কলকাতার পরিবর্তনীয় শক্তি সাইক্লোট্রন কেন্দ্র Variable Energy Cyclotron Centre (VECC) সল্টলেক Visit : An Educational Tour.
11.11.2025.
একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে আমি সবসময় বিশ্বাস করি, STEM শিক্ষার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে বাস্তব অভিজ্ঞতার মধ্যে। বইয়ের বাইরে গবেষণাগারে গিয়ে পড়ুয়াদের চোখে যখন কৌতূহলের আলো জ্বলে ওঠে, সেটাই আমার কাছে শিক্ষার সর্বোচ্চ আনন্দ। CERN থেকে ফেরার পর সেই ধারাবাহিকতায় এবার ক্লাস ইলেভেনের ফিজিক্সের ছাত্রীদের নিয়ে আমি এবং আমার স্কুলের কেমিস্ট্রির শিক্ষিকা সুমিতা দে পৌঁছে গেলাম কলকাতার Variable Energy Cyclotron Centre (VECC) সল্টলেকে — আর দিনের শেষে বলতে পারি, তাদের শেখার জার্নিতে এটি একটি স্মরণীয় অধ্যায় হয়ে রইল।

VECC, পরমাণু শক্তি দপ্তর (DAE)-এর অধীনস্থ ভারতের অন্যতম শীর্ষ পারমাণবিক গবেষণা কেন্দ্র। এখানে রয়েছে তিন ধরনের সাইক্লোট্রন—রুম-টেম্পারেচার সাইক্লোট্রন (K-130), আধুনিক প্রযুক্তির সুপারকনডাক্টিং সাইক্লোট্রন (K-500), এবং নিউ গড়িয়ার শাখায় ভারতের অন্যতম বৃহৎ মেডিক্যাল সাইক্লোট্রন (Cyclone-30)। এই সাইক্লোট্রনগুলির মাধ্যমে চার্জড কণাকে ত্বরান্বিত করে নিউক্লিয়ার ফিজিক্সের বিভিন্ন জটিল বিষয়ে গবেষণা করা হয়।

বিশেষত মেডিক্যাল সাইক্লোট্রন প্রতিদিন ভোর চারটে থেকেই কাজ শুরু করে এবং সকাল ছটার মধ্যেই তৈরি হয় বিভিন্ন রেডিও-আইসোটোপ, যেগুলি সারা দেশের হাসপাতালগুলোতে PET-CT স্ক্যান ও ক্যান্সারের চিকিৎসার কাজে সরবরাহ করা হয়। বিজ্ঞান, স্বাস্থ্য, শিল্প ও মানবকল্যাণ—সবক্ষেত্রেই VECC-এর অবদান অসামান্য।
VECC শুধু দেশীয় গবেষণার জন্য গুরুত্বপূর্ণ নয়, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এর ভূমিকা উল্লেখযোগ্য। CERN, Brookhaven, FAIR, TRIUMF, RIKEN, GANIL এবং Dubna—বিশ্বের একাধিক শীর্ষ গবেষণাকেন্দ্রের সঙ্গে VECC-এর সক্রিয় সহযোগিতা রয়েছে। CERN-এর ALICE experiment-এ ভারতের অবদান উল্লেখযোগ্য, যার একটি বড় অংশই আসে VECC-এর গবেষক ও প্রযুক্তিবিদদের কাছ থেকে। তাই VECC কেবল একটি ল্যাব নয়—এটি ভারতের অ্যাক্সিলারেটর প্রযুক্তি, ক্রায়োজেনিকস, ডিটেক্টর বিল্ডিং, হাই-পারফরম্যান্স কম্পিউটিং এবং নিউক্লিয়ার সায়েন্স নিয়ে উচ্চতর গবেষণার আতুঁড় ঘর।

আজ ছাত্রীরা যখন সামনে থেকে পার্টিকেল অ্যাক্সিলারেটরের অংশ দেখল, ডেটা সেন্টার ঘুরে দেখল, ALICE experiment-এর ডিটেক্টর সিস্টেম সম্পর্কে জানল, এবং বিজ্ঞানীদের কাছে নানা প্রশ্ন ছুঁড়ে দিল—তখন তাদের কৌতূহল দেখে সত্যিই মনে হলো, আমাদের ভবিষ্যতের গবেষক ও বিজ্ঞানীরা হয়তো আজকের এই দলটির মধ্যেই লুকিয়ে আছে। শ্রেণিকক্ষের সীমা পেরিয়ে বাস্তব বিজ্ঞানকে ছুঁয়ে দেখার যে অভিজ্ঞতা, তা তাদের STEM-যাত্রায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে।

সবশেষে আন্তরিক ধন্যবাদ ড. শান্তনু পাল স্যারকে, VECC-র Scientific Officer, যিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের সমগ্র ল্যাবরেটরি ও রিসার্চ ফেসিলিটি ঘুরিয়ে দেখালেন। একইসাথে কৃতজ্ঞতা সঞ্জয় পাল স্যারের প্রতি, যাঁর মাধ্যমে আমি VECC-এর আউটরিচ প্রোগ্রাম সম্পর্কে জানতে পেরেছিলাম। আজকের এই ভ্রমণ আমার ছাত্রীদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে—এই বিশ্বাস নিয়েই আমরা ফিরলাম।
বিঃ দ্রঃ উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে হওয়ায় কোনো ছবি তোলা সম্ভব হয়নি ।
লেখিকা : তনুশ্রী গোস্বামী, e.mail : tanusree1978@gmail.com
সহশিক্ষিকা – গণিত, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় ইছাপুর পেশায় গণিতের শিক্ষক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে স্নাতকোত্তর। মহাকাশ, আপেক্ষিকতাবাদ, পার্টিকেল ফিজিক্স থেকে শুরু করে ডেটা সায়েন্স—বিজ্ঞানচর্চার প্রতিটি শাখাই তাঁর গভীর কৌতূহলের ক্ষেত্র। সার্নে অনুষ্ঠিত পার্টিকেল ফিজিক্সের ইন্টারন্যাশনাল হাই স্কুল টিচার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। অজানাকে চেনার আগ্রহে তিনি ছুটে চলেছেন—হিমালয় থেকে বিশ্বের নানা প্রান্তে।
