আজ হিরোসিমা দিবস৷ ৮০ বছর আগের সেই অভিশপ্ত দিনের অভিজ্ঞতা শুনিয়েছিলেন জাপানী গৃৃহবধূ, ফুতাবা কিতায়ামা৷ তখন তাঁর তেত্রিশ বছর বয়স ৷
যখন নরক নেমে এলো
(ফুতাবা কিতায়ামা)
কে যেন চিৎকার করে বলল, ‘একটা প্যারাস্যুট নেমে আসছে’৷ যেদিকে দেখাল সেদিকেই তাকালাম৷ সেই মুহুর্তেই আমার মুখোমুখি আকাশ হঠাৎ জ্বলে উঠল৷ কিভাবে সেই আলোর বর্ণনা করব জানি না৷ অবাক হয়ে ভাবলাম আমার চোখে আগুন জ্বলছে না তো!
বিস্ফোরণের শব্দ না আলোর ঝলক, কোনটা যে প্রথম ঘটেছিল মনে নেই৷ শব্দের গর্জন যেন একেবারে আমার পেটে গিয়ে থামলো৷ পরের মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়লাম৷ মাথা ও কাঁধের চারপাশে জিনিসপত্র ঝরে পড়তে লাগলো৷ কিছুই দেখতে পাচ্ছিলাম না৷ চারদিকে ঘন কালো অন্ধকার৷ কোনোরকমে হামাগুড়ি দিয়ে সেই ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে এলাম৷

কিছুক্ষণের মধ্যে বাতাসে বিভৎস গন্ধ টের পেলাম৷ তারপর, আমার মুখের চামড়া খুলে আসছে দেখে ঘাবড়ে গেলাম হাত ও বাহুর চামড়াও উঠে এল৷ ডানহাতের কনুই থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত সমস্ত চামড়াও খুলে এল৷
মুহূর্তখানেক আগেও যা ছিল খুবই স্বচ্ছ নীল, সেই আকাশের এ কি হল? তখন সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্ন৷ পাগলের মতো লাফিয়ে ভগ্নাবশেষের স্তুপ পেরিয়ে সেতুর দিকে ছুটলাম৷
সেতুর নিচে যা দেখলাম তা মর্মান্তিক৷ শ’য়ে শ’য়ে মানুষের স্রোত ঠেলাঠেলি করতে করতে এগোচ্ছে৷ তারা পুরুষ না নারী বলতে পারব না৷ সবাইকে দেখতে একইরকম৷ ধূসর ফোলা ফোলা মুখ, খাড়া খাড়া চুল৷ দু’হাত উপরে তুলে কাতরাতে কাতরাতে ছুটছে নদীর দিকে৷ আমারও ওইরকম অবস্থা৷ প্রচন্ড তাপে সারা শরীরে যন্ত্রণা, প্যান্ট পুড়ে টুকরো টুকরো হয়ে গেছে৷ যন্ত্রনায় নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলাম৷ হঠাৎ মনে পড়ল সাঁতার তো জানি না! ধীরে ধীরে সেতু পর্যন্ত উঠে এলাম৷ দেখি স্কুলের মেয়েরা স্বপ্নাবিষ্টের মতো এলোমেলো হেঁটে বেড়াচ্ছে৷ সেতু পেরোবার সময় পিছনে তাকিয়ে দেখি, তাকেয়াচো হাতচোবেড়ি অঞ্চল হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল৷ ভেবেছিলাম, বোমায় শুধু আমি যেখানে ছিলাম সেই জায়গাটাই ক্ষতিগ্রস্থ৷

পেরোনোর সময় লক্ষ্যই করিনি যে, সেতুর কংক্রিটের শক্ত রেলিং ধ্বংস হয়ে গেছে৷ খুবই বিপজ্জনক হয়ে আছে৷ নিচে মৃত কুকুর-বেড়ালের মতো ভাসছে অনেক মানুষের মৃতদেহ৷ ছেঁড়া ও পোড়া কাপড়জামায় শরীর প্রায় উন্মুক্ত৷
তীরের কাছে অগভীর জলে আকাশের দিকে মুখ করে পড়ে আছে এক নারী৷ বুক দুটো উপড়ানো৷ রক্ত চুইয়ে পড়ছে৷ কি মর্মান্তিক! অবাক হয়ে ভাবলাম ছেলেবেলায় যে নরকের কথা ঠাকুমার মুখে শুনেছি তাই বুঝি নেমে এল পৃথিবীতে৷
কুচকাওয়াজ করা মাঠের মাঝে ঝর্ণায় যেন নিজেকে খুঁজে পেলাম৷ সেখানে আসতে দু’ঘন্টার বেশী সময় লাগে নি৷ আকাশের অন্ধকার কিছুটা কেটেছে৷ তখনো সূর্য ঘন মেঘে ঢাকা৷ বেশ অন্ধকারাচ্ছন্ন, একটা টিমটিমে অবস্থা৷
আমার পোড়া ক্ষতে যন্ত্রণা শুরু হল৷ সাধারণ পোড়ার যন্ত্রনা থেকে তা আলাদা৷ সাধারণ পোড়ার যন্ত্রণা অসহ্য তীব্র, আমার ভোঁতা যন্ত্রণা৷ শরীর থেকে অনেক দূরে অন্য কোনো জায়গা থেকে যেন এই যন্ত্রণা শুরু হয়েছে৷ হাত থেকে হলুদ কষ গড়াচ্ছে৷ ভাবলাম মুখের আকারও নিশ্চই একইরকম ভয়াবহ হয়েছে৷ আমার চারপাশে জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা যন্ত্রণায় আর্তনাদ করছে৷

‘মা-মাগো’ বলে পাগলের মতো চিৎকার করছে৷ বিচ্ছিরিভাবে পুড়ে গেছে, সারা শরীর জুড়ে এমন রক্তের স্বাক্ষর যে তাদের দিকে তাকাতে ভয় হয়৷ তাদের জন্য সেদিন কিছুই করতে পারিনি৷ শুধু চেয়ে চেয়ে দেখেছি, কাতরভাবে বৃথাই মাকে ডাকতে ডাকতে একে একে কিভাবে তারা মারা গেল৷ ক্ষয়িষ্ণু দৃষ্টি নিয়ে যতদূর দেখতে পেলাম, সবকিছু জ্বলছে৷
ধীরে ধীরে আমার মুখ শক্ত হয়ে গেল৷ সাবধানে গালে হাত দিয়ে মুখটাকে অনুভব করলাম৷ দেখি রাস্তায় স্ট্রেচারে করে বহু আক্রান্ত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে৷ পশু বয়ে নিয়ে যাওয়ার মতো টানা গাড়ি ও লরিতে বোঝাই মৃত ও আহত মানুষ আমাকে পেরিয়ে যাচ্ছে৷ রাস্তার দুই ধারে বহু মানুষ স্বপ্নাবিষ্টের মতো ঘুরে বেড়াচ্ছে৷
***এই অভিজ্ঞতা ও মানবতার চুড়ান্ত অপমন যেন পৃথিবীতে আর ফিরে না আসে৷
লেখক : ড: অমিতাভ চক্রবর্তী, শিক্ষক ও বিশিষ্ট বিজ্ঞান লেখক।
আমরা পরমাণু অস্ত্র, পরমাণু শক্তি তথা পরমাণু বিদ্যুৎ চাই না । আমরা পরমাণু শক্তিহীন বিশ্ব চাই।
