Posted on: October 19, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

সৌন্দর্য প্রসাধনের জগতে এক ঝলমলে নাম — মাইকা। এই খনিজ পদার্থের ঝিলিকেই উজ্জ্বল হয়ে ওঠে লিপস্টিক, আইশ্যাডো, নেইলপলিশ, ফাউন্ডেশন কিংবা গাড়ির পেইন্ট। কিন্তু যে পদার্থের জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ মুগ্ধ হয়, সেই মাইকার প্রতিটি ঝিলিকের ভেতরে লুকিয়ে আছে হাজারো শিশুর চোখের জল, ধূলা, কষ্ট ও মৃত্যু।

আপনার আদরের বাচ্চা যখন নরম বিছানায় খেলা করছে বা সাজানো গোছানো চেয়ার টেবিলে বসে পড়াশোনা করছে কিংবা দেশী বিদেশী প্রসাধনীতে সাজিয়ে তুলছে নিজেকে তখন ভারতের ঝাড়খণ্ড ও বিহার রাজ্যের অজস্র গোপন খনিতে প্রতিদিন নেমে যাচ্ছে ছোট ছোট শিশু, যাদের বয়স কখনও ৫, কখনও ১০। তারা প্রতিদিন অন্ধকার সুড়ঙ্গে ঢুকে মাটির নিচে থেকে তুলছে সেই চকচকে মাইকা—যা পরের দিন ইউরোপ ও আমেরিকার বাজারে “বিউটি প্রোডাক্ট” হিসেবে বিক্রি হয়। 

 

মাইকা (Muscovite, Phlogopite প্রভৃতি নামেও পরিচিত) একটি প্রাকৃতিক ঝকঝকে খনিজ, যার পাতলা স্তর সূক্ষ্মভাবে আলাদা করা যায়। এটি তাপ সহনশীল, বিদ্যুৎ নিরোধক এবং আলো প্রতিফলিত করার ক্ষমতাসম্পন্ন। তাই এটি ব্যবহৃত হয়—প্রসাধনী শিল্পে (make-up shimmer, highlighter, eye shadow), 

ইলেকট্রনিক ও বৈদ্যুতিক সামগ্রীতে, রঙ ও পেইন্ট শিল্পে, গাড়ি ও কাচ নির্মাণ শিল্পে। এই বহুমুখী প্রয়োগের কারণেই বিশ্ববাজারে মাইকার বিপুল চাহিদা রয়েছে। বিশ্বের মাইকা সরবরাহের একটি বড় অংশই আসে ভারত থেকে—বিশেষত ঝাড়খণ্ডের গিরিডি, কোডার্মা ও বিহারের নবাডা জেলাগুলি থেকে। এই অঞ্চলের অধিকাংশ মাইকা খনি আসলে সরকারি নথিতে “বন্ধ” বলে ঘোষণা করা। কিন্তু সেই বন্ধ খনিগুলিতেই গোপনে চলছে উত্তোলন। বিশাল পরিমাণ জমি খনন করে তৈরি হয় ছোট ছোট সুড়ঙ্গ ও গুহা, যেখানে বড় মানুষ ঢুকতে পারেন না। তাই দরকার হয় ছোট শরীরের—শিশু শ্রমিকদের। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুহার ভেতরে মাইকা কুড়োয়। মাথায় নেই হেলমেট, মুখে নেই মাস্ক। গুহার ভেতর অক্সিজেনের অভাব, সর্বত্র ধূলিকণা—যা শ্বাসনালিতে জমে সিলিকোসিস ও ফুসফুসের রোগের জন্ম দেয়। অনেক সময় সুড়ঙ্গ ধসে পড়ে, জীবন্ত কবর হয়ে যায় ছোট ছোট দেহগুলো। চমকে উঠেন না, আমাদের তো কোনও দায় নেই, আমাদের উৎসব আছে, আলো ঝলমলে দুনিয়া আছে, মাইকার ঝলকানি মুখে মেখে হাততালি কুড়ানো আছে ।

২০১৬ সালে Thomson Reuters Foundation–এর এক প্রতিবেদনে বলা হয়, শুধু ঝাড়খণ্ড ও বিহারেই প্রায় ২০,০০০ শিশু মাইকা সংগ্রহে জড়িত। স্থানীয় এনজিও “Terre des Hommes”-এর তথ্য অনুযায়ী, প্রতিবছর খনি দুর্ঘটনায় বহু শিশু মারা যায়, কিন্তু সেই মৃত্যুগুলো কোনো সরকারি রেকর্ডে থাকে না।

