পনেরো বছরের পুরানো বাণিজ্যিক গাড়ি বাতিলের যে বিষয়টি ছিল, সাম্প্রতিককালে রাজ্য সরকারের পুনর্বিবেচনায় তাদের আরও দু’বছরের জন্য অর্থাৎ যে বাণিজ্যিক গাড়ির বয়স ১৫ বছর পেরিয়েছে, তাকে ১৭ বছরের জন্য রাস্তায় চলতে দিতে সরকারের আপত্তি নেই। এই বিষয়টি কলকাতা উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। রাজ্য সরকারও একে সমর্থন করছে। ১৫ বছরের পুরানো এই সব বাণিজ্যিক গাড়ির মালিকদের কলকাতা এবং তার আশেপাশে আরো দু’বছর দূষণ ছড়াবার জন্য এক ধরনের আইনি স্বীকৃতিদানে রাজ্য সরকার কেন যে এগিয়ে এল সেটাই মানুষের কাছে বিস্ময়ের।
বিষয়বস্তুটির গভীরতা বোঝার জন্য আমাদের একটু ফিরে যেতে হয় ২০০৮ সালে। ভারতের শীর্ষ আদালত ২০০৮ সালে তাদের এক নির্দেশনামায় দিল্লির সমস্ত ১৫ বছরের পুরানো পেট্রোল-চালিত এবং ডিজেল-চালিত বাণিজ্যিক গাড়ি বাতিল করে দিয়ে বলেছিল যে, এগুলি রাস্তায় আর চলতে পারবে না। এই আদেশনামাটি নিয়ে যথেষ্ট বিক্ষোভ হলেও দিল্লির তদানীন্তন মুখ্যমন্ত্রী এটিকে কার্যকরী করেছিলেন। পরবর্তীকালে এই একই পদ্ধতি মেনে মুম্বাই উচ্চ আদালতও একই নির্দেশ দিল যে, ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি মুম্বাই-এর রাস্তায় আর নামতে পারবে না, কারণ বায়ুদূষণ ঊর্ধ্বমুখী। এবার এল কলকাতার পালা। কলকাতাতে যখন এই বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছে, সেই প্রেক্ষাপটটা একটু জানা দরকার।

২০০৬ সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মুখ্য আইনাধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে পর্ষদ থেকে সরিয়ে রাইটার্স বিল্ডিংস-এ বসিয়ে দেওয়া হল। কারণ, বিশ্বজিৎ মুখোপাধ্যায় মন্দারমনি, কলকাতার বহুতল আবাসন সহ আরও অনেক বেআইনি কাজে মারাত্মক বিরোধিতা করছিলেন। এমনকি শান্তিনিকেতনের খোয়াই বাঁচাতেও তৎকালীন সরকারের রোষানলে পড়েছিলেন। রাইটার্সে বসেই বিশ্বজিৎ মুখোপাধ্যায় ভাবতে শুরু করলেন, কীভাবে কলকাতার দূষণ নিয়ন্ত্রণ করা যায়। এই নিয়ে তাঁর ভাবনায় প্রথমেই উঠে এলো মহানগরীর যানদূষণ। কারণ সেই সময়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গিয়েছিল যে, কলকাতার বুকে যে দূষণ ঘটছে, তার সিংহভাগের জন্য দায়ী যানদূষণ। এই যানদূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকম মামলা শুরু হলো। পরিবেশকর্মী সুভাষ দত্ত কলকাতা উচ্চ আদালতে মামলা করে বললেন, কলকাতার বুকে হয় ১৫ বছরের পুরানো বাণিজ্যিক গাড়ি বাতিল হোক, অথবা এমন কিছু ব্যবস্থা সরকার গ্রহণ করুক যাতে এই যানদূষণ কমানো যায়।
রাজ্য সরকারের পরিবেশ দপ্তরের থেকে এই বিষয়বস্তুটি খতিয়ে দেখার দায়িত্ব পড়ল বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের ওপর। বিশ্বজিৎ মুখোপাধ্যায় ভেবেচিন্তে পরিবেশ দপ্তরের পক্ষ থেকে একটি অর্ডার তৈরি করলেন। বিতর্ক তুঙ্গে তখন। সেই সময়ে পরিবহন দপ্তর চাইছিল না যে রাস্তা থেকে ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি এবং অটো তুলে নেওয়া হোক। কারণ তখন প্রায় সমস্ত পুরানো বাণিজ্যিক গাড়ি ডিজেল-এ চলে। সমস্ত অটোই ডিজেল এবং কাটা তেল (ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে)-এ চলে। এতে মারাত্মক বায়ুদূষণ ঘটে। বিশ্বজিৎ বাবুর তৈরি করা অর্ডারটি পরিবেশ দপ্তরে পেশ করা হলো এবং সেটি মুখ্যমন্ত্রী পর্যন্ত গেল। মুখ্যমন্ত্রী