Posted on: May 30, 2024 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

কথামুখ :

এ লেখা যখন প্রকাশিত হবে ততদিনে ভারতবর্ষের ১৮তম লোকসভা গঠনের জন্য দেশজুড়ে ভোটপর্ব শেষ। দেশের প্রাপ্তবয়স্ক মানুষ তাদের নানান অভাব, অভিযোগ ও দুর্নীতির বিরুদ্ধে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আগামী দিনে কেন্দ্রে ‘এনডিএ’ অথবা ‘ইন্ডিয়া’ জোটের নব-নির্বাচিত সাংসদরা মিলিজুলি সরকার গড়বেন। নির্বাচনী ইস্তাহারে রাজনৈতিক দলগুলি যা কিছু কথা দিয়েছে পরিবেশ রক্ষা সহ, মানুষ আশা করবেন সেগুলি আগামী পাঁচ বছরের মধ্যে সরকার বাস্তবায়িত করবে, যদিও অতীত অভিজ্ঞতা অন্য কথা বলে। পরিবেশকর্মী থেকে শুরু করে পরিবেশপ্রেমী মানুষ নানান পরিবেশ সংকট কাটিয়ে পরিবেশ সংরক্ষণে সরকারের সদর্থক ভূমিকা দেখার অপেক্ষায় থাকবেন।

 একটি অপ্রিয় সত্য :

বিগত তিন দশকে লোকসভায় যে প্রশ্নোত্তর পর্ব হয়েছে, সংসদের ওয়েবসাইট-এর পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, পরিবেশ-প্রসঙ্গ সেখানে ব্রাত্যই থেকেছে। প্রতি দশকজুড়ে লোকসভায় উত্থাপিত মোট প্রশ্নসংখ্যার নিরিখে পরিবেশ সংক্রান্ত প্রশ্নের শতাংশের অনুপাত হল ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ২.৪৬ শতাংশ, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩.৪৫ শতাংশ এবং ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৩.৬০ শতাংশ। অর্থাৎ কিনা গত তিন দশকে লোকসভার প্রশ্নোত্তর পর্বে পরিবেশ সংক্রান্ত প্রশ্নের অনুপাত এর গড় মাত্র ৩ শতাংশের কাছাকাছি। এ থেকে স্পষ্টতই বোঝা যায় যে, সংসদে বা সাংসদের কাছে পরিবেশের গুরুত্ব অতি মামুলি।

 যা না বললেই নয় :

১৯৭৪ সাল থেকে আজ অবধি ভারতবর্ষে প্রায় ২৫টি পরিবেশ বিধি ও নিধি চালু আছে। এগুলির প্রায়োগিক দিকটি দেখার কথা কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর। কিন্তু অতি দুঃখজনক হলেও সত্য যে, ভারতে এই বিধি ও নিধিগুলির কার্যকারিতা প্রায় শূন্যমার্গে। যারা দূষণ ঘটাচ্ছে বা নানাভাবে পরিবেশ খুন-এ লিপ্ত, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তা দেখেও কী এক অজানা কারণে মুখে কুলুপ দিয়েছে। বরং বেশ কিছু ক্ষেত্রে দূষণ সৃষ্টিকারী এবং পরিবেশ ধ্বংসকারীদের মুখপাত্রের মতো আচরণ করছে। কোন শিল্প বা বড় প্রকল্প কর গড়তে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশ ছাড়পত্র লাগে। ২০১৪ সালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে কোন পরিবেশ ছাড়পত্র পেতে গড়ে ৬০০ দিন সময় লাগত। ২০১৭ সালে তা কমিয়ে ১৬২ দিন করা হল। অতি দ্রুত ছাড়পত্র দিতে গিয়ে পরিবেশের উপর কোন শিল্প বা প্রকল্পের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলি নিয়ে আলোচনার সময় কমে গেল। এতে পরিবেশের রক্ষাকবচ শিথিল হল। অনেকেই তাই বর্তমানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ‘দূষণ নির্মাণ পর্ষদ’ হিসেবে অভিহিত করছেন। অবশ্য মাঝেমধ্যে মহামান্য আদালতের গুঁতোয় বাধ্য হয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নড়েচড়ে বসতে হচ্ছে।

