প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক। এই শিক্ষার বৈচিত্র্যও অনেক। ফল, ফুল, গাছ, পাহাড় সমুদ্র, নদী-নালা, পুকুর এসব কিছু থেকেই আমরা প্রতিদিন কতকিছু শিক্ষা পাই। প্রকৃতির কোলে জীবজগৎ কত নিশ্চিন্তে থাকে। প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়ে জীবজগৎকে আশ্রয় দেয়, রক্ষা করে। যেমন, শিশুরা মাতৃক্রোড়ে। প্রকৃতিতে ভারসাম্য থাকলে আমরা প্রকৃতির শান্ত-সুন্দর রূপ প্রত্যক্ষ করি। কিন্তু ভারসাম্য কোনো কারণে নষ্ট হলে প্রকৃতি তার রুদ্র মূর্তি ধারণ করে। একে বলে প্রকৃতির রোশানল। এর অসংখ্য উদাহরণ আমরা প্রতিদিন খবরের কাগজের পাতায় চোখ রাখলে, টিভিতে, রেডিও তে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতেও শুনতে পাই।
তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সর্বাগ্রে প্রয়োজন। শিক্ষক বললেন পৃথিবীর ২৯ শতাংশ স্থলভাগ আর ৭১ শতাংল জলভাগ। বিশাল এই জলরাশি ও তার সুদূর প্রসারী ব্যাপ্তির কিছুটা আভাস মেলে সমুদ্রের ধারে গেলে। শিক্ষক জিজ্ঞাসা করলেন ক্লাসের ছাত্র চন্দন কে। “চন্দন, তুমি কি কখনো সমুদ্র দেখেছো ?” চন্দন বলল, “স্যার আমি পুরীর সমুদ্র দেখেছি, যখন বাবা-মার সাথে গরমের ছুটিতে পুরী ঘুরতে গেছিলাম।” এবার চন্দনের প্রশ্ন। “স্যার সমুদ্রের ধারে এত বালি থাকে কেন? চারিদিকে শুধু বালি আর বালি !” শিক্ষক বোঝালেন। “দেখ চন্দন, আমাদের দেশ বা পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই তাদের নদী গুলি অবিরাম বালি এনে সমুদ্রে ফেলছে জলের সাথে, যা গিয়ে জমা হচ্ছে সমুদ্রের মহীসোপান অঞ্চলে। ফলে এখানে তৈরি হয়েছে বালির পাহাড়। মহীসোপান অঞ্চলের এই বালির পাহাড় থেকেই বালি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে চলে আসে সমুদ্রের বেলা ভূমিতে। আবার ফিরেও যায়। তবে সবটা নয়, তার কিছুটা থেকে যায়, ফলে ধীরে ধীরে সমুদ্র-তটে গড়ে ওঠে বিশাল বালি-ক্ষেত্র। তাই চারিদিকে এত বালি।”
এবারে আরেক ছাত্র বিশ্বেশ্বর গালে হাত দিয়ে খুব চিন্তান্বিত ভাবে বসে আছে। মনে হচ্ছে সে যেন চিন্তার সাগরে ডুবে আছে। সে এক প্রশ্ন করে বসল। “স্যার সমুদ্রের এই বিশাল জলরাশি কি কোনোদিন আমাদের স্থলভাগের এক বিরাট অংশকে জলের তলায় নিয়ে যেতে পারে? বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চল ও তার আশেপাশের এলাকাকে ?” শিক্ষক বললেন “বোঝা যাচ্ছে বিশ্বেশ্বর খুব গভীর চিন্তায় মগ্ন। তবে তোমার আশঙ্কা অমুলক কিছু নয়। বিশ্ব-উষ্ণায়ন (global-warming)-এর সাথে জড়িত। বিশ্ব-উষ্ণায়ন