Posted on: August 4, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

চিকিৎসার জগতে বহু বিকল্প পদ্ধতির মধ্যে “কাপিং থেরাপি” আজকাল এক আলোচিত নাম। সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন চোখে পড়ে পিঠে বৃত্তাকার দাগসহ বিখ্যাত ক্রীড়াবিদ, অভিনেতা কিংবা স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের ছবি। প্রশ্ন জাগে—এই “কাপিং থেরাপি” আসলে কী? এটি কি সত্যিই কার্যকর, নাকি শুধুই প্রাচীন বিশ্বাসের আধুনিক পুনরাবৃত্তি?

ইতিহাসের পাতায় কাপিং থেরাপি…..
কাপিং থেরাপির শিকড় বহু প্রাচীন। মিশরীয়, গ্রিক, চীনা এবং মধ্যপ্রাচ্যের চিকিৎসা পদ্ধতিতে এই চিকিৎসার ব্যবহার লক্ষণীয়। খ্রিষ্টপূর্ব ১৫৫০ সালে রচিত ইজিপশিয়ান “Ebers Papyrus”-এ কাপিং-এর উল্লেখ পাওয়া যায়। হিপোক্রেটিস নিজেও কাপিংয়ের মাধ্যমে শরীর থেকে “খারাপ রস” বের করে দেওয়ার পদ্ধতির কথা বলেছিলেন।


চীনা চিকিৎসা বিজ্ঞানে, বিশেষ করে অ্যাকিউপ্রেশার ও আকুপাংচার-সংশ্লিষ্ট চিন্তাধারায়, কাপিং থেরাপি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাওবাদী ধারণা অনুযায়ী, দেহে চি —অর্থাৎ জীবনশক্তি—প্রবাহিত হয় নির্দিষ্ট পথে। কাপিং সেই প্রবাহকে প্রভাবিত করে শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে—এমনটাই বিশ্বাস।

পদ্ধতি ও প্রয়োগ…….
কাপিং থেরাপিতে সাধারণত কাচ, বাঁশ, বা প্লাস্টিকের কাপ ব্যবহার করা হয়, যেগুলোকে উত্তপ্ত করে চামড়ার উপর বসানো হয়। কাপের ভিতর বাতাস শুষে নিয়ে চামড়াকে টেনে ধরলে একটি শূন্যতা সৃষ্টি হয়, এবং ত্বক ফুলে ওঠে। ফলস্বরূপ জায়গাটিতে রক্ত সঞ্চালন বাড়ে বলে মনে করা হয়।

দুই ধরনের কাপিং বেশি প্রচলিত—ড্রাই কাপিং (শুধু শোষণ) ও ওয়েট কাপিং (শোষণের পরে সূচ ফোটানো বা চামড়া কেটে রক্ত বার করা)। দ্বিতীয় পদ্ধতিটি “হিজামা” নামে মুসলিম সমাজে প্রচলিত, নবী মুহাম্মদের অনুসরণে।

বৈজ্ঞানিক পর্যালোচনা…….
প্রশ্ন উঠেছে—এই প্রাচীন চিকিৎসাপদ্ধতি কি আধুনিক বৈজ্ঞানিক মানদণ্ডে সফলতা প্রমাণ করতে পেরেছে?

১. রক্তসঞ্চালন ও প্রদাহ হ্রাস?….
কাপিং করার পর স্থানীয়ভাবে রক্ত চলাচল কিছুটা বাড়তে পারে—এটি সত্য। কিন্তু এটাই কি যথেষ্ট চিকিৎসা-যুক্তি? গবেষণা দেখিয়েছে, কিছু ব্যক্তি কাপিংয়ের পর ব্যথা কমার অনুভব করে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটি প্লাসিবো ইফেক্ট (placebo effect)—অর্থাৎ বিশ্বাসের কারণে উপশম অনুভব।

২. বৈজ্ঞানিক গবেষণার ঘাটতি…..
বর্তমানে প্রচলিত গবেষণাগুলোর বেশিরভাগই ছোট পরিসরে, অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত, এবং মানহীন মেটা-অ্যানালাইসিসে ভর করে। উদাহরণস্বরূপ, ২০১৫ সালের একটি রিভিউ (BMJ Open) কিছু ইতিবাচক ফলাফল দেখালেও, গবেষণার মান ও পক্ষপাতহীনতা প্রশ্নবিদ্ধ ছিল।

৩. যুক্তিবাদী সমালোচনা……
অনেক বিজ্ঞানী বলেন, কাপিং মূলত “প্রাচীন রক্ত-শোধন বিশ্বাস”-এর অংশ—যা আধুনিক চিকিৎসায় অপ্রাসঙ্গিক। শরীর থেকে “বিষাক্ত রক্ত” বা “খারাপ বাতাস” বের করার ধারণা এখন বাতিল হয়ে গেছে।


অন্যদিকে, অনেক “ইন্টিগ্রেটিভ মেডিসিন” চর্চাকারী কাপিংকে সহায়ক চিকিৎসা হিসেবে স্বীকার করেন, বিশেষ করে ক্রীড়া ফিজিওথেরাপিতে, যদিও তার কার্যকারিতা নিয়ে একমত নন।

ঝুঁকি ও প্রতিক্রিয়া……
কাপিং থেরাপি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে,
চামড়ায় ফোস্কা, রক্তপাত, সংক্রমণ, চিহ্ন বা কালো দাগ দীর্ঘস্থায়ী হওয়া, অতিরিক্ত রক্তপাতের মাধ্যমে রক্তাল্পতা।
বিশেষ করে ওয়েট কাপিং বা হিজামা সংক্রমণের ঝুঁকি বহন করে, যদি জীবাণুমুক্ত ব্যবস্থা অনুসরণ না করা হয়।

ধর্ম, সংস্কৃতি ও আধুনিকতা……
কাপিং থেরাপির পুনরুজ্জীবন অনেকাংশেই সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের সাথে যুক্ত। হিজামা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় অনুশীলনের অংশ হয়ে উঠেছে। আবার পশ্চিমা সমাজে এটি “ন্যাচারাল” চিকিৎসার নামে বিকল্প বাজার তৈরি করেছে, যেখানে বিজ্ঞানের চেয়ে ব্যক্তিগত অনুভব ও অভিজ্ঞতা বড় হয়ে ওঠে।

বিজ্ঞান বনাম বিশ্বাস……
কাপিং থেরাপি একটি দীর্ঘ ঐতিহাসিক ধারা বহন করে। এতে কিছু সাময়িক আরামদায়ক প্রভাব থাকলেও, এখনও পর্যন্ত এটিকে কার্যকর চিকিৎসা হিসেবে বৈজ্ঞানিক স্বীকৃতি দেওয়া যায় না। একে “প্রমাণভিত্তিক চিকিৎসা” বলার আগে আরও মানসম্মত, ডাবল-ব্লাইন্ড ও বৃহৎ পরিসরের গবেষণা প্রয়োজন।

তবে যদি কেউ এটিকে পরিপূরক চিকিৎসা হিসেবে ব্যবহার করেন, এবং পেশাদার প্রশিক্ষণপ্রাপ্তের মাধ্যমে করান, তাতে বড় ক্ষতির আশঙ্কা কম। কিন্তু “সব সমস্যার সমাধান” হিসেবে এর ওপর নির্ভর করা আত্মপ্রবঞ্চনা বৈ কিছু নয়।
……………………………
লেখক : অঞ্জন প্রামাণিক, বিশিষ্ট বিজ্ঞান লেখক। 


Spread the love

Leave a Comment