পঞ্জিকা বা পাঁজি আমাদের প্রতিদিনকার জীবনে একটি খুব গুরুত্ত্বপূর্ণ বই। এতে রাশিচক্রে গ্রহদের অবস্থান, পূজা পার্বণের দিনক্ষণ, তিথির হিসাব, কোন মাসে কত দিন হবে (বাংলা মাসের দিনসংখ্যার হ্রাসবৃদ্ধি), গ্রহণের খবর ইত্যাদি নানা বিষয় আগাম লেখা থাকে। পঞ্জিকা মূলতঃ বিজ্ঞানের বই, ক্যালেণ্ডার তার ক্ষুদ্র সংস্করণ। পঞ্জিকায় কুসংস্কার কিছু থাকে, কিন্তু সেগুলি গৌণ ব্যাপার। কোন কোন বন্ধু পঞ্জিকা যে বিজ্ঞানের বই তা বুঝতে পারেন না, এমনকি পঞ্জিকার নাম শুনলে বিরক্ত হন। বিশিষ্ট জ্যোতিপদার্থবিজ্ঞানী শ্রদ্ধেয় মেঘনাদ সাহা বলেছিলেন,“প্রচলিত হিন্দু পঞ্জিকা একটি কুসংস্কারের বিশ্বকোষ মাত্র।” এই প্রসঙ্গে আমার বক্তব্য হল কোন কোন পঞ্জিকাতে নানা কুসংস্কারাচ্ছন্ন কথা থাকে বটে, কিন্তু পঞ্জিকাকে মূলগতভাবে কেবল কুসংস্কারের বই বলে মনে করলে ভুল হবে। পঞ্জিকায় কুসংস্কার থাকে ফাউ হিসাবে এবং সেগুলি না নিলেই হল। ড. মেঘনাদ সাহা কিন্তু হিন্দু পঞ্জিকার কুসংস্কারের সমালোচনা করেই ক্ষান্ত হননি, পঞ্জিকাগুলির সংস্কারের পথও তিনি দেখিয়েছেন। পঞ্জিকাকে বাদ দিয়ে আমাদের চলতেই পারে না। আগেকার দিনে গ্রামেগঞ্জে অনেক বাড়ীতে সারা বছরে আর কোন বই কেনা হোক বা না হোক, নতুন বছরে একটা ক’রে পঞ্জিকা অবশ্যই কেনা হত। তার ফলে তখন পঞ্জিকা আমাদের দেশের সর্বাধিক বিক্রীত বই ছিল। এখনও গ্রামে ও শহরের নানা দোকানে পঞ্জিকা দেখতে পাই, লোকাল ট্রেনেও পঞ্জিকা বিক্রী হতে দেখা যায়। তবু মনে হয় যে, পঞ্জিকার জনপ্রিয়তা আগের থেকে কিছুটা কমে গেছে। চেষ্টা করলে আজও পঞ্জিকাকে সাধারণের মধ্যে এবং শিক্ষিত মানুষদের মধ্যে আদরণীয় করা সম্ভব। বিজ্ঞান ও সংস্কৃতির প্রয়োজনে এই কাজটা দরকারি, কিন্তু এই বিষয়ে কোন উদ্যোগ চোখে পড়ে না।

ছাত্রজীবনে পঞ্জিকা আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল। আমাদের বাড়ীতে স্কুলের পাঠ্য বইয়ের বাইরে নতুন বই নিয়মিতভাবে কেনা হত না, কিন্তু প্রতিবছর একটি নতুন পঞ্জিকা কেনা হত। বর্ষশেষে গ্রামের চড়কমেলা থেকে (আমার গ্রাম পাঁচালের গাজন বিখ্যাত) আমার বাবা এই পঞ্জিকা কিনতেন। তার মলাট লাল রঙের, কাগজ খুব সস্তা মানের। আমাদের বাড়ীতে অমন বহু বছরের পঞ্জিকা জমা হয়ে আছে। আমি বিনোদনের জন্য এবং কিশোর বয়সের কৌতূহল থেকে মাঝে মাঝে পঞ্জিকা খুলে পড়তাম। কখনো বা পাড়ার কেউ আমাকে পাঁজি দেখে দিতে বলতেন। কবে একাদশি পড়েছে, এক দিদিমা মাঝে মাঝে তা জানতে চাইতেন। ইনি আমার বাবার সেজ মামীমা ছিলেন। তিনি বিধবা ছিলেন এবং একাদশীর উপবাস করতেন। তখন পাঁজি দেখতে জানাটা একটা ব্যাপার ছিল। সেজদিদিমা জানতেন যে আমি পাঁজি দেখতে জানি। তাই তিনি আমার কাছে আসতেন। পঞ্জিকায় নানারকম বইয়ের বিজ্ঞাপন থাকত যা পড়ে আমি পুলকিত হতাম। তখন ওইসব বই কেনার মত আর্থিক অবস্থা আমাদের ছিল না, শুধু বিজ্ঞাপন পড়েই সন্তুষ্ট থাকতে হত। আমি বিজ্ঞাপনগুলি পড়তাম আর ওই বইগুলি পড়ার লোভ হত। কবে কখন সূর্যোদয় আর সূর্যাস্ত হবে তা পঞ্জিকায় লেখা থাকত। ভারতে দৃশ্যাদৃশ্য গ্রহণের তালিকাও পঞ্জিকা খুঁজে বের করতাম এবং গ্রহণ দেখতাম।
