লিখেছেন: সুব্রত ঘোষ
→ সুন্দরবনের নদ-নদী
পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণপ্রান্তে অবস্থিত বঙ্গোপসাগর উপকূলবর্তী এক প্রশংসনীয় বনাঞ্চলের নাম সুন্দরবন। নদী-নালা-খাঁড়ি, আধা-নোনা জল ও স্বাদু জলের পুকুর, চাষের জমি, কর্দমাক্ত চর, ম্যানগ্রোভ বন, ছোট-বড় দ্বীপ, নদীর মোহনা এবং নিবিড় বনভূমি নিয়ে গড়ে উঠেছে সুন্দরবন-যা বাদাবন আর নদীনালার বেষ্টনীতে বাঁধা। বিশ্বের সবচাইতে বড় এই ম্যানগ্রোভ অরণ্যের মোট বনভূমির প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, আধা- নোনা জলের হ্রদ। বঙ্গোপসাগরের ব-দ্বীপ অঞ্চলে দিগন্ত বিস্তৃত অপরূপ জীবসম্পদের আধার প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্যে ভরা ভয়ঙ্কর সুন্দর এই সুন্দরবন। বাদাবন ছাড়াও সুন্দরবনের জীব-পরিমন্ডল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায় ১৩টি এবং উত্তর ২৪ পরগণা জেলায় ৬টি সমষ্টি উন্নয়ন ব্লকে ছড়িয়ে রয়েছে।
নদী-নালায় সমৃদ্ধ সুন্দরবনের জোয়ার-ভাঁটা প্রভাবিত আধা-নোনা জলের নদীগুলির মধ্যে অন্যতম হল সপ্তমুখী, ঠাকুরান, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, হেরোভাঙ্গা, হুগলি, বারাতলা, ইছামতী এবং রায়মঙ্গল, যেগুলি উত্তর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়। এছাড়াও হোগল, মুড়িগঙ্গা, কলাগাছি, ডাসা, দুগ্ধাদোয়ানী, নেতিয়া, হাতানিয়া-দোয়ানিয়া, বেতনি, হরিণডাঙা, ন-বাঁকি, তেরো-বাঁকি, গোসাবা এমন কিছু মিলিয়ে প্রায় ২১টি উপনদী/শাখানদী ও অসংখ্য সুতিখাল বা খাঁড়ি সমস্ত অঞ্চলটিতে ছড়িয়ে রয়েছে। দিনে দুইবার সুন্দরবনের নদী ও খালগুলির জল জোয়ার-ভাঁটায় ওঠা-নামা করে।
→ সুন্দরবনের মাছকে নির্ভর করে মানুষের জীবিকা
সুন্দরবনের নদী অরণ্যবেষ্টিত বনভূমিতে বহু মানুষ সাপ, বাঘ, কুমীরের সঙ্গে সহাবস্থান করে বেঁচে থাকে। এই নদীগুলির ও অন্যান্য প্রকার প্রাকৃতিক জলাশয়গুলির একটি উল্লেখযোগ্য ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জীবসম্পদ হল বিভিন্ন প্রজাতির মাছ। রাজ্য মৎস্যদপ্তরের প্রাক্তন উপনির্দেশক ডঃ মধুমিতা মুখার্জী এক জায়গায় লিখেছেন সুন্দরবনের বাদাবন এলাকা আধা-নোনা জলের মাছের বাচ্চাদের আঁতুড়ঘর হিসেবে খুব ভাল কাজ করে। বাচ্চা মাছগুলি ও চিংড়িগুলি যখন বড় ও পরিণত হয়ে ওঠে, তখন সুন্দরবনের মৎস্যজীবীদের জালে এই ‘সোনার ফসল’ ধরা পড়ে এবং এর ফলে প্রায় সারা বছর উল্লিখিত ব্লকগুলিতে এবং কলকাতা লাগোয়া দক্ষিণ অঞ্চলের খুচরো মাছের বাজারগুলিতে মাছের যোগান অব্যাহত থাকে। এখানকার অধিকাংশ মানুষই মাছ শিকারের সঙ্গে যুক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ. ডি. ডিগ্রি অর্জনকারী ডঃ ইন্দ্রাণী ঘোষালের লেখা একটি বই থেকে আমরা জানতে পারি সুন্দরবনের অসংখ্য নদ-নদী, নদীমোহনা ওখালের সঙ্গে এ অঞ্চলের মানুষদের বিশেষতঃ মৎস্যজীবী সম্প্রদায়ের রয়েছে নিত্য সম্পর্ক। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন গোসাবা, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, বাসন্তী এর বিস্তীর্ণ এলাকায় বহু স্বল্প-সম্পদের অধিকারী মৎস্যজীবী এবং সুন্দরবনের উপকূলের মানুষের একটি বিরাট অংশ দরিদ্র মৎস্যজীবীরা বংশানুক্রমে এই নদীগুলিতে মাছ ধরে আসছেন।
→ স্থানীয় মৎস্যসম্পদ
সুন্দরবনের নদী-সহ স্থির ও প্রবাহমান প্রাকৃতিক আধা-নোনা জলাশয়গুলির আদি বাসিন্দা বিভিন্ন প্রজাতির ছোট ও মাঝারি আকারের পরিচিত ও অল্প-পরিচিত মাছগুলি শুধুমাত্র উন্নত মানের অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ সহজপ্রাচ্য দেহসার প্রোটিনের উৎস হিসেবেই নয়, আমাদের শরীরে প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন (A, D, K, B. B. )-এর নির্ভরযোগ্য উৎস হিসেবেও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সমগ্র সুন্দরবন পরিব্যাপ্ত এই প্রাকৃতিক মৎস্যসম্পদ কেবলমাত্র স্থানীয় অঞ্চলের মানুষের এবং শহরে মানুষের পুষ্টির যোগানদার নয়, স্থানীয় মানুষের লোকাচার, সংস্কৃতি, সভ্যতা, দৈনন্দিন জীবনযাত্রা, পরম্পরা, ঐতিহ্য ও জীবনে ওতপ্রোতভাবে জড়িত।
কেন্দ্রীয় অন্তদেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র, ব্যারাকপুরের বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ গণেশ চন্দ্রের একটি প্রবন্ধ থেকে আমরা জানতে পেরেছি সমগ্র সুন্দরবন অঞ্চলে প্রায় ১৭২টি প্রজাতির মাছ এবং ২০টি প্রজাতির চিংড়ি পাওয়া যায়। বাংলাদেশের অংশের সুন্দরবন এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সুন্দরবন একত্রে সুন্দরবনের নদী, উপনদী এবং মোহনাগুলিতে ২০৪-২১০টি প্রজাতির মাছ পাওয়া যায়। সুন্দরবনের নদীগুলির উল্লেখযোগ্য ৬৪টি প্রজাতির মাছগুলি হল ইলিশ, খয়রামাছ, বেলে, গুলে, চিতল, লইট্যা, ফেঁসামাছ, পাংপাতা, নোনা ট্যাংরা, আড়ট্যাংরা, কানমাগুর, পাঁকাল, ভেটকি, কাঠকই, নড়েভোলা, লালভোলা, তুলবেলে, গাঙবেলে, পায়রাতলি, রামপারশে, পারশে, ভাঙ্গন, গুড়জাউলি, তোপসে, ডাকুমাছ, মেনুমাছ, বোয়াল, দাঁতনে, বকমাছ, নোনা বেলে, বাউল পমফ্রেট, কই ভোলা, মধুভোলা, ছোট চাঁদা, সবুজ ছাপ বেলে, কালো ছাপ বেলে, পিঠালি, চেয়োঁ, গাঙ চুনো, রূপালি আমুদি, জাত আমুদি, গাঙ ট্যাংরা, কাঠ ভোলা, কোকিলা, নোনা বাম, বৈষ্ণব চুনো, ভূত বেলে, রাম ফ্যাসা, সাদা ফ্যাসা, লাল ফ্যাসা, মৌরোলা চুনো, আমতা চুনো, খরশুলা, চাঁদ ভেটকি, সাদা ফিতা, রূপসা, চন্দনা ইলিশ, পায়রাচাঁদা, পানখাই, কালো পমফ্রেট, গাগর কাটা, মেদ কাটা, আইলা।
