তহমীনা খাতুনকে মনে পড়ে?
সেটা ১৯৯৩। কলেজে ভর্তির ফর্মে ধর্মের কলামে ঢ্যাঁড়া দিয়েছিল সেই মেয়ে। আর তাই তার বি এড-এ ভর্তি হওয়া হয়ে ওঠেনি। তবে হাল ছাড়েনি সে। আইনী লড়াই লড়ে কর্তাব্যক্তিদের বাধ্য করেছিল সে পিছু হটতে। মাঝে ন’বছর কেটে গিয়েছিল। সেই লড়াই নাড়া দিয়ে গিয়েছিল অনেককে।
ন’বছর কেটে যাওয়ায় তার আর স্কুলে শিক্ষক হওয়া হয়নি। তবে সে সমাজকেই শিক্ষা দিয়ে গিয়েছিল। আজ কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ফর্মে ধর্ম লেখা বাধ্যতামূলক নয়।
ইতিহাস পড়েছিল সে। আবার ইতিহাস গড়েওছিল। লিখেছিল তার আত্মজীবনী। ব্যক্তিগত অথচ রাজনৈতিক। সেই মেয়ে আর বেঁচে নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছে সেই মেয়ে।
তহমীনাদির মৃত্যুর পরের প্রথম জন্মদিন ছিল কাল। তার কাছের মানুষরা ছয় শতাধিক পাতার একটা বই বের করলেন কাল। বইয়ের নাম তহমীনা খাতুন এক আগুনপাখি। সেই আগুনপাখিকে নিয়ে আমার একটা লেখা সেই বইতে আছে। বন্ধুদের পড়াতে ইচ্ছে করল।
……..……………………………………………………..
কাগজে দেখা চরিত্র থেকে কাছের মানুষ
খবরের কাগজে খবর বেরিয়েছে যে একজন বি এড কলেজে ভর্তির সব যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজে ভর্তি হতে পারেনি। তার অপরাধ ষে সে ভর্তির ফর্মে ধর্মের কলামে ঢ্যাঁড়া দিয়েছে আর নিজের বিবাহিত পরিচয় দিয়েও জন্মসূত্রে হিন্দু বরের পদবী নিজের জন্মসূত্রের ইসলামিয় নামের সঙ্গে যোগ করেনি। এটা যে কিকরে অপরাধ হতে পারে আর তার জন্য তার ভর্তির আবেদন অগ্রাহ্য হতে পারে, সেটা কিছুতেই বুঝতে পারেনি সে ছেলে। সেটা ১৯৯৩ সালের ঘটনা। মনে রাখতে হবে তখন পশ্চিমবঙ্গে বামপন্থী প্রগতিশীল সরকার ক্ষমতায় আসীন। তার বছর দুয়েক আগেই লোকসভা নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। অসীম আত্মবিশ্বাসী বামফ্রন্ট পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার একবছর আগেই বিধানসভা নির্বাচন সেরে নিয়েছে আর প্রত্যাশিতভাবেই গঠিত হয়েছে চতুর্থ বামফ্রন্ট সরকার। এমন এক বামপন্থী প্রগতিশীল রাজ্যে এমন ঘটনা ঘটতে পারে, ভেবে অবাক হয়েছিল সে ছেলে।
এরপর দুটো ঘটনা ঘটতে পারত। সেই ছাত্রী বি এড-এ ভর্তি হওয়ার স্বার্থে কর্তৃপক্ষের চাপে ফর্মে তার নামের পাশে বরের পদবী লিখতে পারত, লিখে দিতে পারত জন্মসূত্রে অথবা বিবাহসূত্রে কোনও একটা ধর্মের পরিচয়। অথবা এই অবিচার মেনে নিয়ে সে চুপ করে যেতে পারত। কিন্তু দুটোর কোনওটাই হল না। উল্টে তহমীনা বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু করল। বিষয়টি খবরের কাগজে ‘খবর হল। এমনকি আনন্দবাজার পত্রিকার মত বড় দৈনিক সংবাদপত্র এই নিয়ে সম্পাদকীয় বের করল (২৩ জুন ১৯৯৩)।

