আমার মায়ের ভাষায় :
“প্লাস্টিকটা হাটান,
বাঁচুন বাঁচান প্রাণ” ।
১৮৬২ : সেলুলোজ থেকে তৈরি প্রথম প্লাস্টিক ‘পার্কেসিন’ – পরিবেশবান্ধব হলেও টেকেনি।
১৯০৭ : ব্যাকেলাইট – প্রথম কৃত্রিম রেজিন, মাটিতে মেশে না, প্লাস্টিক বর্জ্যের সূচনা।
১৯৩৩ : ইথিলিন থেকে পলিথিন (পলিইথিলিন) – সস্তা, সহজলভ্য, দূষণের জোয়ার।
১৯৩৮ : নাইলন টুথব্রাশ ও ননস্টিক টেফলন – প্লাস্টিক ঢুকে পড়ল ঘরে ঘরে।
১৯৪৫ : এলডিপিই বোতল – কাচের বদলে নরম প্লাস্টিক বোতল জনপ্রিয়।
১৯৬৯ : চাঁদে পৌঁছেও প্লাস্টিক! নাইলনের পতাকা পুঁতলেন নিল আর্মস্ট্রং।
১৯৮২ : কৃত্রিম হৃদপিণ্ডে পলিউরেথিন – চিকিৎসাতেও প্লাস্টিকের আগমন।
১৯৮৮ : রিসাইকেল চিহ্নের সূচনা – প্লাস্টিক পুনর্ব্যবহারের চিন্তা শুরু।
২০০৫ : নাসার মঙ্গলযাত্রায় প্লাস্টিক-ভিত্তিক যন্ত্রাংশ।
২০০৯ : বোয়িং ৭৮৭ বিমানে ৫০% প্লাস্টিক ব্যবহৃত।
বর্তমান : বুলেটপ্রুফ পলিমার তৈরি
রক্তের বিকল্প ‘প্লাস্টিক রক্ত’
সৌরকোষ, ইমপ্লান্ট, ৩ডি প্রিন্টে যকৃত-কিডনি
ড্রাইভারবিহীন গাড়ির প্লাস্টিক বডি,
প্লাস্টিক জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু এখন তার লাগাম না টানলে ভবিষ্যৎ বিষময়।
চলছে …..
প্লাস্টিক উৎপাদনের সঙ্গে ১৩,০০০-এরও বেশি রাসায়নিক পদার্থ যুক্ত – অধিকাংশ স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। বর্তমান প্রবণতায়, ২০৫০ সালের মধ্যে প্লাস্টিক উৎপাদন বার্ষিক ১.১ বিলিয়ন টনে পৌঁছাতে পারে।
ফেসওয়াশ, স্ক্রাব, টুথপেস্ট, শ্যাম্পু, মেকআপ, এমনকি সানস্ক্রিনও প্লাস্টিক দূষণ করছে।

কিছু পরিমাণ বর্জ্য পুনর্ব্যবহৃত হয়, বাকি জঞ্জালের কি হয়? এত জঞ্জাল যাবে কোথায়? এখানে সেখানে জমতে জমতে শেষে মহাসাগরে জমা হয়। প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ১.৮ ট্রিলিয়ন প্লাস্টিক টুকরো(~ ৮০০০০মেট্রিক টন) কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত ১.৬ মিলিয়ন বর্গ কিলোমিটার জল-অঞ্চল জুড়ে ভেসে বেড়াচ্ছে। ঐ সাগরকে এখন প্ল্যাস্টিক সাগর বলা হয়। কতটা জঞ্জাল তার একটা ধারনা দিতে চেষ্টা করছি: বারাসাত পৌরসভার আয়তন ৩১.৬ বর্গ কিলোমিটার। ঐ ভাসমান প্ল্যাস্টিক জঞ্জালে প্রায় ৫০,৬৩৩টি বারাসাত শহর ঢাকা পড়ে যাবে। সমুদ্রের উপরিতল অদৃশ্য ন্যানো প্লাস্টিকে ঢেকে যাচ্ছে। জলে ভাসমান উদ্ভিদ প্রানকণা বা ফাইটোপ্ল্যাঙ্কটন সালোক সংশ্লেষ করতে পারছে না। জলে অক্সিজেন মিশছে না আর বাতাসেও অক্সিজেন কম যাচ্ছে। সামুদ্রিক প্রাণীরা ন্যানো প্লাস্টিক খেয়ে ফেলছে, রক্তে ন্যানো প্লাস্টিক মিশছে। হাজার হাজার সামুদ্রিক প্রাণী ও সামুদ্রিক উদ্ভিদ বিনষ্ট হচ্ছে।
এগুলিতে ব্যবহৃত রং একটু একটু করে মিশে মাটি জল বিষাক্ত করছে। জল মাটি বায়ু রক্ত সবতেই ন্যানো প্ল্যাস্টিক মিশছে।
প্রাকৃতিক পদার্থ যেমন, শালপাতা, কলাপাতা, পদ্মপাতা, গাছের বাকল…….দিয়ে প্যাকেজিং করতে হবে।প্ল্যাস্টিকের ব্যবহার বন্ধ না করলে এ পরিবেশ টিকবে না।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে জনসচেতনতা করতে বলছে।
তবে প্লাস্টিকই এ সভ্যতার বিনাশ করবে।