বায়ুদুষনের ফল। যার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দোষী আমরা। আমাদের দৈনন্দিন জীবন-যাত্রাও অভ্যাস। এই ত্রুটিগুলি নিয়ন্ত্রনে এলে উষ্ণায়ন অনেকাংশে স্তিমিত হতে পারে। এইবার তোমার প্রশ্নের উত্তরে আসা যাক। তোমার প্রশ্নের উত্তরের জন্য আমরা তুষার যূগে ফিরে যাব। মনে হতে পারে যে সামুদ্রিক প্লাবনের সঙ্গে তুষার যুগের কি সম্পর্ক! কারণ সমুদ্রের জল যদি জমে বরফ হয়ে যায়, তবে সমুদ্রের জল কমবে। আমাদের পৃথিবীতে তুষার যুগের শুরু হয়েছিল প্রায় ৬০-৬৫ কোটি বছর আগে (প্রাক কেমব্রিয়ান যুগ) । আর শেষ তুষার যুগ এসেছিল প্রায় এক লক্ষ বছর আগে। তার ফলে সমুদ্রের জল নেমে গিয়েছিল অন্তত ১০০ মিটার। সেই তুষার যুগ শেষ হয়েছে মাত্র দশ হাজার বছর আগে। এখন শুরু হয়েছে উষ্ণ যুগের, ভূ-বিজ্ঞানীর ভাষায় তুষার মধ্যবর্তী যুগ (Inter-glacial Period) । এটাকেই বলে Geological cycle । তুষার যুগে দুই মেরুতে যে বরফ জমেছিল, তা এখন গলতে শুরু করেছে, এই বরফগলা শেষ হয়নি এখনো। যদি আরো বরফ গলে, তবে সমুদ্রের জলের উচ্চতা আরও বেড়ে যাবে। বিশ্ব-উষ্ণায়ন এই কাজকে ত্বরান্বিত করবে। তাই আমাদের গাছ লাগানো উচিত বেশী করে। একটা গাছ কাটা হলে অন্তত দশটা গাছ তার পরিবর্তে লাগানো দরকার। তবেই এই সঙ্কটের হাত থেকে কিছুটা রেহাই পেতে পারি। ভূ-বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, মেরু অঞ্চলের সব বরফ যদি গলে, তবে পৃথিবীর অনেক বড় বড় শহর ও সমুদ্র-তীরবর্তী অঞ্চল চলে যাবে জলের নীচে। তবে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাওয়াটা কখনোই একদিনে হবে না। সব বরফ গলতে আরো কয়েক হাজার বছর লেগে যাবে।”

ছাত্র দেবাশীষ হাত তুলে দাঁড়িয়ে আছে। শিক্ষক জিজ্ঞাসা করলেন, “তুমি কি কিছু বলবে? দেবাশীষ বলল, “স্যার তুষার যুগে কি সব সমুদ্রের জল বরফ হয়ে গিয়েছিল ?” শিক্ষক বললেন “সব সমুদ্রের জল বরফ হয়ে যায় নি। কেবলমাত্র মেরু অঞ্চলের সীমানাই বেড়ে গিয়েছিল। একটি হিসেব থেকে জানা যায়, তুষার যুগে পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা কমেছিল ৭ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস।” ক্লাসে এক মন্ত্রমুগ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। সব ছাত্রই বিস্ময়ে অবাক হয়ে শিক্ষকের কথা শুনে চলেছে। আর এক ছাত্র অভিকের প্রশ্ন, “স্যার সমুদ্রের তলায় কি আগ্নেয়গিরি থাকতে পারে ?” শিক্ষক বললেন, “কেন থাকতে পারেনা। নিশ্চয়ই থাকতে পারে। পৃথিবীর ডাঙ্গায় যত আগ্নেয়গিরি আছে, তার চেয়ে অনেক বেশী আগ্নেয়গিরি রয়েছে সমুদ্রে জলের তলায়। আজ তোমাদের গ্রাহাম দ্বীপের জন্মকাহিনী শোনাব।

