NOVA আজকে “মার্চ ফর সায়েন্স” সহযোগী-সংগঠন হিসেবে পদযাত্রায় অংশগ্রহণ করে আন্দোলনের সুর ও শক্তি বৃদ্ধি করে …..
ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স – কলকাতা অর্গানাইজিং কমিটির আহ্বানে আজ কলকাতায় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্ত্তির পাদদেশ থেকে ধর্মতলা পর্যন্ত ‘মার্চ ফর সায়েন্স’ অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রী ও বিজ্ঞান অনুরাগী মানুষ বিপুল উৎসাহ নিয়ে দাবির পক্ষে সোচ্চার হয়েছেন ও অংশগ্রহণ করেছেন। এই ‘মার্চ’-এ নেতৃত্ব দেন অধ্যাপক অমিতাভ দত্ত, অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখার্জী, অধ্যাপক সৌমিত্র ব্যানার্জী, এবং আরও অনেকে। ‘মার্চ ফর সায়েন্স’ এর শুরুতে কলেজ স্কোয়ারে একটি সভা অনুষ্ঠিত হয় এবং ডাঃ নরেন্দ্র দাভোলকরের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপস্থিত বিভিন্ন বিজ্ঞানী ও অধ্যাপক বক্তব্য রাখেন।
গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন ক্রমশ তীব্রতর হচ্ছে। অথচ আমাদের দেশে আজ বিস্তৃত বনভূমি ধ্বংস, উদ্বেগজনক হারে ভূগর্ভস্থ জলস্তর হ্রাস, এবং নদী ও জলাশয়গুলোর নিরবচ্ছিন্ন দূষণের সাক্ষী হচ্ছি। ছত্তিশগড় ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো বিস্তীর্ণ বনভূমি কর্পোরেট স্বার্থে ‘উন্নয়ন’-এর নাম করে তুলে দেওয়া হচ্ছে, আর সেই উদ্দেশ্যে দেশের পরিবেশ আইন, বন আইন ও এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট-এ একাধিক সংশোধন আনা হয়েছে। এই অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ শোষণের ফলাফল অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক—‘এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স 2024’-এ ভারত 180টি দেশের মধ্যে 176তম স্থানে অবস্থান করেছে, যা আমাদের পরিবেশগত সংকটের এক নির্মম প্রতিচ্ছবি।

কেন্দ্রীয় সরকার লকডাউনের সময়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে যা সর্বাত্মকভাবে প্রথাগত শিক্ষার বুনিয়াদকে ধ্বংস করছে এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম এর নাম করে অবৈজ্ঞানিক, কাল্পনিক নানা বিষয়কে শিক্ষাক্রমের মধ্যে নিয়ে আসছে। বৈজ্ঞানিক সত্য ও ইতিহাসকে বিকৃত করার ধারাবাহিক সুপরিকল্পিত প্রচেষ্টা চলেছে। ভ্রান্ত-কুসংস্কারাচ্ছন্ন চিন্তা ও অন্ধবিশ্বাস দ্রুত সমাজমননে প্রসার লাভ করছে। অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিজ্ঞান বিরোধী শক্তির সক্রিয়তা দিনে দিনে বাড়ছে।

2023 সালে, কেন্দ্রীয়ভাবে পরিচালিত এনসিইআরটি (NCERT) স্কুল পাঠ্যক্রম থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়েছে—এর মধ্যে রয়েছে ডারউইনের বিবর্তন তত্ত্ব, মেন্ডেলিভের পর্যায় সারণি, মোগল আমলের ইতিহাস, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে অধ্যায়। দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও শিক্ষাবিদদের তীব্র সমালোচনার পরেও এই অপরিহার্য বিষয়গুলো এখনো পাঠ্যক্রমে ফিরিয়ে আনা হয়নি।

একবিংশ শতাব্দীতেও ভারতীয় সমাজ গভীর কুসংস্কারে জড়িয়ে আছে, ফলে অসাধু ব্যক্তিরা প্রতারণা ও ভয়ের মাধ্যমে সহজ-সরল মানুষদের শোষণ করে চলেছে। ডাইনি অপবাদ, মানব বলি, এবং অলৌকিক চিকিৎসা বা বশীকরণের নামে প্রতারণার মতো অমানবিক ও প্রতারনামূলক কার্যকলাপ দেশের বিভিন্ন প্রান্তে আজও বিদ্যমান। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ডাঃ নরেন্দ্র দাভোলকরকে, যিনি কালাজাদু বিরোধী আইন প্রণয়নের দাবিতে আজীবন সংগ্রাম চালিয়েছেন। এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সারা দেশে কালাজাদু বিরোধী আইন বাস্তবায়ন করাই সময়ের দাবি।

