Posted on: November 9, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

ডিএনএ (🧬)-র ‘ডাবল হেলিক্স’ আবিষ্কার থেকে আধুনিক জীববিজ্ঞানের যুগপ্রবর্তক — জেমস ডি. ওয়াটসনের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি ।

বিশ্ববিখ্যাত আণবিক জীববিজ্ঞানী ও নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ডিউই ওয়াটসন (James Dewey Watson) ২০২৫ সালের ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট নর্থপোর্টে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ওয়াটসন ১৯৫৩ সালে ফ্রান্সিস ক্রিকের (Francis Crick) সঙ্গে যৌথভাবে ডিএনএ অণুর ‘ডাবল হেলিক্স’বা দ্বিস্পন্দিত সিঁড়ির মতো গঠন আবিষ্কার করে আধুনিক জীববিজ্ঞানের এক নতুন যুগের সূচনা করেছিলেন। তাঁদের এই যুগান্তকারী গবেষণা প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক সাময়িকী ‘ন্যাচার’ (‘Nature’)-এ। ডিএনএ-র দ্বিস্পন্দিত গঠন বা Double Helix আবিষ্কার ২০শ শতকের বিজ্ঞান ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। জেমস ডি. ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিকের যুগ্মভাবে এই আবিষ্কার কেবল বংশগতি ও বিবর্তনকে নতুন করে সংজ্ঞায়িত করেনি, বরং চিকিৎসা, অপরাধবিজ্ঞান, জিনতত্ত্ব, এমনকি নীতিশাস্ত্রের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে।

ডিএনএ-র দ্বিস্পন্দিত গঠন আবিষ্কার জীববিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করে—প্রথমবারের মতো বিজ্ঞানীরা জানতে পারেন জিনগত তথ্য কীভাবে কোষে সঞ্চিত থাকে এবং প্রজন্মান্তরে প্রতিলিপি (replicate) হয়। এর মাধ্যমে শুরু হয় মলিকিউলার জেনেটিক্স ও বায়োটেকনোলজির নতুন যুগ।

প্রারম্ভিক জীবন ও শিক্ষাজীবন :

জেমস ডিউই ওয়াটসন জন্মগ্রহণ করেন ১৯২৮ সালের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। অসাধারণ মেধাবী ও প্রতিভাবান ছাত্র হিসেবে তিনি মাত্র ১৫ বছর বয়সে ভর্তি হন শিকাগো বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি প্রাণীবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু পরবর্তীতে জেনেটিক্স বা বংশগতি বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন ও ১৯৫০ সালে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় (Indiana University) থেকে পিএইচ.ডি. ডিগ্রি সম্পন্ন করেন, যেখানে তাঁর গবেষণা কেন্দ্র ছিল ভাইরাস ও জিনগত বংশগতি।

১৯৫১ সালে ওয়াটসন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাভেনডিশ ল্যাবরেটরিতে (Cavendish Laboratory) যোগ দেন। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় তরুণ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের, এবং দুজনে মিলে শুরু করেন জীবনের মৌলিক অণু—ডি.এন.এ (Deoxyribo Nucleic Acid)-এর গঠন অনুসন্ধানের কাজ।

ডি.এন.এ-র গঠন আবিষ্কার :

ওয়াটসন ও ক্রিক তাঁদের গবেষণায় ব্যবহার করেছিলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন (Rosalind Franklin) ও মরিস উইলকিন্স (Maurice Wilkins)-এর এক্স-রে ডিফ্র্যাকশন (X-ray diffraction) তথ্য ও চিত্রসমূহ। ১৯৫৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথভাবে তিনি আবিষ্কার করেন ডিএনএ অণুর ত্রি-মাত্রিক গঠন —একটি দ্বিস্পন্দিত সিঁড়ির মত ‘ডাবল হেলিক্স’ (Double Helix), যা জীবজগতের বংশগত তথ্য বহন করে। এই আবিষ্কার প্রকাশিত হয় ‘Nature’ জার্নালে, ২৫ এপ্রিল ১৯৫৩ তারিখে, শিরোনাম ছিল “Molecular Structure of Nucleic Acids: A Structure for Deoxyribose Nucleic Acid.” এটি আধুনিক মলিকিউলার বায়োলজির ভিত্তি স্থাপন করে।

