বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ ১৪৩২ বঙ্গাব্দের২১শে জ্যৈষ্ঠ, ১৫ই জ্যৈষ্ঠ ১৯৪৭ শকাব্দ। ২০২৫ সালের ৫ই জুন। বছর দুই আগেও নানা তথ্য সংগ্রহ করে আজকের দিনের জন্য একটি সমীক্ষার স্ক্রিপ্ট তৈরি করে পাঠাতাম আকাশবাণীতে। এখন আমার সহকর্মী অনির্বাণ সেই দায়ীত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আশা করি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় অনির্বাণের লেখাটি পাঠ করা হবে। এটা বলার অপেক্ষা রাখেনা যে আজ বিশ্ব পরিবেশ দিবস। সবাই না হলেও গড়পড়তা সাধারণ মানুষ পরিবেশ দিবসের কথা জানেন। বছরের প্রায় নয়মাস ধরে চলা গরমের ঠেলা মানুষকে উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সম্পর্কে একটু আধটু ভাবতে বাধ্য করেছে। কথায় বলে ঠেলার নাম বাবাজী সে কী আর এমনি এমনি। ১৯৭৩ সাল থেকে পাঁচই জুন তারিখটি বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হচ্ছে। রাষ্ট্র সঙ্ঘের পরিবেশ বিষয়ক কমিটি প্রতিবার পরিবেশ দিবসের জন্য একটি বিষয় নির্বাচন করেন। এবারের বিষয় প্লাস্টিক প্রতিরোধ। কিন্তু কেন?

প্লাস্টিক একটি বিদেশী শব্দ কিন্তু বহুল ব্যবহারের ফলে এটি বাংলা অভিধানে নিজের জায়গা পাকা করে নিয়েছে। তাছাড়া এর কোনও বাংলা প্রতিশব্দ নেই। আমাদের দেশে প্লাস্টিকের ব্যবহার শুরু হয়েছে বড়জোর ৪০ বছর আগে। তা এই প্লাস্টিক আসে কোথা থেকে ? প্লাস্টিক হলো হাড্রোকার্বণ বর্জ্য। আসে রিফাইনারি থেকে। যে লক্ষ লক্ষ ব্যারেল কাঁচা তেল আসে বিদেশ থেকে তা শোধন করে পেট্রোল ডিজেল এ টি এফ ইত্যাদি বের করার পর যে বর্জ্য পাওয়া যায় তা থেকেই তৈরি হয় প্লাস্টিক । সার্বিক ভাবে প্লাস্টিক একটি অত্যন্ত কাজের জিনিস যা থেকে হাজারও প্রয়োজন মেটে আমাদের দৈনন্দিন জীবনের ।
দামি মোটর গাড়ি থেকে উড়োজাহাজ সবেতেই প্লাস্টিকের ব্যবহার অনস্বীকার্য। প্লাস্টিকের সবচেয়ে বড় গুন হলো তা সহজে নষ্ট হয়না। দীর্ঘজীবি। তবে যত সমস্যা সব পলিথিন নিয়ে । প্লাস্টিকের একটা তুতো রূপ। একবারের বেশি ব্যবহার করা যায় না। আর বর্জ্য হিসাবে পলিথিন বড়ই বেয়াড়া জিনিস সহজে সামলানো যায়না। যেখানে সেখানে ছড়িয়ে থাকে আর দীর্ঘজীবি বলে জলে মাটিতে মেশেনা। পলিথিন দূষণ হিসাবে গন্য হয়। পরিবেশের জন্য পলিথিন এতটাই খারাপ যে মানুষ পশুপাখি গাছপালা এক কথায় জীব জগৎ এবং জীববৈচিত্র্যে জন্য খুবই অনিষ্ঠকারি পদার্থ ।
গত শতাব্দীর সত্তোর এবং আশির দশকের গোড়াতেও অনেককে দেখেছি বাজার থেক বিশেষ করে কাজ থেকে ফেরার পথে রুমালে বেঁধে চুনোমাছ নিয়ে আসতে। আমি নিজেও অনেক সময় ঝোলা না থাকার জন্য দু চারটে সওদা রুমালে বেঁধে নিয়ে এসেছি। কিন্তু নব্বইয়ের দশক আসতে আসতেই পলিথিন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকেই আমি হুগলির ভদ্রেশ্বরের স্থায়ী বাসিন্দা। তখন বামফ্রন্টের জমানা। বেকার যুবকদের রোজগারের ব্যবস্থা করতে পাড়ার পাড়ায় গজিয়ে ওঠে পলিথিনের ব্যাগ তৈরির কারখানা। অবশ্য পলিথিনের অনিষ্ঠকারি দিকটি ধরা পড়তেই কারখানাগুলি বন্ধ হয়ে যায় । তাছাড়া প্লাস্টিকের বড়বড় কারখানা গড়ে ওঠায় ছোট ছোট কারখানা প্রতিযোগিতায় টিকতে পারেনি ।