সমুদ্রের নীচে অগ্নুৎপাতের ফলে ১৮৩১ সালে ভূমধ্যসাগরের বুকে একটি নতূন আগ্নেয় দ্বীপ জেগে ওঠে। এই গ্রাহাম দ্বীপের অবস্থান সিসিলি দ্বীপ থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। অথচ জন্মের কয়েক বছর আগে ও এই গ্রাহাম দ্বীপের জায়গায় সমুদ্রের গভীরতা ছিল প্রায় ১৮০ মিটার। গ্রাহাম দ্বীপের জন্মের সপ্তাহ দুয়েক আগে ১৮৩১ সালে ওই অঞ্চল পেরোবার সময় একটা জাহাজের আরোহীদের মনে হয়, জাহাজটা যেন কোনো ডুবো পাহাড়ে ধাক্কা খেয়েছে। আসলে তখন সমুদ্রের নীচে ডুবো পাহাড়ে ভূমিকম্প শুরু হয়েছে। সে কম্পন অনুভূব করা গেছে সিসিলি দ্বীপেরও তটদেশে। এরপর ১০ই জুলাই নাগাদ ওই অঞ্চল পেরোবার সময় আর একটা জাহাজের নাবিকরা দেখতে পায়, সমুদ্রের ভেতর থেকে উঠে আসছে প্রায় ১৮ মিটার উচুঁ ৭০০ মিটার পরিধির এক বিশাল জলস্তম্ভ। জল পুঞ্জের পেছন পেছন ঘন পুঞ্জীভূত বাষ্প শূন্যে প্রায় ৫০০ মিটার ওপরে উৎক্ষিপ্ত হল। কিছুদিন পর ফেরার পথে জাহাজের নাবিকরা দেখল, ওখানে জলের ভেতর থেকে উকি দিচ্ছে একটি নতূন দ্বীপ। জল থেকে দ্বীপটি সাড়ে তিন থেকে চার মিটার উঁচু। তার মাঝের একটি জ্বালামুখ থেকে প্রচুর বাষ্প, পাথরের টুকরো উৎক্ষিপ্ত হচ্ছে। সমুদ্রে ভাসছে অজস্র মৃত মাছ। জলের রঙ বাদামীলাল, টগবগ করে ফুটছে। সারা জুলাই এরকমই চলল। আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দ্বীপটির উচ্চতা বেড়ে হল ৬০ মিটার, পরিধি প্রায় ৫ কিলোমিটার। আরো দু মাসের মধ্যেই দ্বীপটি তার পূর্ণাঙ্গ চেহারা পেয়ে গেল। এই হল গ্রাহাম দ্বীপের জন্মের ইতিহাস।”

ক্লাসে সব ছাত্রের চোখে মুখে বিস্ময়। তারা যেন শুনতে শুনতে অতল-জলের তলে ডুবে গেছে। এরই মধ্যে নিস্তব্ধতা ভেঙ্গে একজন ছাত্রের প্রশ্ন। দেবাংশু বলে উঠল, “স্যার বায়ু দূষণের মতো সমুদ্রের জল ও কি দূষিত হচ্ছে ?” শিক্ষক এর response, “হ্যাঁ, ঠিক বলেছ। তবে আগে আমাদের ধারণা ছিল পৃথিবীর যত কিছু আবর্জনা-ময়লা তা সমুদ্রে ফেললেই সব মুশকিল আসান। তাই যুগযুগ ধরে নানা নোংরা, আবর্জনা নির্বিচারে ফেলেছি সর্বংসহা সমুদ্রের বুকে। একথা সত্যি যে সমুদ্র তার স্বাভাবিক ক্ষমতায় নানারকম দূষিত পদার্থের অনেকটাই হজম করে নেয়। কিন্তু তার ও একটা সীমা আছে। ফলে আমাদের চোখের সামনেই ভয়ঙ্করভাবে নোঙরা হয়ে যাচ্ছে সমুদ্র। ১৯৫৪ সালে প্রশান্ত মহাসাগরের বুকে পারমাণবিক বোমা বিস্ফোরণ প্রায় দেড়শো কিলোমিটার দূরের জাপানী জেলেরা তেজস্ক্রিয়তার