আধুনিক জৈব-প্রযুক্তি দিশা দেখাচ্ছে প্রাণী চিকিৎসা ও উৎপাদনে : খোঁজ মিলল ভেটেরিনারি বায়োটেকনোলজি সম্মেলনে ।
জৈব-রসায়ন ও জৈব-প্রযুক্তির অসামান্য অগ্রগতির ঝলক মিলল সদ্য সমাপ্ত দুই দিন ব্যাপী ‘প্রাণীস্বাস্থ্য ও উৎপাদনে জৈব-রসায়ন ও জৈব- প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রগতি’ শীর্ষক একটি জাতীয় বিজ্ঞান সম্মলনে, রাজ্যের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়া ক্যাম্পাসে। এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বায়োকেমিস্ট্রি বিভাগ এবং সোসাইটি অফ ভেটেরিনারি বায়োকেমিস্ট অ্যান্ড বায়োটেকনোলজিস্ট অফ ইন্ডিয়া।

এই কনভেনশনে জানা গেল, শারীরবৃত্তীয় বিভিন্ন এই জৈব-রসায়নিক জটিল বিক্রিয়া, বিপাকে উৎসেচকের ক্রিয়াকলাপ, অণুজীবের চরিত্র বিশ্লেষনে আজকাল প্রোটিওমিক্স, জিনোমিক্স, ট্রান্সক্রিপটোমিক্স, মেটাবোলোমিক্স, মাইক্রোবায়োমিক্স, এপিজিনোমিক্স, ফুডোমিক্স এর মতো ‘ওমিক্স’ প্রযুক্তি আজ প্রাণী পালন গবেষণা ও চিকিৎসায় ব্যবহত হচ্ছে। এমনকি, ‘রিভার্স জেনেটিক্স’ প্রযুক্তি কাজে লাগিয়ে মুরগির রানিক্ষেত রোগের টিকা আবিষ্কৃত হয়েছে ও বাজারে আসতে চলেছে। জিন-এডিং প্রযুক্তি কাজে লাগিয়ে প্রাণীদের বিভিন্ন রোগের ‘ডায়াগনস্টিক টুল’ তৈরি করা গেছে। পয়োঃ প্রণালির জল থেকে ফাজ ভাইরাস পৃথক করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যুক্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করার পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এ ব্যাপারে গবেষণার কাজ অনেকটা এগিয়েছে। বাজারে আসার আগে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

বিজ্ঞান সম্মেলনটির উদ্বোধন করেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রো-চ্যান্সেলার তথা টেকনো-ইন্ডিয়া গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক প্রধান অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর অ্যানিম্যাল হাইজিন এন্ড ভেটেরিনারি পাবলিক হেল্থ এর অধিকর্তা অধ্যাপক ইউই ট্রুয়েন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আইসিএআর এর ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইয়াক এর অধিকর্তা ড. মিহির সরকার এবং রাজ্য সরকারের বন দপ্তরের প্রিনসিপ্যাল সেক্রেটারি শ্রী দেবল রায়।
অধ্যাপক ট্রুয়েন বিভিন্ন মহামারি সৃষ্টিকারি উদীয়মান রোগ জীবাণু মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে তিনি ‘ইন্দো- জার্মান নেট ওয়ার্ক ফর ভেটেরিনারি সায়েন্স রিসার্চ এন্ড এডুকেশন’ গঠনকে অত্যন্ত সদর্থক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তীর্থ কুমার দত্ত। ছিলেন নিবন্ধক অধ্যাপক পার্থ দাস, ভেটেরিনারি অনুষদের অধ্যক্ষ অধ্যাপক নীলোৎপল ঘোষ, আয়োজক সোসাইটির সভাপতি ড. বি পি মহান্তি, আয়োজক-সচিব তথা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, খামার ও সম্প্রসারণ অধিকরণ এর অধিকর্তা অধ্যাপক শুভাশিস বটব্যাল।

দুই দিনের এই সম্মেলনে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের দু’জন বিজ্ঞানী ছাড়াও আইসিএআর-আইভিআরআই, এনডিআরআই, আইআইটি- গুয়াহাটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আইআইএসইআর এর মতো গবেষণা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন রাজ্য থেকে দেড়শ’র উপর বিজ্ঞানী, গবেষক, পড়ুয়া অংশ নেন। মোট সাতটি সত্রে শতাধিক গবেষণাপত্র পাঠ এবং সত্তরটির মতো গবেষণা ভিত্তিক পোস্টার প্রদর্শিত হয়। এর সঙ্গে ছিল তরুণ গবেষকদের প্রতিযোগিতামূলক গবেষণা উপস্থাপনা।
লেখক : ড. সিদ্ধার্থ জোয়ারদার, অধ্যাপক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া, কলকাতা ।