সমগ্র পরিবেশ রক্ষার ব্যাপারে পরিবেশ দপ্তরেরও বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিবেশ দপ্তর নানান পরিকল্পনা হাতে নেয়। পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ও দূষণ রোধে এই দপ্তরকে নানান সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আরও সদর্থক ভূমিকা নিতে হবে।

জরুরি কয়েকটি পরিবেশ প্রসঙ্গ এবং নির্বাচনী ইস্তাহার :

(ক) ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। মিঠাজলই ভারতের জীবনরেখা। শিল্প এবং ঘর-গেরস্তালির কাজেও মিঠাজল প্রয়োজন। মিঠাজলের চাহিদার ৬৫ শতাংশ আসে মূলত নদী থেকে। ভারতের নদীগুলির অধিকাংশই দূষিত। বেশ কিছু নদী শুকনো, মৃতপ্রায়। কারণ, বরফগলা জলে পুষ্ট নদীগুলির উৎসে ভূউষ্ণায়নে হিমবাহ ক্রমশ সংকুচিত হচ্ছে। আর জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কম হওয়ায় বৃষ্টির জলে পুষ্ট নদীগুলিতে জলের ঘাটতি দেখা দিয়েছে। অবাক হওয়ার মতো ঘটনা যে, ‘নীতি আয়োগ’ এর এক প্রতিবেদন (২০১৯) অনুযায়ী ৮২ কোটি ভারতবাসী মাথাপিছু বছরে জল পায় এক হাজার ঘনমিটার বা তার কম (ফলকেনমার্ক সূচক অনুযায়ী যা সরকার-স্বীকৃত জলসংকট ইঙ্গিতকারী সীমা। এই মানুষদের ষাট শতাংশেরই বাস গঙ্গানদীর অববাহিকায়। বাকিদের বাস অন্য ১১টি নদী অববাহিকায়।

ভারতীয় জনতা দলের ইস্তাহারে নদী পুনরুজ্জীবন এবং নদী-সংযোগ এর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গেই বলা দরকার, এনডিএ সরকার বিগত ১০ বছরে ৩০টি নদী-সংযুক্তি প্রকল্প হাতে নিলেও মাত্র একটি (মধ্যপ্রদেশ-এ কেন-বেতোয়া সংযুক্তি প্রকল্প) চালু হয়েছে। চালু হলেও প্রকল্পটি অতি সমালোচিত এই কারণে যে, এই প্রকল্পের রূপায়নে ৯০০০ হেক্টর জমি ডুবে যাবে, যার মধ্যে ‘পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্র’-এর বাঘ ও শকুনের বাসভূমি রয়েছে।

কংগ্রেস-এর ইস্তাহারে নদীদূষণ কমাতে নদী থেকে বর্জ্য তোলার উল্লেখ থাকলেও কীভাবে তা করা হবে, তার কথা পরিষ্কার বলা নেই। তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে জলাভূমি পুনরুদ্ধার এবং জলাভূমি পুনর্বাসনের কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে তা বাস্তবায়িত হবে, তার সুস্পষ্ট উল্লেখ নেই। আর এ প্রসঙ্গে একটি কথা বলতেই হচ্ছে যে, ১৯৯১ সাল থেকে ২০২১ সাল এই ৩০ বছরে রামসার অঞ্চল ‘পূর্ব কলকাতা জলাভূমি’ তার সামগ্রিক আয়তনের ৩৫ থেকে ৪০ শতাংশ হারিয়েছে। অথচ এর কারণ নিয়ে ইস্তাহারে একটি শব্দও খরচ করা হয়নি। যেমনটি হয়নি রাজ্য পরিবেশ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের জুন মাস পর্যন্ত দায়ের করা মোট ৪৯৩টি ফৌজদারি মামলার বর্তমান অবস্থাটি। জলাভূমি পুনরুদ্ধার বা পুনর্বাসনের জন্য অর্থ দরকার। ২০২৪-২৫ সালের রাজ্য বাজেটে পরিবেশ দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে মোট বাজেটের মাত্র ০.০০০৩ শতাংশ অর্থ। এত কম বরাদ্দে কীভাবে এসব কাজ সহ পরিবেশ দপ্তরের অন্যান্য কাজ চলবে, তা বোধগম্য নয়।

