” অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে
পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে ”
ছোটবেলায় আমরা প্রত্যেকেই ‘ সহজপাঠ ‘ বইতে কবিতাটি পড়েছি। তখন তার গুরুত্ব সেভাবে আমি অনুভব করতে পারিনি। হয়তো করাও সম্ভব ছিল না। একটু বড়ো হয়ে এইট কী নাইনে পড়ি (২০০৮ কী ২০০৯ সাল) বন্ধু অরূপ রায় পুজোর মধ্যে একদিন বললো চল চন্দনদহে যাই। ওখানে এক রাজার পুরোনো মন্দির আছে। সেই প্রথম চন্দনদহে যাওয়া। তবে সে সময় আমরা মন্দির বা মন্দিরের ধ্বংসাবশেষ কিছুই দেখেনি। তখনও আমার জানা ছিল না, এই মন্দিরই সেই মন্দির যা আমরা সহজপাঠে পড়েছিলাম — “অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে / পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে”। পুজোর সময় সাইকেল চালিয়ে গিয়েছিলাম এবং সাইকেল চালিয়ে বাড়ি ফিরে এলাম । এরপর দিন গেল, মাস গেল, বছরের পর বছর গেল।
স্নাতকস্তরের পড়ার সময় নদিয়ার কিছু বইপত্র পড়া শুরু করলাম। নদিয়া নিয়ে আগ্রহ বাড়ল। যদিও ক্লাস এইট থেকেই আমার কাছে ‘বাদকুল্লা পরিচয়‘ বইটি ছিল। মূলত ‘বাদকুল্লা পরিচয়’ বইটিই নদিয়া সম্পর্কে আগ্রহ বাড়িয়েছিল ।

সদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের চন্দনদহ আসা নিয়ে মনে নানা প্রশ্নের উদয় হয়েছে। সত্যিই কী রবীন্দ্রনাথ চন্দনদহে এসেছিলেন? কোন পথ দিয়ে এসেছিলেন? নৌকায় করে ? নাকি গরুর গাড়ি চড়ে? প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুর নদিয়ায় একাধিকবার এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বড়োদিদি সৌদামিনী দেবীর বিয়ে হয়েছিল দিগনগরের জমিদার সারদাপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এছাড়া ঠাকুর পরিবারের একাধিক মেয়ের শ্বশুড়বাড়ি ছিল কৃষ্ণনগরে। রানাঘাটেও রবীন্দ্রনাথ ঠাকুর কবি নবীনচন্দ্র সেনের বাড়িতে এসেছিলেন। কৃষ্ণনগর থেকে চন্দনদহে আসেন? নাকি দিগনগর থেকে ? নাকি আসেননি? না আসলে কবিতা লিখলেন চন্দনদহের লোকমুখে বর্ণনা শুনে? এটা কী সম্ভব?
এবার আসি চন্দনদহের পোড়োমন্দিরের কথা? পোড়োমন্দিরটি কী ধরনের মন্দির ছিল? গত পরশু বাদকুল্লার একজন প্রবীণ নাগরিকের থেকে শুনলাম মন্দিরটি তিনি দেখেছেন এবং টেরাকোটার মন্দির ছিল। আবার মন্দিরের স্থান নিয়েও বিতর্ক । এবছর দুর্গাপুজোর মধ্যে একজন দাদা মন্দিরের যে জায়গায় অবস্থানের কথা বলছেন, আজ আবার আরেকজন আরেকস্থান বললেন। পুজোর মধ্যেই বাদকুল্লার আরেকজন বর্ষীয়ান নাগরিক মন্দিরের অবস্থান উপরিউক্ত দুজায়গায় নয়, তৃতীয় জায়গার কথা বলেছিলেন । এত সব বিতর্ক । আরও প্রশ্ন মন্দিরটি কে তৈরি করান? মন্দিরটি ধ্বংসই বা হল কেন ? নদিয়ায় তো একাধিক টেরাকোটার মন্দির স্বমহিমায় বিরজমান। তাহলে ওই মন্দিরে কী এলাকাবাসী পুজো করতেন না? যদি পুজো করতেন তাহলে সংস্কার তারা করাননি ?
নদিয়ায় আরও অনেক মন্দির আছে কিন্তু সেসব মন্দিরের সাথে রবীন্দ্র অভিজ্ঞতার স্মৃতি জড়িয়ে নেই । কিন্তু চন্দনদহের মন্দিরের সাথে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িয়ে থাকলেও নদিয়ার ওপরে এতসব বই লেখা হয়েছে সেইসব পুরোনো বইপত্রে এই মন্দিরের উল্লেখ নেই কেন? একটাও ছবিও নেই কেন? এখান থেকেই মনে প্রশ্ন জাগে সত্যিই মন্দির কি ছিল? রবীন্দ্রনাথ কী সত্যিই এসেছিলেন? ‘সহজপাঠে’র. “অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে / পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে” অর্থাৎ এখানে কী চন্দনদহ গ্রাম এবং সেখানকার পোড়ো মন্দিরের কথায় বলা হয়েছে? অঞ্জনা নদীর তীরে চন্দনী বলে অন্য কোনো গ্রাম নেই তো?
প্রত্যেকের মতামত আশা করি। যুক্তি এবং যুক্তির সপক্ষে রেফারেন্স দিলে ভালো লাগবে ।
লেখক : পাপাই শিকদার, বিজ্ঞান কর্মী, বাফকুল্লা বিজ্ঞান পরিষদ, বাদকুল্লা, নদীয়া ।