তাতেও তহমীনা ভর্তি হতে পারল না। উল্টে অপেক্ষমান তালিকা থেকে ছাত্র ভর্তি হয়ে গেল। এরপরে আক্ষরিক অর্থে আইনের সাহায্য নেওয়া ছাড়া তহমীনার সামনে আর কোনও উপায় রইলো না। আদালতে মামলা করল তহমীনা। মামলায় তহমীনার অনুকূলে রায়ও বেরোল। বলা হল, তহমীনাকে ভর্তি না করে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা যাবে না। আর শিক্ষাবর্ষ শুরু করতে গেলে তহমীনার জন্য একটা আসন রেখে দিতে হবে। কিন্তু সেসব কিছুই হল না। ক্লাস শুরু হয়ে গেল। তহমীনার লড়াই থামল না। একের পর এক আদালতে যাওয়া, বিশিষ্ট লোকদের চিঠি লেখা, এমন কাজ তহমীনা করে যেতে লাগল। বিভিন্ন খবরের কাগজে তহমীনার লড়াইয়ের খবর বেরোতে লাগল। আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, এশিয়ান এজ খুব ভাল ভূমিকা পালন করল। খবরের কাগজে নিজস্ব কলামে বিষয়টি নিয়ে লিখলেন মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেনের মত বিশিষ্টজনেরা। তবে তাতেও ভবি ভুলল না।
সেদিনের অনার্সের ছাত্র, তার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়ম করে কলকাতার প্রায় সব সংবাদপত্রের পাতা উল্টোত। ফলে তার চোখে পড়ত তহমীনার খবর। কিন্তু তারপরে তারই কি আর সেই লড়াই চোখে পড়ত? যত দূর মনে পড়ে, তহমীনার খবর আবার বড় করে উঠে এল ২০০২ সালে যখন দীর্ঘ ন’বছর আইনী লড়াই লড়ার পরে তহমীনা শেষ পর্যন্ত বি এড কলেজে ভর্তি হতে পারল। সবচেয়ে মজার কথা তার পরে ক্ষমতাসীন প্রধান বামপন্থী দলের মহামহিম শাখা সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী জানালেন, তাঁরা বিষয়টি জানতে পারার পরে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাকে বলার পরেই নাকি তহমীনার ভর্তি হওয়া সম্ভবপর হয়েছে! জানা গেল না, এরাজ্যে ক্ষমতাসীন হওয়া সত্ত্বেও কেন তাঁরা এই লড়াইয়ের কথা দীর্ঘ ন’বছর ধরে জানতে পারলেন না!

এই মেকি বামপন্থার ব্যাপারে বরাবরই সচেতন ছিলেন তহমীনা। আর নিজে কোনওভাবেই এই মেকির দলে নাম লেখাবেন না বলেই তিনি প্রাতিষ্ঠানিক ধর্মে আশ্রয় খোঁজেন নি। ‘পাছে লোকে কিছু বলে’ ভেবে লোকাচার মানার দলে ভিড় বাড়ান নি।
আর তাঁর এই লড়াইয়ে সব সময়ের সঙ্গী ছিলেন তাঁর জীবনসঙ্গী সুকুমার, সুকুমার মিত্র। তিনি এক বিশিষ্ট সাংবাদিক। বিশেষ করে এরাজ্যে রাজনৈতিক পালাবদলের সময়ে নন্দীগ্রাম পর্বে তাঁর ভূমিকা অপরিসীম। আক্ষরিক অর্থে জীবনের ঝুঁকি নিয়ে তিনি নন্দীগ্রাম আন্দোলনের খবর পাঠকের কাছে হাজির করতেন, মূলত দৈনিক স্টেটসম্যান কাগজের পাতায়। আর সেই পর্বে অকুতোভয় সুকুমারের ভরসা ছিল তহমীনার দেওয়া সাহস।
তহমীনা ইতিহাসের ছাত্রী, সুকুমারও তাই। আর দুজনেই আঞ্চলিক ইতিহাসপ্রেমী। তহমীনার বড়ো আব্বা (জ্যাঠামশাই) প্রত্নতত্ত্ববিদ ও হাড়োয়া অঞ্চলের কমিউনিস্ট সংগঠক এম. এ. জব্বারের আঞ্চলিক ইতিহাস ও প্রত্নতত্ত্ব সংগ্রহশালায় একযোগে কাজ করতে করতে দুজনে আঞ্চলিক ইতিহাসচর্চায় আরও বেশি মনোযোগী হয়েছেন। তাঁদের চর্চা নিজের অঞ্চলকে ভালোবেসে তার সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়োজিত। আর সেজন্যই ২০০০ সালের বন্যা তহমীনাকে ভাবিয়ে তোলে। তিনি মনে করেন, বন্যা নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলোকে সংকলিত করে গ্রন্থবদ্ধ করে রাখা দরকার। আর তাই তিনি সংকলন ও সম্পাদনা করলেন “বন্যা ২০০০” শীর্ষক বইয়ের যা প্রকাশিত হল ২০০১এর বইমেলায়। বইটি প্রকাশ করল “নদী ও ভূপ্রকৃতি” যার সম্পাদক তহমীনার সহযোদ্ধা সুকুমার। যেটা তাৎপর্যপূর্ণ বইটি নিছক একটি প্রবন্ধ সংকলন হল না। তহমীনা তাঁর ‘সংকলন কথা’-য় তহমীনা বন্যার প্রসঙ্গ ও প্রেক্ষিত বিশ্লেষণ করলেন। স্পষ্ট ভাষায় লিখলেন, “ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরোধকে সুকৌশলে কিছু সুযোগসন্ধানী বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ কাজে লাগাতে যে সব তত্ত্ব ও তথ্য হাজির করা শুরু করলেন তা অবাস্তব, অযৌক্তিক ও অবৈজ্ঞানিকও বটে।” তহমীনা যথার্থ ইতিহাসসন্ধানীর মত সাম্প্রতিক লেখার সঙ্গে গ্রন্থবদ্ধ করলেন বিশিষ্ট নদী বিজ্ঞানী কপিল ভট্টাচার্যের ১৯৭৮ সালে দেওয়া এক সাক্ষাৎকার। আর গ্রন্থের ভূমিকা লেখার ভার দিলেন বিশিষ্ট ভূগোলবিদ অধ্যাপক সুনীল মুন্সীকে। এক কথায় বলা যায় সামান্য এক সংকলন গ্রন্থে তহমীনা ছাপ রাখলেন তাঁর মেধা, অধ্যাবসায়, নিষ্ঠা, ইতিহাসবোধ, পরিবেশ ভাবনা এবং অঞ্চল অনুরাগের। বলা বাহুল্য এর সঙ্গে জুড়ে রইলো তাঁর মানবদরদী মনের পরিচয়।
এই মানবদরদের পরিচয় মেলে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা “চেনা মুখ অচেনা মানুষ” (২০১৯)-এ। এই বইয়ে তহমীনা নিজের জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করলেন। লিখলেন তাঁর জীবনের সংগ্রামের কাহিনি। তার মধ্যেও তহমীনার মানবদরদী মন কিভাবে লুকিয়ে আছে তার একটা উদাহরণ দিই। কারুর ব্যবহার তাঁকে পীড়া দিয়েছে; সেই পীড়াদায়ক ঘটনা তিনি বর্ণনা করছেন কিন্তু সেখানেও পীড়াপ্রদানকারী ব্যক্তিদের চরিত্রের নাম পাল্টে দিয়েছেন যাতে তাঁদের অপদস্থ হতে না হয়। পড়তে গিয়ে মনে হয়, এতটা দরদ মানুষের মধ্যে থাকা সম্ভব! তহমীনার এই বইটি ইতিহাসের আকর। পশ্চিমবঙ্গের সামাজিক ইতিহাসে জাতি বর্ণ ধর্মের সমীকরণ বুঝতে গেলে ভবিষ্যতের গবেষকদের, সমাজবিজ্ঞানীদের এই বইয়ের পাতা উল্টোতেই হবে। দুজন মুক্তমনা মানুষ, যাঁরা পরস্পরকে ভালবেসে এবং শ্রদ্ধা করে দেশের বিশেষ বিবাহ আইনে সই করে যৌথ জীবন যাপন করতে শুরু করেছিলেন তাঁদের পদে পদে অসম্মান, অপমান করেছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, হাসপাতাল, এমন কি পুলিশ। আবার তহমীনা কত সাধারণ মানুষ, বিদগ্ধজনের ভালোবাসা, সমর্থন, সহযোগিতা পেয়েছেন, তাও লিপিবদ্ধ রয়েছে এই বইতে। মহাশ্বেতা দেবী ছিলেন তহমীনার চিরশুভার্থী। পাশে ছিলেন আরও কত মানুষ। নাম করা যায় বিপ্লবী সুশীল কুমার ধাড়া, বিপ্লবী কুমুদিনী ডাকুয়া, সাংবাদিক গৌরকিশোর ঘোষ, ঐতিহাসিক অমলেন্দু দে, ঐতিহাসিক নিশীথরঞ্জন রায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন, বিজ্ঞান লেখক ভবানীপ্রসাদ সাহু প্রমুখের।