 (খ) জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বাতাসে গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস করে ভূউষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন রোধ করা আবিশ্ব মানুষের সামনে বর্তমানে এক কঠিন চ্যালেঞ্জ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রকাশিত ইস্তাহারে এর উল্লেখ দেখা গেলেও কীভাবে তা কার্যকরী হবে, তার সুস্পষ্ট দিশার অভাব রয়েছে। ২০৭০ সালের মধ্যে ‘নেট জিরো নির্গমন’-এ পৌঁছাতে ভারতের জাতীয় কংগ্রেস পুনর্নবীকরণযোগ্য সবুজ শক্তি উৎপাদন ও ব্যবহারের কথা বলেছে ‘গ্রিন নিউ ডিল’-এ। ভারতীয় জনতা দলও সবুজ শক্তির লক্ষ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের কথা জানিয়েছে। এখানে বলার যে, জলবায়ু পরিবর্তন রুখতে ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী ভারত ২০২২ সালের মধ্যে ১৭৫ গিগাওয়াট নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের অঙ্গীকার করলেও নভেম্বর, ২০২২ পর্যন্ত এই শক্তি উৎপাদনের পরিমাণ ছিল ১১৯ গিগাওয়াট। পৃথিবীর নানান দেশ প্যারিস চুক্তি অনুযায়ী কতটা কথা রাখল, তা খতিয়ে দেখতে ‘ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার’ নামে যে পোর্টাল আছে, তার বিচারে ভারতবর্ষ ‘হাইলি ইনসাফিসিয়েন্ট’ বলে চিহ্নিত হয়েছে (৪/১২/২০২৩। সিপিআইএম-এর ইস্তাহারেও বাতাসে গ্রিন হাউসের গ্যাসের নির্গমন কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করার কথা বলা হয়েছে। আর এই প্রসঙ্গেই জরুরি কিছু কথা বলা দরকার।

সমস্ত পৃথিবী ক্রমশ ‘সবুজ অর্থনীতি’র দিকে ঝুঁকছে। এর অন্যতম এক দিক হল শক্তি-ব্যবস্থায় কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সরিয়ে পুনর্নবীকরণযোগ্য সৌরশক্তি ও বায়ু শক্তির ব্যবহার, যানবাহনে খনিজ তেলের বদলে ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জে চলা গাড়ির ব্যবহার এবং শিল্পে ও শক্তি উৎপাদনে জীবাশ্ম জ্বালানির বদলে হাইড্রোজেন ব্যবহার করা। এতে বাতাসে অনেক কম গ্রিন হাউস গ্যাস মিশে ভূউষ্ণায়ন কমবে। কমবে জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়াজনিত নানান ঘটনা।

নতুন এই সবুজ অর্থনীতির জন্যও দরকার মাটির নিচের খনিজ পদার্থ, যেমন- লিথিয়াম, নিকেল, তামা, কোবাল্ট, গ্রাফাইট ইত্যাদি। এগুলো অধিকাংশ মেলে বনভূমি অঞ্চলে মাটির নিচে যেখানে মূলত আদিবাসী গরিব প্রান্তিক মানুষের বাস। এসব খনিজ পেতে তাই বনাঞ্চল উজাড় হবে, বনের পশুপাখি হারাবে তাদের বাসভূমি, স্থানীয় মানবগোষ্ঠী তাদের বাপ-ঠাকুরদার ভিটে থেকে হবে উৎখাত। এক গালভরা তকমা ‘উন্নয়ন শরণার্থী’ তাদের গায়ের সাঁটা হবে। উৎখাতের আগে পুনর্বাসনের হাজারো প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি। এসব নিয়ে সামগ্রিক পরিকল্পনারও যথেষ্ট অভাব রয়েছে।

