Posted on: October 12, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

উত্তরবঙ্গ হল পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গার উত্তর অংশের আটটি জেলা নিয়ে গঠিত একটি ভৌগলিক এলাকা। উত্তরবঙ্গ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। একাধারে অরণ্য সম্পদ, ছোট বড় অনেক নদী, পাহাড়, চা বাগান মিলে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ভৌগলিক এলাকা। বিগত কয়েক দশকে মানুষের বিভিন্ন ধরনের পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ডের ফলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ। ১৯৬৮ সালের জলপাইগুড়ির বিধ্বংসী বন্যা, তারপর ১৯৯৩ সালে ডুয়ার্সে ভয়ংকর বৃষ্টি ও বন্যা ছাড়াও বিভিন্ন সময়ে প্রবল বন্যা, ধস, ভূমিকম্প, নদী ভাঙ্গনসহ নানান প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই অঞ্চল। 

 

গত ৪ঠা অক্টোবর ২০২৫ রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। পরের দিন অর্থাৎ ৫ ই অক্টোবর ২০২৫ প্রবল বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা নদীর জলোচ্ছ্বাসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় উত্তরবঙ্গের এই পাঁচটি জেলা। মেঘ ভাঙ্গা বৃষ্টি ও ধসে পাহাড় ও সমতলে মৃত্যু মিছিলের সম্মুখীন হয় উত্তরের বিস্তীর্ণ অঞ্চল। 

 

প্রকৃতির তাণ্ডবের সাক্ষী পাহাড় থেকে সমতল। প্রবল বৃষ্টি ও ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে উত্তাল হয়ে ওঠে একাধিক নদী। তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোর্সা সহ উত্তরবঙ্গের বহু নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। বহু মানুষ প্রাণ হারান। ভেসে যান বহু মানুষ, গবাদি পশু ও বন্যপ্রাণী। জলমগ্ন হয়েছে কয়েক হাজার বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তা ও জলঢাকা নদীর বাঁধ। হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েন। ট্রেন ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তাঘাট, সেতু অনেক জায়গাতেই ভেঙে যায়। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে দুধিয়ায় বালাসন নদীর উপর নির্মিত লৌহ সেতুটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সিকিম ও কালিম্পংয়ের সঙ্গে সংযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পর্যটক দুর্ভোগে পড়েছেন। 

 

উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চল গুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। বিপন্ন হয়েছে উত্তরের অমূল্য বন্যপ্রাণ। জলদাপাড়া ও গরুমারা থেকে নদীর জলে ভেসে গিয়েছে গন্ডার, বাইসন, চিতাবাঘ, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী। তোর্সা ও শিসামারা সহ আরো কিছু নদীর জল ঢুকে পড়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে। প্রবল বর্ষণে উত্তাল নদীতে ভেসে যায় গন্ডারসহ বহু বন্যপ্রাণী। জলদাপাড়া, গরুমারা, বক্সা, মহানন্দার মত সংরক্ষিত বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। একের পর এক বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাণ বাঁচাতে লোকালয়ে আশ্রয় নিয়েছে গন্ডার, হাতি, বাইসন, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী। জলঢাকা ও মূর্তি নদীর জলের স্রোতে ভেসে যায় গরুমারা ও চাপরামারি বনাঞ্চলের বহু বন্যপ্রাণী। বুনো হাতির দল আটকে পড়ে জমা জলে। হলং নদীর জলের তোড়ে ভেসে যায় মাদারী হাটের জলদাপাড়া টুরিস্ট লজে যোগাযোগের একমাত্র কাঠের সেতু। আটকে পড়েন পর্যটকরা। তাদের উদ্ধারে কুনকি হাতি ব্যবহার করতে হয়। শিলতোর্ষা, শিসামারা, হলং ও কালজানি নদীতে ভুটান থেকে আসা ডলোমাইট মিশ্রিত জলে জলদাপাড়া জাতীয় উদ্যানের ঘাসজঙ্গল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 

কয়েকশো বিঘা জমির সবজি নষ্ট হয়েছে। বন্যার জলের তলায় চলে গেছে ধানের জমি। বাড়ছে পলির পাহাড়। বেনজির বৃষ্টিতে বিপর্যস্ত চা বাগান। বহু জায়গায় চা জমি জলমগ্ন হয়ে পড়েছে। প্রচুর শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্যাপক ক্ষতির মুখে ক্ষুদ্র চা চাষও। বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে। কুয়োয় জমেছে পলি,ভেঙেছে টিউবওয়েল। বন্যা বিধ্বস্ত এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র পানীয় জলের সংকট। 

 

এই ভয়াবহ বন্যায় তোর্সা নদীর স্রোতে ভেসে আসতে দেখা গেছে হাজার হাজার কাটা গাছের অংশ। এই কাটা গাছের অংশের সঠিক উৎসের বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

 

