Posted on: February 25, 2026 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

বাংলা বিশ্বের অন্যতম বড় ভাষাগোষ্ঠীর একটি। প্রায় ৩০ কোটিরও বেশি মানুষের মুখের ভাষা বাংলা। ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাস ও আত্মত্যাগের ধারা এই ভাষাকে এক অনন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক মর্যাদা দিয়েছে। বর্তমানে বাংলা প্রতিবেশী বাংলাদেশের রাষ্ট্রভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি ভাষা। স্পষ্টত এই ভাষা বিপন্ন নয়, কিন্তু নানা কারণে এর স্বকীয়তা ও সমৃদ্ধি হুমকির মুখোমুখি হচ্ছে। বাংলা ভাষার সামনে মূল চ্যালেঞ্জ এখন বাইরের আক্রমণের চেয়েও ভেতর থেকে ক্রমাগত দুর্বল হয়ে পড়া।

যান্ত্রিকতা বাংলাকে একটি “ইউটিলিটি টুলে” পরিণত করছে। কিন্তু ভাষা শুধু তথ্য বিনিময়ের হাতিয়ার নয়; তা অনুভবের মাধ্যমও। যান্ত্রিকতা যত বাড়বে, ভাষার সেই অনুভব করার শক্তি ততই ম্লান হবে। যান্ত্রিকতাবাদ (Mechanism) বলতে এখানে আমরা বুঝবো ভাষাকে একটি যন্ত্রের মতো ব্যবহার করার আবেগহীন ও নিখাদ বস্তুনিষ্ঠ প্রবণতা। বাংলা ভাষার ক্ষেত্রে এই যান্ত্রিকতা আসলে তার প্রাণবন্ত রূপ, সৌন্দর্য ও আত্মিক যোগসূত্র—এইগুলোকেই ক্ষতিগ্রস্ত করছে।যান্ত্রিকতাবাদ বাংলা ভাষার মাধুর্য নষ্ট করছে এবং এটাই সম্ভবত সবচেয়ে নীরব ও গভীর সংকটগুলোর অন্যতম ।  

আমরা যখন কলমে চিঠি লিখতাম, তখন ‘প্রিয়’ কথাটি লেখার সময়ও একটা টান অনুভূত হতো। কিন্তু এখন কীবোর্ডের ‘P’ ‘R’ ‘I’ ‘Y’ ‘A’ চেপে আমরা ‘প্রিয়’ লিখি। বাংলা ব্লুটুথ কি-বোর্ড বা অটো-সাজেশনের কারণে আমরা বানান ভুল করি না, কিন্তু ভাষার প্রতি আমাদের মস্তিষ্কের স্পর্শানুভূতি (Tactile relationship) হারিয়ে যাচ্ছে। অটো-সাজেশন আমাদের মগজকে চিন্তা করার সুযোগ না দিয়েই শব্দ বসিয়ে দেয়, ফলে ভাষা আমাদের নিজের হয়ে ওঠার আগেই তা হয়ে যায় মেশিনের সম্পদ। 

বর্তমানে আমরা খবর বা প্রতিবেদন তৈরি করতে গুগল ট্রান্সলেটর বা এআই টুলের উপর নির্ভর করি। এই অনুবাদগুলো ব্যাকরণগতভাবে সঠিক হতে পারে, কিন্তু এদের মধ্যে বাংলা ভাষার নিজস্ব ভাঁড়ার (Idiom) ও প্রবাদ (Proverb) নেই। ইংরেজির “It’s raining cats and dogs” যদি অনুবাদ হয় “বিড়াল-কুকুর বৃষ্টি হচ্ছে”, তাহলে তা যেমন অর্থহীন, তেমনি বাংলার “মুষলধারে বৃষ্টি” বা “ধারাসার বৃষ্টি”-র মাধুর্যকেও তা হারিয়ে ফেলে। এই অনুবাদগুলো ভাষাকে যান্ত্রিক, প্রাণহীন করে তোলে।আমাদের চাকরির চিঠি, ব্যাংকের ফর্ম বা সরকারি বিজ্ঞপ্তিগুলো দেখুন। সেখানে বাংলা থাকলেও তা নিরস,  যার কোনো মাধুর্য নেই। যেমন: “উপর্যুক্ত বিষয়ের সাপেক্ষে জানানো যাচ্ছে যে…” বা ” এখানে উপলব্ধ আছে “—এটাকে আমরা বলি “ফরমাইসি বাংলা” বা “ফর্মের বাংলা”। এখানে ভাষা একটি যন্ত্রের মতো নির্দিষ্ট ফরম্যাটে বন্দী। এই যান্ত্রিক ব্যবহার সাধারণ মানুষের কাছে বাংলাকে দুর্গম এবং নীরস করে তুলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা এখন আর কথা বলি না, বরং “রিঅ্যাক্ট” করি। একটা পোস্টে আমরা লিখি “অসংখ্য ধন্যবাদ”, “অভিনন্দন”, “শুভকামনা”—এগুলো কপি-পেস্ট করা স্লোগানে পরিণত হয়েছে। যখন আপনি একটা বাক্য বারবার একইভাবে কপি করেন, তখন সেই বাক্যটার পুনরাবৃত্তি (Repetition) তার অর্থের গভীরতাকে নষ্ট করে দেয়। যান্ত্রিকতার এ এক বড় উদাহরণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দৈনন্দিন কথোপকথনে বাংলা বর্ণের পরিবর্তে ইংরেজি বর্ণে বাংলা লেখার প্রবণতা (যেমন: “Ami valo achi”) বাংলা ভাষার চর্চাকে দুর্বল করছে। তরুণ প্রজন্মের অনেকেই এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে পড়ায় শুদ্ধ বাংলা পড়া ও লেখার ক্ষমতায় ক্রমশ ঘাটতি বাড়ছে ।

