Posted on: September 9, 2023 Posted by: admin Comments: 0
Spread the love

লিখেছেন: সুনীল কুমার রায়

ঐতিহাসিক ডঃ নীহার রঞ্জন রায় তাঁর বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থে লিখেছেন—বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার ছোট-বড় অসংখ্য নদনদী। এই নদনদীগুলোই বাংলার প্রাণ। এরাই বাংলার আকৃতি ও প্রকৃতি নির্ণয় করেছে। এই কাজ নদীরা যুগে যুগে করেছে।

প্রকৃতপক্ষে নদীর বৃত্তান্ত বিস্তারিত ভাবে পাওয়া খুব দুরূহ। এই ঐতিহাসিকের তথ্যানুসারে পাওয়া একাধিক নদী হয় হারিয়ে গেছে না হয় খালে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে ইতিহাস, পুরাতত্ত্ব, ভূগোল, ভূতত্ত্ব, রিমোট সেন্সিং, ভৌগোলিক তথ্য পদ্ধতি বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ইত্যাদি একাধিক তথ্য সমৃদ্ধে নদীর ইতিহাস পাওয়া যায়। নদীকে আরো ভাল করে বুঝতে গেলে খুঁজতে হয় নদীর নামকরণের ইতিহাস । নদী পাড়ের লোকগাথা, নদীকেন্দ্রিক উৎসব—এমন সবকিছু যেগুলি সবকিছু সামাজিক নৃতত্ত্বের উপাদান। যেগুলো সব সময় লিখিতভাবে থাকে না। এভাবে মানুষের লালসার অবাঞ্ছিত অত্যাচারে, ভৌগোলিক অবস্থান সহ একাধিক কারণে নদী আজ হারিয়ে গেছে। অথবা পরিবর্তিত হয়ে খালে পরিণত হয়েছে। যেমন চৈতি নদী, গোরাগাঙ্গনী, ভৈরব নদ, কোদালিয়া নদী সহ একাধিক নদী। এই সহজাত পথ ধরেই নদী হারিয়ে যায়। প্রথমে শরীর হারিয়ে যায়। তারপর হারিয়ে যায় মানুষের মন থেকে। কিন্তু জলের পরিণতি সাগর, তাই সব জলের অবসানই সাগরে। এটাই প্রকৃতিগত স্বভাব। জলাশয় থাকবে, নদী থাকবে সাগরও থাকবে। পৃথিবীর ভারসাম্য রক্ষার সৃষ্টির আপন মহিমা নিয়ত বহমান।

এমনই একটি নদী ইছামতী। বাংলার ঐতিহাসিক পটভূমিকায় এক অন্যতম স্রোতস্বিনী জনপদ। পরিবহন, বাণিজ্যতরণী সব একাধিক গুরুত্বপূর্ণ মেলবন্ধনে সমৃদ্ধ ছিল একসময় এই নদী। একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল একাধিক জনপদ সেই নদী আজ অতীত হওয়ার অপেক্ষায়।

বিদেশিরা এখানে এসেছিলেন কেবলমাত্র বাণিজ্য করতে। বাণিজ্যিক কারণেই বড় নদীগুলি সম্পর্কে কিছু বোঝার চেষ্টা করেছিলেন। তারাঅনুধাবন করেছিলেন নদীগুলির চরিত্র, উৎস বিশ্লেষণ করবার উৎসাহ দেখাননি। তবুও নদীর ইতিহাস খোঁজার প্রামাণ্য হিসাবে সাহেবদের তথ্যই একমাত্র সম্বল।

১৭৫২ সালে নভেম্বর মাসে প্যারিস থেকে জেন ব্যাপটাইপ্ট বোরগুইনন ডি অ্যানভিন সাহেব কোর্টে ভিলা ইণ্ডি হিসি পৌর লা কম্পানি ভেস ‘ইন্ডিসি’ নামক একটি মানচিত্র প্রকাশ করেন। এই মানচিত্রটি প্রস্থে ছিল ৪৫ সেমি, দৈর্ঘ্যে ১০০ সেমি। মানচিত্রটির স্কেল ছিল ১:৩, ১০০,০০। এই মানচিত্রে দেখা যায় জলঙ্গী নদীটি পদ্মা থেকে জন্ম নিয়ে ‘মুদিয়া’ বা নবদ্বীপের কাছে গিয়ে গঙ্গার সাথে মিশেছে। কিছুটা আঁকাবাঁকা পথ। উল্লেখ্য এই মানচিত্রে মাথাভাঙ্গা, ইছামতী, চুনী, গোরাগাঙ্গনী নদীর নাম নেই।

১৭৭৫ সালে পর্তুগিজ ফটোগ্রাফার ডব্লু, বোলটথ এই মানচিত্র ‘কাটি বেঙ্গলি এট ভি সেস ডিপ্রেনচান্সেস’ মানচিত্রে পাই জলঙ্গী নদী থেকে একটি জলের ধারা ১.২৪ কিমি আর পদ্মা থেকে একটি জলের প্রবাহ ১.১৯ কিমি পথ অতিক্রম করে একত্রে মিলিত হয়ে জন্ম নিয়েছে মাথাভাঙ্গা নদী। এই মাথাভাঙ্গা ৪০৪ কিমি যাওয়ার পর জন্ম দিয়েছে ভৈরব নদকে। আবার ভৈরব নদ ২.৫৭ কিমি অতিক্রম করে জন্ম দিয়েছে কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ উৎসের পর থেকে মাথাভাঙ্গা নদীকে বোলটস সাহব চিহ্নিত করেছেন ইছামতী হিসাবে। এখানে ইছামতী বানান লিখেছেন IFSAMUTY | আবার এই নদী ১৩ কিমি ভাটি বা ডাউন স্ট্রিমে প্রবাহিত হয়ে যমুনা নদী ইছামতীর সাথে মিলিত হয়েছে।

১৭৯৪ সালে ১২ মে লন্ডন শহরের ৫৩ ফিট স্প্লিট থকে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির সার্ভেয়ারে জেনারেল জেমস রেনেল প্রবর্তিত মানচিত্রটি লর্ডরি আর হুইটেল প্রকাশ করেন। এই মানচিত্র অর্থাৎ রেনেলের হাত ধরেই বাংলা নদনদীগুলির সিস্টেমেটিক সার্ভে সম্বলিত অনেকটা নির্ভুল ভাবে বাংলার নদনদীর পরিচয় পাওয়া যায়।


Spread the love

Leave a Comment