শেষ নয় : ৫ই জুন পরিবেশ দিবস
১৯৭২-এর জুন মাসে ৫ থেকে ১৬, সুইডেনের স্টকহোমে,
অনেক দিদি আর বাবু ; এক হয়ে ভাবলেন –
পৃথিবী তো সবার, রক্ষা করবো, ক’রে পরিবেশ দূষণটা কাবু।
ঘোষণা হলো – প্রতিবছর ৫ই জুন আবার সবাই মিলবো, পরিবেশ দিবস মানবো;
দেখবো আর বলবো — ঐ দূষণের কতটা হয়েছে কাবু।
এরপর হরবছর ঐ ৫ই জুন, পরিবেশ দিবস পালন হচ্ছে,
একটা দিন — হ্যাচোর, প্যাচোর অনেক কথা, বাদবাকি ফুসস্, দম ফাঁসছে।
বছর বছর বগর বগর, অনুষ্ঠানে কী আড়ম্বর! দূষণ কমায় অষ্টরম্ভা — দিনে দিনে বাড়ছে।
বছর বছর নিত্য নতুন স্লোগানটা বাজছে, কাজের কাজ হচ্ছে না — পৃথিবীর জ্বরটা বাড়ছে।

আজ ২০২৫, আবার ৫ই জুন, পরিবেশ দিবস,
আয়োজক : দক্ষিণ কোরিয়ার জেজু প্রদেশ;
এবার স্লোগান: “প্লাস্টিকটা হাটান, বাঁচুন বাঁচান প্রাণ” — জোরে জোরে বলবো,
আর চুপি চুপি বাজার থেকে প্ল্যাস্টিকটা আনবো।
তাপ দাও, চাপ দাও, ছাঁচে ফেলে মাপ দাও,
খুশি মতো গড়ে-পিটে বদলে দিতে পারো খাচাখানা;
তাই তো হলো নাম ‘প্লাস্টিক’,
জন্মশব্দ – গ্রিক ‘প্লাস্টিকস্’- এ শব্দ খানা।
টুথব্রাশ, বালতি, মগ, চেয়ার, টেবিল – যাই দেখো প্রায় সবেতেই পলিথিন-প্লাস্টিক সামিল।
কিভাবে পায় পলিথিন?
হাজার লাখের রসায়ন নীরবে খেলে – ইথিলিন থেকে পলিইথিলিন মানে পলিথিন মেলে।
যদি বলি ই(E)ফর ইথিলিন বাধা কেন দাও,
ঘরে ঘরে রসায়ন-দূষণ – এটা মেনে নাও।
কোথা যাবে পি(P) ফর প্যাকেটস আর প্লাস্টিক জঞ্জাল,
জল, মাটি, বায়ু, রক্ত ….সব ছেয়ে গেল ন্যানোপ্লাস্টিকে;
এভারেস্ট নয়, এবারে হবে জয় পাহাড় জঞ্জাল।
ঘরে বাহিরে প্রতিনিয়ত আরও কত রকমের দূষণ:
চাষে বাসে ঝামেলা, কেন? – আগাছা।
চাষে বাসে কি ঝামেলা! – ক্ষেতের আসে-পাসে;
লোকজন লাগেনা, দাও ছিটিয়ে, ঝলসে নিকেশ হয় এক নিমেষে;
জলে মেশে – সাপ, ব্যাঙ, মাছ মরে, মরে পোকা, পাখি মরে, শস্যে সবজিতে মেশে;
বিষ আসে পাতে পাতে, প্রতি ঘরে ঘরে।
কি মিশিয়েছ ক্ষেতের আসে-পাসে?
এইচ (H) ফর হার্বিসাইড – আগাছা নাশকারী,
ব্যবহার বন্ধ হোক, চাষের কাজে মানুষই দরকারী।
ঘরে ঘরে রসায়ন-দূষণ – এতো নয় ভুল,
আই (I) ফর ইনসেকটিসাইড – চোখে সর্ষে ফুল।
উপকারী পোকা মারে, গাছ-খেকো পোকাদের;
বাছাবাছি নেই কোনও, মানুষ মারে সবেদের।
পরিবেশ ছারখার, বিষ ঘরে ঘরে –
হও বিষহরি, কীটনাশক ছেড়ে।
তাহলে হতাশ!!
তাই বলে কি হাত গুটিয়ে
লেজটি তুলে,
তিলক কেটে নাচবো?
না না একটুও নয়
কন্ঠ জোরে ছাড়বো
আর নিজে নিজে মানবো।।
নমঃ রে প্লাস্টিক
লেখক : অসীম বসাক বিজ্ঞান লেখক ও রসায়ন গবেষক ।
[পাঠকের প্রতি বিশেষ অনুরোধ লেখাটি পড়ে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন ।]
