Posted on: January 15, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

নিপাহ সংক্রমণ কী ও কতটা বিপজ্জনক ?

নিপাহ ভাইরাস একটি অত্যন্ত বিপজ্জনক সংক্রামক মারণ-ভাইরাস, যা মূলত প্রাণী থেকে মানুষের শরীরে আসে। এই ভাইরাসের দুটি পৃথক কূল আছে – মালয়েশিয়ান কূল, যা মানুষের স্নায়ু মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে, ও বাংলাদেশী কূল, যা আমাদের শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। এখনো অব্দি কোন নির্দিষ্ট চিকিৎসা বা টীকা না থাকায় নিপাহ ভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগীর মৃত্যু হয়। এমনকি যে অল্প ক’জন চিকিৎসায় সেরে ওঠেন, তাঁদের মধ্যেও পরে নানা জটিলতা দেখা দেয়। তাই এর প্রতিরোধকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয়।

নীপাহ ভাইরাসের ইতিহাস :

এই ভাইরাসজনিত মহামারী প্রথম দেখা যায় ১৯৯৮-‘৯৯ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের একাংশে। সেখানে শূকর ও মানুষের মধ্যে একসঙ্গে রোগ ছড়িয়েছিল। পরে বাংলাদেশের বিভিন্ন জেলায়, ভারতের পশ্চিমবঙ্গ ও নদীয়া জেলায় এবং কেরালাতেও একাধিকবার নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতে আক্রান্ত মানুষের মৃত্যুহার তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। ২০০১ সালে শিলিগুড়িতে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রোগীর থেকে আরো অনেকের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে। আক্রান্তদের তিন চতুর্থাংশই ছিলেন চিকিৎসাকর্মী। সেসময় রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগ সত্বেও রোগটি একেবারে নতুন হওয়ায় অধিকাংশ রোগীর প্রাণহানি হয়। ২০০৭-এ নদীয়াতে আবার এই রোগ ছড়ালে আক্রান্ত ৭ জনই মারা যান। কেরলে ২০১৮ সাল থেকে ২০২৫ অব্দি মোট ন’বার এই রোগের মহামারী দেখা যায়।

কীভাবে রোগ ছড়ায় ?

নিপাহ ভাইরাসের মূল ধারক হলো এক ধরনের বড় ফলখেকো বাদুড়। এই বাদুড়রা নিজেরা অসুস্থ না হলেও মূলতঃ তাদের মূত্রের মাধ্যমে, কখনো বা লালা ও মলের মাধ্যমেও এই ভাইরাস পরিবেশে ছড়িয়ে দেয়। সেই ভাইরাস কোনভাবে মানুষের শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয়। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে নিপাহ ভাইরাস সংক্রমণের একটি প্রধান কারণ হলো টাটকা খেজুরের রস পান করা। বাদুড় রাতে খেজুরের গাছে বসে রস খায় এবং সেই রসে মূত্র, লালা বা বিষ্ঠা ফেললে তা ভাইরাসে দূষিত হয়। মানুষ যদি সেই রস না ফুটিয়েই সরাসরি পান করে, তাহলে সংক্রমণের ঝুঁকি থাকে। এছাড়া বাদুড়ে খোবলানো বা তাদের মলমূত্র দ্বারা দূষিত ফল না ধুয়ে, ছাল না ছাড়িয়ে খেলেও মানুষ আক্রান্ত হতে পারে।

মালয়েশিয়ার প্রাদুর্ভাবে শূকর ছিল অন্তর্বর্তী মাধ্যম। বাদুড় দ্বারা দূষিত ফল খেয়ে শূকর প্রথমে আক্রান্ত হয় এবং পরে শূকরের শ্বাস, লালা ও মূত্রের মাধ্যমে মানুষ সংক্রমিত হয়। বিশেষ করে শূকর খামারের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছিল।

নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মানুষ থেকে মানুষে সংক্রমণও দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতে। রোগীর খুব কাছাকাছি দীর্ঘক্ষণ থাকলে, পরিচর্যা করলে বা হাসপাতালে যথাযথ সুরক্ষা ছাড়া চিকিৎসা করলে রোগীর দেহরস থেকে ছোঁয়াচে এই ভাইরাস অন্যদের মধ্যে ছড়াতে পারে।

কী কী রোগলক্ষণ দেখা যায় ?

ভারত ও বাংলাদেশে এই রোগে সাধারণত প্রথমে জ্বর, মাথাব্যথা, পেশীতে ব্যথা, বমি ও দুর্বলতা দেখা যায়। পরে রোগ গুরুতর হলে তীব্র শ্বাসকষ্ট ও বিরল ধরণের নিউমোনিয়া হতে পারে। মালয়েশিয়ান কূলের ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক আক্রান্ত হয়, ফলে অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, কথা বলতে বা হাঁটতে অসুবিধা, এমনকি কোমায় চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। 

নিপাহ ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ৪ থেকে ৪৫ দিন। অর্থাৎ ভাইরাস শরীরে ঢোকার অনেক দিন পরেও হঠাৎ করে লক্ষণ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, প্রথম সংক্রমণ মৃদু হলেও কয়েক মাস পরে আবার নতুন করে রোগটি গুরুতর আকার নিতে পারে।

রোগনির্ণয় হয় কোন পরীক্ষায় ?

