আমাদের দেশে বাজি-পোড়ানোর নিয়ম-ভাঙ্গা সংক্রান্ত বিতর্ক সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়-এটা আমরা এখন দেখতে অভ্যস্ত হয়ে পড়ছি। আমাদের দেশ সত্যিই মহান! বিশ্বের অন্য কোনও দেশে, বোধ করি এরকমটা হয় না।
সাম্প্রতিক এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, দেশের বাজি পোড়ানোর নিয়ম-নীতি ‘সবুজ বাজি’র ক্ষেত্রে দিল্লিসহ ‘ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন’ এ নির্দিষ্ট কিছু সময়ের জন্য শিথিল করা হলো। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বাতাস এবং জলের মান পর্যবেক্ষণ ও নজরদারী করতে বলা হয়েছে। এটাকে অবশ্য মহামান্য আদালত একটি পরীক্ষামূলক ‘কেস’ হিসাবে দেখছে। আমরা এর থেকে ‘ভালই হবে’ এই প্রত্যাশা করতেই পারি। কিন্তু এই পরিস্থিতিটি একেবারেই নজীরবিহীন। কারণ- দীর্ঘ সময় ধরে বাজি ফাটানো এবং বাজি ফাটানোর নির্দিষ্ট স্থান বলে না দেওয়ায়, সাধারণ মানুষের বিড়ম্বনা এতে কমবে না বলেই মনে হচ্ছে। বিশেষতঃ বেশিরভাগ দেশ বাজি ফাটানোর মতো কু-অভ্যাস ভাবতেই পারে না। আবার বেশ কিছু দেশ বাজি বা পটকা ফাটানো নিষিদ্ধ ক’রে কেবলমাত্র আলোর রোশনাই বা ‘লেজার শো’ কে অভ্যাসে পরিণত করেছে। আর তাও নির্দিষ্ট কিছু জায়গায়, যেখানে জনগনের অসুবিধা বা বিরক্তি উৎপাদনের অবকাশ নেই। অথচ আমরা এটা নীতি বা আলোচনার পর্যায়ে আনতে পারা তো দূর অস্ত এই নিয়ে মানসিকভাবে বিন্দুমাত্র তৈরি হতে পারিনি।
বাজি পোড়ানো ও বাজি ফাটানো কালের নিয়মে ধর্মীয় উৎসব এবং সামাজিক ও রাজনৈতিক উচ্ছ্বাস প্রকাশ-এর একটা উপকরণ হয়ে দাঁড়িয়েছে। এর দ্বারা নিজের বা গোষ্ঠীর সাময়িক মনোরঞ্জন লাভ যে অন্য ব্যাক্তি বা জনগোষ্ঠীর অসুবিধার কারণ হতে পারে (বৃহৎ অর্থে, তারা সহ সমগ্র সমাজেরই এতে ক্ষতি হতে পারে) সে ব্যাপারে তাদের ভাবার অবকাশ থাকে কি? বলাই বাহুল্য, বাজির জেরে অনেক সময়েই ব্যাক্তিগত অসুবিধা হলেও কোনও কালেই তা আমল পায়নি, যতক্ষণ না সমাজের এক অংশ বাজি পোড়ানোকে ‘সামাজিক ক্ষতি’ হিসাবে অনুধাবন করেছে।

তবে, বাজি পোড়ানোর কুফল নিয়ে বিতর্ক বেশি দিনের নয়। বাজি পোড়ানো নিয়ে বিতর্ক চলছে মাত্র গত দু-তিন দশক যাবৎ, যদিও বাজির ইতিহাস যথেষ্ট পুরোনো – চিনে দুহাজার বছরের বেশি, ভারতবর্ষে প্রায় সাতশো বছর; যখন থেকে বারুদের প্রচলন হলো। প্রথমদিকে বিতর্কের কেন্দ্রে ছিল শব্দ। বাজি পোড়ানোর বিরুদ্ধে মামলা-মোকদ্দমার সূচনাও শব্দ নিয়ে। পরবর্তী সময়ে অবশ্য বায়ুদূষণের প্রকোপ বৃদ্ধি এবং তার জন্য ফুসফুস ও হৃদপিণ্ডের রোগের (পড়ুন, কার্ডিও-ভাস্কুলার রোগের) প্রাবল্য এবং এর স্বপক্ষে একরাশ পরীক্ষালব্ধ প্রমাণ বাজি-দূষণে নতুন মাত্রা যোগ করেছে।