সমস্যার অন্য দিকও আছে, যার বিরুদ্ধে বাংলা ভাযাকে বাঁচাবার জন্য আজকের বাঙলাভাষীদের সচেতনতা কম জরুরী নয়। 

শিক্ষা, ব্যবসা ও চাকরির ক্ষেত্রে ইংরেজির প্রতি অগ্রাধিকার বাংলা ভাষার ব্যবহারকে সীমিত করে ফেলছে। বিশেষ করে শহুরে মধ্যবিত্ত সমাজে ইংরেজি বলা “আভিজাত্যের” প্রতীক হিসেবে দেখা হচ্ছে, যার ফলে বাংলা ভাষা তার আনুষ্ঠানিক মর্যাদা থেকে ক্রমাগত সরে যাচ্ছে । অন্যদিকে, ভারতীয় বাংলা ভাষাভাষী অঞ্চলে হিন্দি ভাষার আগ্রাসন ও বিভিন্ন রিয়েলিটি শোতে হিন্দি গানের রিমেকের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়াও বাংলা ভাষার সুস্বাস্থ্যের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ ।

বাংলা সাংবিধানিকভাবে সরকারী ভাষা হলেও, রাজ্যের বেশিরভাগ সরকারি দফতর, আদালত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলার ব্যবহার আশানুরূপ নয়। চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি বা বিজ্ঞানের অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষায় বাংলা মাধ্যমে পড়ানোর উদ্যোগ এখনও কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি, যা উন্নত দেশগুলোর (যেমন জাপান, জার্মানি) বিপরীত চিত্র তুলে ধরে ।

বাংলা ভাষার নিজস্ব শক্তি হলো এর আঞ্চলিক বৈচিত্র্য। কিন্তু কলকাতা বা ঢাকার “প্রধান” বাংলার তুলনায় বাঁকুড়া, পুরুলিয়া, সিলেট বা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও উচ্চারণ নিয়ে প্রায়শই ব্যঙ্গ করা হয়। এই আঞ্চলিক উপভাষাগুলোর প্রতি অবহেলা বাংলা ভাষার সামগ্রিক ঐতিহ্যের ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ।

বাংলা ভাষাকে সত্যিকার অর্থে স্বাতন্ত্র্য ও মাধুর্য ধরে রাখতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একুশে ফেব্রুয়ারির চেতনা শুধু একদিনের প্রভাতফেরিতে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে ভাষার শুদ্ধ ও নিয়মিত চর্চা নিশ্চিত করতে হবে । ‘বাঙলাটা ঠিক আসেনা’ বলা আর মাকে অতিরিক্ত বিচারে বৃদ্ধাশ্রমে জমা করে আসাটা সমার্থক। 

প্রজাতি হিসাবে মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন তার ভাষা। সেই কারণেই ভাষার উপর আক্রমণ। ভাষা বিকৃত করলে মানবিক পরিচয়কে সহজেই বিকৃত করা যায়। ভাষার যান্ত্রিকতা মানুষকে যন্ত্র-মানুষে রূপান্তর ঘটায়। প্রযুক্তি আক্রান্ত এই ভাষা প্রকৃতি ধ্বংসের গ্রাহ্যতাকে সমাজমনস্কতায় সহজেই চালান করে দেয়। পুঁজিবাদী জ্ঞান-অর্থনীতির পথে এখানে পৌঁচেছে বাংলা ভাষাও। ভাষার মঙ্গলচিন্তা কী এসব ভাবনা এড়িয়ে এগিয়ে যেতে পারবে? অতীতের গর্বের পুনরুক্তির মধ্যেই কি আটকে থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লোক-লৌকিকতা!

—- বঙ্কিম দত্ত। ২১ ফেব্রুয়ারি ২০২৬


Spread the love

Leave a Comment