ডিএনএ-র ‘ডাবল হেলিক্যাল’ গঠন আবিষ্কারের জন্য জেমস ডি. ওয়াটসন, স্যার ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্সের এর সঙ্গে যৌথভাবে ১৯৬২ সালে ফিজিওলজি বা মেডিসিনে ‘নোবেল পুরস্কার’ লাভ করেন। যদিও রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন তখন জীবিত ছিলেন না এবং নোবেল-নিয়ম অনুসারে তাঁকে মরণোত্তরভাবে পুরস্কার দেওয়া সম্ভব হয়নি, পরবর্তী কালে তাঁর অবদান যথাযথ মর্যাদা পেয়েছে।

জেমস ডি. ওয়াটসন: জিনতত্ত্ব ও আণবিক জীববিদ্যার যুগপ্রবর্তক ।
(চিত্র কৃতজ্ঞতা: গুগল)

ডিএনএ গঠনের বৈজ্ঞানিক তাৎপর্য :

ডিএনএ (Deoxyribonucleic Acid) হলো জীবকোষের নিউক্লিয়াসে অবস্থিত একটি অণু, যা জিন বা বংশগত বৈশিষ্ট্যের বাহক। ওয়াটসন ও ক্রিকের মডেল দেখায়—

ডিএনএ দুটি দীর্ঘ শৃঙ্খল দিয়ে গঠিত, যা পরস্পর বিপরীতমুখী (antiparallel)। প্রতিটি শৃঙ্খল নিউক্লিওটাইড দ্বারা গঠিত—যার উপাদান হলো একটি ফসফেট গ্রুপ, এক ডিঅক্সিরাইবোজ সুগার, এবং একটি নাইট্রোজেন বেস। চারটি নাইট্রোজেন বেস—Adenine (A), Thymine (T), Guanine (G), Cytosine (C)—নির্দিষ্ট জোড়ায় (A–T, G–C) সংযুক্ত থাকে, যা Chargaff’s ‘Base Pairing Rule’ নামে পরিচিত।

এই গঠন থেকেই বোঝা যায়, কোষ বিভাজনের সময় ডিএনএ কীভাবে নিজের প্রতিলিপি তৈরি করে, যা উত্তরাধিকার সূত্রে বংশগত বৈশিষ্ট্য বহন করে।

এই মডেলটি আধুনিক বংশগতি বিজ্ঞানের (Genetics) তাত্ত্বিক ভিত্তি স্থাপন করে এবং জীববিজ্ঞানের সব শাখায় বিপ্লব ঘটায়।

শিক্ষকতা ও গবেষণা-জীবনের বিস্তার

নোবেলজয়ের পর ওয়াটসন যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন। সেখানে তাঁর গবেষণার মূল কেন্দ্রবিন্দু ছিল মেসেঞ্জার আরএনএ (m-RNA)-এর গঠন ও কার্যপ্রণালী—যা জিনগত তথ্যকে ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ায় রূপান্তর করে।

১৯৬৮ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির (Cold Spring Harbor Laboratory) পরিচালক নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিণত হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জিনতত্ত্ব গবেষণা কেন্দ্রে।

তিনি লেখক হিসেবেও সমাদৃত। তাঁর রচিত গ্রন্থসমূহ— ‘The Double Helix’ (1968) ও ‘Molecular Biology of the Gene’ (1965) আজও জীববিজ্ঞান ও বিজ্ঞান ইতিহাসের পাঠ্যরূপে বিবেচিত হয়।

বিজ্ঞানের নতুন যুগ (Impact on Modern Science) :

ডিএনএ গঠন আবিষ্কারের ফলে শুরু হয় “Molecular Biology Revolution”—

🧫 ১. চিকিৎসা বিজ্ঞান: জিন থেরাপি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যক্তিকৃত চিকিৎসা (Personalized Medicine), ও বংশগত রোগ নির্ণয়ে অভাবনীয় অগ্রগতি হয়। উদাহরণস্বরূপ, ক্যান্সার, থ্যালাসেমিয়া, ও সিস্টিক ফাইব্রোসিসের মতো রোগের জিনগত কারণ এখন চিহ্নিত করা সম্ভব।

অপরাধবিজ্ঞান (Forensic Science): ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং-এর মাধ্যমে অপরাধী শনাক্তকরণ ও পরিচয় নির্ধারণে বিপ্লব ঘটে। স্যার অ্যালেক জেফ্রিজ (Alec Jeffreys, 1984) এই ধারণা ওয়াটসনের আবিষ্কার থেকে অনুপ্রাণিত হয়ে বিকাশ করেন।

🌱 ৩. কৃষি ও বায়োটেকনোলজি:

জেনেটিকালি পরিবর্তিত ফসল (GM crops), রোগ-প্রতিরোধী উদ্ভিদ ও উৎপাদন বৃদ্ধি ডিএনএ গবেষণার সরাসরি ফল।

