Posted on: June 27, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

বিশ্ব পরিবেশ দিবস, ৫ই জুন উপলক্ষে গত ২২শে জুন ২০২৫, রবিবার সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এপিডিআর-পানিহাটি শাখার উদ্যোগে এইচ বি টাউন মোড়ে পরিবেশ প্রকৃতি রক্ষায় জলাশয় ও জলাভূমি বোজানোর বিরুদ্ধে সারাদিন ব্যাপী অবস্থান কর্মসূচী পালিত হয়। দৃশ্যত মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি পুরো কর্মসূচিকে প্রাণবন্ত করে তুলেছিল ।

  সকাল ৯টায় পদযাত্রা অমরাবতী খেলার মাঠ পরিক্রমা করে। অমরাবতী খেলার মাঠ বাঁচানো, মাঠ সংলগ্ন বিস্তীর্ণ জলাভূমি ও জলাশয় রক্ষা ও অমরাবতী খেলার মাঠে পৌরসভার জঞ্জাল এবং সংগৃহীত বর্জ্য ফেলার বিরুদ্ধে উচ্চকিত মুখরতায় আওয়াজ ওঠে ঐ মিছিল থেকে। মিছিলে যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গত কৌতুহল বুঝিয়ে দিয়েছিল এই প্রতিবাদ তাদেরই কথা। 

  পদযাত্রা শেষে অবস্থান কর্মসূচীর সূচনা হয় প্রখ্যাত গণসংগীত শিল্পী কোবিন্দ বন্দোপাধ্যায়ের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। বিকেল ৫-৩০মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের কর্মীরা।

 প্রত্যেকেই পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন। সন্ধ্যা থেকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

আবৃত্তি আলেখ্য, গান, নাটক ইত্যাদির মধ্য দিয়ে পরিবেশ চেতনা নির্মাণের প্রচেষ্টা করা হয়। আমাদের এই উদ্যোগ কতটা সফল তা ভাবীকাল প্রমাণ করবে। তবে পথচলতি সাধারণ মানুষকে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের পরিবেশকেন্দ্রিক ভাষ্য আকৃষ্ট করেছিল বলেই মনে হয়েছে। 

  সমগ্র কর্মসূচির বিভিন্ন মুহূর্ত নীচে দেওয়া হ’ল।


Spread the love

Leave a Comment