অর্ডারটি দেখে তাতে সায় দিয়ে বললেন, না, এভাবে কলকাতার দূষণ চলতে দেওয়া যায় না। কলকাতার বায়ুদূষণ কমানো অত্যন্ত জরুরি। তো বিশ্বজিৎ বাবুর তৈরি করা এই অর্ডারে কী ছিল? এই অর্ডারে ছিল ১৫ বছরের পুরানো যাবতীয় বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে কয়েক মাসের মধ্যে। আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই অর্ডারে বলা হলো, এই পুরানো গাড়িগুলি যে সমস্ত কেন্দ্র থেকে ‘পলিউশন আন্ডার কন্ট্রোল’ (পিইউসি) ছাড়পত্র নেয়, সেই সমস্ত কেন্দ্রগুলিকেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আওতায় এনে তারা যাতে সঠিকভাবে ছাড়পত্র দেয়, তার নিয়ন্ত্রণও করবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেখানে কোনরকম গোলমাল দেখা দিলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে তাদের জরিমানা করা যাবে।

২০০৮ সালের ১৬ জুলাই বিকেলবেলা রাইটার্স বিল্ডিংস থেকে তৎকালীন মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এই অর্ডারটি বের করা হয় যাতে কাকপক্ষীও টের না পায় যে কী হতে চলেছে। এর পরের দিন কলকাতা উচ্চ আদালতে শুনানি। এই অর্ডারটি পরের দিন কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতির হাতে পরিবেশ দপ্তরের পক্ষ থেকে তুলে দিয়ে বলা হলো, গতকাল এই অর্ডারটি জারি করা হয়েছে যাতে ১৫ বছরের পুরানো বাণিজ্যিক গাড়ি বাতিল করা হয়েছে এবং তৎসহ আরও কয়েকটি নির্দেশ জারি করা হয়েছে। অর্ডারের কপিটি প্রধান বিচারপতি সুভাষ দত্ত-এর হাতে দিয়ে জানতে চাইলেন, এতে আপনি কি রাজি আছেন? সুভাষ তত্ত্ব জানালেন, তিনি ভাবতেই পারছেন না যে এরকম একটি বাস্তবোচিত অর্ডার হতে পারে! বললেন, আমার আবেদনেও এত কিছু বলা ছিল না। এই অর্ডারটি নিয়ে আমি সম্পূর্ণ একমত। এই অর্ডারটিকে কার্যকরী করা হোক।
আর কোন বিলম্ব হলো না। কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গেই এই অর্ডারটিকে কলকাতা উচ্চ আদালতের ১৭ জুলাই ২০০৮ সালের আদেশনামা হিসেবে ঘোষণা করে দিলেন। প্রধান বিচারপতি এও বললেন, উচ্চ আদালতের অনুমোদন ছাড়া এই অর্ডারের কোনরকম পরিবর্তন করা যাবে না। ১৫ বছরের পুরানো বাণিজ্যিক গাড়ির লাইসেন্স বাতিল করার দায়িত্ব থাকল রাজ্য সরকারের পরিবহন দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উপর।

এই অর্ডার বেরোনোর পরে তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজার খানেক অটোচালক অটো নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখন কলকাতার রাস্তায় হাজার হাজার লাইসেন্সবিহীন বেআইনি অটো চলত। আর এই ছবি শুধু কলকাতার ছিল না, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই একই ঘটনা। সবচেয়ে বেশি এই বেআইনি অটো চলত উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। অটোচালকদের এই বিক্ষোভে তদানীন্তন বিরোধী রাজনৈতিক দলগুলি অক্সিজেন জোগাতে মাঠে নেমে পড়ল। কিন্তু সরকার অনড় থাকল। সরকার দৃঢ়ভাবে জানিয়েছিল, না, কলকাতা উচ্চ আদালত যখন এই অর্ডারটি দিয়েছে, তখন একে কোনওভাবেই বদলানো যাবে না। এটিকে কার্যকরী করতেই হবে। এরপর সমস্ত অটোকে বাতিল করা হলো। তাদের আর্থিক সাহায্য করা হলো। ডিজেল ও কাটাতেলে চলা দূষণ সৃষ্টিকারী এই অটোগুলি ক্রমশ প্রাকৃতিক গ্যাস-চালিত হল। ফলত কলকাতা সহ সমস্ত বৃহত্তর শহরতলিতে এক পরিবর্তন হল। বায়ুদূষণের মাত্রা অনেকটাই নেমে এলো। কলকাতার মানুষ অনেকটা স্বস্তি পেলেন। ক্রমশ রাজ্যের বিভিন্ন জেলাতেও এই ঘটনা ঘটলো।
