Posted on: October 21, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

দীপাবলী — আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষের সবচেয়ে পরিচিত উৎসবগুলোর একটি। আলো, আনন্দ, সম্প্রীতি ও ঐশ্বর্যের প্রতীক এই উৎসব। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এই দীপাবলীর আলো কোথা থেকে এলো?

মানব ইতিহাসে “আলো” মানে প্রথমত “আগুন”। আর আগুন মানে সভ্যতার সূচনা। তাই, দীপাবলীর আদি উৎস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় সেই প্রাগৈতিহাসিক যুগে, যখন মানুষ প্রথম আগুন সংরক্ষণ করতে শিখেছিল, কিন্তু জ্বালাতে জানত না। অর্থাৎ, দীপাবলীর উজ্জ্বল প্রদীপে হয়তো এখনো জ্বলছে সেই আদিম অঙ্গার — যে আগুন একদিন মানুষকে রাতের অন্ধকার থেকে সভ্যতার আলোয় নিয়ে এসেছিল।

বিজ্ঞানীরা মনে করেন, প্রায় ৮ লক্ষ বছর আগে ( 790,000 BCE ) Homo Erectus প্রজাতির মানুষ প্রথম আগুন ব্যবহার করতে শেখে।

ইস্রায়েলের গেশের বেনোত ইয়াকোভ (Gesher Benot Ya’aqov) নামের প্রত্নস্থলে পাওয়া কয়লা, দগ্ধ পাথর ও হাড়ের নিদর্শন প্রমাণ করে—তারা আগুন “সংরক্ষণ” করত। অর্থাৎ, বজ্রপাত, দাবানল বা আগ্নেয়গিরির আগুন পেয়ে তা নিভতে না দিয়ে যত্ন নিত, ছাইয়ের নিচে অঙ্গার লুকিয়ে রাখত, নতুন কাঠে ছড়িয়ে পুনরায় জ্বালাত।

এই আগুন সংরক্ষণ ছিল এক বিপ্লব— এটি মানুষের মধ্যে প্রথম প্রযুক্তিগত দক্ষতা ও সামাজিক সহযোগিতার জন্ম দেয়। রাত্রির অন্ধকারে আগুন মানে নিরাপত্তা, উষ্ণতা, খাদ্যরন্ধন ও একত্রে থাকা। আগুনের চারপাশে বসেই মানুষ প্রথম গান গায়, গল্প বলে, ভবিষ্যৎ কল্পনা করে। অর্থাৎ, আগুন সংরক্ষণই মানবতার প্রথম “আচার”।

কিভাবে অগ্নি ধর্মীয় দেবতা থেকে সংস্কৃতির প্রতীক—

ভারতীয় সভ্যতায় “অগ্নি” একেবারে কেন্দ্রীয় প্রতীক।

ঋগ্বেদের প্রথম মন্ত্রেই বলা হয়েছে—“অগ্নিমীলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্বিজম্”

অর্থাৎ, “আমি অগ্নিকে আহ্বান করছি—যিনি যজ্ঞের পুরোহিত, দেবতাদের সঙ্গে আমাদের যোগসূত্র।”

অগ্নি এখানে কেবল এক দেবতা নন; তিনি মানব ও দেবতার মধ্যবর্তী সেতু।

যজ্ঞের আগুনে দেবতার উদ্দেশে নিবেদন করা হয়, কিন্তু সেই আগুন আবার মানুষকেও আলোকিত করে।

অর্থাৎ, অগ্নি হলো যোগাযোগের প্রতীক—জগত ও মানবচেতনার মধ্যে সংযোগ। বেদের এই অগ্নি পূজার শিকড়ও সম্ভবত প্রাগৈতিহাসিক আগুন সংরক্ষণের সংস্কৃতিতে।

মানুষ আগুনকে ভয় করত, আবার শ্রদ্ধাও করত। সেই ভয়-শ্রদ্ধা থেকেই আগুনের দেবতা, অগ্নি, সৃষ্টি।

যখন মানুষ কৃষিকাজ শুরু করল, ঋতুচক্রের সঙ্গে জীবনের তাল মিলিয়ে নিতে শিখল, তখন আগুনের ভূমিকা পেল নতুন মাত্রা।

ফসল কাটা, নতুন খাদ্যরন্ধন, বছরের অন্ধকার দিনগুলো পার করা—এসবের সঙ্গেই যুক্ত হলো “নতুন আগুন” জ্বালানোর আচার।

প্রায় সব প্রাচীন সভ্যতায় এমন উৎসব ছিল—রোমানদের Saturn alia, গ্রিকদের Lampadephoria,

ইরানি পারস্যে মেহরগান (Mehrgan), চীনের লণ্ঠন উৎসব, আদিম আর্যদের কার্তিক দীপদান। সব ক্ষেত্রেই মূল ভাবনা এক—অন্ধকারের সময়ে আলো জ্বালিয়ে জীবন উদযাপন।

নৃতত্ত্ববিদ জেমস ফ্রেজার তাঁর The Golden Bough গ্রন্থে লিখেছিলেন, “Light festivals are the symbolic survival of ancient fire rituals — a memory of humankind’s first victory over darkness.”

