Posted on: July 16, 2025 Posted by: Editor Desk Comments: 0
Spread the love

প্রথম পর্ব :

মৌমাছি মানে শুধু মধু ও মোম উৎপাদনকারী মৌমাছি নয়, মৌমাছি মানে শুধু আক্রমণাত্মক হুল ফোটানো পতঙ্গ নয়, মৌমাছি মানে পৃথিবীর প্রধান ও প্রাচীনতম পরাগ মিলনকারী পতঙ্গ ।

এই মৌমাছিরা আছে বলেই পৃথিবীর বিপুল সংখ্যক  গাছপালা টিকে আছে, মৌমাছি আছে বলেই পৃথিবীর প্রাণীকুল খাবার খেয়ে প্রাণ ধারণ করে বেঁচে আছে।

পৃথিবীর বুকে কুড়ি হাজার এর বেশী প্রজাতির মৌমাছি আছে যারা এই গ্রহের অন্যতম প্রধান পরাগমিলনকারী পতঙ্গ, যারা পৃথিবীর বিপুল সংখ্যক প্রাণীর খাদ্য যোগাতে সাহায্য করে, ফুলে ফুলে পরাগমিলন না ঘটলে ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে নতুন চারাগাছের জন্ম কিভাবে সম্ভব !

এই কুড়ি হাজার এর বেশী মৌমাছির মধ্যে মাত্র আটটি প্রজাতির মৌমাছি মধু উৎপাদনকারী মৌমাছি  যাদের বলা হয় মধু-মৌমাছি ( Honey Bee) ।

এই মধু-মৌমাছি নিজেদের মুখ নিঃসৃত লালারস ও অন্যান্য উপাদান মিশিয়ে অনেক প্রকোষ্ঠ যুক্ত চাক বানিয়ে তাতে মধু সংরক্ষণ করে  ।

কেউ গাছের ডালে চাক বানায়, কেউ গাছের কোটরে, কেউ বাঁশের ফুটোয়, কেউ মাটির বাড়ির দেওয়ালের গর্তে তো কেউ মাটির হাঁড়িতে, ভারতীয় উপমহাদেশের পাঁচ রকম মধুমৌমাছি দেখা যায় ।

এই পর্বে শুধুই মধু মৌমাছিদের সাথে পরিচয় করবো ।

1) Himalayan Bee (Apis Dorsata) 

পাহাড়ি মৌমাছি অনেকে ডাকে ডাঁশ মৌমাছি ।

দেখতে অন্যান্য মৌমাছির তুলনায় বেশ বড় সাইজের, এদের পোষ মানানো মানুষের ক্ষমতা নয়, এরা সাধারণত হিমালয়ের গুহায়, পাহাড়ের গায়ে, প্রকাণ্ড বড় চাক বানায়,শীতের শুরুতে নেমে আসে সুন্দরবন অঞ্চলে, ম্যানগ্রোভ গাছে বিশালাকৃতির চাক বানায়, সুন্দরবন অঞ্চলের অন্যতম পরাগমিলনকারী পতঙ্গ এই মৌমাছি, সুন্দরবনের মধু সংগ্রহকারী মৌলেরা প্রাণের ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলে ঢুকে সেই মধু সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দেয়, পৃথিবীর বিখ্যাত স্বাদে অতুলনীয় মধু Sundarbhon Mangrove Honey ।

Apis Dorsata

2) Apis cerana indica (সাধারণ দেশীয় মৌমাছি) : এরা সমতল অঞ্চলে গাছের ডালে, কখনও ঘরের কার্নিশে মাঝারি আকৃতির চাক বানায়, চাক বানানোর জন্য এদের পছন্দ আম জাম জাতীয় বড় গাছ,  কখনও পরিত্যক্ত বাড়ির কার্নিশে, সমতলের অন্যতম পরাগ মিলনকারী পতঙ্গ এই দেশীয় মৌমাছি এপিস সেরেনা ইন্ডিকা ।

Apis Cerana Indica

3) Apis florea (ক্ষুদে বা বামন মৌমাছি) :

এরা আকৃতিতে বেশ ছোট হয়, জঙ্গলে ঝোপ জাতীয় গাছে বা গাছের কোটরে , বাড়ির পরিত্যক্ত ঘরের কার্নিশে, ঘুলঘুলিতে, পাহাড়ের গুহায় বাসা বানাতে খুব পছন্দ এদের, এদের মৌচাক বেশ ছোটো আকৃতির ।

Apis Florea

4) Stingless bee (Tetragonula iridipenis) :

মধুমৌমাছি জগতে একমাত্র মৌ যাদের কোনো হুল নেই, ভারতবর্ষে এখনো পর্যন্ত 14 রকম প্রজাতির হুল বিহীন মধু মৌমাছির খোঁজ পাওয়া গেছে, এরা সাধারণত গাছের কোটরে, মাটির নীচে গর্তে, পরিত্যক্ত উই ঢিপিতে চাক বানায় ।

এদের মধু উৎপাদন অন্যান্য মৌমাছির তুলনায় অনেক কম তবে অন্যান্য মধুমৌমাছির মধুর তুলনায় মূল্যবান।

Tetragonula iridipennis (stingless)

5) Apis mellifera (Italian Bee/ European honey bee) : 

ভারতবর্ষে এরা বিদেশী মৌমাছি । 1960 সালে হিমাচলের মৌ পালকরা  এই মৌমাছি ইতালী থেকে নিয়ে আসেন, এরপর তাদের হাত ধরে মেলিফেরা মৌমাছি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, পশ্চিমবঙ্গের কিছু মৌপালক 1990 সালে পাঞ্জাব থেকে এই মৌমাছি নিয়ে আসেন ।

Apis Mellifera

তারপর সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক ভাবে এপিস মেলিফেরা পালন শুরু হয়, মধু উৎপাদনকারী মৌমাছির জগতে এরা high yielding honey bee বেশী পরিমাণ মধু উৎপাদন ক্ষমতার জন্যে বর্তমানে সারা ভারতের মৌ পালকেরা মূলত এই মৌমাছি পালন করেন , এদের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে আমাদের দেশীয় মৌমাছি ক্রমশ কোন ঠাসা হয়ে পড়ছে ।

লেখিকা : সোহিনী ভট্টাচার্য্য 

সমাজ বিজ্ঞান স্নাতক

বর্তমানে একটি পরিবেশ সংগঠনের (নেচার মেটস নেচার ক্লাব) পক্ষে সুন্দরবন অঞ্চলে কর্মরত ।

ক্রমশ:


Spread the love

Leave a Comment