আমি যখন কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তাম তখন থেকে সরজমিনে জ্যোতির্বিজ্ঞান চর্চা শুরু করি। এই কাজে পঞ্জিকা থেকে উল্লেখযোগ্য সাহায্য পেয়েছিলাম। কোন গ্রহ কবে কোন রাশিতে থাকবে তার আগাম খবর পঞ্জিকায় লেখা থাকে। বিখ্যাত বিজ্ঞান লেখক প্রয়াত অরূপরতন ভট্টাচার্য মহাশয়ের বই পড়ে আমি এই বিষয়ে সচেতন হই। সঙ্গের ছবি দেখুন (ছবিটি আলাদা করে শেষে আছে)।

ছবিটি এই বছরের ‘বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা’ থেকে গৃহীত। পঞ্জিকায় প্রতি মাসের শুরুতে এমন একটা ছবি থাকে। ছবির গোল চক্রটার এক জায়গায় দু’টি মাছের ছবি আছে। তার নীচে লেখা আছে ‘র বু 25 বৃ 27’। এখানে র মানে রবি বা সূর্য, ব মানে বুধ, বৃ মানে বৃহস্পতি গ্রহ। মাছের ছবি দু’টি আকাশের মীন রাশিকে সূচিত করছে। তাহলে ওই সময় (1429 সালের চৈত্র মাসের শুরুতে) রবি, বুধ ও বৃহস্পতি আকাশে মীন রাশিতে থাকবে। মীনের পরে কলসী মাথায় একটা লোকের ছবি আছে। ওই ছবি কুম্ভ রাশিকে সূচিত করে। তার নীচে ‘শ 23′ লেখা আছে। শ মানে শনি গ্রহ। অর্থাৎ শনি গ্রহ তখন কুম্ভ রাশিতে। এইভাবে নবগ্রহের সবগুলির অবস্থানই এই ছবিতে আছে। আমি অরূপরতন ভট্টাচার্যের ‘আকাশ চেনো’ বইটি পড়ে এবং তাতে প্রদত্ত আকাশের ম্যাপ দেখে বারটি রাশি আগেই চিনেছিলাম। এবার পাঁজিতে কোন গ্রহটা কোন রাশিতে রয়েছে তা দেখে নিয়ে আকাশের সঙ্গে মিলিয়ে গ্রহগুলিকেও চিনে গেলাম। সেটা 1995 সাল। সেই থেকে আমি বুধ থেকে শনি পর্যন্ত পাঁচটি গ্রহকে নিয়মিত দেখে আসছি। তখন আমাদের বাড়ীতে দূরবীণ ছিল না, আমি খালিচোখেই গ্রহতারা দেখতাম। কোন কোন পঞ্জিকায় ইউরেনাস, নেপচুন, প্লুটো প্রভৃতির অবস্থানও দেওয়া থাকে। কিন্তু দূরবীণ ছাড়া ওদের দেখতে পাবেন না। আমি প্রথম দূরবীণ কিনেছিলাম ডাক্তারি পাশ করে চাকুরি পাবার পরে (2001 খ্রীষ্টাব্দে)। তার আগেই আমি পঞ্জিকা দেখে নিয়মিত গ্রহগতি পর্যবেক্ষণ করতে শিখেছিলাম। প্রসঙ্গত, আকাশে গ্রহদের চলার পথে যেসব তারামণ্ডল আছে তাদেরই রাশি বলে। পশ্চিম থেকে পূর্বে বারটি রাশির নাম: মেষ, বৃষ, মিথুন, কর্কট, ধনু, মকর, কুম্ভ ও মীন। আপনারা 12টি রাশি ও পঞ্চগ্রহ চিনে নিন। দূরবীণ কিনতে চাইলে তারপরে কিনুন।