ভারতীয় সংস্কৃতিতে দীপাবলীর নানা ব্যাখ্যা পাওয়া যায়— উত্তর ভারতে রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তন, দক্ষিণে কৃষ্ণের নরকাসুর বধ, পশ্চিমে লক্ষ্মী পূজা ও ধনলক্ষ্মীর আরাধনা, পূর্ব ভারতে কালী পূজা, জৈন ধর্মে মহাবীরের নির্বাণ দিবস, শিখ ধর্মে গুরু হরগোবিন্দের মুক্তির দিন। এই বহুমাত্রিক অর্থের ভিতরেও একটি সাধারণ প্রতীক কাজ করে—আলো। সবখানেই দীপাবলী মানে অন্ধকারের অবসান, পুনর্জন্ম, এবং আধ্যাত্মিক উজ্জ্বলতা। কিন্তু যদি আমরা পৌরাণিক স্তর সরিয়ে দেখি, তবে দীপাবলী আসলে মানব সভ্যতার আলোকস্মৃতি —

যে সময় মানুষ প্রথম আগুন সংরক্ষণ করে বলেছিল,

“রাত্রি শেষ হবে, আমরা বাঁচব।”

সিন্ধু-সভ্যতার মহেঞ্জোদারো ও হরপ্পা অঞ্চলে পাওয়া গেছে তেলের প্রদীপ রাখার পাত্র বা দীপাধার।

এগুলো প্রায় ৪০০০ বছরের পুরোনো। পুরাতত্ত্ববিদ জন মার্শাল ১৯৩১ সালে উল্লেখ করেন— “These lamps might have been used in nocturnal rituals, symbolizing life, purity, and renewal.”

অর্থাৎ, প্রদীপ জ্বালানো এক সময় ছিল ধর্মীয় নয়, বরং সামাজিক রীতি। কার্তিক মাসে, কৃষি ঋতু শেষে, ফসল ঘরে তোলা হলে, “নতুন আগুনে” রান্না করা হতো “নতুন অন্ন”। এই “নতুন আগুন ”ই ছিল আগামী বছরের জীবন ও সমৃদ্ধির প্রতীক। আজকের দীপাবলীতে যে লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে, তা সেই আদি আলোকাচারেরই সাংস্কৃতিক অবশেষ।

নৃতত্ত্ববিদ মিরচা এলিয়াদ তাঁর Patterns in Comparative Religion বইয়ে বলেছেন— “Fire represents the center of the world, the beginning of culture, and the link between the human and divine.”

আগুন মানে শুধু তাপ বা আলো নয়; এটি রূপান্তরের প্রতীক— কাঁচা খাবার পাকা করে, অন্ধকারে আলো আনে, মৃত্যুর পর দেহকে ভস্ম করে প্রকৃতির সাথে মিশিয়ে দেয়। 

অতএব, আগুন মানেই পরিবর্তন। দীপাবলীর আলোকরাশিও তাই এক অস্তিত্বগত পুনর্জন্মের রূপক — অন্ধকার থেকে আলো, অজ্ঞান থেকে জ্ঞান, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা।

দীপাবলীর প্রদীপ হয়তো আজ বৈদ্যুতিক আলোয় ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু তার অর্থ এখনো অপরিবর্তিত।

প্রাগৈতিহাসিক গুহার অঙ্গার থেকে আজকের মোমবাতি পর্যন্ত মানুষের একটিই সংকল্প টিকে আছে—

অন্ধকারকে হারানো।

দীপাবলীর মূল তাৎপর্য এই আদিম মানব প্রয়াসেই নিহিত। এটি কেবল রাম, কৃষ্ণ বা লক্ষ্মীর উৎসব নয়;

এটি সেই মানুষের উৎসব, যে প্রথম আগুনকে নিভতে দেয়নি, যে বলেছিল — “এই আলো আমার, এই আলোয়ই আমি টিকে আছি।”

…………………………..

লেখক : অঞ্জন প্রামাণিক, বিশিষ্ট বিজ্ঞান লেখক।


Spread the love

Leave a Comment