বাজি-দূষণের সঙ্গে উৎসবের বড়োই ‘সু-সম্পর্ক’। উৎসবের আনন্দবর্ধনের এক নিদারুণ প্রক্রিয়া হলো উৎকট শব্দ সৃষ্টি, যা বুক ধরফর থেকে বধিরতা, উচ্চ রক্তচাপ থেকে হার্টের রোগ, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। আলোর ফুলকি, আলোর বিচ্ছুরণ, আলোকমালা ও রঙ্-বেরঙের আলোর মালা (ডিজাইন) আমাদের কাছে অবশ্যই নয়নাভিরাম। কিন্তু বাজি যদি তার উৎস হয়, তাহলে এই আলো আর বিকট শব্দের অপরিহার্য সহচর হিসাবে চলে আসে প্রবল বায়ুদূষণ। বাজি বানানোর উপকরণ হল নানাপ্রকারের রাসায়নিক-কিছু সৃষ্টি করে শব্দ, আর কিছু সৃষ্টি করে আলোর বাহার – যেমন কার্বনকণা, সালফার, ফসফরাস, সোডিয়াম নাইট্রেট, পটাসিয়াম ক্লোরেট ও পারক্লোরেট এবং বেশ কিছু বিষাক্ত ধাতু। এর মধ্যে থাকে লিথিয়াম, স্ট্রনসিয়াম (যা থেকে লাল রং-এর স্ফূরণ হয়), বেরিয়াম (সবুজ আলো), তামা (নীল আলো), অ্যালুমিনিয়াম (শ্বেতশুভ্র, তীব্র ঔজ্বল্য), আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা এবং আরও কিছু ভারী ধাতু। বাজি পোড়ানোর সময় স্বাভাবিক ভাবে নির্গত হয় এই সব বিষাক্ত ধাতুর সূক্ষ্মাতিসূক্ষ্ম কণিকা, কার্বনকণা, সূক্ষ ধূলিকণা (পরিভাষায় যা পারটিকুলেট ম্যাটার-১০ এবং পারটিকুলেট ম্যাটার-২.৫ নামে পরিচিত), এবং প্রভূত পরিমাণ বায়বীয় দূষক, যেমন-সালফার, ফসফরাস ও নাইট্রোজেন অক্সাইড, অতি বিষাক্ত বেশ কয়েকটি জৈবযৌগ। রোগ এবং রোগীর উপর রয়েছে এর অপরিহার্য মারাত্মক প্রভাব। এসবের মধ্যে আবার সবুজ বাজি (green firecracker) নামক এক সোনার পাথরবাটির জন্ম হয়েছে। এ যেন বিষক্রিয়া-হীন বিষ। এটা এক ‘ইউনিক’ বিষয়, যেটা বিশ্বের অন্য কোনও দেশ এটাকে ভাবনার মধ্যে আনতেই পারেনি।
আমাদের দেশের মানুষ বা সরকার এমন কিছু কান্ড (পড়ুন দুষ্কর্ম) এর মধ্যে জড়িয়ে পড়ে, যে তার থেকে নিষ্কৃতি পাওয়াও দুষ্কর হয়ে ওঠে। মানুষের জীবন-জীবিকা ও সামাজিক সৌষ্ঠবকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সরকারের স্বীকার করা উচিত, বাজির মতো অপকর্ম রুখতে ‘দূষণহীন বিকল্প’ তাদের কাছে নেই। আর যদি থাকে, তা ধাপে ধাপে চালু করতে হবে।
বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তির বিপুল অবদান আমাদের একদিকে যেমন কল্পলোকের দিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে আমাদের জীবনে এসেছে অজানা নানা সমস্যা। প্রাদুর্ভাব হয়েছে নানা রোগের-যার সামনের সারিতে রয়েছে বিভিন্ন জীবাণু ও ভাইরাস-ঘটিত রোগ। ভাইরাস-এর পছন্দের আক্রমণস্থল হলো ফুসফুস ও শ্বাসনালী। যথারীতি বায়ুদূষণ হয়ে উঠেছে ভাইরাস-এর প্রাণসখা। বায়ুদূষণ ও ভাইরাস এর জোড়া ফলায় ফুসফুসের তো রীতিমত হাঁস-ফাঁস অবস্থা। ফুসফুসের কোষ (লাঙ এলভিওলার সেল) এর দফারফা। ফলে স্বাসকষ্ট, দম বন্ধ হবার উপক্রম।
বাজি পোড়ানোর প্রচলন পৃথিবীর অনেক দেশেই রয়েছে। চিন এবং তাইওয়ান-এ নতুন বছর, বসন্তোৎসব এবং লন্ঠন-উৎসব, আমেরিকা এবং আরো অনেক দেশের স্বাধীনতাদিবসে, নতুন বছরের শুরুতে, স্পেন-এর ‘লা ফাজা’ (la falla), ফ্রান্সএর ব্যাস্টিল দিবস, মরোক্কো-র আশুরা এমন অনেক দেশে অনুরূপ উপলক্ষ্যে প্রচুর বাজি পোড়ানো হয়। আর আমাদের দেশে বিশেষত দিওয়ালীতে।
বাজির বাজার নিয়ে কেউ বলেন তিন হাজার কোটি, কেউ বলেন অনেক বেশি। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য রয়েছে, সেটা লক্ষনীয়। প্রায় সব দেশেই বাজি তৈরি ও পোড়ানোর উপর সুনির্দিষ্ট আইন রয়েছে। আমাদের দেশে নেই – অন্যান্য আইন-এর আওতায় বাজির বিচার হয়। বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বললে সামাজিক সমস্যার দোহাই দেওয়া হয়। বাজি-ব্যবসা এতো লোকের রুজি-রোজগার এর সাথে জড়িত ইত্যাদি। এটা সম্পূর্ণ কুযুক্তি। এই যুক্তি মানলে ধূমপান এর উপর কোন ও নিষেধাজ্ঞা আনা যেত? কারণ তামাক বিশেষত বিড়ি ব্যবসায় তো বহু মানুষ যুক্ত।
বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, আমাদের পরিবেশের উপর, বিশেষতঃ বাতাসের গুণমানের উপর বাজি পোড়ানোর নেতি বাচক প্রভাব যথেষ্ট। কিছু ক্ষেত্রে বাতাসে পিএম 2.5 এর পরিমাণ প্রায় দশগুন বেড়ে যায়। অবশ্য বাজি পোড়ানোর স্থান থেকে অনেকটা দূরে সাধারণত বাতাসের গুণমান পরিমাপ করা হয় বলে বাস্তব চিত্রটা আরও সঙ্গীন হওয়ার সম্ভাবনা। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, বাতাসে বাজির তথাকথিত দূষক ছাড়াও বাজির মোড়ক থেকে নির্গত মাইক্রোপ্লাস্টিক বাতাসকে তথা আশেপাশের জলাশয়কে দূষিত করে।
বাজি তৈরি জায়গায় পরিবেশ দূষণ এক মারাত্মক আকার নেয়। বাজি-শ্রমিক ও বাজি উৎপাদনের সঙ্গে নিবীড় ভাবে যুক্ত সমস্ত মানুষ আজ ভয়ানক স্বাস্থ্যহীনতার শিকার। এই দিকটা আমরা অনেক সময়েই এড়িয়ে যাই।
___________
লেখক : বিনয় কান্তি দত্ত ও সিদ্ধার্থ জোয়ারদার
[লেখকদ্বয় যথাক্রমে পিপলস এ্যাসোসিয়েশন ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (পেস) এর সভাপতি এবং সহ-সভাপতি]
Mail ID: binaydutta@gmail.com; joardar69@gmail.com