রাশি নিয়ে অনেকের নানা ভুল ধারণা আছে। অনেকে মনে করেন রাশি মানে বুঝি জ্যোতিষের ব্যাপার এবং কাল্পনিক কিছু। আজ থেকে প্রায় উনিশ বছর আগে আমি চাকুরিসূত্রে আম্বালা শহরে ছিলাম। একদিন সেখানকার একজন পণ্ডিত খুব উৎসাহ ভরে আমাকে রাশি ও জন্মকুণ্ডলী সম্বন্ধে নানা কথা বলছিলেন। তিনি নাকি জন্মকুণ্ডলী বানাতে পারেন। তাঁর পরনে সাদা ধুতি-পাঞ্জাবি এবং মাথায় লম্বা টিকি ছিল। এইসব দেখে মনে ভক্তি আসার কথা, কিন্তু আমার মনে একটু দুষ্টুবুদ্ধি এল। আমি তাঁকে বললাম,“আপনি কি সিংহরাশি দেখেছেন?” তিনি বললেন,“হ্যাঁ মহাশয়, দেখেছি।” আমি বললাম,“কোথায় দেখলেন?” তিনি বললেন,“ধ্যানে।” শুনে আমার হাসি পেয়েছিল! তিনি জন্মকুণ্ডলী বানান, সিংহরাশির জাতকের রাশিফল বিচার করেন; কিন্তু এটুকুও জানেন না যে সিংহরাশি একটা তারামণ্ডল এবং তা চর্মচক্ষে আকাশে দেখার জিনিষ, ধ্যানে দেখার নয়। সিংহরাশিটি দেখতে এইরকম (ছবিটি আলাদা করে শেষে আছে):

মার্চ-এপ্রিল মাসে সন্ধ্যার আকাশে এই রাশিটিকে মাথার উপরে দেখতে পাবেন। এটি দেখতে পুরা সিংহের মত না হলেও তারায় তারায় মোটামুটি একটি সিংহর আদল ফুটিয়ে তুলতে পারবেন। এর মধ্যে মঘা নামে যে তারাটি দেখছেন সেটি সিংহরাশির সবচেয়ে উজ্জ্বল তারা। মাঘ মাসে পূর্ণিমা হলে পূর্ণিমার চাঁদ সেখানে আসে। মঘা তারা থেকেই মাঘ মাসের নাম এসেছে। জ্যোতিষিরা মঘাকে অশুভ নক্ষত্র বলেন, কিন্তু বাস্তবে এতে অশুভের কিছু নেই। ছবিতে পূর্বফল্গুনী ও উত্তরফল্গুনী নক্ষত্রও দেখুন। এই দুই নক্ষত্র সিংহের লেজে অবস্থিত এবং এদের নাম থেকে বাংলা ফাল্গুন মাসের নাম এসেছে (ফল্গুনী>ফাল্গুন)। ফাল্গুনী পূর্ণিমায় চাঁদ রাশিচক্রের ওই জায়গাটায় আসে বলে মাসটির নাম ফাল্গুন হয়।
কেউ কেউ জি জ্ঞাসা করেন,“আপনার কোন রাশি?” আসলে আপনার বা আমার রাশি বলে কিছু হয় না। এগুলি ফলিত জ্যোতিষের (astrology) ব্যাপার। কারো জন্মের সময় চাঁদ যে রাশিতে থাকে সেটাকে জাতকের রাশি আর ওই সময় পূর্বদিগন্তে যে রাশিটা উদিত হচ্ছে সেটাকে জাতকের লগ্ন বলে। ফলিত জ্যোতিষ সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং রাশিচক্রে গ্রহদের গতি আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে না। প্রাচীন কালে ফলিত জ্যোতিষ (astrology) এবং গণিত জ্যোতিষ (astronomy) মিলেমিশে ছিল। তখনকার দিনের দৈবজ্ঞ বা গ্রহবিপ্ররা ফলিতজ্যোতিষের চর্চাও করতেন। এরা গ্রহগতির হিসাব করতেন, জাতকের কোষ্ঠীও (জন্মপত্রিকা) বানাতেন। তাতে জন্মের সময়ে রাশিচক্রে গ্রহসন্নিবেশ লক্ষ ক’রে জাতকের ভাগ্য গণনা করা হত। আমার বাবা দৈবজ্ঞ ডেকে আমাদের চার ভাইয়েরই কোষ্ঠী বানিয়েছিলেন। কোষ্ঠী যে সম্পূর্ণ কুসংস্কার, আমি জ্যোতির্বিজ্ঞান শিখে বাবাকে তা বলেছি।
