Posted on: July 20, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

শুক্রবার (১৮-ই জুলাই, ২০২৫) গিয়েছিলাম হুগলী বালিকা বঙ্গ বিদ্যালয়ে বিজ্ঞান দরবার কাঁচড়াপাড়া (Bijnan Darbar Kanchraapara) আয়োজিত হাতে কলমে বিজ্ঞান শিক্ষা কর্মশালা উদ্যোগের সঙ্গী হয়ে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের হাতেকলমে পরীক্ষা আর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বিজ্ঞানের নানান তত্ত্বের পাঠ দিলেন বিজ্ঞান দরবার কাঁচড়াপাড়ার সংগঠক জয়দেব দে (Joydev Dey)। সঙ্গে নীলরতন চক্রবর্তী, শিবময় দে এবং রূপশ্রী রায়। বইয়ের পাতায় পড়া বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলো নিজের হাতে প্রমাণ করতে পেরে উজ্জ্বল হয়ে উঠলো ছাত্রীদের চোখ মুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য সহকারী শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয় বিজ্ঞান অন্বেষক পত্রিকার নতুন সংখ্যা, যার প্রচ্ছদ কাহিনী সাইবার ক্রাইম বিষয়ে একটি সমৃদ্ধ লেখা লিখেছেন এই বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি মালবিকা দে। 

 

মায়ের সঙ্গে (রূপশ্রী রায়) সকাল সকাল খড়দহ থেকে নৈহাটী গিয়ে ব্যান্ডেলগামী ট্রেনে হুগলী ঘাটে নেমে পৌঁছাই হুগলী বালিকা বঙ্গ বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রতিষ্ঠা ১৯০৪ সালে! ১২০ বছর পেরোনো এই ঐতিহ্যবাহী স্কুলে বর্তমান চিত্র থেকে কষ্ট লাগলো। উপস্থিতির হার অত্যন্ত কম, একটি মাঝারি সাইজের ক্লাসরুমে সারা স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে সেদিন উপস্থিত সবাই এঁটে গেলো! বাংলা মিডিয়ামে ছাত্রী ছাত্র সংখ্যা চোখে পড়ার মতো কমছে। বেশিভাগের ঝোঁক ইংলিশ মিডিয়ামে! এক অদ্ভুত ধারণা জনমানসে বাংলা মিডিয়ামে পড়লে উন্নতি সম্ভব না! তার সঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতি ভরসার জায়গাটা একেবারেই ভেঙে দিয়েছে! শিক্ষার আসল সার্থকতা যে বিষয়ের গভীরে প্রবেশ করে জ্ঞান লাভ সেটাই ভুলতে বসেছে মানুষ বেসরকারি চটকদার বাইরের চাকচিক্যপূর্ণ ইংরেজি মাধ্যম স্কুলের সৌজন্যে। 

 

হুগলী ঘাট স্টেশনে প্রথমবার গেলাম। সুন্দর ছিমছাম একখানা স্টেশন। ট্রেন ব্রিজে চেপে গঙ্গা পেরিয়ে এসে দাঁড়ায় এই স্টেশনে। স্টেশনটির বৈশিষ্ট্য এটি ঝুলন্ত! রাস্তা থেকে বেশ খানিকটা ওপরে স্টেশন। স্টেশন থেকে দেখা যায় হুগলী ইমামবাড়ার চূড়া। আশেপাশে।বেশ পুরোনো এক একটা বাড়ি। গঙ্গা তীরের প্রাচীন জনপদ চূঁচুড়ার এক অংশে এই স্টেশন। আমাদের এখানকার ভিড় ভাট্টা ভরা স্টেশন দেখে অভ্যস্ত চোখ আরাম পেলো বেশ।

লেখিকা : অপর্ণা চক্রবর্তী, বিশিষ্ট বিজ্ঞান লেখিকা 


Spread the love

Leave a Comment