এই বছর ২০২৫ সালের পদার্থবিদ্যার নোবেল পুরস্কার জিতেছেন তিনজন বিজ্ঞানী জন ক্লার্ক, মাইকেল এইচ দেভোর্ত ও জন এম মার্টিনিস। তাঁরা এমন একটি ইলেকট্রিক সার্কিট তৈরি করেছেন যা ম্যাক্রোস্কপিক কোয়ান্টাম টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন (শক্তি নির্দিষ্ট পরিমাণ এককে গৃহীত বা নিঃসৃত হওয়া) প্রদর্শন করতে পারে — অর্থাৎ, কোয়ান্টাম বিশ্বকে এমন এক মাত্রায় নিয়ে আসতে পারে যেখানে আমরা হাতেকলমে সেটা পরিমাপ করতে পারি। নি:সন্দেহে যুগান্তকারী আবিষ্কার।
কিন্তু কোয়ান্টাম টানেলিং বিষয়টা ঠিক কী?
কল্পনা করুন একটা বল একটি প্রাচীরের সামনে গিয়ে ঠেকেছে — সাধারণত ধাক্কা খেয়ে বলটা উল্টো দিকে ফিরে যাবার কথা। কিন্তু কোয়ান্টাম জগতে, একটি অণু কখনো কখনো “দেয়ালের ছিদ্র” দিয়ে সন্তর্পণে পর্দার পেছনে চলে যেতে পারে — অর্থাৎ সনাতন পদার্থবিদ্যার নিয়ম বা বলবিদ্যা বলবে “বলটা এমন করতে পারবে না”, কিন্তু কোয়ান্টাম গতিবিদ্যা সেখানে বলবে “হয়তো বা পারবে।” সম্ভাব্যতার তত্ত্ব তাই বলবে। এই অবিশ্বাস্য ঘটনা থেকেই “টানেলিং” নাম।
আর “ম্যাক্রোস্কপিক” বলতে কী বোঝানো হয়?
সাধারণত কোয়ান্টাম ঘটনা ঘটে খুবই ছোট, একক কণার ক্ষেত্রে (মাইক্রোস্কপিক)। তবে এই বিজ্ঞানীত্রয়ী দেখিয়েছেন, এমন একটি সার্কিট বা বর্তনী (যা বহু ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত) — অর্থাৎ এমন একটি “বড়” ব্যবস্থা বানানো সম্ভব, যেখানে মিলিয়ন বা বিলিয়ন পরিমাণে কণা সবাই একসঙ্গে কাজ করে — সেই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে কোয়ান্টাম টানেলিং করতে সক্ষম। এটিকেই বলা হয় ম্যাক্রোস্কপিক কোয়ান্টাম টানেলিং।
আর শক্তি কোয়ান্টাইজেশন কী?
কোয়ান্টামের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো — একটি ব্যবস্থা নিজের শক্তিকে নিরবচ্ছিন্নভাবে বন্টিত করতে পারে না, বরং শক্তি “কোয়ান্টামে বা কণা আকারে বিভক্ত” হবে। নোবেলজয়ী ত্রয়ী দেখিয়েছেন, তাঁদের সার্কিট নির্দিষ্ট কণিকা-সমষ্টি হিসেবে শক্তি গ্রহণ বা বর্জন করে এবং সবটাই নির্দিষ্ট ধাপে ধাপে।

এই আবিষ্কারটির গুরুত্ব ঠিক কোথায়?
1. কোয়ান্টাম জগতকে হাতে ধরার মতো স্তরে উন্নীত করে আনা।
স্বাভাবিকভাবে, কোয়ান্টাম জগৎ মাইক্রোস্কপিক স্তরে কাজ করে। এই গবেষণায় তাঁরা দেখালেন — কোয়ান্টাম আচরণ এমন একটি সিস্টেমেও দেখতে পাওয়া যেতে পারে যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য পরিসরে আসে।
2. কোয়ান্টাম কম্পিউটার ও প্রযুক্তির সম্ভাবনা।
এই ধরনের “কোয়ান্টাম সার্কিট” একটি বিশেষ ধরনের কৃত্রিম কণিকা হয়ে উঠতে পারে, যাকে অন্যান্য কোয়ান্টাম নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। জন মার্টিনিস নিজেই পরে এই সার্কিটকে কোয়ান্টাম বিট (qubit) হিসেবে ব্যবহার করেছেন।
3. ক্লাসিক ও কোয়ান্টাম মাত্রার সীমানা বুঝতে সহায়তা করবে।
সাধারণত কোয়ান্টাম বৈশিষ্ট্য “বড় আকারের জিনিসে” ধীরে ধীরে মিশে যায়, অর্থাৎ সনাতন পদার্থবিদ্যার ধর্মে ফিরে আসে। এই কাজ দেখাল যে সীমিত কিছু ক্ষেত্রে, বহু কণাবিশিষ্ট সিস্টেমেও কোয়ান্টাম বৈশিষ্ট্য টিকে থাকতে পারে — এবং সেই সীমাটি কোথায়, কেন, কীভাবে সেটাই এই গবেষণার মূল বিষয় ছিল।
পদার্থবিদ্যার এক সামান্য ছাত্র হিসেবে তিন বরেণ্য বিজ্ঞানীকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
লেখক: সপ্তর্ষি চ্যাটার্জি, লেখক বিশিষ্ট বিজ্ঞান লেখক, পদার্থ বিজ্ঞানের শিক্ষক
