Posted on: September 10, 2023 Posted by: admin Comments: 0
Spread the love

বাংলা ভাষায় নদী নিয়ে বইপত্র নেহাতই কম নেই। দুই বাংলা মিলিয়ে শ’দেড়েকের

কাছাকাছি। কিন্তু মাসিক কিংবা দ্বিমাসিক ম্যাগাজিনের কোনো সংখ্যায় নদী নিয়ে

সামগ্রিক আলোচনা খুব বেশি একটা চোখে পড়েনি। অথচ গত দু-তিন দশকে বাংলায়

হারিয়ে যাওয়া নদী, চুরি হয়ে যাওয়া নদী, নদীর মৃত্যু কিংবা নদী বাঁচাও আন্দোলন

নিয়ে আলোচনা ও লেখালেখি কম হয়নি। এই বাস্তবতায় বিজ্ঞান অন্বেষক-এর ভাবনা

নদী নিয়ে এক বিশেষ যুগ্মসংখ্যা।

সভ্যতা সৃষ্টির আদি লগ্নের দু-একটা অকৃত্রিম প্রাকৃতিক উপাদানের মধ্যে নদী একটি। জল না সৃষ্টি হলে যেমন প্রাণের সম্ভার সম্ভব ছিল না, তেমনি নদী ছাড়া সভ্যতার বিকাশ অচল কিংবা স্থবির। মানুষের (হোমো স্যাপিয়েন্স) বয়স নয় নয় করে প্রায় দু লক্ষ বছর। তবুও গাছের ডালে বসে সেই ডাল কাটতে আমরা সিদ্ধহস্ত। তাইতো মানুষের দানবীয় আগ্রাসী ক্ষুধার কবলে পড়েছে জল মাটি বায়ুর মত নদীও। আজ ক্রমে অসুস্থ থেকে অসুস্থততর হচ্ছে পৃথিবীর সমস্ত নদী। কোথাও চুরি হচ্ছে জল, কোথাও বাঁধ দিয়ে রুদ্ধ, কোথাও উৎস মুখে জলাধার করে বাকি পুরো নদীটাই নিমেষেই চলে যাচ্ছে মৃত্যুপুরীতে। জনসংখ্যার চাপে কিংবা নোংরা রাজনীতির কারণে ভারতের প্রায় সব নদীর অবস্থা আজ সঙ্গীন। অনেক ক্ষেত্রে নদী এখন প্রকৃতির নয়, ব্যক্তি-সম্পত্তি। তাই দৈর্ঘ্য-প্রস্থে ক্রমশ কমছে সবাই। হচ্ছে শীর্ণ থেকে শীর্ণকায়। নদী ক্রমশ শীর্ণকায় হলে পাহাড়ী অঞ্চলে হড়কা বানে কী সাংঘাতিক পরিণতি হয় তা এই দশকে বারে বারে দেখেছি আমরা। এর সঙ্গে দোসর হিসেবে বিশ্ব উষ্ণায়ন। উষ্ণায়ন নদীগুলিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে, না জলশূন্য নদী উষ্ণায়নকে ত্বরান্বিত করছে তা এক গভীর আলোচনার বিষয়। কিন্তু নিজে বাঁচতে বাঁচাতে হবে নদী। ফেরত আনতে হবে চুরি যাওয়া নদী এবং নদীর নির্মল জলকে।

এসব নিয়েই প্রায় ৩৫টি ছোটবড় লেখা। যাঁরা দীর্ঘদিন নদী নিয়ে কাজ করে চলেছেন, অধিকাংশ লেখাই তাঁদেরই – সে আন্দোলনের কাজ হোক কিংবা গবেষণার কাজ হোক।

স্বীকার করতে অসুবিধা নেই এই অল্প সময়ে এই বিষয়ে সমস্ত কৃতিজনের কাছে পৌঁছতে ও লেখা সংগ্রহ করতে আমরা অসমর্থ। তাই নদীর সমস্ত বিষয়কে একই মলাটের মধ্যে আনার কাজটি কিঞ্চিৎ অসম্পূর্ণ।

কথা দিচ্ছি পাঠকের এই কষ্ট দূর করতে আমরা অচিরেই নদীর দ্বিতীয় ইস্যু নিয়ে হাজির হব। তবে তার আগে চাই পাঠকের গঠনমূলক সমালোচনা। আর এই অবসরে নদীর নাড়ির কাছে পৌঁছতে ও নদীকে আপন করে ভালবাসতে আমরা যেন সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই।


Spread the love

Leave a Comment