এই রোগ নির্ণয়ের জন্য বিশেষ পরীক্ষার প্রয়োজন হয়। রক্ত, নাক-গলার সোয়াব, প্রস্রাব বা মেরুদন্ডের তরল পরীক্ষা করে PCR-এর মাধ্যমে বা এলাইজা পদ্ধতিতে ভাইরাস শনাক্ত করা হয়। সাধারণ হাসপাতালে এই পরীক্ষা সব সময় সম্ভব হয় না, তাই বিশেষ ল্যাবরেটরির প্রয়োজন হয়।

নিপাহ সংক্রমণের চিকিৎসা :

বর্তমানে নিপাহ ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। চিকিৎসা মূলত রোগীর উপসর্গ অনুযায়ী করা হয়, যেমন শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেওয়া বা ভেন্টিলেশন। এজন্য হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। দু’একটি অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে ট্রায়াল দেওয়া হলেও তাদের কার্যকারিতা এখনো প্রমাণিত নয়।

প্রতিরোধের উপায় :

নিপাহ ভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা। এখনো অব্দি এর কোন টীকা নেই। তবে বাংলাদেশে একটি টীকার ট্রায়াল গত মাসে শুরু হয়েছে। এটি আসলে অক্সফোর্ডে তৈরী ChAdOx1 NipahB টীকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। 

 

টাটকা খেজুরের রস বা তা থেকে তৈরী তাড়ি না খাওয়া (খেজুরের রস ভালো করে ফুটিয়ে খেলে অথবা খেজুরের গুড়/পাটালি বা খেজুরের গুড়ের তৈরি করা খাবার খেলে এই ভাইরাস সংক্রমিত হয় না), ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া, প্রত্যেকবার নাকে-মুখে হাত দেবার আগে সাবান জলে কচলে হাত-ধোওয়া, অসুস্থ মানুষ বা প্রাণীর সংস্পর্শে আসার আগে গ্লাভস ও মাস্ক ব্যবহার করা – এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সঠিক সতর্কতা ও সচেতন আচরণই নিপাহ ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচার প্রধান প্রতিরোধ।

মহামারী নিয়ন্ত্রণ :

নিপাহ-র ক্ষেত্রে দেখা গেছে, কোন রোগীর উপসর্গ দেখা দেবার কয়েকদিন আগে থেকেই সে সংক্রমণ ছড়াতে পারে। ফলে সেই সময় থেকেই রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করে ২১ দিন গৃহে অন্তরীন নিভৃতবাস নিশ্চিত করা দরকার। তাঁদের কোন উপসর্গ দেখা দিলেই প্রাতিষ্ঠানিক নিভৃতবাস ও পরীক্ষার ব্যবস্থা করতে হবে। রিপোর্ট পজিটিভ এলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করতে হবে। পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠ সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের একইরকম ভাবে অন্তরীন করতে হবে। মহামারী নিয়ন্ত্রণ নির্ভর করে কত ভালোভাবে ও তৎপরতার সঙ্গে এই কাজ করা হচ্ছে, তার উপর।

সরকারী স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা :

যে কোন মহামারী নিয়ন্ত্রণের জন্য মজবুত সরকারী স্বাস্থ্যব্যবস্থা আবশ্যিক প্রাক-শর্ত। আক্রান্ত রোগীরা অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত গরীব মানুষ এবং এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সাধারতভাবে বীমা কোম্পানিগুলিও এধরণের চিকিৎসার দায় নেয় না। ফলে রোগীরা বেসরকারী চিকিৎসাব্যবস্থায় চিকিৎসা করাতে অপারগ। সুতরাং, সরকারী ব্যবস্থায় চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো না থাকলে মৃত্যু অবশ্যম্ভাবী। সরকারকেই আক্রান্তদের চিকিৎসা ও মহামারী নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায় নিতে হবে।

তথ্যের সমতা, মানুষের অংশগ্রহণ ও ঝুঁকি সংক্রান্ত বার্তা :

গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষের কাছে রোগ, প্রতিরোধ, চিকিৎসা ইত্যাদি সংক্রান্ত তথ্য যত দ্রুত ও নিয়মিত পৌঁছে দেওয়া যায়, মহামারী নিয়ন্ত্রণে তত বেশী তাদের অংশীদার করা যায়। আমাদের দেশ ও রাজ্যে কোভিডে অতিমারীর সময় তথ্যগোপন অনেক বেশী প্রাণহানির কারণ হয়ে দেখা গেছিল। ডেঙ্গুর ক্ষেত্রেও রাজ্যে তথ্যগোপন বিপদ বাড়িয়েছে। নিপাহের ক্ষেত্রেও এখনো অব্দি রাজ্য সরকারের পক্ষ থেকে কোন নির্দেশিকা বা তথ্যের নিয়মিত আদানপ্রদান জনপরিসরে লক্ষ্য করা যাচ্ছে না। এটি অবৈজ্ঞানিক।

শেষকথা :

আতঙ্কিত হবার কোন কারণ নেই, তবে সতর্ক থাকার প্রয়োজন আছে। আর নিয়মিত বিজ্ঞানসম্মত তথ্যসরবরাহের মাধ্যমে মানুষকে সতর্কিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

“জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ” কর্তৃক জনস্বার্থে প্রচারিত


Spread the love

Leave a Comment