গ্রহদের সূর্যাতিগ উদয় (heliacal rising) ও সূর্যাভিগ অস্তগমনের (heliacal setting-এর) খবরও পঞ্জিকায় পাবেন। ছবিতে (ছবিটি আলাদা করে শেষে আছে) দেখুন 15ই চৈত্র তারিখে বৃহস্পতি ‘পশ্চিমে অস্তমিত হইবেন’ বলে লেখা আছে। এখন 1429 সালের ফাল্গুন মাসের শেষদিকে আমি এই প্রবন্ধ লিখছি। বৃহস্পতিকে এখন সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে দেখা যাচ্ছে। চৈত্রমাসের 15 তারিখের পর আর বৃহস্পতিকে দেখা যাবে না। তখন আকাশে সূর্যের খুব কাছে চলে যাবার জন্য গ্রহটি অদৃশ্য হয়ে যাবে। এই হল বৃহস্পতির সূর্যাভিগ অস্তগমন (heliacal setting) । এই বিষয়ে বৈজ্ঞানিক তথ্য পঞ্জিকায় রয়েছে, শুধু বৃহস্পতিকে দেবতা জ্ঞান ক’রে ‘উদিত হইবে’ না বলে ভক্তিভরে ‘উদিত হইবেন’ বলা হয়েছে। বুধ গ্রহটিকে কখনো ভোরে, কখনো সন্ধ্যায় দেখা যায়। ফাল্গুন মাসের গোড়ার দিকে গ্রহটি ভোরের আকাশে দেখা যাচ্ছিল। মার্চ মাসের মাঝামাঝি সূর্যের সঙ্গে সংযোগে (আকাশে একই দিকে) থাকার জন্য বুধ অদৃশ্য থাকবে। তারপর 20শে চৈত্র বুধ ‘পশ্চিমে উদিত হইবেন’ বলে ছবিতে লেখা রয়েছে। তার মানে 20শে চৈত্রের পর বুধকে পশ্চিমাকাশে দেখা যাবে। তখন বুধকে ভোরে দেখা যাবে না। দিগন্তের খুব কাছে থাকে বলে বুধকে দেখা কষ্টসাধ্য, কিন্তু আগ্রহী পাঠক পঞ্জিকার সাহায্য নিয়ে একটু চেষ্টা করলেই গ্রহটিকে চিনতে পারবেন। আমি ছাত্রজীবনে নিজেই পাঁজি দেখে বুধকে চিনেছিলাম।
ছবির সবার উপরে দেখুন একটি লাঠিহাতে টিকিওয়ালা মানুষের ছবি আছে। ইনি সংক্রান্তিপুরুষ। তার পাশে নানারকম সংখ্যা স্ত্রীলাভ, মৃত্যুবৎ, ভ্রমণ, অপমান, সম্মান ইত্যাদি নানা ফলাফল লেখা আছে। এইসব ফলাফল বিশুদ্ধ কুসংস্কার এবং আমি এগুলি আলোচনা করব না। আপনাদের এলাকায় যদি কোন দৈবজ্ঞ থাকেন তো আপনি তাঁর সঙ্গে আলোচনা ক’রে এসবের ব্যাখ্যা জেনে নিতে পারেন। এইসব ফলাফল যে একেবারেই ভুল সেটা কিন্তু তাঁকে সসম্মানে এবং সাবধানে বুঝিয়ে দেবেন।

বাড়ীতে কোন পঞ্জিকা কিনবেন? আমার বাবা সাধারণতঃ ‘বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা’ কিনতেন। এছাড়া বাজারে আরো অনেক পঞ্জিকা আছে। আমার নিজের পছন্দের পঞ্জিকা হল ‘বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা’। শেষোক্ত পঞ্জিকাটি দৃকসিদ্ধ এবং এতে গ্রহদের অবস্থান সম্বন্ধে নিখুঁত তথ্য থাকে। এতে আকাশের মানচিত্রও থাকে যা তারামণ্ডলগুলি চেনার সহায়ক হতে পারে। আর একটি খুব ভাল পঞ্জিকা হল ‘রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ’। এটি প্রকাশিত হয় কলকাতার সল্টলেকে অবস্থিত Positional Astronomy Center থেকে। মোট 16টি ভাষায় এই পঞ্জিকা ছাপা হয়। এটিও দৃকসিদ্ধ পঞ্জিকা। আমি যখন কলকাতা মেডিক্যাল কলেজে পড়তাম তখন কলকাতা বইমেলায় Positional Astronomy Center-এর স্টল থেকে এই পঞ্জিকার একটি কপি (বাংলা) কিনতাম। দুঃখের বিষয় হল এখন Positional Astronomy Center কলকাতা বইমেলায় স্টল দেয় না এবং কলকাতা বা জেলার কোন বইয়ের দোকানে এই পঞ্জিকা পাওয়া যায় না। লোকে কেনে না বলেই এটি বাজারে সহজে পাওয়া যায় না। বাঙালী এই বইয়ের কদর কবে বুঝবে?
