আজ পৃথিবীর আশি শতাংশ মানুষ মিল্কি ওয়ে দেখতে পায় না। আকাশের দিকে চোখ মেলে খুঁজলেও তাদের চোখে ধরা পড়ে না আমাদের ছায়াপথ। না না, তাদের চোখের কোনো সমস্যা হয় নি। মুশকিল হয়েছে আলোর কারণে। এত আলো আজ চারদিকে যে মহাকাশের ক্ষীণ আলো আর চোখে ধরা পড়ে না!
তাতে কী! ইন্টারনেটে দেখে নিলেই তো হয়। খাসা যুক্তি। জঙ্গলের দরকার কী! চিড়িয়াখানা তো আছে! নতুন কিছু বের তো করছে না আম নাগরিক। সেসব তো করবেন বিজ্ঞানীরা। তাঁরাও অবশ্য রেহাই পাচ্ছেন না। বিংশ শতকের গোড়ায় যখন মাউন্ট উইলসন অবজারবেটরি তৈরি হয়েছিল ক্যালিফোর্নিয়ার এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের কাছে তখন জায়গাটা ছিল বেশ অন্ধকার। গ্রেটার লস এঞ্জেলেস এলাকায় তখন থাকতেন বড়জোর লাখ পাঁচেক লোক। অবজারভেটরি থেকে সে জায়গাটা বেশ অনেকটা দূরে। আজ কমবেশি দু’ কোটি মানুষ বাস করেন লস এঞ্জেলেস অঞ্চলে। বসতি সরে এসেছে অবজারভেটরির অনেক কাছে। আলো এসে ম্লান করছে মহাবিশ্বকে। তা এই অবস্থায় কী করতে বলেন বিজ্ঞানীদের?

জ্যোতির্বিজ্ঞানে বেশ একটা আলগা আগ্রহ আছে শিক্ষিত নাগরিকদের। নতুন কী বেরোল দিদিভাই? ওই যে কী শুনি, ডার্ক ম্যাটার, তার কিছু নতুন ব্যাপার পাওয়া গেল নাকি? বেশ। দক্ষিণ আমেরিকার চিলি নামে দেশটায় বসেছে ভেরা রুবিন অবজারভেটরি। ২৮ ফুট ব্যাসের বিরাট আয়না আর তিন গিগাপিক্সেল ক্ষমতার ক্যামেরা। লক্ষ্য হল ডার্ক ম্যাটার অনুসন্ধান। ২৬০ কোটি গ্যালাক্সির ছবি তুলবে এখানকার দূরবীক্ষণ। কিন্তু … আলো হচ্ছে প্রধান বাধা। নিকষ কালো অন্ধকার প্রয়োজন গ্যালাক্সির ছবি তুলতে। মানুষের আলো জ্বালানোর হিড়িকে রাতে বাতাসের যে সাধারণ আভা থাকে তা একটা গ্যালাক্সির আলোর তুলনায় একশো গুণ বেশি। ফলে বহু দূরের গ্যালাক্সির কতগুলো যে বাদ পড়ে যাবে ছবির আওতা থেকে তা বলা যাচ্ছে না। যেগুলোর ছবি তোলা যাবে সেগুলোর জন্যও দরকার হবে অনেক বেশি সময়ের এক্সপোজার। কী করবেন বলুন তো জ্যোতির্বিজ্ঞানীরা?

সবথেকে কেলেঙ্কারি করে দিয়েছে LED আলো। বলা হত, এই আলোতে বিদ্যুতের খরচ কমবে। ওসব কথাকে বুড়ো আঙুল দেখিয়েছে সবাই। আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা থেকে এশিয়া – বিদ্যুতের খরচ না-কমিয়ে আলোর উৎপাদন বাড়িয়েছে হু হু করে। কিছু এশীয় শহরে এত আলো থাকে যে সেখান থেকে সরে গেলেও মানুষ কিছুতেই অন্ধকারে মানিয়ে নিতে পারে না নিজের দৃষ্টিকে। আর বিকিরণের বর্ণমালার এমন একটা জায়গায় কোপ মেরেছে এই LED আলো যে আকাশ পর্যবেক্ষণে বাধা পড়েছে ভীষণভাবে। আগে যখন উজ্জ্বল আলো বলতে বোঝাত সোডিয়াম ভেপার ল্যাম্প তখন সেখান থেকে কমলা গোছের একটা আলো বেরোত। তড়িচ্চুম্বকীয় তরঙ্গের নীল-সবুজ অংশে পৌঁছত না আলোর এই অত্যাচার। LED এসে সেই শান্তি দিয়েছে ঘুচিয়ে। এই অংশটা সোনার খনি হয়ে ছিল জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারের জন্য। এখন? গগনে গরজে LED !

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের লোকজন আবার কেমন দেখুন! ২০০৯ সালে তাঁরা বললেন, নক্ষত্রের আলোয় বিশ্বজনীন অধিকার রয়েছে মানুষের। রাতের অন্ধকার-আকাশের সৌন্দর্য উপভোগ করবে সব্বাই। কোনো মানে হয়! অধিকারের দাবি যেন কম পড়িয়াছে। তা কী আর করা যাবে। ‘বিচক্ষণ, বিদগ্ধ’ মানুষের পাশে কিছু বেয়াড়া লোক তো থাকবেই এ পৃথিবীতে!
ভুল করে গোটাটা পড়ে ফেলে কেউ আবার না বলে – এরা কারা! এদের কি কোনো কাজ নেই!
লেখক : মানস প্রতিম দাস, অনুষ্ঠান প্রযোজক, আকাশবাণী কলকাতা বিজ্ঞান লেখক ও সম্প্রচারক ।
কৃতজ্ঞতা স্বীকার : ছবি সৌজন্য ইন্টারনেট।