পলিথিন বা পলিপ্যাক যাই বলি তার সব থেকে বড় দিক হলো অব্যবস্থাপনা এবং পলিথিন সম্পর্কে সাধারণ মানুষের উদাসীনতা। তাই পলিথিন হাটে ঘাটে মাঠে যথেচ্ছ ছড়িয়ে থাকে। আইন করে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি এবং হবেওনা। ছোট বড় মাঝারি সব ধরনের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান যারা আমাদের পলিথিনে ভরে জিনিস পত্র দেন তাদেরকে সরকারি আইনের কথা বললে বলেন সরকার কেন প্লাস্টিক কারখানা বন্ধ করেনা। সাধারণ মানুষের যুক্তিও তাই । ভাবখানা এমন আমরা পাঁচবছরে একবার ভোট দিয়ে সরকার গড়েদি তারপরের সব দায়িত্ব সরকারের । আমাদের কোনও দায় নেই। সুতরাং পলিথিন সর্বব্যাপি। শহরের নিকাশি ব্যবস্থা পলিথিনের জন্য বন্ধ। একটু ভারী বৃষ্টি হলেই শহর জলমগ্ন । চাষের মাঠে ছড়ানো পলিথিনের জন্য জমির উর্বরতা এবং ফলন কমছে। তাছাড়া পলিথিন তৈরিতে বিভিন্ন ধরণের কেমিক্যাল মেশাতে হয় ফলে তা জন স্বাস্থের পক্ষে ক্ষতিকর বিশেষ করে তাতে যদি মাছ মাংস বা মিষ্টান্ন দ্রব্য আনা হয় । একটা গান আছে ‘তাল মিলে নদীকে জলমে নদী মিলে সাগরমে। সাগরমিলে কোনসি জলমে কোই জানে না। ‘ পলিথিনেরও আছে মাইক্রো পলিথিন। যা খালবিল নদী নালা হয়ে সাগরের জলে মিশছে। জলজ প্রাণী যা আমাদের খাদ্য তাদের শরীর থেকে আমরা মাইক্রো পলিথিন গ্রহণ করছি যা থেকে ক্যানসার পর্যন্ত মানুষ জীব জন্তু সবারই। এক কথায় মাইক্রো পলিথিন সমস্ত রকম খাদ্যবস্তুতে বিরাজমান। এড়িয়ে যাবার কোনও পথ নেই। তাই বর্তমান পৃথিবীতে ১০০% সুস্থ মানুষ পাওয়া অসম্ভব। জীব জন্তুও তাই।
পাহাড় পর্বতেও প্লাস্টিক বর্জ্য বিশাল আকারে বর্তমান l
। অনেকেই চেষ্টা করছেন পাহাড় পর্বতকে প্লাস্টিক তথা সাধারণ দূষণমুক্ত করতে। যাঁরা এই অসাধ্য সধনে ব্রতী হয়েছেন তাদের হাজারো নমষ্কার।
পরিবেশ নিয়ে এখন অনেকেই চিন্তা ভাবনা করছেন। গাছপালা লাগাচ্ছেন। যেহেতু জুন মাসের শুরু তাই ভারতে বর্ষার আবহাওয়া। গাছ বসালে তাতে খুববেশি পরিচর্যার প্রয়োজন হয়না। বৃষ্টির জলেই গাছ বেড়ে ওঠে। জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য গাছপালা থাকাটা আবশ্যিক। ক্রমবর্ধমান জনসংখ্যা খাদ্য এবং বাসস্থানের প্রয়োজনে জমি দখল করেছে অরণ্য ধ্বংস করে । এখন যখন জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে চারপাশে গাছ লাগাতে দেখা যাচ্ছে। অরণ্য ধ্বংস করে গাছ লাগালে সেই ক্ষতিপূরণ হবেনা। আমার মনে হয় গাছ না লাগিয়ে বৃক্ষচ্ছেদন বন্ধ করলেই হবে । প্রকৃতি তার নিজের মত সব গুছিয়ে নেবে। আমাদের দেশে বৃক্ষ দেবতা রূপে পূজিত হন। একটু শহর ছাড়িয়ে গ্রামে গেলে বিশেষ করে আদিবাসী অঞ্চলে দেখা যায় বড় গাছের গোড়ায় শিল নুড়ি ত্রিশুল পুঁতে দেবস্থান তৈরি করা হয়েছে। এভাবে অরন্য এবং জীববৈচিত্র্য রক্ষা করার প্রথা আমাদের হাজারো বছরের সংস্কৃতির অঙ্গ। গত কয়েক দশক ধরে কিছু মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে বন সৃজন করে জীব বৈচিত্র্য রক্ষা করার চেষ্টা করছেন। হলে কী হবে চোখের সমনেই দেখছি পাশের গ্রামে আম বাগান কেটে পরিষ্কার করে জমি বিক্রি করা হয়েছে। জমির মালিক হয়তো বিশেষ বাধ্যবাধকতা থেকে এই কাজ করেছেন। আজ আমার কিছু বন্ধু গাছ লাগাতে বেরিয়েছেন। আসবেন আমাকে সঙ্গী করতে। আমি ব্যক্তিগত ভাবে কিছু ফল মূলের গাছ লাগিয়েছি। তাই আমার ঘরের চারপাশে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাখপাখালির ডাক শুনতে পাই। বাজার দোকানে যথা সম্ভব পলিথিন বর্জন করে চলি। সমাজের প্রতিটি ব্যাক্তি অনায়াসে এই কাজ করতে পারেন । এভাবেই বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়ে যাবে । আমাদের প্রতিটি দিনই হয়ে যাবে বিশ্ব পরিবেশ দিবস।
লেখক : অজয় নাথ।
লেখক : বিশিষ্ট বিজ্ঞান লেখক ।
[পাঠকের প্রতি বিশেষ অনুরোধ লেখাটি পড়ে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন ।]
