আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী বিজ্ঞানী ড. সুশীল কুমার মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য
—————————————-
বিজ্ঞান প্রতিভা ও মানবতাবাদের সমন্বয়ে এক অনন্যসাধারণ চরিত্র অধ্যাপক সুশীলকুমার মুখার্জী। মধ্যযুগের অন্ধতা, কুসংস্কার ও কূপমণ্ডুকতার বিরুদ্ধে ঊনবিংশ শতাব্দীতে এদেশে যে নবজাগরণ আন্দোলনের সূচনা হয়েছিল, তিনি ছিলেন তার শেষ প্রতিনিধি।
কৈশোরে বরিশালে (অধুনা বাংলাদেশ) তিনি দেশপ্রেমিক- শিক্ষাবিদ অশ্বিনী কুমার দত্তের শুরু করা ব্রিটিশ-বিরোধী আন্দোলনের সংস্পর্শে আসেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি প্রত্যক্ষ সান্নিধ্যে আসেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। এই দুই ব্যক্তিত্বের জীবন ও আদর্শ তাঁর জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ১৯১৪ সালের জানুয়ারী তৎকালীন পূর্ববঙ্গের বরিশাল জেলার একটি ছোট্ট গ্রাম কুলগাদিতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তাঁদের পারিবারিক অবস্থা তেমন স্বচ্ছল ছিল না। তথাপি চিকিৎসা বা ওষুধের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা ছিল তাঁর বাবার চিন্তার অতীত।
গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কলকাতায় আসেন, ভর্তি হন রিপন কলেজিয়েট স্কুলে। তাঁকে গৃহশিক্ষকের কাজ করে পড়াশুনার খরচ জোগাড় করতে হত। রিপন কলেজ অধুনা সুরেন্দ্রনাথ কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ছাত্র হিসাবে ‘ভারতীয় রসায়নের জনক’ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সংস্পর্শে আসেন। জ্ঞানেন্দ্রনাথ মুখার্জী, নীলরতন ধর, জ্ঞানচন্দ্র ঘোষ এবং শাস্তিস্বরূপ ভাটনগর প্রমূখের সাথে ল্যাবরেটরিতে গবেষণা শুরু করেন। একই সঙ্গে তিনি দিল্লীর ইণ্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ থেকে মৃত্তিকা বিজ্ঞান ও কৃষি রসায়ন বিষয়ে অ্যাসোসিয়েটশিপ কোর্স সম্পূর্ণ করেন ১৯৩৮ সালে। হাইড্রোজেন ক্লে(clay)-র তড়িৎ রাসায়নিক ধর্ম নিয়ে কাজের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে D.Sc ডিগ্রি প্রদান করে ১৯৪৫ সালে।
১৯৪৩ সালের মন্বন্তর তাঁকে গভীরভাবে নাড়া দেয়। ভৌত রসায়নে অনেক উজ্জ্বল কেরিয়ারের সম্ভাবনা থাকা সত্ত্বেও তদানীন্তন সময়ে দেশে খাদ্যশস্য উৎপাদনের অপ্রতুলতা, দরিদ্র মানুষের ক্ষুধা, দুর্গতি তাকে ভাবিয়ে তোলে। অশ্বিনী দত্ত, সতীন সেন ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ সুশীলবাবু দেশের খাদ্যাভাব দূর করতে কৃষিসম্পদ ও ব্যবস্থাকে কি করে উন্নত করা যায় সে ব্যাপারে মনোনিবেশ করেন। এজন্য তিনি পূর্ববঙ্গের দুর্গম উপকূলসহ পূর্বভারত, আসামের পার্বত্য অঞ্চল এবং ওড়িশা ও মধ্যভারতের অরণ্যাঞ্চলে ব্যাপক সমীক্ষা করেন। এই প্রকল্প ভারতে মৃত্তিকা সমীক্ষা (soil survey) সংক্রান্ত কাজের ভিত্তি স্থাপন করেছিল।