এই বিপর্যয়ে আক্রান্ত উত্তরের পাঁচটি জেলার বেশ কিছু এলাকা ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে। জলপাইগুড়ি জেলার সব কয়টি ব্লকই কমবেশি বন্যা পরিস্থিতির শিকার হয়েছে। তার মধ্যে নাগরাকাটা, ধুপগুড়ি, ময়নাগুড়ি ও ক্রান্তি ব্লক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলঢাকার প্রবল জলোচ্ছ্বাসে নিশ্চিহ্ন হয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাটোর বাড়ি, তারার বাড়ি ও খড়িবাড়ি গ্রাম। গ্রামের উপর দিয়েই বয়ে যায় নদী। হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ও ভুটান পাহাড়ের থেকে নেমে আসা জলে তছনছ হয়ে গেছে নাগরাকাটা ও বিন্নাগুড়ির বিস্তীর্ণ অঞ্চল। ভুটান পাহাড়ের জল হাতিনালা দিয়ে এসে বিধ্বস্ত করেছে বানারহাট ও বিন্নাগুরির ঘরবাড়ি, রাস্তাঘাট ও চাষের জমিকে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। তোর্সা ও শিসামাড়া নদীর জলে আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। রায়ডাক নদীর জল ঢুকেছে কুমারগ্রাম চা বাগানে। জেলায় জলবন্দি হয় হাজার হাজার মানুষ। জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকা, ভেসে যায় মাথাভাঙ্গার একাধিক গ্রাম। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় নিশ্চিহ্ন হয়ে গেছে বহু এলাকা। প্রবল বর্ষণ ও ধসে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু বাড়িঘর, রাস্তাঘাট, সেতু। 

এই প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হাজার হাজার মানুষের আস্তানা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবিরে। ত্রিপল ঘেড়া এই শিবির গুলিতে আশ্রয় নিয়েছে দুর্গতরা। অকল্পনীয় দুর্দশার সম্মুখীন হয়েছে পরিবার গুলি। 

প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে বহুবার তার সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ। নির্বিচারে বনধ্বংস, গাছ কাটা, নদীর ধারে অবৈধ নির্মাণ, নদীর চরে বসতি গড়ে তোলা, অবৈজ্ঞানিকভাবে নদী থেকে বালি পাথর তোলা, জমির চরিত্র বদলে জলাভূমি ভরাট করা সবই চলছে বেলাগাম ভাবে। প্রকৃতির উপর মানুষের এই সকল বিভিন্ন অত্যাচারেরই হয়তো প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। 

 

 

উত্তরবঙ্গের নদীগুলির নাব্যতা হারানোই এই বিপর্যয়ের অন্যতম কারণ। অবৈজ্ঞানিকভাবে পাহাড়ের ঢাল কেটে বাড়ি ঘর তৈরি হচ্ছে, প্রচুর গাছপালা কাঁটা পড়ছে তাতে, মাটি আলগা হচ্ছে, ভারী বৃষ্টি হলে তখন তা ধসা আকরে নেমে আসছে। পাহাড় কেটে রেলপথ তৈরি হচ্ছে, পাহাড়ি এলাকায় নগরায়ন ঘটছে দ্রুত, তিস্তা সহ অন্যান্য পাহাড়ি নদী গুলির বুকে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে নদী গুলোকে করে ফেলা হয়েছে অথর্ব, মৃতপ্রায়। এসবের জেড়ে প্রকৃতির স্বাভাবিক অবস্থা নষ্ট হয়েছে। এমন চলতে থাকলে আগামীতে এই এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হয়তো আরো বাড়বে। 

 

মানুষের বিভিন্ন অবৈজ্ঞানিক কার্যকলাপের ফলে উত্তরবঙ্গের নদীগুলি নাব্যতা হারিয়েছে। তার ফলে বৃষ্টি একটু বেশি হলেই পাহাড় ও সমতলে নদী উপচে ভাসিয়ে নিয়ে যায় জনপদ। উত্তরবঙ্গ মুখী ভুটানের একাধিক নদীও ক্রমেই ভয়াবহ হচ্ছে। বিপদজনক হচ্ছে ভুটানের নদী বাঁধগুলি। নদী বিষয়ে ভারত ও ভুটান দুই দেশের মধ্যে সরকারি স্তরে সমন্বয় বিশেষ প্রয়োজন। এই ভয়াবহ পরিস্থিতিতে উত্তরের নদী গুলির নাব্যতা বৃদ্ধি করার ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে হবে। নদী অববাহিকায় বসতি স্থাপন বা অন্য কোন নির্মাণের আগে ভাবতে হবে প্রাকৃতিক বিপর্যয় ও বন্যপ্রাণীদের করিডোরের কথা। বন্যা ও ধসের প্রকোপ কমাতে হলে বনভূমিকে গুরুত্ব দিতে হবে। বনের আয়তন ও ঘনত্ব বাড়লে কমবে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সমস্যা। এর সাথে সাথে কমবে বন্যা ও ধসের প্রকোপও। নদী ও পাহাড়ের সুস্থ ব্যবস্থাপনাই উত্তরবঙ্গকে রক্ষা করতে পারে এই সকল বিপর্যয়ের হাত থেকে। নদী ও পাহাড়ের সঠিক ব্যবস্থাপনা ফলপ্রসূ করতে চাই প্রশাসনের সদিচ্ছা ও জনগণের সহযোগিতা।

কৃতজ্ঞতা স্বীকার: ছবি সৌজন্য ইন্টারনেট 

——————————————————-

  লেখক পরিচিতি —-

শুভময় খান কর্মকার 

শিক্ষক ও পরিবেশপ্রেমী

বটতলী কে এম উচ্চ বিদ্যালয় 

ময়নাগুড়ি, জলপাইগুড়ি 

Mob-9434257723

email:Subha123apple@gmail.com


Spread the love

Leave a Comment