দৃকসিদ্ধ ও অদৃকসিদ্ধ পঞ্জিকা কাকে বলে? জ্যোতির্বিজ্ঞানের প্রাচীন গ্রন্থ ‘সূর্যসিদ্ধান্ত’ অবলম্বন ক’রে গ্রহগতির হিসাব ক’রে অদৃকসিদ্ধ পঞ্জিকাগুলিতে লেখা হয়। এর ফলে সেগুিতে কিছু ভুল থেকে যায়। মহাভারতের যুগেও আমাদের দেশে পঞ্জিকার প্রচলন ছিল। সেই পঞ্জিকার ভিত্তি ছিল বেদাঙ্গজ্যোতিষ। কিন্তু বেদাঙ্গজ্যোতিষের গ্রহগতি সংক্রান্ত জ্ঞান খুব একটা সূক্ষ্ম নয়। পরে খ্রীষ্টীয় পঞ্চম শতাব্দীর কাছাকাছি সময়ে ‘সূর্যসিদ্ধান্ত’ নামে জ্যোতির্বিজ্ঞানের একটি বই এদেশে ব্যাপক প্রচার লাভ করে। কে এই বইটির রচয়িতা তা জানা যায় না। নানা সময়ে নানা পণ্ডিত বইটির টীকা রচনা করেছিলেন এবং ইংরেজী সহ বহু বিদেশী ভাষাতেও বইটি অনূদিত হয়েছিল। এর পূর্ণ বঙ্গানুবাদ আজও প্রকাশিত হয়নি। ‘সূর্যসিদ্ধান্ত’ প্রচলনের পর ওই গ্রন্থটিকে অবলম্বন করেই এদেশে পঞ্জিকা প্রণীত হতে থাকে। তখনকার দিনে ‘সূর্য সিদ্ধান্ত’-এর তত্ত্ব অনুযায়ী গ্রহদের অবস্থান এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের যথেষ্ট নিখুঁত ভবিষ্যদ্বাণী করা যেত। কিন্তু সূর্যসিদ্ধান্ত’-এর গ্রহগতি সংক্রান্ত জ্ঞান সম্পূর্ণ নির্ভুল নয়। কোন গ্রহের বাৎসরিক গতিতে যদি বছরে ১´ ভুল থাকে তবে ঐ ভুল ৬০ বছরে ১°, ১২০ বছরে ২° … এইভাবে বেড়ে চলবে। সূর্যসিদ্ধান্তে কতকগুলি তালিকা আছে যা গ্রহস্ফূট নির্ণয়ে শতাব্দীর পর শতাব্দী ধ’রে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু কোন সংশোধন প্রয়োগ না ক’রে চিরকাল ‘সূর্যসিদ্ধান্ত’-এ প্রদত্ত তথ্য অনুযায়ী পঞ্জিকা প্রণয়ন ক’রে গেলে পঞ্জিকায় ভুলের বহর ক্রমাগত বেড়ে চলবে। তাই মাঝে মাঝে আকাশ পর্যবেক্ষণ ক’রে সেই তথ্য এবং নবতর জ্যোতির্বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে সূর্যসিদ্ধান্তে প্রদত্ত তালিকাগুলির সংশোধন ক’রে তবেই তা পঞ্জিকা প্রণয়নে ব্যবহার করা উচিত। সেটা করলে তবে সেই পঞ্জিকাকে ‘দৃকসিদ্ধ পঞ্জিকা’ বলে। 1600 খ্রীষ্টাব্দের কাছাকাছি সময়ে সম্রাট আকবরের রাজত্বকালে আমাদের দেশে পঞ্জিকা সংস্কার করা হয়। ‘সূর্যসিদ্ধান্ত’-এ প্রদত্ত সারণীগুলির সংস্কার বা সংশোধন ক’রে সেগুলি পঞ্জিকা প্রণয়নে ব্যবহৃত হতে থাকে। বাংলাদেশে রাঘবানন্দ চক্রবর্তী নামে একজন গণিতজ্ঞ সূর্যসিদ্ধান্তে প্রদত্ত সারণীগুলির কিছু সংস্কার ক’রে 1591 খ্রীষ্টাব্দে ‘সিদ্ধান্ত রহস্য’ এবং 1599 খ্রীষ্টাব্দে ‘দিন চন্দ্রিকা’ নামে দু’টি গ্রন্থ রচনা করেন। ওই দু’টি গ্রন্থ অনুযায়ীই পশ্চিমবঙ্গের পঞ্জিকা প্রণেতারা গ্রহগতি গণনাকার্য ক’রে থাকেন। তারপর চার শতাব্দী পেরিয়ে গেলেও ওই সারণীগুলির আর কোন সংশোধন হয়নি। সেইসব পুরনো তালিকার সাহায্যে আজকের দিনের পঞ্জিকায় গ্রহগতির হিসাব দিলে তা অদৃকসিদ্ধ পঞ্জিকা হয়। সেই পঞ্জিকা ত্রুটিপূর্ণ হয়। বাজারে প্রচলিত ‘বেণী মাধব শীলের ফুলপঞ্জিকা’, ‘মদন গুপ্তের ফুলপঞ্জিকা’ প্রভৃতি এইরকম অদৃকসিদ্ধ পঞ্জিকা। এইসব পঞ্জিকায় গ্রহদের যে অবস্থান দেওয়া হয় তা নিখুঁতভাবে