১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে লেকচারার হিসাবে যোগ দেন। আমেরিকার মিসৌরি বিশ্ববিদ্যালয়ে কাজ করে আয়ন এক্সচেঞ্জ বিক্রিয়ার তাপগতিবিদ্যা এবং ঝিল্লি তড়িৎদ্বারের দ্বারা আয়ন ক্রিয়া পরিমাপের উপর কাজ করেন। মৃত্তিকা কণার বিন্যাস নিয়ন্ত্রণ করে তিনি অর্ধপরিবাহী ধর্মবিশিষ্ট একটি পর্দা (membrane) তৈরি করেন। ঐ যুগে এটা ছিল একেবারে নতুন বিষয়। এই কাজ বিখ্যাত বিজ্ঞানী লাইনাস পাউলিং- এর দৃষ্টি আকর্ষণ করেছিল। তাঁর তত্ত্বাবধানে অন্তত কুড়িজন গবেষক সবসময় কাজ করতেন মৃত্তিকাস্থ খনিজ (clay minerals) ঝিল্লি তড়িৎদ্বার (membrane electrode), জৈব পদার্থ (humic substances) মৃত্তিকাস্থ জৈব যৌগ (clay organic complexes), মৃত্তিকা পুষ্টি (soil nutrients) এবং ভৌত রসায়নের বিভিন্ন দিক কৃষি পরিবেশ সমাজ বিজ্ঞান। সয়েল হিউমাসের উপর তাঁর কাজ নোবেলজয়ী বিজ্ঞানী আর এল সিনজে’র মনোযোগ আকর্ষণ করে, তিনি প্রশান্তচন্দ্র মহলানবিশের মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন। যার ফলশ্রুতিতে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ‘ক্লে – অ্যামিনো অ্যাসিড ইন্টারেকশনস’ বিষয়ে একটি যৌথ গবেষণার ব্যবস্থা হয়।
তিনি যখন গবেষণার উচ্চ শিখরে সেই সময় আচার্য সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন। সত্যেন্দ্রনাথের কাছ থেকেই মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ হন। ডাচ, ইন্দোনেশিয়ায়, জার্মান, ফরাসী এবং রুশ ভাষায় তাঁর যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। ইন্দোনেশীয়ায় বিদ্রোহের সময় যখন অনেক বিদেশী দেশ ছেড়ে চলে গেলেন, তখন জীবনের প্রচণ্ড ঝুঁকি নিয়েও তিনি শিক্ষকতা চালিয়ে যান। এই সময় আচার্য সত্যেন বসুর নির্দেশে কলকাতায় ফিরে আসেন। অর্থ উপার্জনের প্রশ্নকে উপেক্ষা করে কলকাতায় ফিরে তুলনায় অনেক স্বল্প বেতনে প্রফেসর পদে ‘Indian Association for the Cultivation of Science’ ম্যাক্রোমলিকুলস্ বিভাগে যোগ দেন। পরে নবগঠিত কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রসায়নের প্রফেসর এবং ফ্যাকাল্টি অব সায়েন্সের ডিন পদে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি নিজের শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ে কৃষি রসায়নের আচার্য পি সি রায় প্রফেসর পদের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রথম ব্যক্তি হিসাবে আমন্ত্রিত হন।
তিনি বহু সম্মানীয় পদে অধিষ্ঠিত ছিলেন। তার কয়েকটি হল— ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো, ন্যাশনাল একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস এর ফাউন্ডেশন ফেলো, ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র প্রথম সভাপতি। তিনিই প্রথম ভারতীয় যাকে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সয়েল সায়েন্সের সদস্য করা হয়েছিল। তিনি যেসমস্ত পুরস্কার পেয়েছিলেন সেগুলি হল – দি ইন্ডিয়ান সোসাইটি অব সয়েল সায়েন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের প্লাটিনাম জুবিলি ডিস্টিংগুইশড সার্ভিসেস অ্যাওয়ার্ড, ডাঃ বি সি রায় বার্থ সেন্টেনারি ওরেশন এবং কল্যাণী ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক D.Sc ডিগ্রি। এছাড়াও তিনি ছিলেন ইণ্ডিয়ান কেমিক্যাল সোসাইটি এবং ইণ্ডিয়ান সোসাইটি অব সয়েল সায়েন্সের সম্পাদক ও ১৯৬৮ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ গ্রহণ করেন।
