Posted on: October 4, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

জেন মরিস গুডল (Jane Morris Goodall, জন্ম ৩ এপ্রিল ১৯৩৪, লন্ডন, যুক্তরাজ্য) পৃথিবীর অন্যতম খ্যাতিমান প্রাইমেট বিশেষজ্ঞ, নৃবিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনের কণ্ঠস্বর। শৈশব থেকেই তিনি প্রাণীজগৎ সম্পর্কে কৌতূহলী ছিলেন এবং প্রাণীদের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণের অভ্যাস গড়ে তোলেন। উচ্চশিক্ষার শুরুতে তিনি প্রচলিত বিশ্ববিদ্যালয় ডিগ্রি না পেলেও ১৯৬০ সালে বিখ্যাত নৃতত্ত্ববিদ লুইস লিকির সহযোগিতায় তানজানিয়ার গোম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে শিম্পাঞ্জি নিয়ে গবেষণা শুরু করেন। তাঁর আবিষ্কার— যে শিম্পাঞ্জিরা মানুষের মতো যন্ত্র ব্যবহার করতে পারে, জটিল সামাজিক সংগঠন গড়ে তুলতে সক্ষম এবং আবেগ প্রকাশ করে—প্রাণী আচরণবিদ্যায় এক বৈপ্লবিক পরিবর্তন আনে। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যা তাঁকে একজন স্বীকৃত গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করে।

👆জেন গুডল (৩ এপ্রিল ১৯৩৪ – ১ অক্টোবর, ২০২৫): দ্য শিম্পাঞ্জি লেডি, যিনি প্রাইমেটদের গবেষণায় বিপ্লব এনেছেন। [ছবি সৌজন্য: গুগল (Google)]

গোম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে গবেষণায় গুডল যে আবিষ্কারগুলি করেন তা ছিল বিপ্লবাত্মক—শিম্পাঞ্জিরা মানুষের মতো যন্ত্র ব্যবহার করতে সক্ষম, তারা আবেগ প্রকাশ করে, জটিল সামাজিক কাঠামো গড়ে তোলে এবং এমনকি সহযোগিতামূলক শিকার করতেও সক্ষম। এই পর্যবেক্ষণগুলো মানুষের সঙ্গে প্রাণীর সীমারেখাকে ভেঙে দেয় এবং নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান ও জীববিজ্ঞানে নতুন বিতর্ক ও গবেষণার দিক উন্মোচন করে (Goodall, 1971; Goodall,1986)। পরবর্তী কর্মজীবনে তিনি ১৯৭৭ সালে Jane Goodall Institute প্রতিষ্ঠা করেন, যা শিম্পাঞ্জি সংরক্ষণ, বনাঞ্চল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়নে কাজ করে।

কেন জেন গুডল এত জনপ্রিয় ?

১) অগ্রণী গবেষক হিসেবে অবদান: তিনি প্রথম দেখান যে শিম্পাঞ্জিরা মানুষের মতোই যন্ত্র ব্যবহার করতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে ও জটিল সামাজিক সম্পর্ক গড়ে তোলে। এই আবিষ্কার মানুষের সাথে প্রাণীর সীমানা ভেঙে দেয়।

২) প্রকৃতি সংরক্ষণে কাজ: ১৯৭৭ সালে Jane Goodall Institute প্রতিষ্ঠা করে তিনি শিম্পাঞ্জি ও বনাঞ্চল রক্ষায় বৈশ্বিক উদ্যোগ নেন। তিনি প্রমাণ করেন যে প্রকৃতি সংরক্ষণ তখনই সম্ভব, যখন স্থানীয় মানুষও সেই উদ্যোগের অংশ হয়।

৩) যুবসমাজকে অনুপ্রাণিত করা: ১৯৯১ সালে তিনি যুবসমাজকে পরিবেশ, প্রাণীকল্যাণ ও মানবতার কাজে যুক্ত করতে Roots & Shoots Program চালু করেন, যা বর্তমানে ৬০টিরও বেশি দেশে সক্রিয়।

৪) শান্তির দূত ও পরিবেশ আন্দোলনের কণ্ঠস্বর: জীবনের পরবর্তী পর্যায়ে গবেষণা ছেড়ে তিনি পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে বেশি মনোযোগী হন এবং ২০০২ সালে জাতিসংঘ তাঁকে ‘Messenger of Peace’ ঘোষণা করে। জাতিসংঘের প্রদত্ত ‘শান্তির দূত’ হিসাবে তিনি আজীবন জলবায়ুর পরিবর্তন, বন-প্রকৃতি পুনরুদ্ধার, প্রাণীর অধিকার ও মানব কল্যাণে সারাবিশ্বে প্রচার চালিয়ে গেছেন।

৫) আশার প্রতীক: জেন গুডল তাঁর দীর্ঘ গবেষণা ও সামাজিক কর্মকাণ্ড থেকে একটি মূল বার্তা দিয়েছেন—“প্রতিটি মানুষ পরিবর্তন আনতে পারে।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীকে রক্ষার দায়িত্ব শুধু বিজ্ঞানী বা নীতিনির্ধারকদের নয়, বরং প্রতিটি মানুষের। ছোট ছোট উদ্যোগ—যেমন গাছ লাগানো, প্রাণীর প্রতি সদয় হওয়া, অপচয় কমানো বা সমাজের জন্য ইতিবাচক কাজ করা—একসাথে মিলে বড় পরিবর্তন সৃষ্টি করতে পারে। তাঁর এই দর্শন আজ বিশ্বব্যাপী তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে পরিবেশ সংরক্ষণ ও মানবিক উন্নয়নের কাজে যুক্ত হতে।

সাধারণ এক তরুণী থেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠার গল্প কোটি মানুষকে অনুপ্রাণিত করে। আজীবন নিরলস ভ্রমণ, বক্তৃতা, গবেষণা ও লেখালেখির মাধ্যমে তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে প্রতিটি ব্যক্তি প্রকৃতি রক্ষা ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে। জীবনের শেষ ভাগে তিনি গবেষণা থেকে কিছুটা সরে এসে মূলত পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও মানবিক সচেতনতা বৃদ্ধির প্রচারক হিসেবে কাজ করেন (Goodall & Abrams, 2021)। ফলে তিনি শুধু একজন প্রাইমেটোলজিস্ট নন, বরং সমগ্র মানবসমাজের কাছে এক অনন্য দায়িত্বশীল বিজ্ঞানী ও বিশ্ব-নাগরিক হিসেবে চিহ্নিত। তাঁর মৃত্যু (১ অক্টোবর, ২০২৫) একটি যুগের অবসান ঘটালেও তিনি থেকে যাবেন পৃথিবীর কাছে গবেষণা, মানবিকতা ও আশার এক প্রতীক হিসেবে।

লেখক : পুলকেশ পাড়ই, 

সহকারি অধ্যাপক, হুগলি মহসিন কলেজ, চুঁচুড়া ।

সূত্র :

  •  ছবি সৌজন্য: গুগল (Google)

• Goodall, J. (1971). In the Shadow of Man. Boston: Houghton Mifflin.

• Goodall, J. (1986). The Chimpanzees of Gombe: Patterns of Behavior. Harvard University Press.

• Goodall, J., & Abrams, D. (2021). The Book of Hope: A Survival Guide for Trying Times. Celadon Books.


Spread the love

Leave a Comment