চক্ষুদান একটি মহৎ কাজ যা মৃত্যুর পর অন্য যেকোনো মানুষকে নতুনভাবে পৃথিবী দেখার সুযোগ করে দেয়।
আসুন আমরা এই কাজে সাহায্য করি নিজে যুক্ত হয়ে :
১. দৃষ্টিহীনতা দূর করা :
বর্তমানে লক্ষ লক্ষ মানুষ কর্ণিয়া জনিত অন্ধত্বে ভুগছেন। আপনার দান করা কর্ণিয়া দুজন দৃষ্টিহীন মানুষকে পুনরায় দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে ।
২. মহৎ সামাজিক অবদান :
মৃত্যুর পর মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। কিন্তু চক্ষুদানের মাধ্যমে আপনি সমাজের প্রতি একটি চিরস্থায়ী অবদান রেখে যেতে পারেন ।
৩. স্মৃতিকে বাঁচিয়ে রাখা :
আপনার মৃত্যুর পরও আপনার চোখ অন্য কারোর মাধ্যমে এই পৃথিবী দেখবে। এটি আপনার অস্তিত্বের একটি অংশকে অন্যের মাঝে বাঁচিয়ে রাখার এক অনন্য মাধ্যম ।
৪. বিনা মূল্যের উপহার :
চক্ষুদান সম্পূর্ণ বিনামূল্যে করা যায়।এটি এমন একটি দান যাতে আপনার কোনো আর্থিক খরচ নেই, কিন্তু এর মূল্য অপরিসীম ।

৫. সকল ধর্মের সমর্থন :
বিশ্বের প্রায় সকল প্রধান ধর্মেই দান এবং পরোপকারকে সর্বোচ্চ গুরুত্বদেওয়া হয়েছে। চক্ষুদানের মতো মানবিক কাজ সব ধর্মেই প্রশংসিত ।
৬. বয়স ও লিঙ্গ নির্বিশেষে দান :
যেকোনো বয়সের মানুষ (শিশু থেকে বৃদ্ধ) এবং যেকোনো লিঙ্গের মানুষ চক্ষুদান করতে পারেন। এমনকি চশমা ব্যবহারকারী বা ছানি অপারেশন করা ব্যক্তিরাও চক্ষুদান করতে সক্ষম।
৭. চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি :
সব চোখ সরাসরি প্রতিস্থাপনের উপযোগী না হলেও, সেগুলি চিকিৎসা গবেষণা ও শিক্ষার কাজে ব্যবহার করা যায়, যা ভবিষ্যতে চোখের রোগের নতুন চিকিৎসা বের করতে সাহায্য করে ।
৮. সহজ প্রক্রিয়া :
চক্ষুদান বা চক্ষুদানের অঙ্গীকার করার প্রক্রিয়া অত্যন্ত সহজ। মৃত্যুর পর মাত্র ১৫-২৫ মিনিটের একটি অস্ত্রোপচারের মাধ্যমে কর্নিয়া সংগ্রহ করা যায় এবং এতে মরদেহের কোনো বিকৃতি ঘটে না ।
৯. অন্যদের অনুপ্রাণিত করা :
আপনার এই মহৎ সিদ্ধান্ত দেখে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং সমাজের অন্য মানুষও চক্ষুদানে অনুপ্রাণিত হবে, যা দীর্ঘমেয়াদে অন্ধত্ব দূরীকরণে ভূমিকা রাখবে ।
১০. মানবতার সেবা :
একজন মানুষের জীবন বদলে দেওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। অন্ধত্বের অন্ধকার থেকে কাউকে আলোর পথে ফিরিয়ে আনা মানবতার শ্রেষ্ঠ সেবাগুলোর একটি ।
আপনি যদি চক্ষুদান করতে আগ্রহী হন, তবে আপনার নিকটস্থ যে কোন আই ব্যাংক (Eye Bank) এ যোগাযোগ করুন।
লেখক : আমীর কে বি, বিশিষ্ট বিজ্ঞানকর্মী ও পরিবেশকর্মী ।
