ব্যতিক্রম : সুউচ্চ হিমালয়ের নদীগুলি দেখে ফেরা
শৈশব থেকেই আমার নদী দেখা শুরু। সেটা ব্রক্ষ্মপুত্রনদ ছিল। আমার স্বর্গতঃ পিতৃদেবের হাত ধরেই শৈশবে নদীকে ভালোবাসা শুরু হয়েছিল। সেই সময়কার NEFA সীমান্ত এবং আসাম রাজ্যের প্রায় শেষ প্রান্তে যেখানে ব্রক্ষ্মপুত্রনদ প্রবেশ করেছে সেখান থেকে ধুবড়ি পর্যন্ত ব্রক্ষ্মপুত্রনদ দেখা হয়েছে বেশ কয়েক বছর ধরে। কৈশোরে নদী দেখা সেটা ছিল তোর্ষানদী। আমার প্রিয় কোচবিহার-আলিপুরদুয়ার জেলা থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ভায়া বালাভূত প্রায় ১০৫ কিমি। যৌবনে নদীকে রক্ষা করার শপথ নেওয়া। পরিণত বয়সে সাংগঠনিকভাবে নদী রক্ষা নিয়ে গণমুখি সচেতনতার কর্মসূচি পরিচালনা করা। ন্যাসগ্রুপ এর ব্যানারে। আমাদের স্লোগান হলো – “নদীকে নিয়ে ভাবুন নদীকে নিয়ে বাঁচুন“। ” নদীর কথা নদীর কাছে বলো” ইত্যাদি এই স্লোগানগুলি এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
একদিন সুউচ্চ হিমালয়ে উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি দেখার প্রবল ইচ্ছে জেগে ওঠেছিল। সেই নদী দেখতে গিয়ে পর্বতাভিযান অথবা হাই অল্টিচুট ট্রেকিং করে দেখে ফেললাম কেদারগঙ্গা,ঋষিগঙ্গা, গুপ্তগঙ্গা, ভাগীরথী, গঙ্গা, আলিরত্নী, চন্দ্রখনি, আলিরত্না, ভিয়াস, নেওড়া, শ্রীকৈলাশ, চন্দ্রভাগা, সুদর্শন, আমাদাবলাম, ওমলুথাং, আমচু, গাঠিয়া, বক্সাঝোরা, অলকানন্দা, জলঢাকা, গোর্খে ইত্যাদি নদীগুলি। অনেক নদীর আবার নামই নেই অথবা জানিনা।

প্রায় আড়াই দশক পূর্বে ইয়্যুথ হস্টেল এসোসিয়েশন অব ইন্ডিয়া’র নির্বাচিত দলে পিন-পার্বতী হাই অল্টিচুট ট্রেকিং এ সুযোগ পেয়ে গেলাম। হিমাচল হিমালয়ের পিন একটি বড় নদী এবং পার্বতী একটি বড় নদী। এই নদী দু’টি অতি সুন্দরী এবং অতি ব্যক্তিত্বসম্পন্ন নদী। পার্বতীনদীতে লাইমস্টোন বেশি থাকাতে নদীর জল গরম। পিন নদীর জল ঠান্ডা। এই পিন-পার্বতীনদী দুটিকে পাশে রেখেই আমাদের হাই অল্টিচুট ট্রেকিং হয়েছিল। আমার দেখা অন্যতম সুন্দরী নদী দুটো। দীর্ঘ আড়াই দশক আগের ছবি এবং আমার কাছে তখন এখনকার মত ভালো ক্যামেরাও ছিলনা। পুরানো ছবিগুলি দেখেই মন উতলা হয়ে উঠেছে। তাই ছবিগুলি নিজের মনের শান্তির জন্য পোস্ট করলাম।
আমাদের হাঁটতে হয়েছিল মণিকরণ থেকে কাজা গ্রাম পর্যন্ত। প্রায় ১৬ দিন হাঁটা। কাজা তিব্বতের কাছাকাছি। রাস্তা তখন খুবই দূর্গম ছিল। কাজা ছিল সে অঞ্চলের ভারতের শেষ গ্রাম। এই ট্রেকিং এ গিয়েই আমি প্রথম দেখেছি পৃথিবী বিখ্যাত গোল্ডেন আপেল। আপেলগুলি একদম সোনা রঙের হয়। সাধারণ আপেল থেকে দাম খুব বেশিতে বিক্রি হয়। এই পথেই আছে পান্ডব সেতু। চৌকোনা ৮×৭ ফুট চওড়া পাথর দিয়ে সাজানো নদীর উপর সেতু। কথিত আছে পঞ্চপাণ্ডব এই সেতু দিয়েই এই নদী পারাপার করেছিল।

এই নদী দেখতে গিয়ে আমার প্রিয় কোচবিহার জেলার ১৩০ টি ছোট, বড়, মৃত, জীবন্ত নদীগুলিও দেখে ফেলেছি। ধন্য হয়েছে আমার সাংগঠনিক জীবন।
নদীর ধার ধরে হাঁটা, নদীর পাড়ে রাত্রিযাপন, ষ্টীমার, যন্ত্রচালিত নৌকা, ডিঙি নৌকা, মাছ ধরার নৌকা, জোড়া নৌকা, ফালি নৌকা, পাম গাছের নৌকা, কলাগাছে ভেলা, শিমুলগাছের চালি, থার্মোকলের ভেলা, বাঁশের ভেলা, স্পিডবোট ইত্যাদি সব রকম জলযানে চডা এবং নৌকাতে রাত্রিযাপন করেই নদীকে দেখেছি। অভূতপূর্ব ভালোলাগা অভিজ্ঞতা অর্জন করা।
নদী কাকে বলে : নদী হলো একটি স্বাভাবিক জলধারা। এই জলধারা পাহাড়-মলভূমি-সমভূমি দিয়ে বয়ে চলে। চলতে চলতে অনেক শাখানদী, উপনদী সৃষ্টি করে। এই জলধারা প্লাবনও তৈরি করতে পারে।
[পাঠকের প্রতি বিশেষ অনুরোধ লেখাটি পড়ে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন ।]
—————————————————————-
(উৎসর্গঃ- শ্রীমতি মধুছন্দা কলিতা। ডিব্রুগড় )
লেখক : অরূপ গুহ , নদী গবেষক , NAS GROUP , Coochbehar
