মাদাম মেরি কুরি (০৭.১১.১৮৬৭- ০৪.০৭.১৯৩৪)। আজ বিজ্ঞানীর প্রয়াণ দিবস। রেডিয়েশন আধিক্যের কারণে অ্যাপ্লাসটিক অ্যানিমিয়া হয়েছিল। তাতেই মৃত্যু। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৬ বৎসর।
তাঁর গবেষণার বিষয় ছিল তেজস্ক্রিয় পদার্থের আচরণ ও তেজস্ক্রিয়তার নিয়ম কানুন। এইসূত্রে তিনি দুইবার দুই ভিন্ন ভিন্ন বিষয়ে নোবেল সম্মান লাভ করেছেন। প্রথমবার নোবেল পেয়েছেন হেনরি বেকারেল ও পিয়ের কুরির সঙ্গে একযোগে। ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে। বিষয় ছিল তেজস্ক্রিয়তা।

আর দ্বিতীয়বার নোবেল পুরস্কার পেয়েছেন রসায়ন বিজ্ঞানে। ১৯১১ সালে। পোলোনিয়ম ও রেডিয়ম নামে তেজস্ক্রিয় মৌল আবিষ্কারের জন্য।
বিশেষভাবে উল্লেখ করার কথা বিজ্ঞান চর্চায় রেডিও অ্যাকটিভিটি শব্দটি মাদাম কুরি চালু করেন। তিনি পোলোনিয়ম ও রেডিয়মের আবিষ্কর্তা হলেও এগুলির পেটেন্ট নেন নি। যাতে বিজ্ঞান সাধনায় কিছুমাত্র বাধা তৈরি না হয়, সেজন্যই তাঁর এই সুচিন্তিত উদ্যোগ ছিল। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই পুরস্কার হিসেবে পাওয়া টাকা সহকর্মী গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানকে দান করতেন। নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত সহজ সরল অনাড়ম্বর জীবনে বিশ্বাসী ছিলেন। তিনি বলতেন, বিজ্ঞানচর্চায় আমরা পদার্থের নিয়মকানুন নিয়ে খোঁজ খবর করব। ব্যক্তির জীবনে উঁকি ঝুঁকি দেবার প্রয়োজন নেই। বলতেন, জীবনে কোনো কিছুকেই ভয় পাওয়ার দরকার নেই। শুধুমাত্র দরকার খুঁটিয়ে চেনা। এখন সময় হয়েছে বেশি বেশি করে জানার। জানাতেই ভয়মুক্তি।
লেখক: মৃদুল শ্রীমানী ,
বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক
মো. 9831949581
