গিজার পিরামিড -পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে সবথেকে পুরনো এবং এখনও বর্তমান। পিরামিড মানে মমির দেশ, প্রাচীন মিশরীয় সভ্যতা, নীল নদ এবং গণিত । গ্রেট পিরামিডের কথাই ভাবা যাক, এর একটা ক্ষুদ্র নকল তৈরি করতে হলে গণিতের ভাষায় এমন একটি ঘনবস্তু তৈরি করতে হবে যা চারটি সমতল দ্বারা আবদ্ধ। ভূমি বর্গক্ষেত্রাকার, পার্শ্বতলগুলি ত্রিভুজাকার যারা একটি সাধারণ বিন্দু অর্থাৎ শীর্ষে মিলিত হয়েছে। হাতের মুঠোয় ধরা যায় বা টেবিলে রাখা যায় এমন পিরামিড তৈরি করা কি খুব কঠিন? বর্গক্ষেত্রাকার ভূমি করার জন্য যে সমকোণ করা প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না।জ্যামিতি বাক্সে উপাদান অনেক- চাঁদা , কম্পাস , সেট স্কোয়ার । তাই এ কাজও দুঃসাধ্য নয়। এবার আসা যাক সত্যিকারের পিরামিডের কাছে। গ্রেট পিরামিডের ভূমি ঠিক কতটা বড় ? এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ২৩০ মিটার। সোজাসাপটা গাণিতিক হিসাবে ক্ষেত্রফল হল প্রায় 52900 বর্গমিটার। যদি একটি ফুটবল মাঠের ক্ষেত্রফল প্রায় 7000 বর্গমিটার হয় তাহলে গ্রেট পিরামিডের ভূমিতে এরকম প্রায় 8 টি মাঠ ঢুকে যাবে। কি মনে হয় জ্যামিতি বাক্স কোন কাজে লাগবে কি? তা বলে পিরামিড তৈরি হয়নি তা তো নয়।আর কিছু থাক না থাক গণিত তো সেই সময়ও ছিল,যেমন আছে আজ।
আজকে আমরা শিখি, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যঃ যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে।
প্রাচীন মিশরে ডাক পড়ত হারপেডোনাপ্টাই (Harpedonaptai) অর্থাৎ জরিপকারীদের। প্রতি বছর যখন নীল নদ প্লাবিত হয়ে মুছে যেত জমির যাবতীয় সীমারেখা তখনও এনাদের শরণাপন্ন হতে হতো। যন্ত্রপাতির মধ্যে অন্যতম ছিল একটি দড়ি। দড়িটির মধ্যে নির্দিষ্ট দূরত্ব বরাবর গিঁট দেওয়া থাকতো। ধরা যাক একটি দড়িতে 12টি গিঁট আছে । যদি দুটি গিঁটের মধ্যবর্তী দুরত্বকে 1 একক ধরা হয়ে তাহলে দড়িটি দিয়ে এমনভাবে ত্রিভুজ তৈরি করতে হবে যাতে তিনটি বাহুর দৈর্ঘ্য হবে যথাক্রমে 3 একক, 4 একক ও 5 একক।
তাহলে, 5 একক দৈর্ঘ্যবিশিষ্ট বাহুর বিপরীত কোণের পরিমাপ 90⁰ হবেই। কারণ 3² + 4² = 5²
যদিও যে সময়ের কথা হচ্ছে তা পিথাগোরাসের সময়কাল থেকে অনেক আগের,কিন্তু প্রাচীন মিশরীয়রা এই সুন্দর গাণিতিক সত্যটি জানতেন ।যে সত্য সেদিনও ছিল, আজও আছে, কালও থাকবে।তাই জমি জরিপের জন্য প্রয়োজনীয় অত লম্বা দড়ি তৈরি না করলেও হারপেডোনাপ্টাই (Harpedonaptai) – দের যন্ত্রের ছোট নমুনা তৈরি করে গণিতের পথ ধরে মিশর ঘুরে আসাই যায় আর হাতে কলমে দেখে নেওয়াই যায় এক গাণিতিক সত্য কীভাবে মানব সমাজে ব্যবহৃত ।
একথাও বলে রাখা ভালো যে আজও কাঠের কাজে বা নির্মাণের ক্ষেত্রে এই 3-4-5 -এর নিয়ম ব্যবহৃত হয়। একটা সামান্য দড়ির সামান্য ক’টা গিঁটের মধ্যে লুকিয়ে এইভাবেই লুকিয়ে থাকে গণিতের উপপাদ্য- এও এক আশ্চর্য নয় কি?
———————————————————–
লেখিকা : অঙ্কিতা সেনগুপ্ত, গণিতের শিক্ষিকা ।
Email: ankitasengupta57@gmail.com