 (গ) আর একটি তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ ভূমিক্ষয়। আবিশ্ব লক্ষ লক্ষ হেক্টর জমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এর কুফল ভুগতে হচ্ছে বিশ্বের প্রায় অর্ধেক মানুষকে। জমিক্ষয়ের ঘটনায় বিশ্ব জিডিপি-র অর্ধেক হ্রাসের মুখে। গ্রামীণ সম্প্রদায়, ছোট চাষি এবং অত্যন্ত গরিব প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভূমি পুনরুদ্ধার ভূমিক্ষয়, খরা এবং মরুকরণের অভিমুখকে বিপরীতমুখী করতে পারে। জাতিপুঞ্জ থেকে বিশ্বের মানুষের কাছে এবারের পরিবেশ বার্তা আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। ভূমি পুনরুদ্ধারে বিনিয়োগ করা প্রতিটি ডলার বাস্তুতান্ত্রিক দিক থেকে ৩০ মার্কিন ডলারের পরিষেবা দেয়। ভূমি পুনরুদ্ধার জীবিকা বাড়ায়, দারিদ্র্য কমায় এবং চরম আবহাওয়ার প্রতি স্থিতিস্থাপকতা তৈরি করে। এটি কার্বন সঞ্চয় বাড়িয়ে জলবায়ু পরিবর্তনকে ধীর করে। মাত্র ১৫ শতাংশ জমি পুনরুদ্ধার করে এবং আগামীদিনে ভূমিক্ষয় রুখে দিতে পারলে প্রজাতি বিলুপ্তির ৬০ শতাংশ পর্যন্ত এড়ানো যেতে পারে।

একটু ভাল করে নজর করলে দেখা যায়, চাষের জমির মাটি চড়া দামে বিকোচ্ছে। ইট তৈরিতে এই টপ সয়েল একেবারে প্রথম পছন্দের। বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়েই এই মাটি যায় বিভিন্ন ইটভাটায়। নদীর ধারে গজিয়ে ওঠা ইটভাটাগুলো অবাধে মাটি কাটে। নানা সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে, মাত্র কয়েক ঘণ্টায় ৩-৪ নৌকা বোঝাই মাটি কাটা হয়ে যায়। ফলে ভেঙে যায় নদীর পাড়। রমরমিয়ে চলে মাটি সিন্ডিকেট।

পশ্চিমবঙ্গের বুকে বৈধ-অবৈধ মিলিয়ে কমবেশি ৭০০০ ইটভাটা চালু আছে যাদের কাঁচামালই হল কৃষিজমির মাটি। এই সমস্ত ইটভাটার একটি বড় অংশ নদিয়ার বিভিন্ন নদীর ধারে বা ধানক্ষেতে অবস্থিত। প্রত্যেক ইটভাটা কমপক্ষে বছরে ১০ লক্ষ ইট তৈরি করে। প্রতিটি তৈরির জন্য ৫ কিলোগ্রাম মাটি আবশ্যিক। এবার হিসেব করা যাক ৩০০০ ইটভাটা গুণিতক ৫ কিলোগ্রাম মাটি। অঙ্কটা কষলেই স্পষ্ট হবে কীভাবে অপরিসীম কৃষিজমির মাটি প্রতি বছর হারিয়ে যাচ্ছে।

সারা ভারতবর্ষ জুড়ে কৃষিকাজে ফসল কেটে নেবার পর ফসলের যে শুকনো অবশিষ্টাংশ জমিতে পড়ে থাকে, তা পুড়িয়ে দেওয়া হয়। এতে দু’টি পরিবেশ সংকটের সৃষ্টি হয়। প্রথমত, এই ফসলের অবশিষ্টাংশ পুড়ে ব্যাপক বায়ু দূষণ সৃষ্টি হয়। চারিদিক ধোঁয়ায় এমন ভাবে ঢেকে যায় যে দৃষ্টিস্বচ্ছতা কমে যায়। শ্বাসকার্য চালানো দায় হয়ে পড়ে। দ্বিতীয়ত, মাটির নিচে অনেক ছোট প্রাণী ও অণুজীব বাস করে। এইসব অণুজীব পচনক্রিয়ায় সহায়তা করে মাটির উর্বরা শক্তি বাড়ায়। জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ালে মাটির নিচের এইসব ছোট প্রাণী ও অণুজীবের মৃত্যু হয়। এভাবে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।

