আজ ২৯ জুলাই বিদ্যাসাগরের মৃত্যুদিন। ১৮৯১তে মারা গেলেও শান্তিপুরের তাঁতশিল্পীদের বয়ান সত্যি করে বিদ্যাসাগর চিরজীবী হয়ে রয়েছেন আমাদের কাছে।
এই আমরা কারা? যারা বিদ্যাসাগর পড়ি/পড়াই তারা? উনিশ শতকের বাংলা পড়াই দ্বিতীয় সেমিস্টারে। বিদ্যাসাগর পড়াতে গিয়ে এবারও ক্লাসে জিজ্ঞেস করলাম, বিদ্যাসাগর তাঁর জন্মের দুশো বছর পার করেও কেন স্মরণীয়?
সঙ্গের ছবিগুলো মন দিয়ে দেখুন। কলকাতার একটা বাড়ির বারান্দার মাথায় বিদ্যাসাগরের মূর্তি। তলায় বিদ্যাসাগরের উদ্দেশে মাইকেল মধসূদন দত্তের লেখা; “করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দীন যে দীনের বন্ধু”।
আর তার তলায় মূর্তির ভাস্করের নাম লেখা; কার্ত্তিক চন্দ্র পাল, ঘূর্ণি, কৃষ্ণনগর।



স্থাপনার সময়কাল ১৯৬৯, ৬ জুন। উপলক্ষ: অটুর জন্মদিন। ( অটু কি ওই বাড়িরই কেউ?) ভেবে দেখুন, এর ঠিক এক বছর পরে ১৯৭০এর জুনে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হবে!
ওইরকম ঝোড়ো এক সময়ে কলকাতার একজন মানুষ নিজের বাড়ির বারান্দার ওপর বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করছেন; স্মরণ করছেন করুণার সাগরকে…

নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, বাড়িটা কোথায়? জানাচ্ছি। দক্ষিণ কলকাতায় কালীঘাট রোড যেখানে হরিশ মুখার্জি রোডকে ছেদ করেছে সেই চৌমাথাতেই বাড়িটা। ওর ঠিক পাশেই মুক্তদল-এর দুর্গাপুজো হয়। তবে এখন জায়গাটার পরিচয় অন্যভাবে দিতে ইচ্ছে করছে। এই জায়গা থেকে দু’মিনিট হাঁটা-দূরত্বে কালীঘাট রোডের ওপর গড়ে উঠেছে পাঠ ভবন-এর মন্তেসরি আর প্রাইমারি সেকশন-এর নতুন বাড়ি।
লেখক : অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়, ইতিহাস বিভাগ কল্যাণী বিশ্ববিদ্যালয় ।