প্রসঙ্গতঃ বর্তমান বিধানচন্দ্ৰ কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকেই জন্ম নিয়েছে। ঐ বছরেই তিনি আবার ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির সদস্য মনোনীত হন। ১৯৭০ সালে ‘কৃষি সংক্রান্ত জাতীয় কমিশন’এর তিন জন পূর্ণ সদস্যের একজন হিসাবে আমন্ত্রিত হন। এটি ভারতে এধরনের দ্বিতীয় কমিশন এবং স্বাধীনতার পরে প্রথম। ১৯৭৬ সালে কলকাতায় বোস ইনস্টিটিউটের ডিরেক্টরের পদে যোগ দেন এবং এক বছরের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তিনি ১৯৭৮ সালের ৩১ ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
এছাড়াও তিনি ছিলেন ইণ্ডিয়ান কেমিক্যাল সোসাইটি এবং ইণ্ডিয়ান সোসাইটি অব সয়েল সায়েন্সের সম্পাদক ও এডিটর, বিজ্ঞানের ইতিহাসের ভারতীয় জার্নালের এডিটর, এভরিম্যানস্ সায়েন্স পত্রিকার এডিটর। পরাধীন ভারতে গবেষণার পরিবেশ ও সুযোগের উন্নতি এবং গবেষকদের বিভিন্ন গণতান্ত্রিক দাবীকে প্রতিষ্ঠিত করার জন্য গড়ে উঠেছিল ভারতের রিসার্চ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন । ড. মেঘনাদ সাহা এই সংগঠন ও পত্রিকার সম্পাদনার ভার তার হাতে অর্পণ করে গিয়েছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গে সায়েন্টিফিক রিসার্চ ওয়ার্কারস অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি। শিক্ষক সংগঠনের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি টিচারস্ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সম্পাদক হন। তিনি ছিলেন ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অব সায়েন্সের সভাপতি, বোস ইনস্টিটিউটের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কাউন্সিল সদস্য, এশিয়াটিক সোসাইটির সহ সভাপতি, ভারতের বিজ্ঞানের ইতিহাস সংক্রান্ত সংকলনের ভাইস চেয়ারম্যান।
আপাতত অর্থে কর্মময় জীবন থেকে অবসর নিলেও বাস্তবে অধ্যাপক মুখার্জীর কর্মতৎপরতায় সামান্য ঘাটতিও পড়েনি। ৬৫ বছর বয়সে অবসর গ্রহণের পর দীর্ঘ ২৮ বছর তিনি জীবিত ছিলেন কিন্তু বয়সের ভার তাকে কোনদিনই গ্রাস করতে পারেনি। অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার তিনি সদস্য, সভাপতি বা সম্পাদক ছিলেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মান। কিন্তু এত সাফল্য ও যশ তাঁকে স্পর্শ করতে পারেনি। ‘যথার্থ জ্ঞান মানুষকে বিনয়ী হতে শেখায়’ – এই প্রবাদ বাক্যের তিনি ছিলেন মূর্ত প্রতীক। তাঁর ৯০ তম জন্মদিনে আয়োজিত বিশাল সম্বর্ধনা সভায় জবাবী অভিভাষণে তার স্বভাবসিদ্ধ বিনয়ী ভঙ্গীতেই তিনি বলেছিলেন, “আপনাদের সকলের ভালবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা অনেক কথার মধ্য দিয়ে আমি আমাকে চিনবার চেষ্টা করেছি। ভাবছিলাম, যেমন ওঁরা বলেছেন, আমি সত্যিই যদি তেমন হতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম”। … এখানে বারবার ‘আমি আমি’ বলতে