এরপর ২০১১ সালে রাজ্যে নতুন সরকার এলো। নতুন সরকার এই বিষয়টিতে ততটা মনোযোগী হলো না। ১৫ বছরের পুরানো বাণিজ্যিক গাড়ি বাতিলের ব্যাপারে তারা নানা চিন্তাভাবনা শুরু করল। বাতিল করাটা ঠিক না বেঠিক, তা নিয়ে নানা প্রশ্ন তুলল। এসবে অনেকটা সময় গড়িয়ে গেল। এরই মধ্যে অবশ্য একটা পরিবর্তন ঘটে গেল। অটো নিয়ে নানান টানাপোড়েনের মধ্যেই রাস্তায় নামল ব্যাটারি-চালিত দূষণহীন টোটো। এর কোন লাইসেন্স নেই। রাজ্যের সমস্ত শহর ও গ্রামে টোটো ছেয়ে গেল। এই টোটোর আগমনের সঙ্গেই আর একটি বিষয় ঘটে গেল যেটি সরকার এর তরফে এখনও নিয়ন্ত্রণ করা হলো না — তা হল ভ্যানো। ভ্যানো-এর বিরুদ্ধেও ২০০৮ সালে অর্ডার বেরিয়েছিল যে, ভয়ানক দূষণ সৃষ্টিকারী ভ্যানোকেও বাতিল করতে হবে। কিন্তু পরিবহন দপ্তরের তরফ থেকে একটি অর্ডার বের করে বেআইনি ভাবে বলা হলো, ভ্যানোকে পঞ্চায়েত এলাকায় চালানো যাবে।
শেষে এ কথা বলা যায় যে, আজকের দিনে ১৫ বছরের পুরানো এই বাণিজ্যিক গাড়িগুলিকে আবার রাস্তায় নামার অনুমতি দিলে কলকাতার বায়ুদূষণ মাত্রা আরও বেড়ে মানুষের নাভিশ্বাস উঠবে। কলকাতার দূষণ কমানোর ক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ২০০৮-০৯ সালে আলোচিত হয়েছিল। সেটি কী? কলকাতা বন্দর, কলকাতার বড়বাজার এলাকা এবং বিভিন্ন ইয়ার্ডে ডিজেল-চালিত যে সব গাড়ি ঢোকে, সেগুলিকেও নিয়ন্ত্রণ করা দরকার। এই গাড়িগুলির বয়স ১৫ বছর পেরিয়েছে কি না, এদের পিইউসি সার্টিফিকেট আছে কি না, সেগুলিকে পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু এখন এসব পরীক্ষা করা হয় কি না আমাদের জানা নেই। পিইউসি সার্টিফিকেট প্রদানকারী কেন্দ্রগুলি যথাযথভাবে চলছে কি না তা দেখার দায়িত্ব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের থাকলেও তারা সম্ভবত আর সেদিকে ফিরেও তাকায় না। এ সমস্ত ঘটনায় উত্তরোত্তর বায়ুদূষণ বৃদ্ধি পাবে। সরকারের মনোভাবও পরোক্ষে একেই সমর্থন করছে।
আমাদের ভুলে গেলে চলবে না, কলকাতা তথা পার্শ্ববর্তী এলাকাগুলি বায়ুদূষণে যথেষ্ট ভারাক্রান্ত। গত কয়েক বছরে কলকাতায় ক্ষতিকর দূষণকণা পিএম ২.৫ ক্রমশ বাড়ছে। এই দূষণকণা ফুসফুসে ক্যান্সার ঘটার আশঙ্কাও অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই বায়ুদূষণের সিংহভাগের জন্য দায়ী যানদূষণ ও নানারকম নির্মাণ কার্যসূচি। কলকাতার বুকে নানান আবাসন প্রকল্প হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, উড়ালপুল হচ্ছে। এসব নির্মাণ কাজ তো এক্ষুনি বন্ধ করা যাবে না; আর তা সম্ভবও নয়। কিন্তু যেটা বন্ধ করতে পারা যেত তা হলো যানদূষণ। কিন্তু সেটাকে বন্ধ করা গেল না। কলকাতার মানুষের ফুসফুস ১৫ বা তার বেশি পুরানো বাণিজ্যিক গাড়ির কাছে বন্ধক রাখা হলো। এমনিতেই কলকাতায় ব্যক্তিগত গাড়ির বয়স যাচাই করার কোন ব্যবস্থা এখনো নেই বলেই জানা যাচ্ছে। ফলে বিপদ কিন্তু ক্রমশ বাড়ছে। সম্প্রতি আমরা জেনেছি, বিমানচালনায় সহসা কোন বিপদ দেখা দিলে পাইলট ঘোষণা করেন ‘মে ডে’। বায়ুদূষণে আচ্ছন্ন কলকাতার মানুষেরও আজ হয়তো বলার সময় এসেছে ‘মে ডে’।
[পাঠকের প্রতি বিশেষ অনুরোধ লেখাটি পড়ে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন ।]
লেখক : রাহুল রায়, পরিবেশ কর্মী, চলভাষ- ৮৬১৭৭৪৫৩৪০
