্রেম।

তিনি ছিলেন সাহসী উদ্ভাবক, কিন্তু তার চেয়েও বড় ছিলেন তিনি এক চিন্তক, যিনি বুঝেছিলেন, অর্থনৈতিক আত্মনির্ভরতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে, বৈজ্ঞানিক মানস তৈরি করতে, এবং হাতে-কলমে শিল্পের অনুশীলন গড়ে তুলতে তিনি আজীবন লড়েছেন। ছাত্রদের উদ্দেশে তিনি বলতেন, “তোমরা বড় চাকরি খুঁজছো, আমি চাই তোমরা কর্মসংস্থান সৃষ্টি করো।”

আচার্য রায়ের এই চিন্তার মধ্যে নিহিত ছিল আত্মশক্তির জাগরণ। স্বদেশি আন্দোলনের যে বুনিয়াদ, তা শুধু বিদেশি পণ্য বর্জনের মধ্যে সীমিত ছিল না; তার কেন্দ্রে ছিল আত্মবিশ্বাসে ভর করে নিজের দেশকে গড়ে তোলার শপথ। তিনি ছিলেন সেই আত্মনির্ভর ভারতের রূপকার, যিনি বিজ্ঞানের সঙ্গে যুক্ত করেছিলেন সমাজনীতি ও অর্থনীতির পাঠ।
এইরকম এক দুর্দান্ত জীবন যাত্রার পিছনে ছিল এক কঠিন ত্যাগ। তিনি ছিলেন অকৃতদার, মাটির ঘরে বাস করতেন, নিজের আয় সমাজকল্যাণে দান করতেন। এমনকি বেঙ্গল কেমিক্যালের লাভের অর্ধেক তিনি তুলে দিতেন দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্যে। তাঁর বিজ্ঞানচর্চা ছিল প্রকৃত মানবকল্যাণে নিবেদিত, আর তাঁর উদ্যোগ ছিল আত্মমর্যাদার পথনির্দেশ।
আধুনিক ভারতে ‘স্টার্টআপ’ আর ‘আত্মনির্ভর ভারত’-এর কথা বলা হয়। কিন্তু শতবর্ষ আগে আচার্য রায় তাঁর জীবন দিয়েই সেই ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন, দেশি পুঁজিতে, দেশি মেধায়ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তোলা যায়।
আজ যখন আমরা বেকারত্ব, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও জাতীয় শিল্পের সংকটে দিশাহারা, তখন আচার্য রায়ের জীবন আমাদের বলে—উদ্যমই উত্তর, আত্মনির্ভরতাই মুক্তি। তাঁর মতো মানুষকে কেবল বইয়ের পাতায় নয়, আমাদের প্রতিদিনের সাহসে, চিন্তায়, আর কাজে ফিরিয়ে আনা প্রয়োজন।
তিনি একটি প্রজন্মকে বলেছিলেন,
“দেশের জন্য ভাবো, কাজ করো, নিজের পায়ে দাঁড়াও।”
আজও সেই আহ্বান বেজে ওঠে—চিরকালীন, প্রাসঙ্গিক, দীপ্ত।
……………………………
লেখক : অঞ্জন প্রামাণিক
