বাবা রিচার্ড লাইটম্যান ছিলেন মুভি-থিয়েটারের মালিক, মা জেনি ছিলেন নাচের শিক্ষিকা ৷ পড়াশুনার বাইরে পারিবারিক সাংস্কৃতিক আবহ ছিলোই ৷ ছেলে অ্যালান ছোটোবেলা থেকেই বিজ্ঞান ও সাহিত্যে আগ্রহী৷ তখন তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার ছাত্র ৷ পৃথিবীবিখ্যাত পদার্থবিদরা তাঁর শিক্ষকের তালিকায় ৷ বন্ধুরা যখন পদার্থবিদ্যা নিয়েই নিজেদের ভবিষ্যৎ গড়তে আগ্রহী, তখন অ্যালানের মনে উঁকি দেয় সাহিত্যিক হওয়ার বাসনা ৷ মনকে বোঝান লেখালেখির জগতে পরেও ঢোকা যেতে পারে, কিন্তু বিজ্ঞানে উচ্চশিক্ষা বা দীক্ষার সুযোগ কিন্তু পরিণত বয়েসে কষ্টকর ৷ ক্যালটেকে পি এইচ ডি করতে গেলেন তিনি৷ গবেষণার গাইড কিপ থর্ন ৷ সত্তরের দশকে ক্যালটেকে পদার্থবিদ্যার উজ্বল গবেষক লাইটম্যান ৷

কর্নেল বিশ্ববিদ্যালয়ে পোস্টডক শেষে প্রথমে হার্ভার্ড ও তারপর MIT তে যোগ দেন লাইটম্যান৷ ৪১ বছরের অ্যালান সেই বিরল প্রজাতির মানুষ যিনি MITতে একইসাথে পদার্থবিদ্যা ও হিউম্যানিটিসের অধ্যাপক ছিলেন ৷ চালিয়ে যাচ্ছিলেন নিজের সাহিত্য সাধনাও৷ পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে তাঁর লেখা প্রবন্ধ ও কবিতা ৷ ১৯৯২ সালে প্রকাশিত হল প্রথম উপন্যাস Einstein’s Dreams ৷ একেবারে লর্ডসে সঞ্চুরি করে চেস্ট ম্যাচ ক্রিকেট ডেবিউ ! সময় নিয়ে লেখা এক আশ্চর্য কাহিনী এই বই ৷ ১৯০৫ সালে বার্নের পেটেন্ট অফিসে কর্মরত আইনস্টাইন ৷ ভবিষতে এই বছরটিকে চিহ্নিত করা হবে annus mirabilis হিসেবে ৷ কিন্তু সময় সবার একইভাবে কাটছে না ৷ যিনি পাহাড়ি কোনো গ্রামে ছোট্টো ঘরে আছেন তার কাছে সময় বইছে ধীরে, অথচ কারখানায় কাজ করে চলা শ্রমিকের কাছে সময় মানেই অর্থ ৷ আরো সময় ধরে কাজ, মানে আরো বেশী অর্থোপার্জন ৷ এইভাবে এক বিচিত্র সময়ের অনুভূতি গোটা বই জুড়ে ৷ বইটি ৩০ টি ভাষায় অনূদিত হয়েছে, তাছাড়া হয়েছে নাট্যরূপ ৷

বেশ কিছু পদার্থবিদ্যার বইয়ের পাশাপাশি অনেকগুলি (মোটামুটি ৮ টি ফিকশন এবং একটি স্মৃতিকথা) সাহিত্যধর্মী বই লিখে ফেলেছেন লাইটম্যান ৷
প্রিয়জনদের কাছে এই মানুষটি বলে থাকেন, লেখক অ্যালান লাইটম্যান হিসেবেই তিনি বেঁচে থাকতে পছন্দ করেন ৷ অথচ তাঁর গবেষণার ক্ষেত্র ছিল relativistic gravitation theory, এবং পি এইচ ডি গাইড কিপ থর্ন বর্তমানে নোবেলজয়ী ৷ প্রথাগত রাস্তার বাইরে চলা এই মানুষরদের জন্যেই তো পৃথিবীটা আজও এতো রঙ্গীন৷ ভালো থাকুন অ্যালান লাইটম্যন ৷ আরো লিখুন আমাদের জন্য ৷
পূনশ্চ:
ভৌগলিক ভাবে একেবার পৃথিবীর বিপরীত দিকে থাকা এক অজানা ছাত্রের চিঠির জবাব লাইটম্যান দিয়েছিলেন হাতে লিখে ৷ কি অনবদ্য ও আন্তরিক সে প্রকাশভঙ্গী ! দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন ৷ কিন্তু কোনো কারনে তাঁর সেই প্রোগ্রাম বাতিল হয় ৷ আমার এই পোড়া কপালে আর সে সুযোগ আদৌ কোনোদিনও হবে কি?
============================
লেখক ড.অমিতাভ চক্রবর্তী,
বিজ্ঞানের শিক্ষক ও বিশিষ্ট বিজ্ঞান লেখক ।
e. mail : acnbu13@gmail. com
