Posted on: August 10, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

আকাশের দিকে তাকানো এক শিশুর গল্প……
১৯৩৪ সালের ৯ নভেম্বর, আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেন কার্ল এডওয়ার্ড সেগান। বাবা স্যাম সেগান ছিলেন পোশাকশিল্পের বিক্রেতা, মা র‍্যাচেল মলি গ্রুবার ছিলেন প্রখর কল্পনাশক্তির অধিকারিণী। ছোটবেলায় মা তাঁকে বই পড়ে শোনাতেন, বাবা শেখাতেন কৌতূহলী থাকতে। নিউ ইয়র্কের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে প্রথমবার একটি গ্রহের মডেল দেখে তিনি মুগ্ধ হন। মাত্র দশ বছর বয়সেই তিনি জানতেন—তারার আলো আসলে অতীতের বার্তা।

বিজ্ঞান ও গবেষণার পথে যাত্রা………….
শিকাগো বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিক্সে পড়াশোনা শেষে সেগান গবেষণায় মন দেন। গ্রহের বায়ুমণ্ডল নিয়ে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য—শুক্র গ্রহের দহনশীল বায়ুমণ্ডল, বৃহস্পতির গ্যাসীয় গঠন, শনি গ্রহের উপগ্রহ টাইটানের সম্ভাব্য জৈব রাসায়নিক পরিবেশ—এসব গবেষণায় তিনি অগ্রণী ভূমিকা রাখেন। নাসার মহাকাশ মিশনে তিনি ছিলেন এক অনন্য পথপ্রদর্শক—Mariner, Viking, Voyager, Galileo—প্রতিটি অভিযানে তাঁর ছোঁয়া ছিল। বিশেষ করে ভয়েজার মহাকাশযানের সোনালি ডিস্কে মানুষের শুভেচ্ছা, ভাষা, সঙ্গীত ও পৃথিবীর শব্দ পাঠানোর উদ্যোগে তিনি ছিলেন মূল নকশাকার। যেন মানবসভ্যতার এক চিরন্তন দূত পাঠানো হলো নক্ষত্রপানে।

বিজ্ঞানকে মানুষের দোরগোড়ায়………
কার্ল সেগান মনে করতেন— “Science is not only a body of knowledge; it’s a way of thinking.”
“বিজ্ঞান শুধু জ্ঞানের ভান্ডার নয়, এটি ভাবনার একটি পদ্ধতি।”

তাঁর লেখা বই Cosmos, The Dragons of Eden, Pale Blue Dot, Broca’s Brain, Contact—বিজ্ঞানের ভাষাকে কাব্যিক সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। The Dragons of Eden বইয়ের জন্য ১৯৭৮ সালে তিনি পুলিত্জার পুরস্কার পান।
১৯৮০ সালে তিনি নির্মাণ করেন বিখ্যাত Cosmos: A Personal Voyage টেলিভিশন সিরিজ, যা পৃথিবীর ৬০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষ দেখেছিল। সিরিজের প্রথম পর্বেই তাঁর উচ্চারণ— “We are made of star stuff.”
“আমরা তারার ধুলো দিয়ে গঠিত।” এটি শুধু বৈজ্ঞানিক সত্য নয়, মানব ঐক্যের অনবদ্য প্রতীক হয়ে উঠেছিল।

নীল বিন্দুর গল্প…….
১৯৯০ সালে ভয়েজার ১ মহাকাশযান পৃথিবী থেকে প্রায় ৬ বিলিয়ন কিলোমিটার দূরে পৌঁছালে সেগানের অনুরোধে সেটি পৃথিবীর দিকে ক্যামেরা ঘুরিয়ে ছবি তোলে। সেই ছবিতে পৃথিবী একটি ক্ষুদ্র নীল বিন্দুর মতো দেখা যায়—পরে যা বিখ্যাত হয় Pale Blue Dot নামে। এই ছবিকে ঘিরে তিনি লিখেছিলেন— “Look again at that dot. That’s here. That’s home. That’s us… every saint and sinner in the history of our species lived there—on a mote of dust suspended in a sunbeam.”
“আবার তাকাও সেই বিন্দুর দিকে। ওটাই আমাদের ঘর, আমাদের বাসা… আমাদের প্রজাতির ইতিহাসের প্রতিটি সাধু ও পাপী সেখানেই বাস করেছে—একটি সূর্যের রশ্মিতে ঝুলে থাকা ধূলিকণার উপর।” এই দৃষ্টিভঙ্গি মানুষের অহংকার ভেঙে দিয়ে পৃথিবীকে রক্ষার এক শক্তিশালী আহ্বান হয়ে ওঠে।

কুসংস্কার ও অপবিজ্ঞানের বিরুদ্ধে সংগ্রাম……..
সেগান যুক্তির পক্ষে ছিলেন আপসহীন। তিনি বলতেন— “Extraordinary claims require extraordinary evidence.”
“অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণ প্রয়োজন।”
The Demon-Haunted World বইয়ে তিনি কুসংস্কার, ভুয়ো জ্যোতিষ, মিথ্যা বিজ্ঞান ও ষড়যন্ত্রতত্ত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁর মতে, সমালোচনামূলক চিন্তাশক্তি হলো মানব সভ্যতার টিকে থাকার প্রধান শর্ত।

ব্যক্তিজীবন ও চিরবিদায়……..
তিনবার বিবাহিত সেগানের ব্যক্তিজীবন ছিল বৈচিত্র্যময়। স্ত্রী অ্যান ড্রুয়ান তাঁর সৃজনশীল সঙ্গী ও সহলেখক ছিলেন। বিরল এক অস্থিমজ্জা রোগে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর, মাত্র ৬২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

উত্তরাধিকার ও প্রেরণা……..
আজও বিজ্ঞানপ্রেমীরা তাঁর কণ্ঠে শোনেন— “Somewhere, something incredible is waiting to be known.”
“কোথাও, কিছু বিস্ময়কর আমাদের জানার অপেক্ষায়।”

কার্ল সেগান কেবল বিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র নন—তিনি মানব কল্পনা, কৌতূহল ও বিনয়ের এক প্রতীক। রাতের আকাশের প্রতিটি ঝিকিমিকি তারা যেন তাঁর শেখানো পাঠ মনে করিয়ে দেয়—আমরা ক্ষুদ্র হলেও আমাদের কৌতূহল অসীম, আর সেই কৌতূহলই আমাদেরকে মহাবিশ্বের অন্তহীন যাত্রায় এগিয়ে নেবে।

পাদটীকা : কার্ল সেগান, রোহিত ভেমুলা যার মতো লেখক হতে চেয়েছিল।
…………………………..
লেখক  : অঞ্জন প্রামাণিক, বিশিষ্ট বিজ্ঞান লেখক। 


Spread the love

Leave a Comment