তহমীনাদির আর একটা বইয়ের কথা না বললেই নয়। তা হল “পথিকৃৎ বাঙ্গালি নারী” (২০২০)। এই বইতে তিনি এমন পঞ্চাশজন বাঙ্গালি নারীর জীবনকথা লিখলেন যাঁদের জীবনকথা আদৌ সুলভ নয়। তিনি এমন বিশিষ্ট নারীদের বেছে নিলেন যাঁরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করেছেন; নানান নিষেধের বেড়াজাল পার হয়ে নিজেরা এগোতে পেরেছেন, অন্যদের এগিয়ে যেতে সাহায্য করেছেন। এই তালিকায় রয়েছেন বাংলার প্রথম আত্মজীবনী রচয়িতা নারী রাসসুন্দরী দেবী, লেখিকা সরলাবালা সরকার, কবি কামিনী রায়, ভারতী পত্রিকার সম্পাদক সাহিত্যিক স্বর্ণকুমারী দেবী, বাংলাদেশের প্রথম মহিলা শহিদ কবি মেহেরুন্নিসা। গ্রন্থটিতে রয়েছে অনেক নারী সাহিত্যিকের জীবনকথা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রিয়ংবদা দেবী, নিরূপমা দেবী, অনুরূপা দেবী, প্রভাবতীদেবী সরস্বতী, কুসুমকুমারী দেবী প্রমুখ।
যেটা তাৎপর্যপূর্ণ যে-সমস্ত নারীর জীবনকথা যাও বা পাওয়া যায় তাঁরা প্রায় সকলেই হিন্দু; আর সেখানেই তহমীনাদির বইটির অনন্যতা। তহমীনাদি পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মুসলমান সমাজের বিশিষ্টাদের সঙ্গে। এঁদের মধ্যে উল্লেখ্য রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি নারীর অধিকার অর্জনের লক্ষ্যে লড়াই করেছিলেন। নারীর ভোটাধিকার আন্দোলনের নেত্রী শামসুন নাহার মাহমুদ, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনোয়ার বাহার চৌধুরী, এম ফতেয়া খানম প্রমুখর নামও উল্লেখযোগ্য। বইতে রয়েছে বিপ্লবী বীণা দাস, বামপন্থী রাজনৈতিক কর্মী ইলা মিত্র, বিপ্লবী কুমুদিনী ডাকুয়া, নারী সাংবাদিক লায়লা সামাদের কথা। এইসব নারীর জীবন সংগ্রামের কথা পড়তে পড়তে মনে পড়ে যায় ক্যারল হ্যানিসের বিখ্যাত কথা, “পারসোনাল ইজ পলিটিকাল” বা ব্যক্তিগত বিষয়ও রাজনৈতিক।
শুধু এই বইটার ক্ষেত্রেই যে একথা প্রযোজ্য তা নয়, তা প্রযোজ্য তহমীনাদির জীবনের ক্ষেত্রেও। তাঁর সংগ্রাম ব্যক্তিগত কিন্তু তা অবশ্যই রাজনৈতিক। আর সেজন্যই জরুরি তহমীনাদির এই লড়াইয়ের ইতিহাসকে যথাযথভাবে লিপিবদ্ধ করে রাখা।
কিন্তু কী আশ্চর্য! এই লেখা শুরু করেছিলাম তহমীনা খাতুনের নাম লিখতে লিখতে। আর লেখার শেষে এসে দেখছি সেই তহমীনা খাতুন কখন যেন তহমীনাদি হয়ে গেছেন। আসলে যাঁর নামের সঙ্গে প্রথম পরিচয় খবরের কাগজের প্রতিবেদনে তিন দশক পরে দেখি তিনি আমার তহমীনাদি হয়ে গেছেন। কখনও তাঁর বইয়ের উদ্বোধন করতে গিয়েছি, কখনও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেছি। একই মঞ্চে পাশাপাশি বসেছি; তাঁর আন্তরিকতার পরশে ধন্য হয়েছি।
তহমীনাদিকে আমরা এক কঠিন অসুখে হারিয়েছি। কিন্তু কে বলে যে তিনি নেই? তিনি আছেন আমাদের মনের মধ্যে, তাঁর লেখাপত্রে আর লড়াইয়ের ইতিহাসে।
[পাঠকের প্রতি বিশেষ অনুরোধ লেখাটি পড়ে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন ।]
‐——————————————————————-
লেখক:
অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়,
ইতিহাস বিভাগ , কল্যাণী বিশ্ববিদ্যালয়