শিকার হয়ে পড়ে। একজন মারা যায়। বহু শিশুর গলগন্ড রোগ দেখা দেয়। এছাড়া জ্বালানি তেল বহনকারী জাহাজ উল্টে সমুদ্রের জলকে দূষিত করেছে। ১৯৬৭ সালে কুয়েতে পেট্রোলিয়াম বোঝাই ‘টোরিক্যানিয়ন’ নামে একটা জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ডুবে গেলে ১১৭ হাজার টন তেল মিশে গেল সমুদ্রের জলে। কিন্তু তেল-জল কখনো মিশ খায়না। তাই জলের ওপরে এক বিশাল আস্তরণ তৈরি হল। ফলে ওই অঞ্চলে সূর্যের আলো ও অক্সিজেনের অভাবে মারা পড়ল অসংখ্য সামুদ্রিক প্রাণী, নষ্ট হল প্রচুর সামুদ্রিক উদ্ভিদ। এছাড়া কল-কারখানার বর্জ্য সমুদ্রের জলকে ক্রমাগত দূষিত করে যাচ্ছে। ১৯৫০ সালে জাপানের কিউসু দ্বীপের দক্ষিণ-পূর্বে মিনামাতা শহরের একটি প্লাস্টিক কারখানা থেকে স্থানীয় মিনামাতা উপসাগরে প্রচুর আবর্জনা ফেলা হোতো। এই আবর্জনার মধ্যে পারদের (mercury) মাত্রা ছিল বিপদ সীমার ওপরে। ফলে ওই উপসাগরের পারদ বিক্রিয়ায় আক্রান্ত মাছ খেয়ে ওই শহরের প্রায় দশ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন, পঙ্গু হলেন প্রায় সাতশো জন, মারা ও পড়লেন প্রায় একশো মানুষ। এইভাবে পারদ মেশানো আবর্জনা সাগরে ফেলার খেসারত গুনতে হয়েছিল প্রায় এক দশক ধরে।
একই ভাবে আশে-পাশের কারখানা থেকে গন্ধক-মেশানো (sulphur) বর্জ্য পদার্থ অস্ট্রেলিয়ার সিডনির লেনকোভলেন নদীর মোহনার জলে মিশে গিয়ে জলকে বিষাক্ত করে দেয়। ফলে ১৯৫১ সালে ৫ লাখ ইল(বান) মাছ ও ৫০ লাখ মুলেট মাছ মারা পড়ে। পোকামাকড় মারার ওষুধ, ডিডিটি (DDT) আর নানা ধরনের ক্লোরিন জাতীয় উপাদান সমুদ্রের পক্ষে খুবই ক্ষতিকারক। এসব জিনিষ সমুদ্রের মাছের শক্র। অথচ নানা নদী নালার ভেতর দিয়ে প্রতিদিন এসব অবাঞ্ছিত পদার্থ পড়ছে গিয়ে সমুদ্রে। বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী জ্যাকস পিকার বলেছেন বর্তমান দূষণের হার বজায় থাকলে আগামী ২৫ বছরের মধ্যে সব প্রাণের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে।
শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বলে চললেন। “দেখ তোমরা সবাই, এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারছ যে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা বিশেষ প্রয়োজন। প্রকৃতি আমাদের পথ প্রদর্শক, দার্শনিক ও বন্ধু। এই বন্ধুত্ব আমাদের সঠিক ভাবে বজিয়ে রাখতে হবে।” ছাত্ররা বলল, “হ্যাঁ স্যার”।
———————————————————-
লেখক : ড: অসমঞ্জ সরকার
লেখক: কেন্দ্রীয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাবন্ধিক।