হচ্ছে, আমার লজ্জা করে, আমিই সব নই। এখানে যাঁরা আছেন, এঁরাই আমাকে পরিচালনা করছেন। আমি যা করেছি বলে আপনারা মনে করেন, তার কোনটাই আমার একার কাজ নয়। না, সেই ক্রেডিট আমি নিতে চাই না, নেওয়া ঠিকও হবে না। সবই সকলের কাজ, সকলে একসঙ্গে না করলে হত না”। এটা ছিল তাঁর অন্তরের কথা। আজকের এই চূড়ান্ত সামাজিক সাংস্কৃতিক অবক্ষয়ের যুগে ব্যক্তিগত ‘অহম’ বোধ থেকে মুক্ত হওয়ার সংগ্রামে তার দৃষ্টান্ত সবার অনুসরণীয় হয়ে থাকবে।
মানুষ হিসাবে তিনি ছিলেন সকল বিতর্কের ঊর্ধ্বে। শিক্ষাবিদ হিসাবে, শিক্ষা বিষয়ক ও বৈজ্ঞানিক বিষয় থেকে সামাজিক অসংখ্য সংগঠনের সভাপতি হিসাবে যাঁর নাম সবার আগে মনে আসে, তিনি হলেন অধ্যাপক সুশীলকুমার মুখার্জী। শুধু বিজ্ঞানী হিসাবে নয়, শিক্ষক হিসাবেও তিনি সমধিক ঋষির মতো, যিনি অসীম শ্রদ্ধা, প্রশংসা এবং ভালবাসার পাত্র। তিনি ছিলেন উচ্চতর হৃদয়বৃত্তির অধিকারী। তাঁর মধুর ব্যবহার সকলকে মুগ্ধ করত। শিক্ষিত- অশিক্ষিত, চাষী, শ্রমিক সকলেই তাঁর ব্যবহারে আপ্লুত হয়েছেন।
তিনি ছিলেন সবার কাছের মানুষ, দেশের মানুষের প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। ১৯৪৩-৪৪ সালে সাম্রাজ্যবাদী নীতির ফলস্বরূপ বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, রাজাবাজার সায়েন্স কলেজ যাতায়াতের পথে ক্ষুধার্ত শিশুদের করুণ আর্তি ‘ফ্যান দাও, খেতে দাও’ আর ফুটপাতে পড়ে থাকা কঙ্কালসার দেহ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। শেষে স্কলারশিপ থেকে সামান্য কিছু টাকা নিজের রেখে বাকি সমস্ত অর্থ ‘বেঙ্গল রিলিফ সোসাইটি’তে দান করে দেন। সেদিনই তিনি স্থির করেছিলেন যতদিন না ভারতে সমস্ত মানুষ দুবেলা পেটভরে খেতে পাচ্ছে ততদিন তিনি একবেলা খাবেন।
সাম্রাজ্যবাদী আমেরিকা ভিয়েতনামে নির্বিচারে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করায় মানুষ, জীবজন্ত ও গাছপালা ধ্বংস হয়ে যায়, মৃত্তিকা বন্ধ্যা হয়। সেই ক্ষতির পরিমাণ ও প্রকৃতি পরিমাপ করতে ‘International Conference of Chemical Weapons’- এর তিন সদস্য বিশিষ্ট বিজ্ঞানীদের যে দল ভিয়েতনামে গিয়েছিল তিনি সেই আন্তর্জাতিক প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন। ভিয়েতনাম যুদ্ধের ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক রূপটি প্রত্যক্ষ করে এসে যে বস্তুনিষ্ঠ রিপোর্ট তিনি দাখিল করেছিলেন তা মার্কিন সাম্রাজ্যবাদকে যুদ্ধ অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এই মর্মান্তিক অভিজ্ঞতা তাঁকে সাম্রাজ্যবাদী যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে দেশে দেশে জনমত গড়ে ঋষির মতো, যিনি অসীম শ্রদ্ধা, প্রশংসা এবং ভালবাসার পাত্র।
জীবনের শেষদিন পর্যন্ত তিনি শুধু বিজ্ঞানী হিসাবে নয়, শিক্ষক হিসাবেও তিনি সমাদৃত হয়েছেন। যে কোন সামাজিক উদ্যোগে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। দৃষ্টিহীনদের প্রতি তার ছিল গভীর মমত্ববোধ। এঁদের পঠন পাঠনের অসুবিধা দূর করতে Blind Persons Association- এর উদ্যোগে ব্রেইল প্রেস তৈরি করতে তিনি এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। অন্যায়ের প্রতিবাদ করতে তিনি কখনও দ্বিধা করেননি।
