আকাশে হঠাৎ আলোর ঝলকানি দেখা যায়, তারপর শোনা যায় প্রচণ্ড শব্দ। আমরা একে বলি বজ্রপাত বা বাজ। আলো শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে, তাই আগে আলোর ঝলকানি দেখা যায় এবং পরে বজ্রধ্বনি শোনা যায়। প্রতি বছর পৃথিবীতে বজ্রপাতে হাজার হাজার মানুষ প্রাণ হারান। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে—এত বজ্রপাত হচ্ছে কেন?
বাজ কী ?
মেঘের ভেতরে থাকা বরফকণা, জলকণা ও শিলাকণার সংঘর্ষে ধনাত্মক ও ঋণাত্মক বৈদ্যুতিক আধান তৈরি হয়। এর ফলে মেঘের বিভিন্ন অংশে বৈদ্যুতিক বিভবের পার্থক্য সৃষ্টি হয়। যখন এই পার্থক্য অত্যন্ত বেড়ে যায়, তখন বিপুল পরিমাণ বৈদ্যুতিক চার্জ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ক্ষরিত বা স্রাবিত হয়। এই স্রাব মেঘের ভেতরে, এক মেঘ থেকে অন্য মেঘে, অথবা মেঘ থেকে মাটির দিকে ঘটতে পারে। এই শক্তিশালী প্রাকৃতিক বৈদ্যুতিক ক্ষরণ বা স্রাবকেই বজ্রপাত বা বাজ বলা হয়।
‘বাজ’ নামটি কে দিয়েছেন, তা স্পষ্টভাবে জানা যায় না। তবে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ১৭৫২ সালে ১৫ই জুন ফিলাডেলফিয়া শহরে ঘুড়ি উড়িয়ে প্রথম প্রমাণ করেন যে বজ্রপাত কোনো অলৌকিক ঘটনা নয়, এটি বিদ্যুৎ।
বাজ রসায়ন :
বজ্রপাতের সময় সৃষ্ট বৈদ্যুতিক স্রাবের তাপমাত্রা প্রায় ৩০,০০০ কেলভিন পর্যন্ত পৌঁছাতে পারে, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কয়েক গুণ বেশি। এই তাপে বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। পরে এসব যৌগ বৃষ্টির জলের সঙ্গে মিশে মাটিতে পৌঁছে প্রাকৃতিক নাইট্রোজেন স্থিতিকরণে সহায়তা করে। এছাড়া সীমিত পরিমাণে ওজোনও তৈরি হয়, যা বায়ুমণ্ডলের কিছু রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিকা রাখে।
ইদানীং কেন এত বজ্রপাত হচ্ছে?
এর পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে—
১. জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা : পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে গরম ও আর্দ্র বাতাস দ্রুত ওপরে উঠে বড় বজ্রমেঘ তৈরি করছে। গবেষণায় দেখা গেছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও বাড়তে পারে।
২. গাছপালা নিধন : তাল, বটসহ উঁচু গাছ কমে যাওয়ায় মানুষের প্রাকৃতিক সুরক্ষা হ্রাস পেয়েছে। ফলে বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি বেড়েছে।
৩. বায়ুদূষণ : ধোঁয়া ও ধুলোবালির ক্ষুদ্র কণা মেঘের গঠন ও বজ্রমেঘের বিকাশে প্রভাব ফেলতে পারে। শহরের অতিরিক্ত তাপও (Urban Heat Island Effect) বজ্রমেঘ তৈরিতে সহায়তা করে।
কোভিড-১৯ লকডাউনের সময় অনেক অঞ্চলে দূষণ কমার সঙ্গে বজ্রপাতও কমেছিল বলে কিছু গবেষণায় দেখা গেছে। তবে এটি সব অঞ্চলের জন্য প্রতিষ্ঠিত সত্য নয়, কারণ বজ্রপাতের ওপর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও স্থানীয় আবহাওয়ারও বড় প্রভাব রয়েছে।
মোবাইল টাওয়ার কি বজ্রপাত বাড়ায় ?
বিজ্ঞান বলছে—না। মোবাইল টাওয়ার বা রেডিও তরঙ্গ বজ্রপাত সৃষ্টি করে না। তবে উঁচু ধাতব কাঠামো হওয়ায় টাওয়ার বজ্রপাতের আঘাত বেশি পেতে পারে। এ কারণে এগুলোতে বজ্রনিরোধক ও গ্রাউন্ডিং ব্যবস্থা থাকে, যা বিদ্যুৎ নিরাপদে মাটিতে প্রবাহিত করে।
প্রতিকার ও করণীয় :
বজ্রনিরোধক দণ্ড : ভবনের ছাদে বজ্রনিরোধক দণ্ড ও সঠিক আর্থিং ব্যবস্থা থাকলে ক্ষয়ক্ষতি কমে।
সতর্কতা : মেঘ ডাকলে খোলা মাঠ, নদী, জলাশয় ও বড় গাছের নিচে থাকবেন না। দ্রুত পাকা ভবনে আশ্রয় নিন।
দীর্ঘমেয়াদি উদ্যোগ : বায়ুদূষণ কমানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং খোলা এলাকায় বেশি গাছ লাগানো বজ্রপাতজনিত ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির শরীরে বিদ্যুৎ জমা থাকে না, তাই তাকে স্পর্শ করা নিরাপদ। দ্রুত শ্বাস-প্রশ্বাস ও নাড়ি পরীক্ষা করুন, প্রয়োজনে CPR দিন এবং চিকিৎসা সহায়তা ডাকুন। ব্যক্তি সচেতন থাকলে অল্প জল দেওয়া যেতে পারে, তবে অচেতন বা বিভ্রান্ত অবস্থায় কোনো পানীয় দেওয়া যাবে না।
বজ্রপাতের সময় ব্যাটারিচালিত মোবাইল ব্যবহার সাধারণত নিরাপদ, তবে তারযুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলা উচিত। বজ্রঝড় চলাকালে নিজের নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম কাজ।
গুজব নয়, বিজ্ঞানভিত্তিক তথ্যের ওপর ভরসা করাই উচিত।
===================
লেখক: অসীম বসাক, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিজ্ঞান প্রাবন্ধিক, বিজ্ঞান প্রচারক, ভ্রাম্যমাণ বিজ্ঞান পরীক্ষাগার প্রনেতা, গানে ছড়ায় ‘ঘরে ঘরে রসায়ন’ একক অভিনয়।
ইমেইল:asimkrbasak@gmail.com
ফোন:9432773785