 (ঘ) এর পরের প্রসঙ্গটি বনভূমি সংক্রান্ত। কেন্দ্রে ভারতীয় জনতা দলের জোট সরকারের আমলে ২০২৩ সালে ‘বন সংরক্ষণ আইন, ১৯৮০’ সংশোধিত হয়। এতে বনের সংজ্ঞা এমনভাবে পাল্টে দেওয়া হল যার ফলে ভারতের প্রায় ২৮ শতাংশ বনাঞ্চল আইনি রক্ষাকবচ হারাল। ২০২২-২৩ সালে দেশজুড়ে ১৭৩৮১.৮৮ হেক্টর বনভূমিতে অ-বনজ কাজকর্ম চালানোর জন্য বনভূমির চরিত্র বদলে দেওয়া হয়। নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস এবং সিপিআইএম উভয়ই ‘সংশোধিত বন সংরক্ষণ আইন, ২০২৩’-এর বিরোধিতা করে এর পুনর্মূল্যায়নের কথা বলেছে। তৃণমূল কংগ্রেস তাদের ইস্তাহারে বিশেষত রাজ্যের মধ্যে বনাঞ্চল বৃদ্ধি, সবুজ আচ্ছাদন বৃদ্ধি, ম্যানগ্রোভ বৃদ্ধি এবং তার সংরক্ষণের কথা জানিয়েছে। কিন্তু কীভাবে এগুলি করা হবে তা নিয়ে সুস্পষ্ট দিশা নেই।

 প্রবন্ধ শেষের কথা :

একুশ শতককে ‘পরিবেশ শতক’ বলা হচ্ছে। পৃথিবীর নানান জায়গায় পরিবেশ সম্মেলন হচ্ছে। সেখানে পরিবেশের নানান দিক নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু তার মধ্যেও একটা বিষয় অনুচ্চারিত থেকে যাচ্ছে যে, সমাজ-ব্যবস্থার মধ্যে পরিবেশ-ভাবনাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়। তাই আজও কোন পরিবেশবান্ধব সমাজ-ব্যবস্থা গড়ে তোলার কোন তত্ত্ব মানুষের সামনে এল না।

অতীতেও লোকসভার নির্বাচন হয়েছে। কিন্তু সেখানেও পরিবেশ ব্রাত্যই থেকেছে। দারিদ্র্যসূচক ও ক্ষুধাসূচক-এ ভারত বিশ্বে ক্রমশ নিচে নামছে। রাজনৈতিক ইস্তাহারগুলিতে রাষ্ট্রের মধ্যে পরিবেশবাদকে কীভাবে কার্যকর করা যেতে পারে, তা নিয়ে কোন স্পষ্ট ধারণা দেখা গেল না। বিভিন্ন রাজনৈতিক দল ঠেলায় পড়ে ইস্তাহারে পরিবেশের কথা বললেও পরিবেশবান্ধব দারিদ্র্যমুক্ত সমাজ-ব্যবস্থা গড়ার কথা অনুচ্চারিত রইল।

রাজনৈতিক দলগুলি যথাযথভাবে পরিবেশ সংকটের কথা না ভাবলে পরিবেশ কর্মীদেরই ভাবতে হবে যে আগামী দিনে এসব সংকট দূর করতে কী করণীয়। মানুষকে নিয়েই এসব সংকট সমাধানে একযোগে এগোতে হবে। নব-নির্বাচিত কেন্দ্র সরকার এবং রাজনৈতিক দলগুলিকে পরিবেশ নিয়ে ভাবার জন্য নাগরিক চাপ সৃষ্টি ও তা জারি রাখতে হবে, যাতে অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে সমস্ত পরিকল্পনা এবং সিদ্ধান্ত পরিবেশবান্ধব হয়, বর্তমান এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য। শেষে রবীন্দ্রনাথের উক্তির রেশ টেনে বলতে হয় যে নতুন কাল নতুন অর্ঘ্য দাবি করে। তা মেটাতে না পারলে সে মুছে যায়।

———————————————————————

বিশ্বজিৎ মুখোপাধ্যায়, সমাজ ও পরিবেশকর্মী,
চলভাষ- ৮৪২০৫২৯৯৬৬,
ই-মেল: biswajit.envlaw@gmail.com
এবং
রাহুল রায়, পরিবেশকর্মী,
চলভাষ- ৯৪৩৩৫৭৫৩৬৪,
ই-মেল: rayrahul2263@yahoo.co.in


Spread the love

Leave a Comment