আজ দেশের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো চরম অর্থসংকটে ভুগছে। গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ মূলত ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড’ (ANRF)-এর অধীনে কেন্দ্রীভূত, এবং বর্তমানে এই সংস্থা বিপুল পরিমাণ সরকারি অর্থ বেসরকারি খাতে ঢালার পরিকল্পনা করছে, যার ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তহবিলের অভাবে জর্জরিত হয়ে পড়ছে। সরকার-সমর্থিত জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) এবং ন্যাশনাল পোস্টডক্টোরাল ফেলোশিপ (NPDF)-এর সংখ্যাও প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম, এবং নেট (NET) বা ইউজিসি (UGC) ফেলোদের অনেক সময় বৃত্তির অর্থ পেতে দীর্ঘ বিলম্বের সম্মুখীন হতে হচ্ছে।

আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে নদীগুলি আজ নাব্যতা ও দূষণের দিক থেকে চরম বিপদের মুখে। নদীর বালি ও মাটি নির্বিচারে তোলা হচ্ছে নদীবক্ষ থেকে। জলাভূমি ধ্বংস করা হচ্ছে লাগামহীনভাবে—বিশেষত পূর্ব কলকাতার বিপন্ন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস-ও এর থেকে রেহাই পাচ্ছে না। রাজ্যজুড়ে ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে; এমনকি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যও রক্ষা পাচ্ছে না। এই রাজ্যে সার্বিকভাবে সরকারি শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে। স্কুলের পরিকাঠামো জরাজীর্ণ অবস্থায়, শিক্ষক-সংখ্যা অত্যন্ত কম, ছাত্রছাত্রী কমছে, বিশেষত যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, এবং একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।
এইসব সমস্যাগুলিকে সামনে রেখে নিম্নলিখিত দাবিগুলির সমর্থনে আমাদের দেশের বিজ্ঞানীমহল বিগত বছরগুলির মতো আজ 20 আগস্ট ‘ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সে’ সামিল হয়েছেন।

বিজ্ঞানী-সমাজের দাবিগুলি হলো –
(1) ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ এর নামে অবৈজ্ঞানিক, কাল্পনিক বিষয়কে শিক্ষাক্রমের মধ্যে নিয়ে আসা বন্ধ করতে হবে। শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণেরপরিপন্থী চিন্তার অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
(2) সংবিধানের 51(a) ধারা অনুযায়ী ভ্রান্ত কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণার প্রসার বন্ধ করতে হবে এবং জনসাধারণের মধ্যে বিজ্ঞানমনস্কতার প্রসার করতে হবে। সর্বক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণনির্ভর নীতি গ্রহণ করতে হবে।
(3) দেশের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে মুনাফালোভী কর্পোরেটের হাতে তুলে দেওয়া চলবে না। বিশ্ব উষ্ণায়ন রোধে এবং বিজ্ঞানসম্মতভাবে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করার অঙ্গীকার সরকারকে নিতে হবে।
(4) জলবায়ু সংকট ও পরিবেশ ধ্বংসের মোকাবিলায় জরুরি ভিত্তিতে তথ্যনির্ভর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, এবং মানুষের ওপর তার বিরূপ প্রভাব থেকে সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।

(5) শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটের অন্তত 10% ও রাজ্য বাজেটের অন্তত 30% বরাদ্দ করতে হবে। সমস্ত স্তরের সরকারি শিক্ষায় ছাত্রছাত্রীদের ফি উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।
(6) ভারতের জ্ঞানভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজবিজ্ঞান গবেষণায় মোট জিডিপির অন্তত 3% বিনিয়োগ করতে হবে।
(7) অমানবিক, কুসংস্কারাচ্ছন্ন ও শোষণমূলক কর্মকাণ্ড নির্মূল করতে দেশব্যাপী কালাজাদু বিরোধী আইন প্রণয়ন করতে হবে।
(8) গবেষণাসংক্রান্ত সমস্ত সামগ্রী ক্রয় GST-র আওতার বাইরে রাখতে হবে এবং গবেষণারত ছাত্রছাত্রীদের বৃত্তি ও ফেলোশিপ নিয়মিত ও সময়মতো প্রদান নিশ্চিত করতে হবে।
অধ্যাপক অমিতাভ দত্ত, চেয়ারম্যান
ড. নীলেশ রঞ্জন মাইতি, কনভেনর
#IMFSKolkata #Kolkata #IndiaMarchForScience #ScientificTemper #EnvironmentalCrisis #20august #কলেজেস্কয়ারে
===============
প্রতিবেদক : অধ্যাপক পুলকেশ পাড়ই, সম্পাদক, নোভা কলকাতা ।