“Death for a handful of glitter” — একমুঠো ঝিলিকের জন্য মৃত্যু।

দারিদ্র্য, ঋণ ও শোষণের শৃঙ্খলে আবদ্ধ স্থানীয় মানুষদের অধিকাংশই আদিবাসী বা দলিত সম্প্রদায়ের। কৃষির সুযোগ সীমিত, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো প্রায় নেই। ফলে একদিকে দারিদ্র্য, অন্যদিকে দালালদের প্রলোভন—এই দুইয়ে মিলে শিশুরা বাধ্য হয় খনিতে নামতে। প্রতিটি পরিবারের দৈনিক আয় প্রায় ৫০ থেকে ৮০ টাকা। শিশুদের জন্য সেই মাইকা সংগ্রহই বেঁচে থাকার একমাত্র উপায়। শিশুরা প্রতি কেজি মাইকার জন্য পায় মাত্র ৫–১০ টাকা। সেই মাইকা স্থানীয় ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে পৌঁছে যায় আন্তর্জাতিক প্রসাধনী কোম্পানির হাতে—এক দীর্ঘ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, যার নীচের প্রান্তে রয়েছে শিশুর রক্ত ও ঘাম।

প্রশাসনের নীরবতা ও কর্পোরেট ভণ্ডামির কুৎসিত নজির দেখা যায় এই মাইকা শিল্পে। ভারতের শিশু শ্রম (নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৬ অনুযায়ী, ১৪ বছরের নিচের শিশুদের বিপজ্জনক পেশায় নিয়োগ করা অপরাধ। কিন্তু খনি অঞ্চলে আইন কার্যত অকার্যকর। স্থানীয় প্রশাসন জানে, কিন্তু নীরব থাকে।

কারণ, মাইকা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে রাজনৈতিক প্রভাবশালী ও মাফিয়া নেটওয়ার্ক। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে থাকা বড় বড় প্রসাধনী সংস্থাগুলি যেমন—L’Oréal, Estée Lauder, Sephora, Revlon, Shiseido—সবাই প্রকাশ্যে দাবি করে, তারা “child-labour free supply chain”-এর অংশ। কিন্তু বাস্তবে তাদের অনেক পণ্যেই ব্যবহৃত হয় ভারতীয় মাইকা, যার উৎস সম্পর্কে কোনো নির্ভরযোগ্য নজরদারি নেই। ২০১৭ সালে গঠিত হয় Responsible Mica Initiative (RMI) — একটি আন্তর্জাতিক সংস্থা, যার উদ্দেশ্য ছিল শিশু শ্রম বন্ধ করে টেকসই মাইকা সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। কয়েকটি এনজিও ও কর্পোরেট সংস্থা এতে যোগ দিলেও মাঠপর্যায়ের পরিবর্তন এখনো অপ্রতুল, হয়নি বললেই চলে ।

 

শিশু শ্রম শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। জাতিসংঘের “Convention on the Rights of the Child” (১৯৮৯)-এর ধারা ৩২ অনুযায়ী, শিশুকে বিপজ্জনক কাজের জন্য নিয়োগ করা নিষিদ্ধ। ভারত এই কনভেনশনে স্বাক্ষরকারী দেশ, তবুও বাস্তব ছবিটা ভয়াবহ। রাষ্ট্রের ব্যর্থতা শুধু আইন প্রয়োগে নয়, উন্নয়ন নীতিতেও। বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকলে দরিদ্র পরিবার শিশুদের শ্রমে ঠেলে দেবে, এটা জানা কথা। তাই এই চক্র ভাঙতে হলে প্রয়োজন— স্থানীয় শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা,পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,

খনি অঞ্চলের পরিবারগুলির জন্য বিকল্প আয়ের ব্যবস্থা তৈরি করা এবং আন্তর্জাতিক কোম্পানিগুলিকে সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা আনতে বাধ্য করা।

মাইকার ঝিলিকের ওপারে থেকে যায় মানবতার দায়। প্রসাধনের ঝলমলে বাজারে আমরা দেখি সৌন্দর্যের প্রতীক; কিন্তু সেই সৌন্দর্যের নিচে লুকিয়ে থাকে নিঃশব্দ আর্তনাদ। যে ছোট্ট হাতগুলো বই ধরার কথা ছিল, তারা কোদাল ধরে; যে চোখগুলোর আকাশের আলো দেখার কথা, তারা অন্ধকার সুড়ঙ্গে হারিয়ে যায়। মাইকার ঝিলিক আমাদের চোখে ধাঁধা লাগায়, কিন্তু সেই ঝিলিকের পেছনে লুকিয়ে থাকা অমানবিক বাস্তবতা দেখতে না পারলে আমাদের সভ্যতা কেবল বাহ্যিক চকচকে আবরণে ঢাকা এক মিথ্যা মুখোশ হয়ে থাকবে।

এই অন্ধকার ভাঙতে হলে দরকার শুধু নীতি নয়, দরকার সমষ্টিগত নৈতিক দায়বোধ।

 “শিশুর শ্রমে নয়, শিশুর হাসিতে জ্বলুক পৃথিবীর আলো।”

…………………………………………………………..

কৃতজ্ঞতা স্বীকার (ছবি সৌজন্য) : গুগল 

লেখক : অঞ্জন প্রামাণিক, বিশিষ্ট বিজ্ঞান লেখক। 


Spread the love

Leave a Comment