🧬 ৪. মানব জিনোম প্রকল্প (Human Genome Project): ১৯৯০–২০০৩ সালের এই আন্তর্জাতিক প্রকল্প ওয়াটসনের তত্ত্বাবধানে শুরু হয়। লক্ষ্য ছিল মানব ডিএনএ-র সমস্ত জিনের সিকোয়েন্স নির্ধারণ করা। ওয়াটসন প্রথম পরিচালক ছিলেন এবং ২০০৩ সালে প্রকল্পটি সম্পূর্ণ হয়। এর মাধ্যমে মানুষের ৩ বিলিয়ন বেস-পেয়ারের সম্পূর্ণ মানচিত্র পাওয়া যায়।

সমালোচনা ও বিতর্ক 

ওয়াটসনের বিজ্ঞানে অবদান যতটা অমূল্য, তাঁর ব্যক্তিগত মতামত ততটাই বিতর্কিত। বহুবার তিনি জাতি (যেমন, টাইমস পত্রিকায় ২০০৭ সালে এক সাক্ষাৎকারে তিনি কৃষ্ণাঙ্গ মানুষদের তুলনায় শ্বেতাঙ্গ মানুষদের ‘জাতিগত প্রাধান্য বা উৎকৃষ্টতা’ বিষয়ে) ও বুদ্ধিমত্তা সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। ২০০৭ সালে এসব মন্তব্যের পরিণতিতে তাঁকে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি থেকে পদত্যাগ করতে হয়। তবে ২০১৯ সালে অতি বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য তাঁর প্রাক্তন প্রতিষ্ঠান Cold Spring Harbor Laboratory তাঁকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ২০১৯ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH)-এর তৎকালীন পরিচালক ড. ফ্রান্সিস কলিন্স (Francis Collins) বলেন —

 “জেমস ওয়াটসনের পরবর্তী জীবনে প্রদত্ত কিছু মন্তব্য অত্যন্ত অপমানজনক ও বিভাজনমূলক ছিল। তাঁর উক্তিগুলি, বিশেষত জাতি সম্পর্কিত মন্তব্য, ছিল গভীরভাবে ভুল ও বেদনাদায়ক। কেবল ইচ্ছা করি, তাঁর মানবতা ও সমাজবোধ যেন তাঁর বৈজ্ঞানিক প্রজ্ঞার মতো উজ্জ্বল হতে পারত।”

তবে এসব বিতর্কের ঊর্ধ্বে তাঁর বৈজ্ঞানিক কৃতিত্ব চিরস্মরণীয়—তিনি এমন এক রহস্য উন্মোচন করেছিলেন, যা জীবনের মৌলিক ভাষাকে মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছিল।

উপসংহার :

জেমস ডিউই ওয়াটসন কেবল একজন বিজ্ঞানীই নন, তিনি ছিলেন আধুনিক জীববিজ্ঞানের বিশেষত: জিনতত্ত্ব ও আণবিক জীববিদ্যার যুগপ্রবর্তক। তাঁর আবিষ্কার মানবসভ্যতাকে এনে দিয়েছে জিন প্রকৌশল, জিনোম গবেষণা, ফরেনসিক বিজ্ঞানের মতো বহুমাত্রিক সাফল্য।যদিও তাঁর জীবনের শেষভাগ নানা বিতর্কে জর্জরিত, তবু বিজ্ঞানের ইতিহাসে তাঁর নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে—একজন মানুষ হিসেবে যিনি জীবনের নকশা (Blueprint of Life) উন্মোচন করেছিলেন।

তথ্যসূত্র

1. Watson, J. D. & Crick, F. H. C. (1953). Molecular Structure of Nucleic Acids: A Structure for Deoxyribose Nucleic Acid. Nature, 171(4356), 737–738.

2. Judson, H. F. (1996). The Eighth Day of Creation: Makers of the Revolution in Biology. Cold Spring Harbor Laboratory Press.

3. Cold Spring Harbor Laboratory. (2025). Obituary: James D. Watson (1928–2025).

4. Watson, J. D. (1968). The Double Helix: A Personal Account of the Discovery of the Structure of DNA. Atheneum Press, New York.

লেখক: পুলকেশ পাড়ই // সহকারী অধ্যাপক, হুগলি মহসিন কলেজ, ও বিজ্ঞান সম্প্রচারক

প্রকাশকাল: ৮-ই নভেম্বর, ২০২৫


Spread the love

Leave a Comment