মেলে না। এইসব প্রাচীনপন্থী পঞ্জিকাপ্রণেতারা বর্তমানের বহুগুণ উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ পঞ্জিকা প্রণয়নের কথা ভাবছেন না। সেই তুলনায় ‘বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা’ একটি দৃকসিদ্ধ পঞ্জিকা এবং এতে গ্রহদের নির্ভুল অবস্থান পাবেন। ভারত সরকারের ‘রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ’-ও দৃকসিদ্ধ (নির্ভুল)।
মাঝে মাঝে দেখবেন কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রদত্ত বাংলা তারিখ বাড়ীর ক্যালেণ্ডারে প্রদত্ত তারিখের সঙ্গে মেলে না। কখনো একই পূজার তারিখ দুই পাঁজিতে দুরকম হয়। তখন কী করবেন? যেটা শুদ্ধ সেটাই গ্রহণ করবেন তো? বাস্তবে কিন্তু তা হয়না। পশ্চিমবঙ্গের জনগণ সমস্ত পূজা ও ধর্মক্রম ত্রুটিপূর্ণ অদৃকসিদ্ধ পঞ্জিকা অনুসরণ করেই করেন এবং সরকার সেই ত্রুটিপূর্ণ পঞ্জিকানুসারেই ছুটির দিন ঘোষণা করে। ব্যতিক্রম হিসাবে বলা যেতে পারে যে রামকৃষ্ণ মিশনে সমস্ত ধর্মকর্ম বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী হয়। আনন্দ বাজার পত্রিকা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুসারে তারিখ লেখে। এদিক থেকে ওরা এগিয়ে আছে বলে বলতে হবে। সরকারের উচিত হবে অদৃকসিদ্ধ পঞ্জিকাগুলির বদলে দৃকসিদ্ধ পঞ্জিকা চালু করতে উদ্যোগী হওয়া। এইটুকু প্রগতিশীলতা ও বিজ্ঞানমনস্কতা কি সরকারের কাছ থেকে আশা করা যায়?
এবার আমি এই বছরের রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ (পঞ্জিকা) থেকে এই মাসের (মার্চ, 2023) সন্ধ্যার আকাশের ছবি দিচ্ছি (ছবিটি আলাদা করে শেষে আছে)। আপনারা এই ছবির সঙ্গে মিলিয়ে তারামণ্ডলগুলি চিনে নিতে পারেন। ছবিতে বৃষ রাশিতে মঙ্গল ও মেষ রাশিতে ইউরেনাস গ্রহ রয়েছে। ওদের অবস্থান দেখে গ্রহ দু’টিকে চিনে নিতে পারেন। মঙ্গল লাল রঙের গ্রহ, তাকে খালিচোখে সহজেই চেনা যায়। ইউরেনাসকে দেখতে হলে দূরবীণ লাগবে। সামনের বছরের মার্চ মাসের সন্ধ্যাতেও অবিকল এই তারাগুলিকেই দেখবেন, কিন্তু তখন চাঁদ ও গ্রহগুলির অবস্থান বদলে যাবে। ইউরেনাসের অবস্থান এক বছরে অল্প একটু বদলাবে, কারণ এটি অনেক দূরের গ্রহ বলে তারাদের পটভূমিতে খুব ধীরে ধীরে চলে।
রাহু ও কেতু কী? এরা হল চন্দ্রকক্ষ ও সৌরকক্ষের দুই ছেদবিন্দু (ছবিটি আলাদা করে শেষে আছে)। রাহু ও কেতু পঞ্জিকাতে দু’টি গ্রহের মর্য্যাদা পায়। ছবিতে দেখুন 1429 সালের চৈত্রে রাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে আছে। মেষ রাশির উল্টাদিকে তুলা রাশি এবং রাহু ও কেতু সর্বদা দুই বিপরীত রাশিতেই থাকে। রাহুকেতুর গতি না বুঝলে গ্রহণের কারণ বুঝা যায় না, অঙ্ক কষে গ্রহণের ভবিষ্যদবাণীও করা যায় না। সূর্যকে ক্রান্তিবৃত্ত বরাবর পৃথিবীর চারিদিকে বছরে একপাক খেতে দেখা যায়। কোপার্নিকাসের মতানুসারে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে বলেই আমরা সূর্যকে ক্রান্তিবৃত্ত বরাবর পাক খেতে দেখি। পৃথিবীর কক্ষতলটাকে