আচার্য প্রফুল্লচন্দ্রের মতই সারা জীবন ধর্মনিস্পৃহ বৈজ্ঞানিক মনস্কতার পরিচয় দিয়েছেন ও সরল সাধাসিধে জীবনযাপন করেছেন। আচার্য প্রফুল্লচন্দ্রের পদাঙ্ক অনুসরণ করেই তিনি তাঁর সারাজীবনের উপার্জিত অর্থ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানে দান করে গেছেন। এছাড়া কত ছাত্র ও সাধারণ মানুষকে যে তিনি ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন তার হিসেব নেই।
তিনি ছিলেন বিজ্ঞান ও সমাজ বিষয়ক সর্বভারতীয় ইংরাজি পত্রিকা ‘Breakthrough’ উপদেষ্টামণ্ডলীর প্রথম সভাপতি। এই পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯৮৪ সালে তাঁর প্রেরণায় ও প্রত্যক্ষ সহযোগিতায়। এই পত্রিকা দেশব্যাপী বিজ্ঞান আন্দোলনের জোয়ার সৃষ্টিতে এক অগ্রণী ভূমিকা নিতে পেরেছে। একে আরও প্রসারিত করতে ১৯৯৪ সালে প্রকাশিত হয় বাংলা বিজ্ঞান পত্রিকা ‘প্রকৃতি’। পরে ১৯৯৫ সালে জন্মলাভ করে ব্যতিক্রমী বিজ্ঞান সংগঠন ‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’। তিনি ছিলেন তার প্রধান উপদেষ্টা।
রামমোহন পরবর্তী বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে সংস্কার মুক্ত যৌবনদীপ্ত বলিষ্ঠ মানবতাবাদের যে সূচনা এদেশে হয়েছিল, ইতিহাসের বিচারে বলা যেতে পারে অধ্যাপক সুশীলকুমার মুখার্জী ছিলেন সেই বলিষ্ঠ মানবতাবাদী ধারার শেষ প্রতিনিধি। তাই ব্যক্তিগত স্বার্থের চেয়েও সমাজ স্বার্থকে বড়ো করে দেখেছেন। তবুও নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রশ্ন তুলেছেন, ‘সবার জন্য আমি কী করেছি। আজকে যতটুকু খ্যাতি বা সম্মান লাভ করেছি, সে তো সমাজ আমাকে দিয়েছে বলেই। কিন্তু আমি সমাজকে কী দিয়েছি?’ সকল বড় মানুষই তাদের মহৎ জীবনকে এভাবেই প্রকাশ করেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ড. রবীন্দ্রকুমার দাশগুপ্তের ভাষায়, “সুশীলকুমার মুখোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের শেষ স্বাধীনচিত্ত উপাচার্য। কোন রাজনৈতিক দলকে তুষ্ট করিবার জন্য তিনি কিছুই করিতেন না।” অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী চরিত্রের জন্য তাকে এই সরকারি উপেক্ষা ও অবিচারের শিকার হতে হলেও, তিনি পেয়েছিলেন অসংখ্য গুণমুগ্ধ ছাত্র, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের অকুণ্ঠ ভালবাসা ও শ্রদ্ধা। অধ্যাপক সুশীলকুমার মুখার্জী বৈজ্ঞানিক নৈতিকতার যে উন্নত সুরটি আমৃত্যু বহন করেছিলেন আজকের বিজ্ঞানজগতে তা ‘সেকেলে’ বলে পরিগণিত ও ব্রাত্য। অথচ এই নৈতিকতা বাদ দিয়ে বিজ্ঞানচর্চা কখনই উন্নত ও সম্পূর্ণ হতে পারে না। সেই বৈজ্ঞানিক মূল্যবোধ ও নৈতিকতাকে ঊর্ধ্বে তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় তাঁর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে দেশজুড়ে বিজ্ঞান আন্দোলনকে বেগবান করতে সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি।
====================
Remember Life Struggle of Great Scientist
Breakthrough Science Society