আকাশে বাড়িয়ে দিলে তা রাশিচক্রের মাঝ বরাবর যে মহাবৃত্তটি রচনা করে সেটিই ক্রান্তিবৃত্ত। চাঁদ রাশিচক্রের মধ্যে যে পথে ঘুরছে সেটি চন্দ্রকক্ষ। ছবিতে EE’ ক্রান্তিবৃত্ত, MM’ চন্দ্রকক্ষ, A ও B যথাক্রমে রাহু ও কেতু, S সূর্য এবং M চন্দ্র। চন্দ্রকক্ষ ও ক্রান্তিবৃত্তের মধ্যে 5° কোণ আছে। ক্রান্তিবৃত্তের উপর সূর্যের উল্টাদিকে যে কালো বৃত্তটাকে (S’) দেখছেন সেটা পৃথিবীর ছায়া। সূর্য এবং পৃথিবীর ছায়া পরস্পরের বিপরীতে থেকে ক্রান্তিবৃত্ত বরাবর বছরে (365 দিন 5 ঘণ্টা 9 মিনিট 9.5 সেকেণ্ডে) একপাক খায়। চাঁদ তার কক্ষ বরাবর 27.3 দিনে একপাক খায়। রাশিচক্রে চলমান সূর্য ও চন্দ্র পূর্ণিমা বা অমাবস্যার আশেপাশে রাহু বা কেতুর কাছে এলে তবেই গ্রহণ হয়। রাহু বা কেতুতে সূর্য ও চাঁদ একত্রে এলে সূর্যগ্রহণ এবং পৃথিবীর ছায়া ও চাঁদ একত্রে এলে চন্দ্রগ্রহণ হয়। পাশ্চাত্যে রাহুকে ascending node of lunar orbit এবং কেতুকে descending node of lunar orbit বলে। রাশিচক্রে ঘোরার জন্য এবং গ্রহণ ঘটানোর ক্ষমতার জন্য রাহু ও কেতুকে গ্রহ বলা চলে।
পুরাণে রাহুকেতুর গল্প আছে। কেতু নামে এক দৈত্য সমুদ্রমন্থনের পর দেবতা সেজে দেবতাদের সঙ্গে বসে অমৃত পান করতে গিয়েছিল। সূর্য ও চাঁদ তার পরিচয় ফাঁস ক’রে দেয়। তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে কেতুর গলাটি কেটে দিয়েছিল। অমৃত পান করার জন্য তার মৃত্যু হয় না। তার ধড়টি কেতু এবং মাথাটি রাহু হয় এবং রাহুকেতু আকাশে স্থান পায়। বলা হয় রাহু ও কেতু তাই সূর্য ও চন্দ্রের উপর খুব ক্রুদ্ধ হয়। ওরা সুযোগ পেলেই সূর্য ও চন্দ্রকে গিলে খায়, তখনই গ্রহণ হয়। এই গল্পটি মজার এবং তাৎপর্যপূর্ণ, কিন্তু অনেকে গল্পটি ভুল বুঝে থাকেন। কেউ যদি মনে করেন যে, সত্যিই দুই রাক্ষস চাঁদ ও সূর্যকে গিলে খায় তবে তিনি ভুল করবেন। শিক্ষিত লোকেরা অমন ভাবেন না। দুঃখের বিষয় হল আজকের শিক্ষিত ব্যক্তিরাও রাহুকেতুর গতি এবং গ্রহণের ব্যাখ্যা ঠিকমত বুঝেন না। প্রাচীনেরা রাহুকেতুর সাহয্যে গ্রহণের সঠিক ভবিষ্যদবাণী করতে পারতেন, যা আজকের দিনের বিজ্ঞানের স্নাতকেরাও পারবেন না।পুরাণের গল্পগুলির ভিতরের মানে (সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য্য) বুঝা তো আরো শক্ত কাজ। এখানে সে বিষয়ে আলোচনা সম্ভব নয়।
পঞ্জিকায় আজও সূর্য আর চাঁদকে গ্রহ বলা হয় এবং সেজন্য অনেকে রেগে যান! জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস এবং শব্দার্থের বিবর্তন বুঝলে এতে রাগ করার কিছু নেই। সূর্য, চাঁদ, রাহু, কেতু এবং এদের সঙ্গে খালিচোখে দৃশ্যমান বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি পঞ্চগ্রহকে নিয়ে পঞ্জিকার নবগ্রহ হয়। নবগ্রহের ধারণা অতি প্রাচীন এবং তখন শনির পরবর্তি গ্রহগুলি আবিষ্কৃত হয়নি। আমরা ছোটবেলায় ‘নয়ে নবগ্রহ’ বলতাম, সেই নবগ্রহ পঞ্জিকার নবগ্রহ। কিশোর বয়সে ভূগোল পড়ে আমি ভাবতাম ছোটবেলায় বলা নয়ে নবগ্রহের নয়টি গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। আসলে কিন্তু তা নয়। ইউরেনাস, নেপচুন, প্লুটোকে খালিচোখে দেখা যায় না। ওই তিনটি গ্রহ এবং চন্দ্র, সূর্য, রাহু কেতুকে গ্রহদের তালিকা থেকে বাদ দিলে আকাশে পঞ্চগ্রহ (বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি) হয়। এগুলি তারার মত দেখতে, এরা রাশিচক্রে চলমান, এবং এদের আলো মিটমিট করে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে, তাঁর শরীরে পঞ্চগ্রহের অধিষ্ঠান। এগুলিই সেই প ঞ্চগ্রহ। কোপার্নিকাস তাঁর সৌরকেন্দ্রিক বিশ্বতত্ত্ব প্রণয়ন করলে গ্রহের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয় হল, কারণ পৃথিবীও তখন গ্রহ বলে গণ্য হল। আজকের ভূগোল বইয়ে গ্রহ আটটি—বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। প্লুটোকে এখন কুলীন গ্রহদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্লুটো এখন বামন গ্রহ রূপে গণ্য হয়।
এই প্রবন্ধ লিখতে গিয়ে উড়িয়া জ্যোতির্বিজ্ঞানী চন্দ্রশেখর সামন্ত মহাশয়ের কথা আমার খুব মনে হচ্ছে। তাঁর প্রথাগত শিক্ষা খুব সামান্যই ছিল, কিন্তু তিনি পৈতৃক সূত্রে জ্যোতিষ চর্চায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি পঞ্জিকা সংস্কারের কথা ভেবেছিলেন। সূর্যসিদ্ধান্তের সংস্কার ক’রে তিনি একটি বই লিখেছিলেন, যার নাম ‘সিদ্ধান্ত দর্পণ’। বিংশ শতাব্দীতে বর্তমান থেকেও তিনি ভূকেন্দ্রিক তত্ত্বে বিশ্বাস করতেন, যা আধুনিক পাঠকের কাছে আশ্চর্য লাগতে পারে। ‘সিদ্ধান্তদর্পণ’ বইয়ে ভূকেন্দ্রিক তত্ত্বই রয়েছে। চন্দ্রশেখর সামন্তকে জনসমক্ষে এনেছিলেন এবং তাঁর বই প্রকাশ করেছিলেন বাঁকুড়ার সুসন্তান শ্রদ্ধেয় যোগেশচন্দ্র রায়বিদ্যানিধি মহাশয়। বইটি এখন বাজারে পাওয়া যায় না। বহুদিন আগে আমি বাঁকুড়ার যোগেশ পল্লীতে যোগেশচন্দ্র রায়বিদ্যানিধির বাড়ীতে (‘স্বস্তিক ভবন’) গিয়ে যোগেশবাবুর নাতি মান্যবর আনন্দ রায়ের কাছে এই বইয়ের একটি কপি দেখার সুযোগ পেয়েছিলাম। বইটি সংস্কৃত শ্লোকে লেখা এবং খুব অল্প লোকেই এই দুরুহ গ্রন্থ পাঠ ক’রে তার মর্ম গ্রহণ করতে পারবেন। বর্তমানে চন্দ্রশেখর সামন্ত মহাশয়ের নামে উড়িশায় প্ল্যানেটোরিয়াম এবং কলেজ হয়েছে, যা খুব আনন্দের বিষয়। এদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চার ইতিহাস, পঞ্জিকার ঐতিহ্য ও সংস্কৃতিকে বুঝা দরকার। আমরা যেন আকাশ দেখি, কুসংস্কার দূর করি, ফলিত জ্যোতিষের অসারতা সম্বন্ধে মানুষকে সচেতন করি, মৌলবাদীদের ভুলগুলি ধ’রে দিই এবং ঠিক বিজ্ঞান ও ইতিহাসটা মানুষকে জানাই। এ বিষয়ে অনেক কাজ করতে হবে। নিয়মিত আকাশ দেখাটা সবার আগে শুরু করা দরকার। আপনারা এই প্রবন্ধ পড়ে আকাশ চিনতে শুরু করলে আমি আমার শ্রম সার্থক বলে বিবেচনা করব।
(রচনাটি 2023 সালে ছান্দারের ‘অভিব্যক্তি’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এখানে পুনঃপ্রকাশ করা হল।)
লেখক : ডা. শুভাশিষ চিরকল্যাণ পাত্র, বিশিষ্ট বিজ্ঞান লেখক।
